পুজোর আগে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

কলকাতা: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলার জেলায় জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মাটি হতে পারে পুজোর বাজার। নিম্নচাপ দুর্বল হলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী। আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও। প্রকৃতপক্ষে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে মধ্য-মহারাষ্ট্র থেকে বিদর্ভ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বঙ্গে।
মার্ক জুকারবার্গের চশমা নিয়ে বিস্তর আলোচনা

ওয়েব ডেস্ক: বুধবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলের ছবি বদলেছেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। ফেসবুকে যে চশমা পরা ছবিটি তিনি দিয়েছেন, সেটা যেমন-তেমন চশমা নয়। ভাবছেন তো এই চশমার বিশেষত্ব কী? তাহলে একটু খুলেই বলা যাক। ২০২৩ সালের সেপ্টেম্বরেই ওই চশমার খবর জানিয়েছিল ফেসবুক-হোয়াট্সঅ্যাপ-ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা। প্রকাশ করেছিল স্মার্ট চশমা! স্মার্টফোনের মতোই। কী কী সুবিধা আছে? *স্মার্ট চশমাতেও আছে ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন *আছে এআই প্রযুক্তি, প্রসেসর, আরও অনেক কিছু। যার সাহায্যে পকেট বা ব্যাগের ভিতর থেকে ফোন না বার করেও অনায়াসে হোয়াট্সঅ্যাপ বা মেসেঞ্জারে বার্তা পাঠানো যাবে শুধু চশমার সাহায্যে *এমনকি, চশমা তার ‘মালিক’-এর হয়ে বহু তথ্য মনেও রাখবে। যে তথ্য কাজে লাগতে পারে ভবিষ্যতে। *দুর্গম রাস্তায় আগাম ঝুঁকির ব্যাপারে সাবধান করা থেকে শুরু করে কোথায় ভাল খাবার পাওয়া যাবে— এমনকি, বিজাতীয় ভাষা শুনে ভাষান্তর করে কানে পৌঁছেও দিতে পারবে। প্রায় এক বছর আগে আত্মপ্রকাশ করলেও মেটার স্মার্ট চশমায় আধুনিক এআই প্রযুক্তির অনেক সুবিধাই এর আগে ছিল না। মেটা তাদের ‘কানেক্ট ২০২৪’-এ জানিয়েছে, তারা ওই চশমার নতুন সংস্করণে এআই প্রযুক্তিকে নানা ভাবে ব্যবহার করেছে।
আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

কলকাতা: মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আর এই নিম্নচাপের কারণেই বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সঙ্গে বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। আর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার থেকে । বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
বাড়ি ফিরে ভাত, পোস্তর বড়াও খেয়েছেন অনুব্রত

বোলপুর: ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে সিবিআই। তার পর থেকে বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি জেলবন্দি ছিলেন। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে। পরে ইডির মামলায় তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। তারপর জামিন এবং আইনি বিষয় মিটিয়ে সোমবার তিহাড় থেকে মুক্তি পান অনুব্রত। তার পর মেয়ের সঙ্গে রাতেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতাগামী বিমান ধরেন। মঙ্গলবার সকালে কলকাতা থেকে সড়কপথে সুকন্যা বাড়ি ফিরেছেন অনুব্রত। এতদিন পর বাড়ি ফিরে কী কী খেলেন অনুব্রত? জানা গিয়েছে, কেষ্টর পাতে ছিল ভাত, মাছের পদ এবং কেষ্টর ভীষণ প্রিয় পোস্তর বড়া। নেড়েচেড়ে সামান্যই খেয়েছেন। তার পর টানা ঘুমিয়েছেন অনুব্রত।
কানপুরে নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে অশ্বিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৫ উইকেটের সংখ্যার বিচারে ছুঁয়ে ফেলেছেন শেন ওয়ার্নকে। এবার নয়া রেকর্ডের সামনে দাঁডিয়ে অ্যাশ। কী সেই রেকর্ড? কানপুরে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট দখলকারীর নাম কপিল দেব। ২৫টি উইকেট রয়েছে কপিল দেবের ঝুলিতে। আর রবিচন্দ্রন অশ্বিনের কানপুরে এখনও পর্যন্ত ১৬ উইকেট রয়েছে। তাই পার্থক্য শুধু ৯ উইকেটের। কানপুরের পিচ যদি স্পিন সহায়ক হয় তাহলে, হয় কপিল দেবের সমান সমান বা তাঁকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অশ্বিনের। তাই এই রেকর্ড অশ্বিন করতে পারলে, অন্যতম মাইল ফলক স্পর্শ করতে পারবেন অশ্বিন। ক্রিকেটপ্রেমীদের আশা অশ্বিনের পক্ষে এই রেকর্ড ভাঙা শুধু সময়ের অপেক্ষা। উত্তরের অপেক্ষায় ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারত-বাংলাদেশ টেস্ট।
বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল

বোলপুর: সোমবার সন্ধ্যায় দিল্লির তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পান অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোরে বিমানে পৌঁছন কলকাতায়। সেখান থেকে গাড়ি করে বোলপুর পৌঁছন সকাল ৯টা নাগাদ। অনুব্রতকে স্বাগত জানাতে বর্ধমান ও বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা রাস্তার পাশে ভিড় করে স্লোগান দিতে থাকেন। সংবাদমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত কথপোকথনে অনুব্রত জানিয়েছেন, ‘দিদির জন্য আমি আছি। বরাবরই থাকব’। এদিন গাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ‘২ বছর পর বাড়ি ফিরলাম। হাঁটুতে বেদনা, কোমরে বেদনা। শরীর ভালো নেই। দিদি আজ বীরভূমে আসছেন। শরীর সায় দিলে দেখা করব। দিদি ভালো থাকুক। দিদির জন্য আমি আছি, বরাবর থাকব।’
অনুব্রতর জেলমুক্তি

কলকাতা: গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। ২০২৩ সালের ২১ মার্চ থেকে তিহাড়েই বন্দি ছিলেন তিনি। সোমবার মুক্তি মিলল। উল্লেখ্য, শুক্রবার তাঁকে জামিন দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু আইনি কাগজপত্র জমা না পড়ায় তাঁর জেলমুক্তি সম্ভব হয়নি। সম্প্রতি গরু পাচারে ইডির করা মামলায় জামিন পেয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। জামিন পাওয়ার পর তিনি দিল্লিতেই ছিলেন। সোমবার রাতে তিহাড় জেলের তিন নম্বর গেট থেকে বেরিয়ে আসেন অনুব্রত। তাঁর পরনে ছিল হলুদ-ছাই রঙা টি-শার্ট। বাবাকে জেল থেকে আনতে গিয়েছিলেন মেয়ে সুকন্যাও।
অস্কারের ‘ফরেন ফিল্ম’ বিভাগে ‘লাপতা লেডিজ’

ওয়েব ডেস্ক: অস্কারের ‘ফরেন ফিল্ম’ বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের (Kiran Rao) ‘লাপতা লেডিজ’ (Laapataa Ladies)। ভারতীয় ফিল্ম ফেডারেশনের চেয়ারম্যান এই সুখবর দেন। কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’ ছবির প্রযোজক কিরণ রাও, আমির খান, জ্যোতি দেশপাণ্ডে। অভিনয়ে এক ঝাঁক নতুন, টাটকা মুখ। নিতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিশানের অভিনয় এই ছবিকে, এর সহজ অথচ মন ছুঁয়ে যাওয়া গল্পকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক কিরণ রাও।
কোচ বদলে ফেললেন পিভি সিন্ধু

স্পোর্টস ডেস্ক: ভাগ্য বদলানোর আশায় কোচ বদলে ফেললেন পিভি সিন্ধু। এবার থেকে প্রশিক্ষণ নেবেন অনুপ শ্রীধরের কাছে। আপাতত দু’টি প্রতিযোগিতায় ট্রায়ালের ভিত্তিতে প্রশিক্ষণ নেবেন তিনি। পরের এশিয়ান গেমসে পদক চান সিন্ধু। সম্ভব হলে আরও একটি অলিম্পিক্সে খেলতে চান। সে কারণেই দ্রুত অনুশীলনে ফিরেছেন বলে জানিয়েছেন তাঁর বাবা পিভি রমনা। তিনি বলেছেন, ‘হায়দরাবাদের গাচিবাওলি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে সিন্ধু। আর্কটিক ওপেন (৮-১৩ অক্টোবর) থেকে মরসুম শুরু করবে ও।’ রমনার সংযোজন, ‘কোনও শিবির এখনও শুরু হয়নি। তাই সিন্ধু হায়দরাবাদেই অনুশীলন শুরু করেছে।’
এমপক্স-এর নতুন উপরূপ ক্লে়ড ১বি-এর সংক্রমণ এবার ভারতেও

ওয়েব ডেস্ক: এমপক্সের (Mpox) নতুন উপরূপ বিশ্বের একাধিক দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আফ্রিকায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, তার জেরে অগস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার এমপক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। তবে এমপক্স-এর নতুন উপরূপ ক্লে়ড ১বি-এর সংক্রমণ এ বার ভারতেও। সংবাদ সংস্থা এএনআই সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, কেরলের মলপ্পুরমে এক রোগীর শরীরে এমপক্সের ক্লে়ড ১বি-র সংক্রমণ ধরা পড়েছে। এমপক্সের এই উপরূপে প্রথম কেউ আক্রান্ত হলেন ভারতে। বছর আটত্রিশের ওই রোগী সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। দেশে ফেরার পর থেকেই তাঁর বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল।



