টি২০ থেকে অবসর মাহমুদুল্লার

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার সকালেই জানা গিয়েছিল, অবসরের ঘোষণা করতে পারেন মাহমুদুল্লা। তিনি সাংবাদিক বৈঠকে আসায় তার ইঙ্গিত আরও জোরাল হয়েছিল। সাংবাদিক বৈঠকে মাহমুদুল্লা বলেন, “এই সিরিজের শেষ ম্যাচ খেলে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। এটা আগে থেকেই ঠিক করা ছিল। এই ফরম্যাট থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময়। এ বার শুধু এক দিনের ক্রিকেটে মন দেব।” বাংলাদেশের ক্রিকেটার জানিয়েছেন, আগামী শনিবার হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচ খেলবেন তিনি। উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লা। এবার টি২০ থেকে অবসর নিলেন বাংলাদেশী ক্রিকেটার। ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লার। ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৩৯৫ রান। নিয়েছেন ৪০টি উইকেট। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ৪৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৬টিতে জিতেছে তাঁর দল। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
আরজি করের ৫০ জনের বেশি সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন

কলকাতা: আরজি কর (RG Kar) আন্দোলনে এর আগেও জুনিয়র ডাক্তারদের সমর্থনে রাস্তায় নেমেছেন সিনিয়র ডাক্তারেরা। প্রতীকী অনশনও করেছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সংহতি জানিয়ে মঙ্গলবার আরজি করের ৫০ জনের বেশি সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন। আর এই ঘটনার পরই যখন সিনিয়র ডাক্তারেরা গণ ইস্তফায় সই করে বার হচ্ছেন, বাইরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাঁদের ‘গার্ড অফ অনার’ দিলেন জুনিয়র ডাক্তাররা। ইস্তফা দিয়েই আরজি কর থেকে ধর্মতলার অনশন মঞ্চে চলে যান কোনও কোনও সিনিয়র ডাক্তার।
পঞ্চমীর দিন ১২ ঘন্টা প্রতীকী অনশন জুনিয়র ডাক্তারদের

কলকাতা: মঙ্গলবার অর্থাৎ পঞ্চমীর দিন সকাল ৯টা থেকে প্রতীকী অনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। ১২ ঘণ্টা অনশন করবেন তাঁরা। তাঁদের এই অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। সোমবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ থেকে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়। জুনিয়র ডাক্তারেরা বলেন, ‘‘মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি প্রতীকী অনশন হবে। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা এই অনশনে যোগ দেবেন।’’ এ ছাড়াও একটি ‘মহামিছিল’-এরও ঘোযণা করেছেন জুনিয়র ডাক্তারেরা।
‘সিংহম আগেন’-এর ট্রেলার মুক্তি পেল

ওয়েব ডেস্ক: রোহিত শেট্টি আগেই জানিয়েছিলেন, ‘সিংহম আগেন’-এর মাধ্যমে তিনি তাঁর পুলিশ ব্রহ্মাণ্ডকে নতুন পর্যায়ে নিয়ে যেতে চান। প্রচার ঝলক দেখে অনুমেয়, ছবিতে রয়েছে একাধিক চমক। কী কী চমক রয়েছে? প্রচার ঝলকে শুরু থেকেই অ্যাকশন। বাজিরাও সিংহমের স্ত্রী অবনী- কে (করিনা কাপুর খান) অপহরণ করা হয়। স্ত্রীকে উদ্ধার করতেই এ বার অজয়ের নতুন অভিযান। পরিচালক সমকালের প্রেক্ষাপটে ‘রামায়ণ’-এর মূল স্বর গল্পের মধ্যে বুনে দিয়েছেন। এসেছে শ্রীলঙ্কার প্রসঙ্গ। বাজিরাও যদি রামচন্দ্র হন, সেখানে টাইগারের চরিত্রকে লক্ষণ হিসাবে তুলে ধরা হয়েছে। হনুমানের সঙ্গে তুলনীয় ‘সিম্বা’ রণবীর সিংহ। উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ছবি, ‘সিংহম’। ২০১৪ সালে আসে ‘সিংহম রিটার্নস’। দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে পুলিশ ব্রহ্মাণ্ডকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন রোহিত। এ বার ‘সিংহম আগেন’।
আরজি কর কাণ্ডে চার্জশিট পেশ সিবিআইয়ের

কলকাতা: আরজি কর কাণ্ডের ৫৮ দিন পর চার্জশিট জমা দিল সিবিআই। সোমবার দুপুরে চার্জশিট নিয়ে শিয়ালদহ আদালতে যান সিবিআইয়ের আইনজীবীরা। চার্জশিটে কী আছে? সূত্রের দাবি, ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত হিসাবে এক জনের নামেরই উল্লেখ রয়েছে চার্জশিটে। পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ-সহ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সেখানে। জিজ্ঞাসাবাদে কে কী জানিয়েছেন, সেই বয়ানের নথি তুলে ধরা হয়েছে চার্জশিটে। উল্লেখ্য, আরজি করের নির্যাতিতা মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকে, বিচারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। যদিও সিবিআইয়ের এই চার্জশিট নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সোমবার দুপুরে ধর্মতলায় অনশনমঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেই সময় আন্দোলনকারীদের অন্যতম প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, “সংবাদমাধ্যম থেকে যা তথ্য পেয়েছি, সেই অনুযায়ী এটি একটি প্রাথমিক চার্জশিট। তার ভিত্তিতে এই মুহূর্তে কোনও মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলব। তার পরে এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানাব।”
পুজোয় পূর্ব রেলের বিশেষ পরিষেবা

কলকাতা: দুর্গা পুজোয় বিশেষ পরিষেবা দেবে পূর্ব রেলের শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন। ওই দুই ডিভিশনে কার্যত সারা রাত পরিষেবা চালু থাকছে। কতক্ষণ পরিষেবা চালু থাকছে একনজরে দেখে নেওয়া যাক। শিয়ালদহ ডিভিশনে স্পেশাল কী পরিষেবা থাকছে? *আগামী ৯-১২ অক্টোবর পুজোর দিনে ওই বিশেষ পরিষেবা চালু থাকছে। *সমস্ত লোকাল ট্রেন সংশ্লিষ্ট শাখার সব স্টেশনে দাঁড়াবে বলে জানিয়েছে। *দিনে স্বাভাবিক পরিষেবার পাশাপাশি রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত বিভিন্ন শাখায় ১৮টি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা হয়েছে। এ জন্য লোকাল ট্রেনের সময়ানুবর্তিতার দিকেও নজর রাখা হবে। হাওড়া ডিভিশনে স্পেশাল কী পরিষেবা থাকছে? *১০, ১১, ১২ অক্টোবর ছাড়াও ১৬ অক্টোবর, লক্ষ্মীপুজো এবং ৩১ অক্টোবর, কালীপুজোর দিনেও গভীর রাতে লোকাল ট্রেন চলবে। *রবিবার যে সংখ্যায় ট্রেন চলে, পুজোর দিনগুলিতে দুপুর ৩টে পর্যন্ত সেই নিয়ম মেনে ট্রেন চালানো হবে। তার পরে রাত পর্যন্ত কাজের দিনের সূচি মেনে লোকাল ট্রেন চলবে। *রাতের দিকে শেওড়াফুলি, তারকেশ্বর, হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় লোকাল ট্রেনের পরিষেবা থাকছে। এ জন্য ওই সব রুটে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। *হাওড়া-বর্ধমান মেন শাখায় রাতের শেষ ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিটে। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। *ব্যান্ডেল যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ১টায়।
ধর্মতলায় আমরণ অনশনের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা

কলকাতা: ধর্মতলায় আমরণ অনশনের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। প্রাথমিকভাবে শনিবার ৬ জন অনশনে বসছেন। এদিন সময়সীমা শেষ হতেই জুনিয়র ডাক্তারেরা সাংবাদিক বৈঠক জানান, ‘‘নির্যাতিতার ন্যায়বিচার এখনও অধরা।’’ জুনিয়র ডাক্তারেরা বলেন, ‘‘জয়নগরের ঘটনাই পরিষ্কার করে দিয়েছে কেউ কোথাও সুরক্ষিত নন। ডাক্তার, রোগীদের সুরক্ষার মতো দাবি নিয়ে আমরা এগিয়েছি। কিন্তু নিরাপত্তা এখনও অধরা।’’ সিবিআইয়ের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারছেন না জুনিয়র ডাক্তারেরা। তাঁদের কথায়, ‘‘সিবিআইয়ের তদন্তের উপর আমাদের আস্থা ছিল। কিন্তু এখন বলছি সম্পূর্ণ আস্থা নেই। আদালতে যে শুনানি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে না, তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে।’’ উল্লেখ্য, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থানের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। শুক্রবার রাত থেকে মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। সেই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চেয়ে ইমেল করা হয়েছিল। শনিবার সকালে সেই ইমেলের জবাব দিয়েছে লালবাজার। স্পষ্ট জানানো হয়, পুজোর আগে এই সময়ে ধর্মতলা এলাকায় ভিড় বেশি থাকে। তাই সেখানে অবস্থান কর্মসূচি চললে সাধারণ মানুষের সমস্যা হবে। ধর্মতলায় যান চলাচল নিয়ন্ত্রণেও সমস্যা হতে পারে। সেই কারণেই ডাক্তারদের কর্মসূচিতে অনুমতি দেওয়া যাচ্ছে না।
এসএসকেএম হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে জন্ম হল এক শিশুকন্যার

কলকাতা: শুক্রবার কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে জন্ম হয়েছে এক শিশুকন্যার। এই প্রথম কোনও সরকারি হাসপাতালে হল ‘টেস্টটিউব বেবি’। শুধু তাই নয়, একেবার নিখরচায়। জানা গিয়েছে, টেস্ট টিউব বেবি অর্থাৎ সদ্যোজাতের ওজন প্রায় তিন কেজির কাছাকাছি। হাসপাতাল সূত্রে খবর, মা এবং শিশু, দু’জনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, প্রসূতির বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। নানা শারীরিক সমস্যা থাকায় স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণে নানা সমস্যা ছিল তাঁর। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথম এসএসকেএমের ওপিডিতে আসেন ওই দম্পতি। এর পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণ করেন মহিলা। শেষমেশ শুক্রবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

নয়া দিল্লি: ৯ বছর পর ভারতের কোনও বিদেশমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন। এর আগে ২০১৫ সালে শেষ বার পাকিস্তানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে যোগ দিতে সেখানে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, ‘‘১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসসিওর বৈঠক রয়েছে। সেখানে আমাদের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী।’’ তবে বিদেশ মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, পাকিস্তানে শুধু সম্মেলনেই যোগ দেবে প্রতিনিধি দল। প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক কোনও বৈঠকে বসার সম্ভাবনা নেই।
সোনার দাম কি বাড়ছে?

কলকাতা: রিপোর্ট অনুযায়ী, জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ৭৬২০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ৭৬২০০ টাকা। অপরদিকে, জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম প্রতি গ্রামে ৭৬৬০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৭৬৬০০ টাকা। জিএসটি মিলিয়ে এই দাম গিয়ে পৌঁছচ্ছে ৭৮,৮৯৮ টাকায়। গতকাল অর্থাৎ শুক্রবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম ১০ গ্রামে ৪৫০ টাকা করে বেড়েছে। অন্যদিকে, জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৭২৮০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ৭২৮০০ টাকা।




