মহিলা ক্রিকেটে দারুন খবর

স্পোর্টস ডেস্ক: মহিলাদের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আইসিসি (ICC)। টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য এক লাফে দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হল। চ্যাম্পিয়ন দল ২০২৩ সালের তুলনায় ১৩৪ শতাংশ বেশি অর্থ পাবে। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পুরস্কার মূল্য হিসাবে পেয়েছিল ১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা। এ বারের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা। রানার্স দলও এ বার ১৩৪ শতাংশ বেশি পুরস্কার মূল্য পাবে। এ বার ফাইনালের পরাজিতেরা পাবে ১.১৭ মিলিয়ন ডলার বা প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা। শুধু দুই ফাইনালিস্ট দলের জন্য নয়, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব স্তরেই এ বার পুরস্কার মূল্য বৃদ্ধি করেছে আইসিসি।
ক্যানসারের এই ৩টি ওষুধের দাম কমছে!

ওয়েব ডেস্ক: ক্যানসার চিকিৎসার জন্য প্রথমে রোগ নির্ণয়, তার পর কেমোথেরাপি, রেডিয়োথেরাপি বা ইমিউনোথেরাপির সাহায্য নেওয়া হয়। আর ক্যানসারের জন্য ৩টি দামী ওষুধের ওপর কর ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ‘ট্রাস্টুজুমাব ডিরাক্সটেকান’, ‘ওসিমেরটিনিব’ এবং ‘ডুরভ্যালুমাব’— এই তিন ওষুধের উপর থেকে ১২ থেকে ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ ক্যানসারের তিনটি মহার্ঘ ওষুধে (Cancer Medicines) করছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-’২৫ আর্থিক বর্ষের পূর্ণাঙ্গ বাজেটে ক্যানসারের ওই তিনটি ওষুধের উপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছিল। তিনটি ওষুধের দামই লক্ষাধিক টাকা। সরকারের ঘোষণা অনুযায়ী, তিন ওষুধে ১২ থেকে ৫ শতাংশ করছাড় দিলে সেগুলির দাম কিছুটা হলেও কমবে। ক্যানসারের এমন অনেক ওষুধ আছে, যেগুলি জীবনদায়ী হওয়ার পাশাপাশি তাদের দামও অনেক।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী

নয়া দিল্লি: দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি অরবিন্দ কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান জানিয়েছেন, দু’দিন পরেই মুখ্যমন্ত্রী (Delhi CM) পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। তার পর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অতিশী মারলেনার (Atishi Marlena) নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন কেজরীওয়াল। সূত্রের খবর, তিনিই অতিশীর নাম প্রস্তাব করেন। উল্লেখ্য, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই এ বার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
সরানো হল পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে

কলকাতা: সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পর বসে দু’পক্ষের বৈঠক। এর পর প্রায় ৫ ঘণ্টা— সন্ধ্যা ৭টা থেকে রাত ১১.৪৫ মিনিট পর্যন্ত চলে বৈঠক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, সরানো হল কলকাতার পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েলকে। আর কী কী জানালেন দেখে নিন- মুখ্যমন্ত্রী জানান- ‘‘৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব!’’ জুনিয়র ডাক্তারদের পাঁচটি দাবির প্রথমটি সিবিআই এবং আদালতের বিষয়। বাকি চারটির মধ্যে তিনটেয় মান্যতা দিয়েছে তাঁর সরকার। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। মঙ্গলবার বিকেল ৪টের পর এই সংক্রান্ত নোটিস দিয়ে দেওয়া হবে। বিনীতকে নিজের পছন্দের পদ দেওয়া হবে। চিকিৎসকদের দাবি মেনে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) অভিষেক গুপ্তকেও সরানো হচ্ছে। সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা কৌস্তভ নায়েক, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকেও। মমতা বলেন, ‘‘আমরা কাউকে অশ্রদ্ধা, অসম্মান করিনি। কিন্তু ওঁদের বিরুদ্ধে যে হেতু চিকিৎসকদের ক্ষোভ আছে, বলেছেন, ওঁদের উপর আস্থা নেই, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’ মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের দাবি মতো কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করবে সরকার। তবে কলকাতা পুলিশের পরবর্তী কমিশনার কে হবেন সে বিষয়ে সোমবার কিছু জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃষ্টি কতদিন চলবে?

কলকাতা: টানা বৃষ্টিতে (Rain) নাজেহাল অবস্থা বাংলার মানুষের। এখন সবারই প্রশ্ন কতদিন চলবে এই বৃষ্টি? তাই জেনে নেওয়া যাক আবহাওয়া দফতর কী জানাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূল থেকে সেই নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরেছে। শনিবার কলকাতার কাছে দিয়ে তা পশ্চিমের জেলাগুলির দিকে চলে গিয়েছে। তবে তা সত্ত্বেও রবিবার সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গে। আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। তবে দুর্যোগের এই ঘন কালো মেঘ কেটে যাবে। অন্যদিক, ২২ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। আজ অর্থাৎ সোমবার থেকে কলকাতা এবং আশেপাশের এলাকার তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানা গিয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর সর্বোচ্চ পারদ ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিলোত্তমায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই। এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
৬টি বন্দে ভারত উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

কলকাতা: রবিবার ভার্চুয়াল মাধ্যমে মোট ছ’টি বন্দে ভারত (Vande Bharat) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার মধ্যে তিনটিই চলাচল করবে হাওড়া থেকে। হাওড়া থেকে একটি যাবে ওড়িশার রউরকেল্লা, একটি বিহারের ভাগলপুর এবং তৃতীয় বন্দে ভারতটি চলবে বিহারের গয়া পর্যন্ত। পিটিআই সূত্রে জানা গিয়েছে, রবিবার টাটানগর থেকে এই ট্রেনগুলি উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় আকাশপথে সেখানে পৌঁছতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন ছ’টি বন্দে ভারত ট্রেনের। নতুন এই বন্দে ভারত ট্রেনগুলি কমলা-সাদা রঙের। তিনটি হাওড়া থেকে চলাচল করবে। বাকি তিনটি টাটানগর-পটনা, ব্রহ্মপুর-টাটানগর এবং দেওঘর-বারাণসী রুটে যাতায়াত করবে।
প্রথম টেস্টে পিচ কেমন হবে?

স্পোর্টস ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। কিন্তু পিচ কেমন হবে সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে যতদূর জানা গিয়েছে, চেন্নাইতে লাল মাটির পিচে খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে। চেন্নাইয়ে দু’ধরনের পিচ রয়েছে। একটি লাল মাটির, অন্যটি কালো। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হতে পারে লাল মাটির পিচে। নেটে লাল মাটির পিচে ভারতীয় পেসারদের বল করতে দেখা গেল। বাংলাদেশের ক্রিকেটারেরা ঘরের মাঠে কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত। সেই পিচ মন্থর। ভারত তাই বাংলাদেশের বিরুদ্ধে এমন পিচ চাইছে, যেখানে লাল মাটির প্রাধান্য রয়েছে। পিচে ঘাসও থাকবে। সকাল সাড়ে ১১টার মধ্যে পিচ ঢেকে দেওয়া হচ্ছে, যাতে তা রোদে শুকিয়ে ফেটে না যায়। ২০১৯ সালে শেষ বার টেস্ট খেলতে ভারতে এসেছিল বাংলাদেশ। সে বার ইনদওর এবং কলকাতায় পেস সহায়ক পিচ বানানো হয়েছিল।
রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ারও ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: শনিবার স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরজি কর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। পাশাপাশি রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ারও ঘোষণা করলেন। গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে পাঁচ দফা দাবিতে অবস্থান করছেন জুনিয়র ডাক্তারেরা। মাঝে তিন দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যায়। শনিবার মমতা নিজেই চলে গেলেন অবস্থান মঞ্চে। সেখানে গিয়ে তিনি বলেন, ‘‘আরজি করের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। রাজ্যের সব মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছি।’’ কিছুদিন আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে মমতা প্রস্তাব দিয়েছিলেন, অধ্যক্ষের সঙ্গে এক জন সিনিয়র ডাক্তার, এক জন জুনিয়র ডাক্তার, এক জন সিস্টার, স্থানীয় বিধায়ক এবং স্থানীয় থানার আইসিকে রোগী কল্যাণ সমিতিতে রাখা হোক। এ বার সেই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন।
সল্টলেকে ধর্নাস্থলে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: আচমকা শনিবার সকালে সল্টলেকে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের সঙ্গে দেখা করেন মমতা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। ধর্নাস্থলে জুনিয়র ডাক্তারদের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী একনজরে দেখে নেওয়া যাক- ‘‘আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি।’’ ‘‘শুক্রবার সারা রাত ঝড়়জল হয়েছে। আপনারা যে ভাবে বসে আছেন, আমার কষ্ট হচ্ছে। গত ৩৪ দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমোইনি। কারণ, আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।’’ ‘‘যদি আপনারা কাজে ফিরতে চান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি সকলের সঙ্গে আমি আপনাদের দাবি নিয়ে আলোচনা করব। যদি কেউ দোষী হন, শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব, দ্রুত তদন্ত শেষ করুন। দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে আমি নিশ্চয় ব্যবস্থা নেব। এটুকু বলতেই আমি এসেছি।’’ ‘‘আপনারা আমাদের ঘরের ভাইবোন। আমি কোনও অবিচার হতে দেব না। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে। তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছি। আরজি করের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম। নতুন করে তৈরি করা হবে। বাকি আপনাদের যা দাবি আছে, যদি সত্যি কেউ দোষী হয়, তারা শাস্তি পাবে। কেউ আমার বন্ধু বা শত্রু নয়। যাঁদের আমার বন্ধু বলছেন, আমি তাঁদের চিনিই না। প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা এসেছেন। সাধ্যমতো পদক্ষেপের চেষ্টা করব। আপনারা কাজে ফিরুন। আমি কোনও আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ করব না।’’ ‘‘সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। কোনও পদক্ষেপ আপনাদের বিরুদ্ধে করা হবে না। এখন আমি মুখ্যমন্ত্রী হিসাবে এখানে আসিনি। আন্দোলনের সমব্যথী হিসাবে এসেছি। বড় দিদি এসেছি। আমাকে সময় দিন। ভাল থাকুন।’’ ‘‘আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়। বড় করা। এটা আমার শেষ চেষ্টা।’’ মমতার বক্তব্যের পর জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসে।
প্র্য়াক্টিসে টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক: ছ’মাসের বেশি সময় পর লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল। তার উপর পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে জেতা নাজমুল হোসেন শান্তর দল আত্মবিশ্বাসী। তাই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজকে (India vs Bangladesh) বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর। প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না। শুক্রবার ভারতীয় দলের অনুশীলন ছিল ‘ক্লোজড ডোর’। জানা গিয়েছে, শুক্রবার সকালে চেন্নাই পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের নতুন বোলিং কোচ মর্নি মর্কেল। এ দিন ভোর ৪টের সময় লন্ডন থেকে সরাসরি চেন্নাই পৌঁছান কোহলি। সূত্রের খবর, প্রথম দিন নেটে ৪৫ মিনিট অনুশীলন করেছেন কোহলি। প্রায় ন’মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।




