বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও বাংলায় বড়সড় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। অভিমুখ হতে চলেছে শ্রীলঙ্কা বা তামিলনাড়ূর দিকে। তাই পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহভর বাংলার তাপমাত্রার কোনও হেরফের হবে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে সামান্য কম। আসন্ন কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ১৯ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও আগামী ৪৮ ঘণ্টায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কুয়াশার সম্ভবনা।

বিপুল ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী

কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রে ৪ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে। পেলেন প্রায় ৭০ শতাংশ ভোট। মাত্র ছ’মাস আগে ওই আসনে তাঁর দাদা রাহুল ওয়েনাড়ে জিতেছিলেন ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে। তাঁর ঝুলিতে গিয়েছিল প্রায় ৬০ শতাংশ ভোট। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পরে উত্তরপ্রদেশের রায়বরেলী ধরে রেখে ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দেন তিনি। তাই সেখানে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে জয়ের ব্যবধানের নিরিখে শনিবার বাবা রাজীব গান্ধী এবং ঠাকুমা ইন্দিরা গান্ধীকেও ‘হারিয়েছেন’ প্রিয়ঙ্কা। তবে সামান্য ব্যবধানে ‘হেরেছেন’ মা সনিয়ার কাছে।

দিনের শুরুতেই মেট্রো বিভ্রাট

ব্যস্ততম দিনের সময়ের শুরুতেই মেট্রো (Metro) বিভ্রাট। নাকাল হলেন যাত্রীরা। শনিবার সাতসকালেই এই বিপত্তি ঘটে। দমদম থেকে কবি সুভাষমুখী মেট্রোর ডাউনলাইনে বিভ্রাট বলে জানা যায়।  যাত্রীদের শোভাবাজার মেট্রো স্টেশনে নামিয়ে দেওয়া হয়। কিন্তু প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল আটকে ছিল। সকাল ৭ টা ৫ নাগাদ দমদম থেকে ছেড়েছিল মেট্রোটি। শোভাবাজার পর্যন্ত গিয়েই সেটি থমকে যায়।  মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। কিছু না বোঝার আগেই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। যদিও আপ লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল বলে দাবি করা হচ্ছে মেট্রোর তরফে। মেট্রোর কর্তারা জানিয়েছেন, ডাউন লাইনে বিদ্যুতের বিভ্রাটের কারণেই এই সমস্যা। এদিকে সমস্যার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসেন মেট্রোর ইঞ্জিনয়ররা। পরে ৭.৪৩ নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়।

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)। ওই আদালত বৃহস্পতিবার জানিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে হামাস নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে, ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে। সাম্প্রতিক কালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইরানের পারমাণবিক ঘাঁটিতে একাধিক আঘাত হানার অভিযোগ। সর্বশেষ, পার্শিন অঞ্চলে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে তেল আভিভ। নেতানিয়াহুর লক্ষ্য, এই উত্তেজনাকে সরাসরি যুদ্ধে রূপান্তরিত করে পশ্চিমা মিত্রদের মধ্যপ্রাচ্যে টেনে আনা। তেহরানের ওপর আঘাত হানতে বারবার সীমা অতিক্রম করছে ইজরায়েল, যা ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য করছে।

ঘুষ-কাণ্ডে বিবৃতি দিয়ে কী জানাল আদানি গোষ্ঠী?

ভারতের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে। এ বার সেই ঘুষ-কাণ্ডে মুখ খুলল আদানি গোষ্ঠী। আমেরিকার বিচারবিভাগ এবং সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আদানি গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে সংস্থাটি জানিয়েছে, আদানি গ্রিন এনার্জির ডিরেক্টরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আদানি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার বিচারবিভাগই জানিয়েছে যত ক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে, তত ক্ষণ তাঁদের নির্দোষ বলে গণ্য করা হবে। বিষয়টি নিয়ে সংস্থার পক্ষ থেকে সমস্ত রকমের আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। আদানি গোষ্ঠী সব সময় আইন মেনেই চলেছে। স্বচ্ছতাই সংস্থার মূল মন্ত্র বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

রাজ্যজুড়ে ঘন কুয়াশা, শীতের দাপট

শীতের দাপট শুরু না হলেও রাজ্যজুড়ে পারদের পতন ঘটেছে। ইতিমধ্যে উত্তরে হাওয়ার প্রভাব দেখা যাচ্ছে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের মতো আগামী সপ্তাহের শুরু পর্যন্ত শুষ্ক আবহাওয়ার ধারা অব্যহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবারও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বুধবার এবং বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। অন্যদিকে, ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি পরবর্তী দু’দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তাই এখনও কোনওরূপ সতর্কতা জারি করা হয়নি।

মেটাকে বিপুল জরিমানা ভারতীয় কমিশনের

মার্ক জুকারবার্গ-এর (Mark Zuckerberg) বহুজাতিক সংস্থা মেটা-কে ২১৩ কোটি টাকা জরিমানা করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। একই সঙ্গে হোয়াটসঅ্যাপের (WhatsApp) তথ্য নিজেদের অন্য কোনও সংস্থায় হস্তান্তরেও নিষেধাজ্ঞা জারি। মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন এবং তার সাবসিডিয়ারি হোয়াটসঅ্যাপকে নিজেদের অন্য কোনও সংস্থায় সংগৃহীত তথ্য হস্তান্তরে নিষেধাজ্ঞা। সেই সঙ্গে ওই জরিমানা। কোনও সমাজমাধ্যম সংগঠনকে ‘কমপিটিশন ল’ বা প্রতিযোগিতামূলক আইনভঙ্গের অভিযোগে এই প্রথম এমন জোরদার সাজার ঘটনা। সোশ্যাল মিডিয়ার (Social Media) বাজারে মেটার জোরদার উপস্থিতিকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি ২০২১ সালে বদল করাকে আপত্তি জানিয়ে অভিযোগ ওঠে। পরিবর্তিত নীতিতে মেটার বক্তব্য ছিল ‘টেক ইট অর লিভ ইট’। অর্থাৎ সম্ভাব্য ক্রেতার প্রতি মেটার বার্তা- ইচ্ছে হলে নাও, না হলে পথ দেখো। আর এই নীতির হাত ধরে এমন সোশ্যাল মিডিয়ার হাত ধরে যে তথ্য তারা সংগ্রহ করে চলেছে, তা মেটা গোষ্ঠীর অন্যান্য সংস্থাতে হস্তান্তরের অবাধ ব্যবস্থা গড়ে তুলেছে বলে অভিযোগ। যে ব্যবস্থাতে পরিষেবা গ্রহীতার আপত্তি জানানোর কোনও সুযোগ নেই। দ্বিতীয়ত, এই নীতি হোয়াটসঅ্যাপের ২০১৬ সালের অবস্থান থেকে সম্পূর্ণ সরে আসা। তখন হোয়াটসঅ্যাপের তথ্য ফেসবুকে শেয়ার না করার সুযোগ ব্যবহারকারীর ছিল। সিসিআইয়ের অভিমত,এই পরিবর্তনের হাত ধরে মেটা সম্পর্কিত বাজারে আধিপত্য বিস্তারের একচেটিয়া সুযোগ নিয়েছে, বিশেষত অনলাইন বিজ্ঞাপনের বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায়। প্রসঙ্গত, প্রতিযোগিতামূলক ব্যবস্থাকে এড়িয়ে অ্যান্ড্রয়েড ফোন এবং প্লে স্টোরের মাধ্যমে গুগল অন্যায় সুযোগ নিচ্ছে বলে এর আগে ওঠা অভিযোগেও ব্যবস্থা নিয়েছিল সিসিআই।

কলকাতায় তাপমাত্রা আরও কমল

ঠাণ্ডা চাদর গায়ে মেখে ভোর হচ্ছে তিলোত্তমার। সকাল থেকেই শীত শীত ভাব। তার সঙ্গে বেশ হাওয়া দিচ্ছে। সব মিলিয়ে একটা সুন্দর আবহাওয়া কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। গ্রীষ্মকালে যেভাবে গলদঘর্ম হতে হয়েছে, এবার শীতল আবহাওয়া অনেকটাই স্বস্তি দিচ্ছে। স্যুটকেস থেকে গুটি গুটি পায়ে বের হচ্ছে, শাল-সোয়েটার, কম্বল। ফের শীতের দুপুরে মাদুর পেতে কমলালেবু খাওয়ার দিন চলে এসেছে। লা-নিনার প্রভাবে এবার শীত ভালো কাবু করবে। গোটা দেশেই এর প্রভাব পড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  পারদ পতন শুরু হয়েছে। আজ সপ্তাহের প্রথম দিনেই তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে।  শীতের প্রথম স্পেলেই শান্তিনিকেতন ও পুরুলিয়ায় ১৩ ডিগ্রির ঘরে পারদ নেমেছে। শীত এবার ভালোই ব্যাটিং করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে আপাতত রোজই হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে আস্তে আস্তে পরিষ্কার হবে আকাশ। চলতি সপ্তাহে এইরকম তাপমাত্রাই থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে।

নাইজেরিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত ‘বন্দে মাতরম’ স্লোগানে

তিনদিনের সফরে নাইজেরিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra modi) । প্রধানমন্ত্রী ব্রাজিলে জি ২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ তিন দেশের সফর শুরু করেছেন। তিনি নাইজেরিয়া (Nigeria), ব্রাজিল এবং গায়ানা সফর করবেন। মোদি ১৭ বছরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পশ্চিম আফ্রিকার দেশ সফর করছেন। রবিবার আবুজা পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে বসবাসরত মারাঠি সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মারাঠি ভাষাকে ধ্রুপদ ভাষার তকমা দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ জানান তাঁরা। পরিবেশ করা হয় মারাঠি নৃত্য ‘লাভনি’। বিমানবন্দরে নামতেই মোদিকে নাইজেরিয়ায় স্বাগত জানান দেশের প্রেসিডেন্ট টিনুবু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমাদের দ্বিপাক্ষিক আলোচনা উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও বৃদ্ধি করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব আমরা। নাইজেরিয়ায় স্বাগত, প্রধানমন্ত্রী মোদি।’ এর জবাবে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট টিনুবু। কিছুক্ষণ আগেই নাইজেরিয়ায় অবতরণ করেছি। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। এই সফর আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বকে আরও গভীর করুক।’

নীচে নামল কলকাতার পারদ

দরজায় কড়া নাড়ছে শীত। শনিবার মরশুমের প্রথম ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ২০ ডিগ্রির নীচে নেমেছিল কলকাতার তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নীচে নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার কলকাতা তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি, শনিবার ১ ডিগ্রি পারদ পতন হয়েছিল। আর শনিবার ছিল কলকাতার তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থকে ১ ডিগ্রি কম। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও কমবে। উত্তুরে হাওয়াতে পারা পতন শুরু হয়েছে। হাওয়া অফিস বলছে যদিও এখনও শীত আসতে কিছুটা সময় বাকি আছে। কিন্তু সকাল ও রাতের দিকে পারদ নিম্নমুখী থাকবে যার জেরে শীত শীত অনুভূত হবে। রবিবারও পারদে শীতের অনুভূতি আছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও পশ্চিমের জেলা গুলিতে শীত আগে পড়বে। রাজ্যে জেলাগুলিতে সকালে কুয়াশার ঢাকা থাকবে। সকাল সকাল কুয়াশা ঘিরে রাখতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বাকি জেলাতেও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রা আরও কমবে। ধীরে ধীরে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির নীচে। পুরুলিয়ার তাপমাত্র নেমেছে ১২.৮ ডিগ্রিতে।