কোহলিকে টপকালেন ব্রুক

স্পোর্টস ডেস্ক: আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট কোহলিকে টপকে গেলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ক্রমতালিকায় জীবনের সেরা রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। পাকিস্তানের বিরুদ্ধে ৩১৭ রানের ইনিংস খেলে আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বড় লাফ দিয়েছেন ব্রুক। ১১ ধাপ এগিয়ে তিনি এখন উইলিয়ামসনের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে। তাঁরও রেটিং পয়েন্ট ৮২৯। ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। যশস্বীর রেটিং পয়েন্ট ৭৯২। এর আগে তিনি তৃতীয় স্থানে ছিলেন। ব্রুকের উত্থানে এক ধাপ নেমে গিয়েছেন কোহলিও। ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সপ্তম স্থানে। ৭১৮ পয়েন্ট নিয়ে আগের মতোই নবম স্থানে ঋষভ পন্থ। দু’ধাপ এগিয়ে ১৩ নম্বরে রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ৬৯৩ রেটিং পয়েন্ট।

‘টাক মাথাদের’ সংবর্ধনা দিলেন সওকত মোল্লা

ওয়েব ডেস্ক: টাক পড়ে যাওয়া ব্যক্তিদের একত্রিত করে সম্বর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। ভাবছেন এটা আবার কীরকম খবর? হ্যাঁ, এটা একদম সত্যি খবর, এখানে কোনও ভুল নেই। তৃণমূল বিধায়কের এই কর্মসূচী রীতিমতো হইচই ফেলেছে। কারণ সওকত মোল্লা জানিয়েছেন, ‘যাঁদের মাথায় চুল নেই টাক পড়ে গেছে, তাদের বুদ্ধি বেশি। এঁদের বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দেওয়া হল’। এদিন ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের ১০০ জন টাক পড়া মানুষকে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার দেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। কিন্তু এমন সংবর্ধনা দেওয়ার ভাবনা কেন? তৃণমূল বিধায়ক বলেন, “আমরা এটা একটা নতুনত্ব করলাম। এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। এটা নতুন ভাবনা।” একইসঙ্গে তিনি জানালেন, যাঁরা বুদ্ধিজীবী, জ্ঞানী-গুণী মানুষ এবং বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তাঁদের সংবর্ধনা দেওয়াই মূল উদ্দেশ্য। তাঁর বক্তব্য,অনেক বড় বড় পদাধিকারী আছেন, তাঁদের মাথায় হয়তো চুল নেই। সেই কারণে এইসব ব্যক্তিদের বেছে নেওয়া হয়েছে।

উত্তরসূরির নাম জানিয়ে কেন্দ্রকে চিঠি প্রধান বিচারপতির

ওয়েব ডেস্ক: সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরগ্রহণ করলে শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতি প্রধান বিচারপতি হন। কিন্তু বিদায়ী প্রধান বিচারপতি উত্তরসূরির নাম জানিয়ে কেন্দ্রকে চিঠি দেবেন, এটাই দস্তুর। গত সপ্তাহেই কেন্দ্রীয় আইন মন্ত্রক প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করার আর্জি জানিয়েছিল। এ বার চিঠি দিয়ে বিচারপতি সঞ্জীব খন্নার নাম দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর অবসরগ্রহণ করছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তার পরেই দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার কথা বিচারপতি খন্নার।  

ছোট পর্দায় ফিরছেন স্মৃতি ইরানি?

ওয়েব ডেস্ক: ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, এই ধারাবাহিক প্রবল জনপ্রিয়তা দিয়েছিল স্মৃতি ইরানিকে। এবার সেই ছোট পর্দায় ফের ১৫ বছর ফিরছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি স্মৃতি ইরানি। জানা গিয়েছে, জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে (Anupamaa Serial) একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্মৃতি ইরানিকে। ‘অনুপমা’ ধারাবাহিকে সম্প্রতি ১৫ বছরের একটি লিপ এসেছে। বহু নতুন নতুন চরিত্রদের দেখা যাচ্ছে পর্দায়। উল্লেখ্য, একতা কাপুরের শো ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’ থেকেই তার জনপ্রিয়তা বাড়ে। এই ধারাবাহিকে তুলসীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল স্মৃতি ইরানিকে। ২০০৭ সালে এই ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দেন স্মৃতি। ২০০৮ সালে আবার একটি বিশেষ পর্বে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন খেলা হবে?

স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে এক বল দূরের কথা, টস পর্যন্ত হল না। অর্থাৎ ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য ভেস্তে গেল। দ্বিতীয় দিন বা বাকি চার দিন কি আদৌ খেলা হবে? এই প্রশ্নই এখন ক্রিকেটপ্রেমীদের। তবে বেঙ্গালুরুর আবহাওয়া রিপোর্ট কীরকম? অ্যাকুওয়েদার অনুযায়ী, টেস্টের পাঁচ দিনই বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকার কথা। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। যা শুক্রবার বেড়ে হবে ৬৭ শতাংশ। শনিবার অবশ্য বৃষ্টির সম্ভাবনা কম। সে দিন বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। যদিও রবিবার টেস্টের শেষ দিনে তা বেড়ে হবে ৪০ শতাংশ।

ইংল্যান্ডের নতুন কোচ হলেন টুখেল

স্পোর্টস ডেস্ক: দশকের পর দশকের ট্রফি খরা কাটাতে এবার নতুন কোচ নিয়োগ করল ইংল্যান্ড। বলা ভালো সাউথগেটের শূণ্যস্থান পূরণ করল হ্যারিকেনদের ফেডারেশন। ইউরো কাপে ইংল্যান্ডের ব্যর্থতার পরেই কোচের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন গ্যারেথ সাউথগেট। সেই জায়গায় এবার ইংল্যান্ডের নতুন কোচ হলেন টমাস টুখেল। এক নজরে জেনে নেওয়া যাক কে এই টুখেল? *ইপিএলে চেলসির কোচ ছিলেন টুখেল। *চেলসির দায়িত্ব নেওয়ার ক’দিন পরেই টুখেল ক্লাবকে ইপিএল ট্রফি জেতান। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ দেন *পিএসজি-র হয়ে ফ্রান্সের ঘরোয়া লিগ জিতেছেন *বায়ার্নের হয়ে জার্মানির ঘরোয়া লিগ জিতেছেন জানা গিয়েছে, জানুয়ারি থেকে ইংল্যান্ড দলের দায়িত্ব নেবেন টুখেল।

কলকাতা প্রবল বৃষ্টি, কতদিন চলবে?

কলকাতা: দুর্গাপুজোতে সে ভাবে বৃষ্টি না হলেও লক্ষ্মীপুজোর বিকেলে ঝড়বৃষ্টিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। তবে নিম্নচাপ রয়েছে দূরের সমুদ্রে। তাহলে কেন প্রবল বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে? হাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে এখনও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণ ভারতের কাছে থাকা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের পরোক্ষ প্রভাবও পড়ছে বাংলায়। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হবে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে। এই আবহাওয়া পরিস্থিতির পরোক্ষ প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও।

ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না গ্রিন

স্পোর্টস ডেস্ক: প্রথমে অলরাউন্ডার হিসেবে না খেলে, ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের। কিন্তু বর্ডার-গাভাসকর সিরিজই শুধু নয়, আপাতত ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে কারণ, তাঁর অস্ত্রোপচার হবে। অতএব ভারতের বিরুদ্ধে গ্রিনকে পাবে না অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার এক বিবৃতিতে গ্রিনের না খেলার কথা জানিয়েছে। জানানো হয়েছে, ‘‘গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের সময় গ্রিন পিঠে ব্যথার কথা জানিয়েছিল। চোটের জায়গায় স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রিনের স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। জোরে বোলারদের ক্ষেত্রে এই ধরনের চোট স্বাভাবিক। এই পরিস্থিতিতে ওর পক্ষে খেলা সম্ভব নয়। সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করাতে হবে। ছ’মাস মতো মাঠের বাইরে থাকতে হবে গ্রিনকে।’’ উল্লেখ্য, ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ।

শোভাবাজা-সুতানুটি স্টেশনে আত্মহত্যার চেষ্টা

কলকাতা: দুর্গাপুজোর পর প্রথম দিনই শোভাবাজা-সুতানুটি স্টেশনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যহত ব্লু লাইনে। জানা গিয়েছে, সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ব্লু লাইনে আপাতত মেট্রো চলছে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত। অন্য দিকে, দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝেও মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।

চোট পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। মূল দলে নেই প্রসিদ্ধ কৃষ্ণ। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য রিজার্ভ সদস্য হিসাবে রাখা হয়েছে তাঁকে। দলের সঙ্গেই সফর করার কথা তাঁর। মূল দলে থাকা যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ বা আকাশ দীপের মধ্যে কেউ চোট পেলে মূল দলে আসার সুযোগ ছিল প্রসিদ্ধের। ভারতীয় ব্যাটারদের প্রস্তুতিতে সাহায্য করাও ছিল তাঁর অন্যতম দায়িত্ব। কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচে প্রসিদ্ধ চোট পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। রবিবার কর্নাটক-মধ্যপ্রদেশ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। কর্নাটক শিবির সূত্রে খবর, ২৮ বছরের জোরে বোলারের দৌড়তে সমস্যা হচ্ছে। পায়ে লাগছে তাঁর। অন্যদিকে, সম্পূর্ণ ফিট না হওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে মহম্মদ শামিকে পাচ্ছেন না রোহিত শর্মারা।