ছট পুজোতেও বৃষ্টি?

ওয়েব ডেস্ক: কালীপুজোর আগে ওড়িশার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’। যার জেরে, কলকাতা সহ বঙ্গের বিভিন্ন এলাকায় দেখা মেলে ভারী বৃষ্টিপাতের। তারপর আবারও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে এবার আবহাওয়া দফতর সুত্রে খবর, বঙ্গে আপাতত নতুন করে ভারী বৃষ্টিপাত তো দূর, হালকা বৃষ্টির সম্ভাবনাও ক্ষীণ। তবে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের কিছু প্রান্তে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। নভেম্বর পড়ে গেলেও বঙ্গে শীতের আমেজ এখনও আসেনি বললেই চলে। রাজ্যে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত শীত পড়বেনা বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকালের দিকে রাজ্যের কোন কোন প্রান্তে কুয়াশা এবং ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হলেও তাপমাত্রার হেরফের হবেনাই বলে জানানো হয়েছে। তাহলে কবে থেকে রাজ্যে দেখা মিলবে শীতের? আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে দেখা মিলতে পারে শীতের।

আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়েব ডেস্ক: আমেরিকার হোয়াইট হাউসে ফের ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় বুধবার দুপুরের মধ্যেই জাদুসংখ্যা পার করে ফেলেছেন তিনি। তাই চার বছর পর ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে তিনি। ২০২০ সালে নির্বাচনে হেরে গিয়ে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল তাঁকে। এ বার তিনি প্রত্যাবর্তন করলেন। মার্কিন ইতিহাসে ১৩২ বছরে এই প্রথম কোনও নেতা একটানা নয়, মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যাঁকে ইমপিচ করা হয়েছিল। মার্কিন ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ইমপিচমেন্টের পরও ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

শীত কবে আসছে?

কলকাতা: শীত কবে আসছে বঙ্গে? এটাই এখন প্রশ্ন। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গল ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তার পর থেকে দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি করা হয়নি। আপাতত দক্ষিণের কোথাও পারদ নামারও সম্ভাবনা নেই। আগামী দু’দিন ভোরের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা। অন্য দিকে, উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং‌ জেলার কিছু কিছু জায়গা। তবে মাঝে শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরে। উত্তরেও এখনই আসছে না শীত।

আজ কখন শুনানি আরজি কর মামলার?

ওয়েব ডেস্ক: মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে সেই শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতি। তবে তিনি জানান, বুধবারই এই মামলার শুনানি হবে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশনামাতেও সে কথার উল্লেখ রয়েছে। জানানো হয়, বুধবার শুনানির তালিকায় প্রথম থাকবে আরজি কর মামলা। গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ থেকে এক মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে তাঁকে ধর্যণ করে খুন করা হয়েছে। গত তিন মাস ধরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার পরই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে মামলা শুনবে বলে জানায়। সেই থেকে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত করছে সিবিআই।

কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প, কে হবেন প্রেসিডেন্ট?

ওয়েব ডেস্ক: আমেরিকায় ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এ বারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত এক শতকের মধ্যে সর্বোচ্চ। সে বার আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি। তবে মঙ্গলবার ৫ নভেম্বর রায় বেরবে। প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের অনুগামীদের দাবি, আগাম ভোটে এই উৎসাহে সুবিধা পাবেন তাঁরাই। যদিও আগাম ভোট চলাকালীনই কয়েকটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, তাঁকে পিছনে ফেলে দিয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা। আগাম ভোট নিয়ে এবিসি নিউজ-ইপসোস, নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজ এবং সিএনএনের জনমত সমীক্ষার নির্যাস— ট্রাম্পের চেয়ে ১৯ বা তার বেশি পয়েন্টের ব্যবধানে এগিয়ে কমলা। তবে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে শেষ হাসি কে হাসেন সেটাই এখন দেখার।

ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন

কলকাতা: আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হল শিয়ালদহ আদালতে। আদালত জানিয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হতে চলেছে। শুনানি চলবে রোজ। যদিও সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিক চার্জশিটের ভিত্তিতে আপাতত বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে। এখনও পর্যন্ত একজনের নামেই চার্জশিট গঠন হয়েছে। বাকিদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্ররোচনার অভিযোগের ভিত্তিতে এখনও তদন্ত চলছে। ঘটনার পরেই টালা থানার তৎকালীন ওসিকে ফোন করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সে সবও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিক ভলান্টিয়ারকে।  

যোগী আদিত্যনাথকে খুনের হুমকি, গ্রেফতার তরুণীর পরিচয় কী?

ওয়েব ডেস্ক: শনিবার মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্‌সঅ্যাপ মারফত একটি হুমকিবার্তা এসেছিল। একটি অচেনা নম্বর থেকে হোয়াট্‌সঅ্যাপে বলা হয়েছিল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লে তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। ওই হুমকিবার্তার পরই মুম্বই পুলিশের জঙ্গিদমন শাখা এবং উল্লাসনগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। হোয়াট্‌সঅ্যাপের সূত্র ধরে শুরু হয় তল্লাশি। রবিবার দুপুরে ফতেমা খান নামে বছর চব্বিশের এক তরুণীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঠাণে জেলার উল্লাসনগরের বাসিন্দা ওই তরুণী। পরিবারের সঙ্গেই থাকেন সেখানে। পিতা ব্যবসায়ী। কাঠের ব্যবসা রয়েছে। ফতেমাও উচ্চশিক্ষিত। তথ্যপ্রযুক্তিতে স্নাতক (বিএসসি) পাশ করেছেন। তাঁকে গ্রেফতারের পর ইতিমধ্যে জেরা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। কী কারণে তিনি ওই হুমকিবার্তা দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ফতেমাকে প্রাথমিক জেরার পর পুলিশের অনুমান, তাঁর মানসিক কিছু সমস্যা থাকতে পারে।

ভাইফোঁটার আগে বাজার একেবারে আগুন

কলকাতা: ভাইফোঁটার আগে বাজার একেবারে আগুন। কোনও জিনিসে হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে। মাছ-মাংসের পাশাপাশি কলকাতার বাজারে সব্জির দামও বেশি। বেগুন, ফুলকপি, লঙ্কা এবং টম্যাটোর দাম অনেকটাই বেশি। এমনকি, যে আলু ছাড়া ভাজা হোক বা বিরিয়ানি, মাংস বাঙালির মুখে রোচে না, তার দামও চড়া। টাস্ক ফোর্সের সদস্যেরা বেগুন, টম্যাটো, কাঁচালঙ্কার দাম বেশি থাকার কথা মেনে নিলেও দাবি করেছেন, বাকি সব্জির দাম নিয়ন্ত্রণে রয়েছে। আলুর দাম বৃদ্ধি নিয়ে নজরদারি চালানোর কথা জানিয়েছেন তাঁরা। রবিবার, ভ্রাতৃদ্বিতীয়ার দিন উল্টোডাঙার বাজারে চলবে নজরদারি।

আজ শাহরুখ খানের ৫৯ তম জন্মদিন

ওয়েব ডেস্ক: ২ নভেম্বর শাহরুখ খানের ৫৯ তম জন্মদিন। আর জন্মদিনে বাড়ির ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন বাদশা, এটা প্রায় রেওয়াজের মতো হয়ে গিয়েছে। নিজের বিখ্যাত পোজ-এ দু’হাত বাড়িয়ে দাঁড়াবেন। উড়িয়ে দেবেন চুম্বন ভক্তদের উদ্দেশে। কিন্তু এবার তাঁর ব্যতিক্রম হল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ছাদে আসেননি। যদিও সময় এখনও আছে। ভক্তরা এখনও অপেক্ষায়। কিন্তু শাহরুখ খান কেন এলেন না ছাদে? শোনা গিয়েছে, মেয়ে সুহানা এ বার নাকি বাবার জন্য বিশেষ আয়োজন করেছেন। তবে অনেকেই মনে করছেন হয়তো নিরাপত্তার কারণেই এ বার আড়ালে বাদশা। এমনিতেই সলমন খানকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। গত মাসে দশেরাতেই বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সেই সময়ও শাহরুখকে দেখা যায়নি সেখানে। তবে কি এ বছরটা আড়ালেই থাকবেন শাহরুখ! নাকি দেখা দেবেন নিজস্ব ভঙ্গিতে?

ভাইফোঁটার আগে বৃষ্টি?

ওয়েব ডেস্ক: কালীপুজো শেষ। অথচ শীতের দেখা নেই। তাহলে কি আবার বৃষ্টি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। তবে আবহাওয়া দফতর বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। শুক্রবারেও রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এমনিতে উত্তরবঙ্গের জেলায়-জেলায় মনোরম আবহাওয়া। তবে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙের কোনও কোনও অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। আগামী রবিবার ভাইফোঁটা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দিনও রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।