কুচকাওয়াজে দিল্লির কর্তব্য পথে বাংলার ট্যাবলো

২০২৫ এর সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2024) কুচকাওয়াজে দিল্লির কর্তব্য পথে অংশ নিচ্ছে বাংলার ট্যাবলো। সূত্রের খবর, সরকারের লোক প্রসার প্রকল্পকে সামনে রেখে ওই ট্যাবলোর পরিকল্পনা করা হয়েছে বলে। জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের পশ্চাদপটে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হচ্ছে বলে খবর। রাজ্যের তরফে কুচকাওয়াজে অংশ নেবেন ছৌ এবং বাউল শিল্পীরা। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সংশ্লিষ্ট নির্বাচক কমিটির ছাড়পত্র পেয়েছে রাজ্যের এই বিষয়ে ভাবনার বলে সূত্রের খবর। গতবার দিল্লিতে সাধারন্তন্ত্র দিবসে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের ভাবনার উপর রাজ্য সরকারের প্রস্তাবিত ট্যাবলো কেন্দ্র বাতিল করে দিয়েছিল। রাজ্যের ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে লোকশিল্পীদের স্বীকৃতি এবং আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার লোক প্রসার প্রকল্প হাতে নিয়েছে। সরকারি পরিসংখ্যান না পাওয়া গেলেও বেসরকারি সূত্রে খবর রাজ্যের ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী লোকপ্রসার প্রকল্পের আওতাধীন হয়েছেন।
প্রয়াত শ্যাম বেনেগাল

ওয়েব ডেস্ক: বহু দিন ধরেই বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন পরিচালক শ্যাম বেনেগাল। এ ছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর। তবে ২৩ ডিসেম্বর সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শারীরিক অসুস্থতায় জর্জরিত, তবুও কাজের মধ্যেই ছিলেন শ্যাম বেনেগাল। সপ্তাহে তিন দিন ডায়ালিসিস-এর জন্য হাসপাতালে যেতে হত তাঁকে। কিন্তু ছবির কাজ থামেনি তাতেও। ২০২৩-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’। ভারতীয় চলচ্চিত্র জগতে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পেয়েছিলেন শ্যাম বেনেগাল। দাদাসাহেব ফালকে পুরস্কারও পান তিনি।
পৈতৃক সম্পত্তি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

তফশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের (Schedule Tribe Women) সমান উত্তরাধিকার থেকে বঞ্চিত রাখা অসাংবিধানিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সংবিধানে মহিলাদের সমানাধিকার স্বীকৃত হলেও, তফশিলি উপজাতির মহিলারা আজও এই অধিকার থেকে বঞ্চিত। তাই ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনে (Hindu Succession Act, 1956) প্রয়োজনীয় সংশোধন আনার জন্য কেন্দ্রীয় সরকারকে (Government of India) আহ্বান জানিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি সিটি রবি কুমার ও বিচারপতি সঞ্জয় কারলের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, যেখানে অনুপ্রজাতীয় পরিবারের মেয়েরা পৈতৃক সম্পত্তির সমান অধিকার পায়, সেখানে তফশিলি উপজাতি পরিবারের মেয়েদের এই অধিকার দেওয়া হয় না, তা যুক্তিসঙ্গত নয়। আদালত আরও উল্লেখ করেছে, হিন্দু উত্তরাধিকার আইনের ২(২) ধারায় তফশিলি উপজাতিদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার যদি অফিসিয়াল গেজেটে কোনও নির্দেশিকা প্রকাশ না করে, তাহলে তফশিলি উপজাতির মহিলাদের এই অধিকার প্রযোজ্য হবে না। এই মামলার সূত্রপাত ছত্তিশগড় হাইকোর্টের একটি রায় থেকে। সওয়ার সম্প্রদায়, যা সংবিধানের ৩৪২ অনুচ্ছেদ অনুযায়ী তফশিলি উপজাতি হিসেবে স্বীকৃত, সেই সম্প্রদায়ের এক মহিলার পৈতৃক সম্পত্তির অধিকার নিশ্চিত করেছিল হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলে, আদালত মহিলারর পক্ষে মত দেয় এবং কেন্দ্রীয় সরকারকে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধনের প্রস্তাব বিবেচনা করার নির্দেশ দেয়। আদালতের মতে, এই সংশোধনের মাধ্যমে শুধু তফশিলি উপজাতির মহিলাদের সমানাধিকার নিশ্চিত হবে না, বরং দেশের সংবিধান-স্বীকৃত সমানাধিকারের নীতিও রক্ষা পাবে।
সংসদের সামনে সমস্ত প্রতিবাদ বন্ধ

সংসদের (Parliament gates) সামনে সমস্ত প্রতিবাদ বন্ধে নিষেধাজ্ঞা জারি করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Loksobha speaker Om Birla)। বৃহস্পতিবার সাংসদদের প্রতিবাদকে ঘিরে সংসদ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। কালিমালিপ্ত হয় সংসদ। তার পরেই আজ স্পিকার ওম বিড়লা সংসদের সামনে সমস্ত প্রতিবাদ বন্ধে নিষেধাজ্ঞা জারি করলেন। লোকসভার স্পিকার জানিয়েছেন, কোনও রাজনৈতিক দল, সংসদ সদস্য আজ থেকে সংসদ ভবনের প্রবেশ পথ,সংসদ ভবনের সামনে ধরনা, বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি জানাতে পারবে না। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর আম্বেদকর ইস্যুতে উত্তাল হয় সংসদ চত্বর। উত্তেজনা থেকে হাতাহাতি শুরু হয়। সংসদের (Parliament) নিম্নকক্ষে আহত হন এক বিজেপি সাংসদ। জানা গিয়েছে, বৃহস্পতিবারও শাহর মন্তব্যের বিরোধিতা করে লোকসভায় প্রতিবাদ জানাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা। এর মাঝেই উত্তেজনা বৃদ্ধি পায় এবং তাতেই আহত হন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী (Peatap Chandra Sarangi)। দুই পক্ষের ধাক্কাধাক্কিতে তিনি আহত হয়েছেন বলে খবর। একজন মহিলা সাংসদ ভয় দেখানোর দাবি করেন। সমস্ত অভিযোগের তির রাহুল গান্ধীর দিকে তুলে ধরা হয়।
শীত কি বিদায় নিল?

রাজ্যে শীতের আমেজ নেই বললেই চলে। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়েছে তাপমাত্রার পারদ। তেমন একটা শীত অনুভূত হচ্ছেনা রাজ্যজুড়ে। গতকাল অর্থাৎ বুধবার থেকেই এই আভাস পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই জানানও হয়েছিল বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া। আর সেই মতই গতকাল থেকে রাজ্যজুড়ে লক্ষ করা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন। তবে মনে করা হচ্ছে এবার সপ্তাহান্তে ভাসতে পারে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। যার জেরে মাটি হতে পারে উইকেন্ড। এমনিতেই ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহ। ফেস্টিভ মুডে ভাসছে তিলত্তোমা। আলোর সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন এলাকা। কিন্তু শীতের অভাবে বাতিল হতে পারে পিকনিকের মত প্ল্যান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার এবং শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। যার জেরে শুক্রবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় উধাও শীত

সপ্তাহের শুরুতে ছিক জাঁকিয়ে শীতের (Winter) আবহ। তবে মঙ্গলবার থেকে থেমেছে পারদ পতন। তাপমাত্রা খানিক ঊর্ধ্বমুখী। ভোরবেলা আর রাতের দিকে খানিক শীত অনুভূত হলেও দিনভর থাকছে গরম। ডিসেম্বরের শহরে ( Kolkata December) পিকনিক করার ফ্যান্টাসি ঘুচেছে। রীতিমতো গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। এদিন শহরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। হাওয়া অফিসে জানিয়েছে, কলকাতা শীতের সাময়িক ধাক্কা খেলেও, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে। শীতের আমেজ কমবে ধীর ক্রমশ। কলকাতায় পারদ থাকবে ১৬ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার থেকেই শুরু হাওয়া বদল। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। বুধবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শনিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শীতের আমেজ থেকে সাময়িক বিরতি পাবে শহর। সপ্তাহ অন্তে আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস।
আদিত্যনাথকে হুমকি! মালদহে গ্রেফতার যুবক

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দিয়ে পুলিশের জালে মালদহের (Malda) এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম শেখ আতাউল। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (Viral Video) পোস্ট করার অভিযোগ রয়েছে। এমনকি সেই ভিডিওতে তাঁকে বাংলাদেশ (Bangladesh) থেকে শুরু করে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে। বেশ কিছু উষ্কানিমূলক কথাবার্তা বলার অভিযোগ রয়েছে মালদহের ধৃত যুবকের বিরুদ্ধে। সেই ভিডিওতেই শেখ আতাউল যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তবে অন্য একটি সূত্র বলছে, বেশ কয়েকবছর আগে ধৃত যুবক বাংলাদেশ থেকে পালিয়ে এসে মালদহে বসবাস করতে শুরু করে। সে নিজের পরিবারকে নিয়ে সেখানে বেশ কয়েকবছর ধরে বসবাস করছে বলে জানা গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ফিনান্স নিউজ। মঙ্গলবার মালদহ থেকে আতাউলকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের কাছে একটি পিস্তল, একটি ছুরি এবং বেশ কিছু স্পত্তিকর ছবি উদ্ধার হয়েছে। তাঁর বিরুদ্ধে নয়ডা সেক্টর ৩৯ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর সঙ্গে এখনও কোনও আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ।
নতুন শিরোপা পেল পশ্চিমবঙ্গ

দুধ, ডিম এবং মাংস উৎপাদনে নতুন শিরোপা পেল পশ্চিমবঙ্গ (West Bengal)। প্রাণীজ প্রোটিন উৎপাদনের নিরিখে দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে গেল বাংলা। সোমবার এই সুখবর জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, “এটি খুবই আনন্দের বিষয় যে, পশ্চিমবঙ্গ এখন ভারতের সর্বোচ্চ প্রাণীজ প্রোটিন উৎপাদনকারী রাজ্যে পরিণত হয়েছে। দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলা। ভারত সরকার এই সাফল্যকে স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে বাংলার প্রশংসা করেছে।” সম্প্রতি, ২০২৪ সালের জন্য দেশের প্রাণীসম্পদ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। সেই তথ্য উল্লেখ করে মমতা তাঁর পোস্টে লেখেন, “পশ্চিমবঙ্গ এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদক, যা জাতীয় উৎপাদনের ১২.৬২ শতাংশ।” এছাড়াও, দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার হিসেবে ৯.৭৬ শতাংশ অর্জন করেছে, যেখানে জাতীয় গড় হার মাত্র ৩.৭৮ শতাংশ। এদিকে পোলট্রি খাতে, ডিম উৎপাদনে বাংলার বার্ষিক বৃদ্ধি হার ১৮.০৭ শতাংশ। এটি জাতীয় গড় ৩.১৮ শতাংশের থেকে বহুগুণ বেশি। সোমবার নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতিমূলক পোস্টের মাধ্যমে সুখবর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর ক্রেডিট তিনি নিজে নেননি। বরং, উৎপাদনকারী কৃষক এবং কর্মীদের দিয়েছেন। এই পোস্টেই মমতা তাঁদের ধন্যবাদ জানিয়ে লেখেন, “এই শিরোপা অর্জন আমাদের উদ্ভাবনী নীতি ও পরিকল্পনার প্রমাণ এবং আমাদের কৃষক ও কর্মীদের দৃঢ় সক্ষমতার প্রতিফলন।”
মেরামতির কাজের জন্য পলতা ও টালা পাম্পিং স্টেশনে বন্ধ থাকবে

মেরামতির কাজের জন্য পলতা (Palta) ও টালা পাম্পিং (Tala Pumping Station) স্টেশনে বন্ধ থাকবে। সোমবার ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই দুই পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে আগেই বিষয়টি জানিয়েছিল। এর ফলে সোমবার সারা দিন উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে দুর্ভোগ বাড়বে সাধারণ মানুষের। মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল পাওয়া যাবে না। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, ট্যাঙ্কে আগের তুলনায় বড় ভাল্ভ বসানো হবে। এছাড়াও, ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ মেরামতির কাজ চলবে। সেই সঙ্গেই মেরামতি হবে ট্যাঙ্কের লিক। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। জল সরবরাহ বন্ধ রাখা হবে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে।
প্রয়াত উস্তাদ জাকির হুসেন

অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই উস্তাদ জাকির হুসেনকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। জাকির হুসেনের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু রবিবার সব লড়াই শেষ। সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন। জাকির হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ার লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। দেশের এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি। জাকির হুসেনের পরিবার এবং তাঁর ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”




