একনজরে দেখে নিন অস্ট্রেলিয়া সফরে ভারতের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। আর সেই দলে সুযোগ পেলেন না মহম্মদ শামি। যদিও বোর্ড আলাদা করে উল্লেখ করেনি ক’টি টেস্টের দল ঘোষণা হয়েছে। ফলে পুরো সিরিজ়ের দলই ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই গোটা সিরিজেই পাওয়া যাবে না শামিকে। আবার এই দলে বাংলা থেকে ৩ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। অভিমন্যু ঈশ্বরণ এবং আকাশ দীপ রয়েছেন, সঙ্গে রিজার্ভে রাখা হয়েছে মুকেশ কুমারকে। দ্বিপাক্ষিক সিরিজে সাধারণত ১৫ জনের দল ঘোষণা করা হয়। তবে ১৮ জনের দল ঘোষণা বিরল ব্যাপার। বোর্ড বিবৃতিতে জানিয়েছে, কুলদীপ যাদবের দীর্ঘ দিন ধরে বাঁ দিকের কুঁচকিতে চোট রয়েছে। তা সারানোর জন্য নিউজিল্যান্ডের সিরিজের পরেই তাঁকে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাই অস্ট্রেলিয়াগামী দলে তিনি জায়গা পাননি। তবে শামিকে নিয়ে একটা কথাও লেখা হয়নি। এবার দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া সফরে ভারতের স্কোয়াড– রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। রিজার্ভ: মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ। উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্ট পার্থে (২২-২৬ নভেম্বর), দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে (দিন-রাতের, ৬-১০ ডিসেম্বর), তৃতীয় টেস্ট ব্রিসবেনে (১৪-১৮ ডিসেম্বর), চতুর্থ টেস্ট মেলবোর্নে (২৬-৩০ ডিসেম্বর) এবং সিডনি (৩-৭ জানুয়ারি ২০২৫) হবে শেষ অর্থাৎ পঞ্চম টেস্ট।
‘প্রবল’ আকারেই ঘূর্ণিঝড় ‘দানা’র ‘ল্যান্ডফল’

কলকাতা: ‘প্রবল’ আকারেই ঘূর্ণিঝড় ‘দানা’র ‘ল্যান্ডফল’ হল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ১২ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার ছিল। সর্বোচ্চ গতি ছিল ১২০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলেছে। প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা লাগবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, ‘দানা’র প্রভাবে কলকাতায় হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর কলকাতায় রাত পর্যন্ত তেমন কোনও প্রভাব দেখা যায়নি। মাঝেমাঝে বিক্ষিপ্ত ভাবে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে শহরে। কিন্তু সকাল থেকে বৃষ্টির পরিমান বেড়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলে অবশ্য রাত থেকে ঝড়বৃষ্টি চলছে।
৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’

ওয়েব ডেস্ক: চলতি বছরে স্বাধীনতা দিবসে ‘পুষ্পা ২’-এর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে ডিসেম্বরে চূড়ান্ত করেন। কথা ছিল ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। কিন্তু ফের তারিখ পরিবর্তন। পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে প্রেক্ষাগৃহে আসতে চলেছে পুষ্পা রূপী অল্লু। অভিনেতার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে জানানো হয় ছবিমুক্তির নতুন তারিখ ৫ ডিসেম্বর। উল্লেখ্য, গতবারের বিপুল সাফল্যের পর এ বার একেবারে নিখুঁত ভাবে দর্শকের সামনে আনতে চাইছেন পুষ্পাকে। মাঝে অবশ্য দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে অল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বিস্তর।
নয়া রেকর্ড অশ্বিনের

কলকাতা: ১০৪তম টেস্ট খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। নিয়েছেন ৫৩০টি উইকেট। টেস্টে লায়নও ৫৩০টি উইকেট নিয়েছেন। যদিও তিনি ২৫টি টেস্ট বেশি খেলেছেন। আর পুনের প্রথম টেস্টের প্রথম দিনেই নতুন রেকর্ড গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৯ সাল থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে ৩৯টি ম্যাচ খেলেছেন অশ্বিন। নিয়েছেন ১৮৮টি উইকেট। এত দিন এই তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। তিনি ১৮৭টি উইকেট নিয়েছিলেন। তাঁকে টপকে গেলেন অশ্বিন। তালিকায় প্রথম পাঁচে রয়েছেন রয়েছেন প্যাট কামিন্স (১৭৫ উইকেট), মিচেল স্টার্ক (১৭৫ উইকেট) এবং অবসর নেওয়া স্টুয়ার্ট ব্রড (১৪৭ উইকেট)। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে অশ্বিন এবং লায়ন অন্যতম সেরা স্পিনার। তাঁরা একে অপরের প্রশংসাও করেছেন বিভিন্ন সময়ে। বছরের শেষে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্টে একে অপরের মুখোমুখি হবে। সেই সময় সমানে সমানে লড়াই হবে দুই অভিজ্ঞ স্পিনারের।
চোখ থাকবে না দানার

ওয়েব ডেস্ক: সমুদ্রের উপর থেকে ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে যখন স্থলভাগের দিকে এগোয়, তখন তার কেন্দ্রে একটি আপাত শান্ত অঞ্চল তৈরি হয়। সেখানে হাওয়ার বেগ তুলনামূলক কম থাকে। ‘ল্যান্ডফলের’ সময় ঝড়ের ওই কেন্দ্র যখন স্থলভাগে প্রবেশ করে, তখন ঘূর্ণিঝড়ের দাপট হয় সবচেয়ে বেশি। আবহবিদদের মতে, অনেক ক্ষেত্রেই ‘চোখ’ তৈরি হয় না ঘূর্ণিঝড়ের। এটি তার অবস্থান, গতিপথের উপর নির্ভর করে। ‘দানা’র ক্ষেত্রেও ‘চোখ’ থাকছে না। অন্যদিকে, স্থলভাগে ঢুকে পড়েছে ঘুর্ণঝড় ‘দানা’। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে শুক্রবার সকাল পর্যন্ত। রাত সাড়ে ১১টার বুলেটিন অনুযায়ী, পারাদীপ থেকে আর মাত্র ৫০ কিমি দূরে রয়েছে ‘দানা’। ওড়িশার ধামারা থেকে ৪০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় ‘দানা’র ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়েছে ওড়িশার উপকূলে। শুক্রবার সকাল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। সমুদ্রে ঘূর্ণিঝড়ের গতি আরও বৃদ্ধি পেয়েছে। গত ছ’ঘন্টায় ঘূর্ণিঝড় ১৫ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়েছে।
ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় দানার

কলকাতা: স্থলভাগে ঢুকে পড়েছে ঘুর্ণঝড় ‘দানা’। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে শুক্রবার সকাল পর্যন্ত। রাত সাড়ে ১১টার বুলেটিন অনুযায়ী, পারাদীপ থেকে আর মাত্র ৫০ কিমি দূরে রয়েছে ‘ডেনা’। ওড়িশার ধামারা থেকে ৪০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় ‘দেনা’র ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়েছে ওড়িশার উপকূলে। শুক্রবার সকাল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। সমুদ্রে ঘূর্ণিঝড়ের গতি আরও বৃদ্ধি পেয়েছে। গত ছ’ঘন্টায় ঘূর্ণিঝড় ১৫ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়েছে। অন্যদিকে মৌসম ভবনের ডিজি জানিয়েছেন, সমুদ্রের উপর থেকে ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে যখন স্থলভাগের দিকে এগোয়, তখন তার কেন্দ্রে একটি আপাত শান্ত অঞ্চল তৈরি হয়। সেখানে হাওয়ার বেগ তুলনামূলক কম থাকে। ‘ল্যান্ডফলের’ সময় ঝড়ের ওই কেন্দ্র যখন স্থলভাগে প্রবেশ করে, তখন ঘূর্ণিঝড়ের দাপট হয় সবচেয়ে বেশি। আবহবিদদের মতে, অনেক ক্ষেত্রেই ‘চোখ’ তৈরি হয় না ঘূর্ণিঝড়ের। এটি তার অবস্থান, গতিপথের উপর নির্ভর করে। ‘ডেনা’র ক্ষেত্রেও ‘চোখ’ থাকছে না।
৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন সঞ্জীব খান্না

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন। তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি খান্নার নিয়োগে বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। ২০১৯ সালের ১৮ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত রয়েছেন তিনি। এর আগে দিল্লি হাই কোর্টের বিচারপতি ছিলেন। বিচারপতি খান্নার আরও একটি পরিচয় হল, তিনি সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হংসরাজ খান্নার ভাইপো। তাঁর পিতা দিল্লি হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবরাজ খান্না। প্রসঙ্গত, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন তিনি। এ ছাড়া নির্বাচনী বন্ড, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের জামিন-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের অংশ থেকেছেন বিচারপতি খান্না। চলতি বছরে অগস্টে মুম্বইয়ের এক কলেজে পড়ুয়াদের বোরখা, হিজাব পরার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলারও শুনানি হয়েছিল তাঁর বেঞ্চে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে, তাতে আংশিক স্থগিতাদেশ দিয়েছিল তাঁর বেঞ্চ।
হলফনামায় সম্পত্তির পরিমান কত জানালেন প্রিয়াঙ্কা?

ওয়েব ডেস্ক: বুধবার মা সনিয়া গান্ধী, দাদা রাহুল, স্বামী রবার্ট এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে ওয়েনাড়ে গিয়ে একটি ‘রোড শো’ করার পরে মনোনয়ন জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুলের ছেড়ে দেওয়া ওয়েনাড় কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে। গণনা আগামী ২৩ নভেম্বর। এবার প্রিয়াঙ্কা গান্ধীর সম্পত্তির পরিমান কত, তা জানতে কৌতূহলের অন্ত নেই। তাই তাঁর সম্পত্তির পরিমান কত, সে বিষয়ে সূত্র মারফৎ তিনি হলফনামায় কি জানিয়েছেন তা একবার দেখে নেওয়া যাক- প্রিয়াঙ্কার দাখিল করা হলফনামা অনুযায়ী, তাঁর মোট স্থাবর এবং অস্থাবর সম্পত্তির আমুমানিক মূল্য ১২ কোটি টাকা। তাঁর মধ্যে অস্থাবর সম্পত্তি ৪ কোটি ২৪ লক্ষের। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা অর্থ, পিপিএফ, স্বামী রবার্ট বঢরার উপহার দেওয়া গাড়ি এবং আনুমানিক ১ কোটি ১৫ লক্ষ টাকার সোনার অলঙ্কার রয়েছে এই তালিকায়। ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থীর হলফনামা বলছে, তাঁর ৭ কোটি ৭৪ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দিল্লির মেহরৌলি এলাকার পারিবারিক কৃষিজমি এবং ফার্ম হাউসের অংশীদারি। এ ছাড়া হিমাচল প্রদেশের শিমলায় একটি বাড়ি রয়েছে প্রিয়ঙ্কার। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬৩ লক্ষ টাকা। নির্বাচনী হলফনামায় প্রিয়ঙ্কা জানিয়েছেন তাঁর স্বামী রবার্টের ৩৭ কোটি ৯০ লক্ষ টাকার অস্থাবর এবং ২৭ কোটি ৬৪ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।
ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল ইউনুস সরকার

ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্রশাখা ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। লিখিত বিবৃতিতে একই কথা জানিয়েছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর দফতরের সিনিয়র সচিব মহম্মদ আবদুল মোমেনও। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনুস সরকারে জানিয়েছে, ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ অনুযায়ী এই পদক্ষেপ। ওই আইনের তফসিল-২–এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের ছাত্রসংগঠনকে নিষিদ্ধ তালিভুক্ত করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশের স্বাধীনতা–পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ‘১৫ বছরের স্বৈরাচারী শাসনে’ (হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময়) আওয়ামী লীগের শাখা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়ন-সহ নানা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এমনকী গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসবাদী জড়িত সঙ্গে জড়িত রয়েছে বলে দাবি অন্তর্বর্তী সরকারের।
পুনে টেস্টে ভারতের প্রথম একাদশ কীরকম হবে?

পুনে: বৃহস্পতিবার পুনের (Pune) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) মাঠে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বিতীয় টেস্ট। নানা কারণে এই ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। প্রথমত, বেঙ্গালুরুতে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সিরিজ বাঁচাতে পুনেতে জিততেই হবে। শুধু সিরিজ নয়, জড়িয়ে আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণও। এছাড়াও রয়েছে প্রথম একাদশ নিয়ে আগ্রহ। ভারতের ব্যাটিং কম্বিনেশন কী হবে, কে এল রাহুল (KL Rahul) খেলবেন নাকি সরফরাজ, শুভমান গিল (Shubman Gill) কি তিন নম্বরে ফিরছেন, ঋষভ পন্থ কি সুস্থ ইত্যাদি নানাবিধ প্রশ্ন রয়েছে। শুধু প্রশ্ন নয়, রয়েছে বিতর্কও। এই বিতর্কের আগুন উসকে দিয়েছেন স্বয়ং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বোলিং ডিপার্টমেন্টেও বদল হবে কি না প্রশ্ন। মহম্মদ সিরাজ বেঙ্গালুরুতে খুব একটা দাগ কাটতে পারেননি, তাই আকাশ দীপকে পুনেতে খেলানো হতে পারে। আচমকা ওয়াশিংটন সুন্দরকে স্কোয়াডে ঢোকানোর পর প্রশ্ন উঠেছে, তাহলে কি রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে কোনও সমস্যা আছে? শেষ পর্যন্ত বৃহস্পতিবার প্রথম এগারো কী হবে তা নিয়ে আগ্রহ তুঙ্গে। পুনে টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, আকাশ দীপ।




