পাহাড়ে গরম আবহাওয়া

ওয়েব ডেস্ক: সেপ্টেম্বরের শেষে দিকে পাহাড়ে শীতের আমেজ অনুভূত হয়। কিন্তু শরতে পাহাড়বাসীর মধ্যে শুরু হয়েছে ফ্যান, এসি কেনার ধুম। গরমের (Hot Weather) কারণে পর্যটকেরাও দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেনই না। হ্যাঁ, একদমই ঠিক পড়ছেন। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ বছরের উষ্ণতার রেকর্ড ভেঙেছে পাহাড়ে। শুধু দার্জিলিংই নয়, কালিম্পং, সিকিমেও একই পরিস্থিতি। চাহিদা বাড়ছে ফ্যান এবং বাতানুকূল যন্ত্রের। গত কয়েক দিন ধরে পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। সোমবার তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে। আবহাওয়া দফতর বলছে, ক্রমশ উষ্ণতা বাড়ছে পাহাড়ে। পাশাপাশি গরমের জন্য পাহাড়ে পর্যটকের সংখ্যাও কমে আসছে। পর্যটন সংস্থাগুলো জানাচ্ছে, এটা পর্যটনের মরসুম নয়। তবু সেপ্টেম্বরে হোটেলগুলিতে ‘বুকিং’ নেহাত কম থাকে না। কিন্তু গরমের কারণে সেই সংখ্যাও তলানিতে পৌঁছেছে।
শুভমন গিলের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক: আদৌ প্রথম একাদশে সুযোগ পাবেন শুভমন গিল (Shubman Gill)? এই প্রশ্নটা কিছুদিন আগে পর্যন্ত উঠছিল। এমনকী বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূণ্য করায় সেই সম্ভাবনা আরও প্রবল হল বলে জল্পনা শুরু হয়েছিল। তবে এবার সেই জল্পনায় ইতি। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস অনবদ্য অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিলেন, তিনিই টেস্ট স্কোয়াডের যোগ্য দাবিদার। শুধু তাই নয় এই সেঞ্চুরির সুবাদে নয়া রেকর্ডও গড়ে ফেললেন শুভমন গিল। এবার দেখে নেওয়া যাক কী কী রেকর্ড গড়লেন গিল- ১) বিগত ৫০ বছরে মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবেই প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন গিল। ২) বাংলাদেশের বিরুদ্ধে এর আগে টেস্ট ইতিহাসে আর কেউ কোনওদিন প্রথম ইনিংসে শূন্যর পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেননি। গিলই প্রথম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব গড়লেন। ৩) গিলের এই শতরানের ইনিংসের সুবাদে দুই মহাতারকা ব্যাটারের রেকর্ডেও ভাগ বসালেন। চিপকে এর আগে একমাত্র ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরির করার কৃতিত্ব ছিল রাহুল দ্রাবিড়ের দখলে। তবে এবার থেকে গিলের দখলেও সেই কৃতিত্ব থাকবে। ৪) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর মালিক বর্তমানে গিল। এতদিন পর্যন্ত যুগ্মভাবে কোহলি, মায়াঙ্ক আগরওয়ালদের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় ছিলেন তারকা ভারতীয় টপ অর্ডার ব্যাটার। তবে পঞ্চম সেঞ্চুরিতে কোহলিকে পিছনে ফেলে দিলেন তিনি। একমাত্র নয় সেঞ্চুরি করা রোহিতই গিলের থেকে এই তালিকায় এগিয়ে রয়েছেন। অপরদিকে, এদিন ঋষভ পন্থও এদিন শতরান করেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট চারটি সেঞ্চুরি করে কোহলিদের সঙ্গে এখন ভারতীয় হিসাবে এই তালিকায় যুগ্মভাবে তৃতীয়। Skilful Gill rose to the occasion with a superb TON 👏👏 📽️ Relive his 5th Test Hundred 🔽#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank — BCCI (@BCCI) September 21, 2024
শুভঙ্কর সরকার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি

কলকাতা: অধীর চৌধুরিকে সরিয়ে প্রদেশ কংগ্রেসে (Congress) বদল। বাংলার নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার। রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূলের সঙ্গে রাজ্যে ও কেন্দ্রের সমীকরণ ঠিক রাখতেই এই পদক্ষেপ। গোটা বাংলায় ক্ষয়িষ্ণু কংগ্রেস। সংগঠন একেবারে নড়বড়ে। সেখানে কংগ্রেসের হাল ধরতে প্রদেশ সভাপতি শুভঙ্কর। ২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে শুভঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ এই পদ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধীর চৌধুরি কট্টর তৃণমূল বিরোধী। লোকসভা ভোটে কংগ্রেস-তৃণমূল জোট না হওয়ার কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরোক্ষ ভাবে অধীর চৌধুরিকেই দায়ী করেছিলেন। এমনকী মল্লিকার্জুন খাড়গের ভালো নজরে ছিলেন না অধীর চৌধুরি। অন্তত কংগ্রেস সূত্রে এমনটাই জানা যায়। তাই ক্ষয়িষ্ণু থেকে ঘুরে দাঁড়াতেই এই বদল বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, শুভঙ্কর সরকার ২০২৪ সালের ৩০ অগাস্ট সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইন চার্জের দায়িত্বেও ছিলেন তিনি। এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত করা হল।
পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ

ওয়েব ডেস্ক: পুজোয় এ বার পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ (Hilsa Fish)। দুর্গাপুজোর আগে একটু-আধটু নয়, রাজ্যে বাংলাদেশের ইলিশ আসছে তিন হাজার টন! শনিবার গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গে তিন হাজার টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে সেখানে। শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভারতের যে সকল ব্যবসায়ীরা মাছ আমদানির জন্য আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন করে যাঁরা আবেদন করতে চান, তাদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। পড়ুন সেই বিজ্ঞপ্তি-
অমিতাভকে নিয়ে বিরাট মন্তব্য রজনীকান্তের

ওয়েব ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে রজনীকান্ত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) প্রতি তাঁর শ্রদ্ধার কথা জানিয়েছেন। সে কথা বলতে গিয়েই ‘থালাইভা’ বলেন, “একটি ছবি প্রযোজনা করতে গিয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অমিতাভ। নিরাপত্তারক্ষীকে বেতন দেওয়ার মতো ক্ষমতাও ছিল না। নিলাম হয়ে যায় তাঁর জুহুর বাংলো। সকলে যখন ভাবছেন সব শেষ, ঠিক তখনই তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়ালেন অমিতাভ। কেবিসি-র দৌলতে তিনি ফিরে পেলেন অর্থ-প্রতিপত্তি। তিনটি বাড়ি কিনলেন। জুহুতে যেখানে বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল, সেই রাস্তায়ই ফের বাড়ি করলেন।” রজনীকান্ত মনে করেন, অমিতাভ নিজেই অনুপ্রেরণা। ৮২ বছর বয়সেও তিনি ১০ ঘণ্টা কাজ করতে পারেন। পাশাপাশি তাঁর জীবনের লড়াইও যে কোনও মানুষকে অনুপ্রেরণা জোগাতে পারে।
মুশফিকুরের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ (India Vs Bangladesh) প্রথম টেস্টের তৃতীয় দিনে নয়া রেকর্ড। তামিম ইকবালের সামনেই তাঁর রেকর্ড ভেঙে দিলেন মুশফিকুর রহিম। শনিবারের পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মুশফিকুরের মোট রান হল ১৫২০৫। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২০টি শতরান এবং ৮২টি অর্ধশতরান রয়েছে। ৩৭ বছরের ক্রিকেটার টপকে গেলেন তামিমকে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১৫১৯২ রান। মুশফিকুর এ দিন ব্যাট করতে নামার আগে তামিমের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন। দু’জনেরই মোট আন্তর্জাতিক রান ছিল ১৫১৯২। শনিবার প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গে একক ভাবে শীর্ষে উঠে এসেন মুশফিকুর। তিনি শনিবার ১৩ রান করায় তাঁর মোট রান এখন ১৫২০৫। যদিও তামিম দেশের হয়ে খেলেছেন ৩৮৭টি ম্যাচ। মুশফিকুর এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৬৪টি ম্যাচ খেলেছেন।
ভারতের জিততে প্রয়োজন আর ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ (Ind vs Ban) প্রথম টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। রোহিত শর্মাদের দরকার আর ৬ উইকেট। বাংলাদেশের জিততে চাই আরও ৩৫৭ রান। খারাপ আলোয় তৃতীয় দিনের খেলা প্রায় ৪৫ মিনিট আগে শেষ হয়েছে। নইলে হয়তো আরও সমস্যায় পড়ত বাংলাদেশ। ভারতের দ্বিতীয় ইনিংসে দুটি বিষয় ড্রেসিং রুমকে তৃপ্ত করেছে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের মত। সেগুলি কী কী – প্রথম ইনিংসে শুভমন গিল শূণ্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। আবার ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেললেন ঋষভ পন্থ। আর প্রথম ইনিংস সেঞ্চুরি করলেও বল হাতে একটি উইকেটও পাননি রবিচন্দন অশ্বিন। সেই অশ্বিনই দ্বিতীয় ইনিংসে ৪টির মধ্যে ৩টি উইকেট নিজের দখলে। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দুই ওপেনার আক্রমণাত্মক শুরু করেন। ভারতের পেসারদের বিরুদ্ধে হাত খোলেন জাকির হাসান ও শাদমান ইসলাম। উইকেটের জন্য ভারতীয় পেসারেরা ফুল লেংথে বল করছিলেন। সেটা কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তাঁরা। দুই ওপেনারের মধ্যে ৬২ রানের জুটি হয়। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরা। জাকিরকে ৩৩ রানের মাথায় আউট করেন তিনি। ভাল ক্যাচ ধরেন যশস্বী। বাকি সময়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেন অশ্বিন। ৩৫ রানের মাথায় তাঁর বলে আউট হন শাদমান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভাল খেলেন। অর্ধশতরান করেন তিনি। কিন্তু পাশে কাউকে পাননি শান্ত। মোমিমুল হক ও মুশফিকুর রহিম রান পাননি। দু’জনকেই ফেরান অশ্বিন। ৩৭.২ ওভারে বাংলাদেশের রান যখন ৪ উইকেটে ১৫৮, তখন আলো কমে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়।
অস্কারে যাবে লাপাতা লেডিজ?

ওয়েব ডেস্ক: লাপাতা লেডিজ (Laapataa Ladies), বলিউডের এই ছবিটি দর্শক ও সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছে। এই ছবির প্রেক্ষাপট নারী ক্ষমতায়ন। ছবিটি কি আগামী বছর অস্কারে ভারতের এন্ট্রি হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এ বার এই প্রসঙ্গে কিরণ তাঁর মনের কথা জানালেন। সম্প্রতি এই প্রসঙ্গে কিরণকে প্রশ্ন করা হলে পরিচালক জানান, তিনি আশাবাদী। কিরণ বলেন, ‘‘ছবিটা অস্কারে গেলে আমার স্বপ্নপূরণ হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমি নিশ্চিত, সেরা ছবিকেই বেছে নেওয়া হবে। কিন্তু, আমি আশাবাদী।’’ ছবিতে সূর্যমুখী গ্রামের দীপক, ফুল ও জয়াদের দাম্পত্য জীবন থেকে আকাঙ্ক্ষা ও নারীশক্তির উড়ান দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমান দর্শকেরা।
হেলমেটের স্ট্র্যাপ কেন কামড়াচ্ছিলেন সাকিব?

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বিস্তর আলোচনা চলছে। কী সেই ঘটনা? এদিন যখন সাকিব আল হাসান ব্যাট করছিলেন, তখন অনবরত তাঁকে কিছু একটা কামড়াতে দেখা যায়। সেটি কি, এই নিয়ে কমেন্ট্রি বক্সে থাকা সাকিবের একসময়ের সতীর্থ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বছরের শুরুর দিকে লন্ডনে চোখের চিকিৎসককেও দেখিয়েছেন। তামিমের ধারণা, দৃষ্টি সরাসরি যাতে বোলারের দিকে থাকে তাই সাকিবকে হেলমেটের স্ট্র্যাপ কামড়াতে দেখা গিয়েছে। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও একই কাজ করেছিলেন তিনি। অন্যদিকে, কার্তিক জানান, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে অসুবিধা হতে পারে সাকিবের। সেটি এড়ানোর জন্যই তিনি এ কাজ বলে জানান কার্তিক। একই মত তামিমেরও।
দ্বিতীয় দিনে অ্যাডভান্টেজ ভারত

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে শান্তর বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৪৯ রানে। এরপর আম্পায়র ভারত অধিনায়ককে ফলো অন করানোর কথা জিজ্ঞাসা করলে রোহিত দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আর ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে ৩ উইকেটে ৮১ রান। ভারত এগিয়ে ৩০৮ রানে। অর্থাৎ দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় অপরাজিত শুভমন (৩৩) এবং ঋষভ পন্থ (১২)। বাংলাদেশের রানা ১২ রানে ১ উইকেট নিয়েছেন। ১৬ রানে ১ উইকেট মেহদির। ১৭ রানে ১ উইকেট তাসকিনের। অন্যদিকে, বাংলাদেশের গোটা ইনিংস জুড়েই ব্যাটারদের অস্বস্তি চোখে পড়ল। শাকিব হাসান, লিটন দাস এবং মেহদি হাসান মিরাজ ছাড়া বাংলাদেশের কারও মধ্যে উইকেট আঁকড়ে থেকে লড়াই করার চেষ্টা দেখা গেল না।




