আবার বৈঠকে বসার ইচ্ছাপ্রকাশ জুনিয়র ডাক্তারদের

কলকাতা: আবার বৈঠকে বসার ইচ্ছাপ্রকাশ জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)। সেই কারণে মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। যদিও সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে, তেমন কথা ইমেলে জানাননি আন্দোলকারীরা। রাজ্য সরকারের তরফে সদর্থক উত্তর পাওয়ার আশায় তাঁরা। কিন্তু কী কী দাবি এবার? জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, এত দিন তাঁরা যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না-অবস্থান করছেন, তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবি এখনও মেটেনি। সেই দাবি নিয়ে বুধবারই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। বুধবারের ইমেলে যে দাবিগুলোর উপর জোর দেওয়া হয়েছে তা হল রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এ ছাড়াও রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। অর্থাৎ ‘থ্রেট কালচার’ বন্ধ করতে হবে সরকারকে।

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী

নয়া দিল্লি: দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি অরবিন্দ কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান জানিয়েছেন, দু’দিন পরেই মুখ্যমন্ত্রী (Delhi CM) পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। তার পর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অতিশী মারলেনার (Atishi Marlena) নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন কেজরীওয়াল। সূত্রের খবর, তিনিই অতিশীর নাম প্রস্তাব করেন। উল্লেখ্য, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই এ বার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

সরানো হল পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে

কলকাতা: সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পর বসে দু’পক্ষের বৈঠক। এর পর প্রায় ৫ ঘণ্টা— সন্ধ্যা ৭টা থেকে রাত ১১.৪৫ মিনিট পর্যন্ত চলে বৈঠক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, সরানো হল কলকাতার পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েলকে। আর কী কী জানালেন দেখে নিন- মুখ্যমন্ত্রী জানান- ‘‘৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব!’’ জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয়। বাকি চারটির মধ্যে তিনটেয় মান্যতা দিয়েছে তাঁর সরকার। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। মঙ্গলবার বিকেল ৪টের পর এই সংক্রান্ত নোটিস দিয়ে দেওয়া হবে। বিনীতকে নিজের পছন্দের পদ দেওয়া হবে। চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) অভিষেক গুপ্তকেও সরানো হচ্ছে। সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা কৌস্তভ নায়েক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকেও। মমতা বলেন, ‘‘আমরা কাউকে অশ্রদ্ধা, অসম্মান করিনি। কিন্তু ওঁদের বিরুদ্ধে যে হেতু চিকিৎসকদের ক্ষোভ আছে, বলেছেন, ওঁদের উপর আস্থা নেই, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’ মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের দাবি মতো কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করবে সরকার। তবে কলকাতা পুলিশের পরবর্তী কমিশনার কে হবেন সে বিষয়ে সোমবার কিছু জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃষ্টি কতদিন চলবে?

কলকাতা: টানা বৃষ্টিতে (Rain) নাজেহাল অবস্থা বাংলার মানুষের। এখন সবারই প্রশ্ন কতদিন চলবে এই বৃষ্টি? তাই জেনে নেওয়া যাক আবহাওয়া দফতর কী জানাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূল থেকে সেই নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরেছে। শনিবার কলকাতার কাছে দিয়ে তা পশ্চিমের জেলাগুলির দিকে চলে গিয়েছে। তবে তা সত্ত্বেও রবিবার সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গে। আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। তবে দুর্যোগের এই ঘন কালো মেঘ কেটে যাবে। অন্যদিক, ২২ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। আজ অর্থাৎ সোমবার থেকে কলকাতা এবং আশেপাশের এলাকার তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানা গিয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর সর্বোচ্চ পারদ ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিলোত্তমায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই। এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

৬টি বন্দে ভারত উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

কলকাতা: রবিবার ভার্চুয়াল মাধ্যমে মোট ছ’টি বন্দে ভারত (Vande Bharat) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার মধ্যে তিনটিই চলাচল করবে হাওড়া থেকে। হাওড়া থেকে একটি যাবে ওড়িশার রউরকেল্লা, একটি বিহারের ভাগলপুর এবং তৃতীয় বন্দে ভারতটি চলবে বিহারের গয়া পর্যন্ত। পিটিআই সূত্রে জানা গিয়েছে, রবিবার টাটানগর থেকে এই ট্রেনগুলি উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় আকাশপথে সেখানে পৌঁছতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন ছ’টি বন্দে ভারত ট্রেনের। নতুন এই বন্দে ভারত ট্রেনগুলি কমলা-সাদা রঙের। তিনটি হাওড়া থেকে চলাচল করবে। বাকি তিনটি টাটানগর-পটনা, ব্রহ্মপুর-টাটানগর এবং দেওঘর-বারাণসী রুটে যাতায়াত করবে।

সল্টলেকে ধর্নাস্থলে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: আচমকা শনিবার সকালে সল্টলেকে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের সঙ্গে দেখা করেন মমতা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। ধর্নাস্থলে জুনিয়র ডাক্তারদের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী একনজরে দেখে নেওয়া যাক- ‘‘আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি।’’ ‘‘শুক্রবার সারা রাত ঝড়়জল হয়েছে। আপনারা যে ভাবে বসে আছেন, আমার কষ্ট হচ্ছে। গত ৩৪ দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমোইনি। কারণ, আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।’’ ‘‘যদি আপনারা কাজে ফিরতে চান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি সকলের সঙ্গে আমি আপনাদের দাবি নিয়ে আলোচনা করব। যদি কেউ দোষী হন, শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব, দ্রুত তদন্ত শেষ করুন। দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে আমি নিশ্চয় ব্যবস্থা নেব। এটুকু বলতেই আমি এসেছি।’’ ‘‘আপনারা আমাদের ঘরের ভাইবোন। আমি কোনও অবিচার হতে দেব না। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে। তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছি। আরজি করের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম। নতুন করে তৈরি করা হবে। বাকি আপনাদের যা দাবি আছে, যদি সত্যি কেউ দোষী হয়, তারা শাস্তি পাবে। কেউ আমার বন্ধু বা শত্রু নয়। যাঁদের আমার বন্ধু বলছেন, আমি তাঁদের চিনিই না। প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা এসেছেন। সাধ্যমতো পদক্ষেপের চেষ্টা করব। আপনারা কাজে ফিরুন। আমি কোনও আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ করব না।’’ ‘‘সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। কোনও পদক্ষেপ আপনাদের বিরুদ্ধে করা হবে না। এখন আমি মুখ্যমন্ত্রী হিসাবে এখানে আসিনি। আন্দোলনের সমব্যথী হিসাবে এসেছি। বড় দিদি এসেছি। আমাকে সময় দিন। ভাল থাকুন।’’ ‘‘আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়। বড় করা। এটা আমার শেষ চেষ্টা।’’ মমতার বক্তব্যের পর জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসে।

ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আরজি করে (RG Kar) মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারেরা। আর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এমনটাই দাবি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করলেন, ওই ২৯ জনের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুক্রবার মমতা বলেছেন, ‘‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। তার ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।’’ It is sad and unfortunate that we have lost 29 precious lives due to disruption in health services because of long drawn cease work by junior doctors. In order to extend a helping hand to the bereaved families, State Government announces a token financial relief of Rs. 2 lakh… — Mamata Banerjee (@MamataOfficial) September 13, 2024  

‘আমি পদত্যাগ করতে রাজি আছি’

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। এর আগে পর পর দু’দিন তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তৃতীয় বারের জন্য বৈঠক ভেস্তে গেল। আর বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন, ‘‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।’’

বিকেল ৫টায় বৈঠকে ডাকল নবান্ন

কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের বৃহস্পতিবার বিকেল ৫টায় বৈঠকে ডাকল নবান্ন। তাঁদের জানানো হয়েছে, বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না। তবে তা রেকর্ড করা হবে। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথাও জানানো হয়েছে। এবং ১৫ জন আন্দোলনকারীকে ডাকার ডাক দিয়েছে নবান্ন। এবার আন্দোলনকারী ডাক্তাররা কি জানায় সেটাই দেখার।

জামিন পেলেন মানিক ভট্টাচার্য

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। তবে জামিন পেলেও চারটি শর্ত মেনে চলতে হবে মানিককে। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে জামিন দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করেছে সিবিআইও। তবে সিবিআই মানিককে গ্রেফতার করেনি। এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েছিলেন মানিক। ফলে বৃহস্পতিবার হাই কোর্ট জামিন দেওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনও বাধা রইল না তাঁর। তবে কী কী শর্ত মানতে হবে মানিক ভট্টাচার্যকে? *তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। *নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। *কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। *কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। *তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক।