নবান্নকে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের

কলকাতা: ইমেল, পাল্টা ইমেল চলছেই। প্রথমে সরকার পক্ষ থেকে আন্দোলনকারীদের (Doctors Protest) ১০ জনের প্রতিনিধিদলকে ডাকা হয়েছিল আলোচনার জন্য। পরে, ১২-১৫ জনকে ডাকা হয়। কিন্তু জুনিয়র ডাক্তারেরা তাঁদের অবস্থানে অনড়। তাঁদের দাবি অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে ডাকতে হবে আলোচনায়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দ। তিনি জানান, সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাই, এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের ৩০ জন প্রতিনিধি বৈঠকে যাবে। কিঞ্জলের সংযোজন, “যে বৈঠকের প্রস্তাব এসেছে, সেই বৈঠকে গেলে আমরা কোনও সিদ্ধান্তে উপনীত হব না। আমরা আবার অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব। যাঁরা এখানে অপেক্ষা করে আছেন, তাঁদের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে মতামত পরবর্তী সময়ে জানাব।”

ভারত সিরিজ শুরুর আগে কী বললেন লিটন?

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সাধারণত কোকাবুরা বলে খেলে অভ্যস্ত। কিন্তু ভারতে এসে এসজি বলে খেলতে হবে। তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন লিটন দাস (Liton Das)। মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর লিটন বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে খুব ভাল খেলেছি আমরা। তবে সেটা অতীত। ভারতের বিরুদ্ধে খুব কঠিন একটা সিরিজ়‌ খেলতে নামব আমরা। ক্রিকেটার হিসাবে আমি পাকিস্তান সিরিজের কথা ভুলে গিয়েছি। তবে নিঃসন্দেহে আত্মবিশ্বাস পেয়েছি আমরা।” লিটনের সংযোজন, “ভারত বড় দল। ওখানে আলাদা বলে খেলতে হবে। আমরা সেই বলে খুব একটা খেলি না। বেশ কঠিন হতে চলেছে ব্যাপারটা। সবাই এটা নিয়ে বাড়তি অনুশীলন করছে।” উল্লেখ্য, ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) সিরিজ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে।

হেমা কমিটির উদ্যোগে বিশেষ কমিটি টলিউডে!

কলকাতা: টলিউডে মহিলা শিল্পীদের হেনস্থা নিয়ে সরব হয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। দাবি করেছিলেন এমন এক কমিটির, যেখানে সমস্ত মহিলা শিল্পীরা নিজেদের অভিযোগ নিয়ে খোলাখুলি, নির্ভয়ে কথা বলতে পারেন। সেই বিষয়েই কথা বলতে মঙ্গলবার নবান্নে গিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী আলোচনা হল, সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তা জানিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। তিনি জানিয়েছেন হেমা কমিটির উদ্যোগে একটি কমিটি গঠন করার চেষ্টা করা হচ্ছে টলিউডে। সেই বিষয় নিয়েই এদিন কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন, দেখে নিন-   View this post on Instagram   A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

কেন দাম বাড়ছে ইলিশের?

কলকাতা: আর মাত্র এক সপ্তাহ বাকি। তারপরই রান্নাপুজো বা অরন্ধন উৎসব। আর এই উৎসবে ইলিশ (Hilsa) মাছ মাস্ট। কিন্তু আবহাওয়ার জন্য বেশ ঘাটতি রয়েছে ইলিশের। প্রাকৃতিক দুর্যোগের কারণে জোগান না থাকায় ইলিশের দামও বেশ চড়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে ঘন্টায় ৪৫ থেকে ৫০কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে। ফলে সমুদ্র উত্তালই থাকবে। তাই এখনও পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞাই জারি রয়েছে। টানা তিন দিন সমুদ্রে রওনা দেয়নি মৎস্যজীবী ট্রলারগুলি। ফলে ইলিশের ভরা মরসুমে লোকসানের মুখে পড়েছেন মৎস্যজীবীরা। সেই সঙ্গে এর মধ্যে না বেরোতে পারলে ইলিশের ঘাটতি তো হবেই, চড়বে দামও। আজ অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে মন্তব্য নয়

কলকাতা: মঙ্গলবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ছ’দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ছ’দফা দাবি মেটানো না হলে এই অবস্থান চালিয়ে যাবেন। যদিও সুপ্রিম কোর্ট তাঁদের বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। এই আবহে মঙ্গলবার দুপুরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সূত্রের খবর, সেখানেই মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের এই আন্দোলন নিয়ে মুখ খুলতে বারণ করে দিয়েছেন। জানিয়েছেন, এই বিষয়ে যা বলার, তিনিই বলবেন। তৃণমূল সূত্রে খবর, দলের মুখপাত্রদেরও এই বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য বার্তা দিয়েছেন নেত্রী। তবে দলীয় মুখপাত্রদের ক্ষেত্রে সেই নির্দেশ শুধু মঙ্গলবারের জন্য।

সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক

সপ্তাহখানেক আগে সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার আর গুঞ্জন নয়, সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফে বিবৃতি প্রকাশ করে হয়েছে। এই প্রথম দলগত ভাবে ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে ঘোষণা করা হল। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়েছে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ‘রেসপিরেটরি সাপোর্টে’ রাখা হয়েছে। চিকিৎসকদের একটি দল ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। দলীয় সূত্রে খবর, ইয়েচুরির ফুসফুসের এক দিকে সংক্রমণ ধরা পড়েছিল। সেই সংক্রমণ ছড়িয়ে গিয়েছে ফুসফুসের বাকিং অংশেও।

জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল

নয়া দিল্লি: গরু পাচার মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল৷ ২০২৩ সালের ২৬ এপ্রিল গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি৷ এই মামলায় এখনও জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল৷ অনুব্রতর মতোই সুকন্যাও দিল্লির তিহার জেলেই বন্দি ছিলেন৷ অবশেষে ১৫ মাস পর জেল মুক্তি। প্রসঙ্গত, ২০২২ সালের অগস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারা দাবি করে, বিপুল সম্পত্তি সম্পর্কে কেষ্ট-কন্যার কাছে তথ্য রয়েছে। কিন্তু তিনি প্রশ্নের সদুত্তর দিচ্ছেন না। পরে অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারির পর বাবার মতো সুকন্যারও ঠাঁই হয় তিহার জেলে। সেখান থেকে বেশ কয়েক বার তিনি জামিনের আবেদন করেছেন। অন্যদিকে, সুকন্যার জামিনে মুক্তির খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস দেখা গিয়েছে বীরভূম জেলার তৃণমূল কর্মীদের মধ্যে।

১০ বছর পর ইংল্যান্ডে টেস্ট জিতল শ্রীলঙ্কা

১০ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতল শ্রীলঙ্কা। সেই মানরক্ষাও হলো। চতুর্থ ইনিংসে জেতার জন্য ২১৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার। দিমুথ করুণারত্নেকে (৮) হারালেও ক্রিজ়‌ে ছিলেন নিশঙ্ক এবং কুশল মেন্ডিস। সোমবার তারাই ইনিংস শুরু করেন। মেন্ডিস ৩৯ রানে আউট হয়ে গেলেও অ্যাঞ্জেলো ম্যাথেউস অঘটন হতে দেননি। নিশঙ্ক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৭ রান করে। ১৩টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১২৩ বলে ইনিংস সাজিয়েছেন তিনি। ইংল্যান্ডের মতোই আগ্রাসী ক্রিকেট খেলেছেন। তুলনায় ম্যাথেউস টেস্টের মতোই খেলেছেন। তাঁর কাজ ছিল নিশঙ্ককে সঙ্গ দেওয়ার। সেই দায়িত্ব ভালভাবেই পালন করেন। অপরাজিত থাকেন ৬১ বলে ৩২ রান করে। আর সোমবার ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১২৫ রান। ইংল্যান্ডের দরকার ছিল ৯ উইকেট। এ দিন একটির বেশি উইকেট ফেলতে পারেনি ইংল্যান্ড। পাথুম নিসঙ্ক শতরান করে শেষ পর্যন্ত থেকে জিতিয়ে দেন শ্রীলঙ্কাকে। আট উইকেটে জেতে শ্রীলঙ্কা।  

ছাড়পত্র মিলল ‘ইমার্জেন্সি’র

৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা পরিচালিত ছবির। কিন্তু ছবিমুক্তির উপর স্থগিতাদেশ দেয় আদালত। অবশেষে ছাড়পত্র মিলল। স্থির হল, নির্দিষ্ট শর্তসাপেক্ষে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ মুক্তি পাবে। তিনটি দৃশ্য বাদ দেওয়া ও কিছু সম্পাদনার কথা উল্লেখ করা হয়েছে ছাড়পত্রে। ছবিটিকে ‘ইউ/এ’ তকমা দেওয়া হয়েছে। এই ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। তাঁর আমলে ভারতে যে একুশ মাস জরুরি অবস্থা জারি ছিল, সেই সময়কেই তুলে ধরা হয়েছে। এই ছবিতে চিত্রনাট্য ও পরিচালনা ও অভিনয়, তিনটিরই দায়িত্ব পালন করেছেন কঙ্গনা। ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির কিন্তু, এ বার ১৮ সেপ্টেম্বরের পরবর্তী শুনানির পরে মুক্তির তারিখ জানানো হবে বলেই খবর।

উৎসবে ফেরার কথা বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা: সোমবার এক মাস হল আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। সেই দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহ্বান, ‘‘এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’’ এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও অনেক কথা বললেও বিরোধী দলের নেতারা আপাতত মমতার ওই বক্তব্যের সমালোচনায় সরব। প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শেষ হওয়ার পরে পরেই নবান্নে শুরু হয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। সুপ্রিম কোর্ট সাধারণ আন্দোলনকারীদের কোনও নির্দেশ না দিলেও জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেন মঙ্গলবার সন্ধ্যা থেকেই। দিনের পর দিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির ফলে রাজ্য যে চিকিৎসা পরিষেবা দিতে সমস্যায়, তা সুপ্রিম কোর্টেও সোমবার জানায় রাজ্য। এর পরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কর্মবিরতি শেষ করতে বলে।