ঝাঁসি মেডিক্যাল কলেজে মর্মান্তিক অগ্নিকাণ্ড, মৃত ১০ নবজাতক

ভয়াবহ আগুন লাগল ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে। আগুন লেগেছে শিশু বিভাগে, ইতিমধ্যেই ১০টি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আরও ১৬টি শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার সময় শিশু বিভাগে ভর্তি ছিল ৫৪টি নবজাতক। তাদের বয়স এক দিন থেকে এক মাস। ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার ১০টি শিশুর মৃত্যুর মর্মান্তিক খবর দিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার রাত ১০.৩০টা নাগাদ আগুন লাগে মেডিক্যাল কলেজের এনআইসিইউ বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে দমকল পৌঁছনোর আগেই ওয়ার্ডের জানালা ভেঙে ৪০টি শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট হলেও বিস্তারিত কারণ জানতে তদন্ত করা হবে। এর জন্য সরকারি কমিটি গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের পাঁচ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
চলতি সপ্তাহ থেকেই শীতের আমেজ?

উইকেন্ডে শহর কলকাতায় হাওয়া বদল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ঘন কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গের কিছু এলাকা। রাজ্যে বৃষ্টির সম্ভবনা আপাতত নেই। দার্জিলিঙয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া? শহর কলকাতায় সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ শুরুর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ।মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া,বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা।পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই পারা পতন। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। উইকেন্ডে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
অস্ত্র কারখানার হদিশ কলকাতা পুলিশের

আশেপাশের সবাই জানতেন সেখানে তৈরি হয় খাবার থালা। আচমকাই সেখানে পুলিশে ছয়লাপ। কলকাতা পুলিশ, বিহার পুলিশের গাড়ির সাইরেন। রাতের অন্ধকারে চমকে ওঠেন এলাকার মানুষ। ঘটনা তাজ্জব সবাই। জানা গেল, সেই খাবার থালা তৈরির আড়ালে মাটির নীচে রয়েছে গোপন সুড়ঙ্গ। সেখানেই তৈরি হত ভয়ঙ্কর সব মারণাস্ত্র। পুলিশ উদ্ধার করল প্রচাুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় দুজন গ্রেফতার। সেখান থেকে অস্ত্র আসত এই রাজ্যে সেই সূত্রে এই পুলিশি অভিযান। ভিন রাজ্যে গিয়ে মাটির তলায় থাকা অস্ত্র কারখানার হদিশ বার করার সাফল্য কলকাতা পুলিশের। বিহারের ভাগলপুরের পর এক মাসের মাথায় ফের বিহারে ঢুকে অস্ত্র কারখানার নাগাল ভারতের ‘স্কটল্যান্ড ইয়ার্ডের’। ধৃত কারখানা মালিকের নাম মহম্মদ মোনাজির হুসেন ও তাঁর শ্যালক মহম্দ নাসিম। বুধবার রাতে বিহারের তারাপুরের ঘটনা। এই ঘটনায় কলকাতা পুলিশের এসটিএফকে সাহায্য করেছে বিহার এসটিএফ, স্থানীয় তারাপুর থানার পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে হানা লালবাজারের। দীর্ঘদিন ধরে সেখানে আগ্নেয়াস্ত্র তৈরি হত। বন্দুকের যান্ত্রাংশও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখান থেকে উদ্ধার হয়েছে, ৬টি ৭ এমএম পিস্তলের যন্ত্রাংশ। পিস্তলের বাট, ড্রিলিং মেশিনও উদ্ধার হয়েছে। অভিযোগ, ঝাড়খণ্ড ও বিহারে বেআইনিভাবে তৈরি হওয়া সেই সব আগ্নেয়াস্ত্র এই রাজ্যে ঢোকে। গত তিন বছরে ওই দুই পড়শি রাজ্যে এই নিয়ে ১৪তম অস্ত্র কারখানার হদিশ।
‘বাজিগর ২’ করবেন শাহরুখ?

ওয়েব ডেস্ক: বাজিগর আজও নব্বই দশকের নস্টালজিয়া। ২০২৪ যখন তাঁর ‘পাঠান’ বা ‘জওয়ান’ অবতারে শাহরুখ খানকে নিয়ে যখন বুঁদ, তখন আরও এক বার স্মৃতি উস্কে যদি ১৯৯৩ সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন, কেমন হবে? একটু খুলেই বলা যাক, ‘বাজিগর ২’ তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। আর সেই ঘটনাই নাকি ঘটাতে চলেছেন প্রযোজক রতন জৈন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের কানে ইতিমধ্যেই তিনি বিষয়টি তুলে দিয়েছেন। ছবিটি যে হবেই, সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন সাংবাদিকদের। পাশাপাশি এ-ও জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে কিং খানের উপরে। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি ‘বাজিগর ২’ বানাবেন। শাহরুখ যদি নায়ক হতে রাজি হন, তাহলে নায়িকা? এই প্রশ্নের উত্তর সাংবাদিকেরা স্পষ্টভাবে দেননি প্রযোজক। তিনি এখনই পুরোটা ভাঙতে চাননি। বদলে জানিয়েছেন, আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকিটা শাহরুখের উপরে নির্ভর করছে।
ভোট শুরু হতেই হাড়োয়ার উত্তেজনা

ওয়েব ডেস্ক: বাংলার ছয় বিধানসভা আসনে উপনির্বাচন বুধবার। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথ এবং স্ট্রংরুমের বাইরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোন বিধানসভা কেন্দ্রে কত বাহিনী থাকবে, তা-ও জানিয়ে দিয়েছে কমিশন। আগামী ২৩ নভেম্বর এই ছয় আসনের ভোটগণনা। ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে। বুধের মধ্যেই বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূলের বুথ এজেন্ট। বিমলের দাবি, দরজার পাশের ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। আপত্তি জানান ওই বুথের তৃণমূলের এজেন্ট। তখনই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শুধু বুথের ভেতরে নয়, বাইরেও উত্তেজনা ছড়ায়। দু’দলের কর্মী-সমর্থকেরা জড়ো হয় বুথের বাইরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। জটলা সরিয়ে দেয় তারা।
প্রয়াত মনোজ মিত্র

প্রয়াত হলেন নাট্যকার মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে প্রখ্যাত এই নাট্যকারের প্রয়াণের খবরটি জানান তাঁর ভাই তথা সাহিত্যিক অমর মিত্র। মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে শিল্পী। ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল, তাঁর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা রয়েছে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে। সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল!
আজ থেকে আরজি কর কাণ্ডের বিচার শুরু

আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) কেঁপে গোটা রাজ্য রাজনীতি। আজও সরগরম রাজপথ। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তিন মাস কেটে গিয়েছে। এখন কী অবস্থায় নৃশংস হত্যাকান্ডের মূল অভিযুক্ত? জেলে বহাল তবিয়েতে সঞ্জয়। চার্জ গঠনের পরেও কোনও তাপ উত্তাপ নেই। রীতিমতো ‘ডোন্ট কেয়ার’ আবভাব। জেল সূত্রে খবর, সকালের চা থেকে রাতের ডিনার সবটাই খাচ্ছে। অনুতাপ বা ভয় কোনোটাই নেই। ৪ তারিখ শিয়ালদহ কোর্টে চিৎকার করে মিডিয়ার কাছে নিজেকে নির্দোষ বলে সাফাই দিয়েছে সঞ্জয়। তবে জেল থেকে ফেরার পর রাগ, অনুশোচনা বা মানসিক চাপে দেখতে পাওয়া যায়নি সঞ্জয়কে। সোমবার থেকে শিয়ালদহ কোর্টে ট্রায়াল শুরু সঞ্জয়ের। শুনানি চলবে রুদ্ধদ্বার কক্ষে। আদালত সূত্রে খবর, এদিন টানা শুনানি চলবে সঞ্জয়ের ধর্ষণ ও খুনের মামলার। বিচারপর্ব দ্রুত শেষ করে দোষীকে শাস্তি দেওয়ার জন্য রোজ শুনানি চলবে বলে আদালত সূত্রে খবর।
জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই

জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলল সেনা জওয়ানদের। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আর এই এনকাউন্টারে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে খবর। গত ২৪ ঘন্টার মধ্যে এই নিয়ে তৃতীয়বার এরকম সংঘর্ষের ঘটনা ঘটল। জানা গিয়েছে, আহত দুই জওয়ানের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। দিন দুয়েক আগে একটি জঙ্গি গোষ্ঠী জম্মু ও কাশ্মীরের দু’টি গ্রামে নিরীহ গ্রামবাসীদের উপর হামলা এবং তাঁদের মধ্যে দু’জনকে খুনও করে। এই ঘটনার পাল্টা জবাব দেওয়ার জন্যই এই অভিযান চালায় সেনা জওয়ানরা, এমনটাই খবর। এই ঘটনার প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, “কেশওয়ান কিশতওয়ারে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়। তিন থেকে চার জন জঙ্গি আটকে আছে বলে মনে করা হচ্ছে। এই জঙ্গি দলটি দিন দুয়েক আগে দু’জন নিরীহ গ্রামবাসীকে খুন করেছে।” পুলিশ আরও জানিয়েছে যে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগরের জাবারওয়ান বনাঞ্চলে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ অভিযান শুরু হয়েছিল। এই অভিযান চলাকালীন গুলি বিনিময় শুরু হয়। আর তাতেই দু’জন সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও কোনও জঙ্গির মৃত্যুর খবর সামনে আসেনি।
নলপুরে সেকেন্দ্রেবাদ-শালিমার এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

শালিমারে ঢোকার আগে নলপুরের কাছে ট্রেন দুর্ঘটনা। সেকেন্দ্রেবাদ-শালিমার এক্সপ্রেসের পর পর তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে একটি পার্সেল ভ্যান হলেও দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে কখন পরিস্থিতি স্বাভাবিক করা যাবে, তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, ‘‘সকালে ভোর সাড়ে ৫টা নাগাদ সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেসের দু’টি কামরা এবং একটি পার্সেল ভ্যান খড়্গপুর ডিভিশনে নলপুরের কাছ দিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত হয়েছে। যাত্রীদের কারও বড় কোনও আঘাত লাগেনি। হতাহতের কোনও খবর নেই। সাঁতরাগাছি এবং খড়্গপুর থেকে সহায়ক ট্রেন ঘটনাস্থলে পৌঁছয়। যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য ১০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে।’’
ভোটে হার, সমর্থকদের উদ্দেশে কী বললেন জো বাইডেন?

ওয়েব ডেস্ক: হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্পের। সিনেটের দখল ফের রিপাবলিকানদের হাতে। আমেরিকার মাসনদে ফের ট্রাম্পের প্রত্যাবর্তনের পর প্রতিক্রিয়া দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার দ্বিতীয়বার ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট প্রতশ্রুতি দেন, ডোনাল্ড ট্রাম্পের দুর্দান্ত নির্বাচনী জয়ের পর তিনি শান্তিপূর্ণভাবে ট্রাম্পের হাতে হস্তান্তর করবেন ক্ষমতা। পাশাপাশি তাঁর সমর্থকদের উদ্দেশে বাইডেন এও বলেন, “পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত হয়েছি”। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে সংক্ষিপ্ত ভাষণে জো বাইডেন তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, “ বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। আমার বাবা বলতেন, কোনও এক পদ থেকে আমরা ছিটকে পড়তেই পারি, কিন্তু আমাদের চরিত্রের পরিমাপ হল আমরা কত দ্রুত সেই জায়গা থেকে উঠে আসি। পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত, আমাদের স্বপ্নের আমেরিকা আমাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে।“




