অযোধ্যাকে আলোয় সাজিয়ে তোলা হচ্ছে

ওয়েব ডেস্ক: দীপাবলিতে বারাণসী এবং অযোধ্যাকে আলোয় সাজিয়ে তোলা হয় প্রতি বছরই। এই দীপোৎসবকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন রেকর্ডের উদ্যোগও নেওয়া হয়। এ বার এই দীপোৎসবের কেন্দ্রবিন্দু অযোধ্যার রাম মন্দির। কারণ, এ বছর জানুয়ারিতে উদ্বোধন করা হয় রামমন্দিরের। সেই দিক থেকে এ বছরই প্রথম দীপাবলি। প্রশাসন সূত্রে খবর, এ বার সরযূ নদীর তীরে ২৮ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। আর এই দীপোৎসবের মধ্যে দিয়েই নতুন রেকর্ডের প্রস্তুতিও তুঙ্গে অযোধ্যায়। এই দীপোৎসবের জন্য বিশেষ প্রকৃতিবান্ধব দীপ আনানো হয়েছে। রাম মন্দির সেজে উঠবে সেই প্রকৃতিবান্ধব দীপে। যাতে মন্দিরের কোনও রকম ক্ষতি না হয়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এক প্রশাসনিক আধিকারিক।
কোচের পদ থেকে সরে গিয়েছেন গ্যারি কার্স্টেন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ওয়ান ডে দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন গ্যারি কার্স্টেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি, যা পরে গৃহীত হয়েছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের দল ঘোষণার সময় বা মহম্মদ রিজওয়ানকে সীমিত ওভারের অধিনায়ক ঘোষণার সময় পাকিস্তানে ছিলেনই না কার্স্টেন। তাঁর কোনও মতামত নেওয়ারও চেষ্টা করা হয়নি। বোর্ডের একাধিক কর্তার সঙ্গে আগে তাঁর ঝামেলাও হয়েছে। নির্বাচক কমিটির প্রভাব বোর্ডে এখন এতটাই বেড়ে গিয়েছে যে কোচেরা কোনও পাত্তাই পাচ্ছেন না। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেনের তা পছন্দ নয়। সেই কারণেই নাকি কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন গ্যারি কার্স্টেন।
‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে এসে কী বললেন বিদ্যা বালন?

ওয়েব ডেস্ক: সোমবার কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি বিদ্যা বালন। একেবারে দীপাবলির সাজে অভিনেত্রী। পাশে ছিলেন ছবির নায়ক কার্তিক আরিয়ান। ২০০৭-এর ছবি ‘ভুলভুলাইয়া’-তে বিদ্যা অভিনীত ‘মঞ্জুলিকা’কে আজও দর্শক মনে রেখেছে। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির গানে তাঁর ও মাধুরী দীক্ষিতের যুগলবন্দি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বিদ্যা বলেন, “মাধুরী ম্যাম-এর সঙ্গে নাচতে হবে বলে শুরু থেকেই ভয়ে ছিলাম। কিন্তু পরে বিষয়টা বেশ ভালই হয়।” আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’। ছবির নায়ক কার্তিকের সঙ্গে এটাই বিদ্যার প্রথম কাজ। সহ-অভিনেতা সম্পর্কে বিদ্যা বলেন, “কার্তিক খুবই পরিশ্রমী অভিনেতা। শুটিং থেকে শুরু করে ছবির প্রচারের জন্য পরিশ্রম করছে ও।” বিদ্যার থেকে নাকি সামান্য বাংলাও শিখেছেন কার্তিক।
তৃতীয় টেস্টের আগে কি সিদ্ধান্ত ভারতীয় দলে?

স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে ৪৬ রানে অলআউট এবং হার। দ্বিতীয় টেস্টে পুনেতে দেশের মাটিতে ঘূর্ণি পিচে দিশেহারা ভারতের ব্যাটিং এবং হার। অর্থাৎ ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। এরপরই ভারতীয় দলে নিয়ম বদল। কী সেই নিয়ম? জেনে নেওয়া যাক- সাধারণত কোনও টেস্টের আগে ঐচ্ছিক অনুশীলন হয় ভারতীয় দলে। দলের পেসার ও সিনিয়র ক্রিকেটারেরা বিশেষ অনুশীলন করেন না। তাঁরা টেস্টের আগে নিজেদের তরতাজা রাখেন। কিন্তু বেঙ্গালুরু ও পুণেয় নিউজিল্যান্ডের কাছে হারের পর সেই নিয়মে বদল হয়েছে। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং কমিটি দলের সকল ক্রিকেটারকে একটি নির্দেশ দিয়েছেন। ওয়াংখেড়েতে ১ নভেম্বর থেকে টেস্ট শুরু হওয়ার আগে দু’টি অনুশীলন হবে। সেই দু’টি অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারকে থাকতে হবে। ৩০ ও ৩১ অক্টোবর সেই দু’টি অনুশীলন হবে। কোনও ক্রিকেটার চাইলেও তা এড়াতে পারবেন না। জানা গিয়েছে, দু’দিনই পুরো অনুশীলন হবে।
কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা: ‘দানা’র প্রবাবে বাংলায় এখন নিম্নচাপের মেঘ কাটলেও, মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার অর্থাৎ গতকাল থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। পাশাপাশি কালীপুজো এবং দীপাবলির সময় শুষ্ক এবং হিমেল হাওয়া বইতে পারে। অত্যন্ত মনোরম পরিবেশে কালীপুজো এবং দীপাবলি উদযাপনের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে।
একসঙ্গে নাচলেন মাধুরী-বিদ্যা, দেখুন সেই ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: মঞ্চে মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালন। উপস্থিত দর্শককে আকৃষ্ট করতে নাম দুটোই যথেষ্ট। বেজে উঠল ‘আমি যে তোমার’ গানটি। নৃত্যের ছন্দে পা মেলালেন দুই অভিনেত্রী। সব ভালই চলছিল। হঠাৎ ছন্দপতন! মঞ্চে বেসামাল হয়ে পড়লেন বিদ্যা। সেই মুহূর্তের ভিডিয়ো আপাতত সমাজমাধ্যমে ভাইরাল। কিন্তু তার পর কী হল? মুক্তির অপেক্ষায় ‘ভুলভুলাইয়া ৩’। মুম্বইয়ে ছবির গান প্রকাশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মাধুরী ও বিদ্যা। আর অনুষ্ঠানের পরে বিদ্যা তাঁর মনের অবস্থা স্পষ্ট করেছেন। মঞ্চে ছন্দপতন ঘটার পর মাধুরীকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যা। অভিনেত্রী বলেন, ‘‘আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। ‘এক দো তিন’ গানটা দেখার পর আমি ওঁর মতো নাচতে চাইতাম। আর আজকে মাধুরীর সঙ্গে একই মঞ্চে নাচলাম।’’ প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ৩’-তে কার্তিকের সঙ্গে ফিরেছেন বিদ্যা। সঙ্গে রয়েছেন মাধুরীও। দেখুন সেই ভাইরাল ভিডিও- View this post on Instagram A post shared by Varinder Chawla (@varindertchawla)
মেসির মাসিক বেতন জেনে নিন

স্পোর্টস ডেস্ক: আমেরিকার মেজর লিগ সকারে ২২টি দলের ফুটবলারেরা যা বেতন পান, লিওনেল মেসি একাই পান তার থেকে বেশি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির কাছ থেকে মাসে ১০০ কোটি ৯২ লক্ষ টাকা বেতন পান মেসি। তা ছাড়া ভাতা বাবদ ১৭১ কোটি ৯৬ লক্ষ টাকা পান তিনি। অর্থাৎ, সব মিলিয়ে মাসে ২৭৩ কোটি টাকা পান মেসি। ফুটবলারদের মাসিক বেতনের জন্য মায়ামিকে মোট ৩৫০ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করতে হয়। মেসি ছাড়া বাকি সকল ফুটবলারের জন্য তাদের খরচ হয় ৭৭ কোটি টাকা। এই ২৭৩ কোটি টাকা পুরোটাই বেতন বাবদ পাওয়া টাকা। এর মধ্যে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত টাকা ও পারফরম্যান্স বোনাসের উল্লেখ নেই। সেই টাকা যোগ করলে মেসির বেতন আরও বেশি হওয়ার কথা।
১২ বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের

স্পোর্টস ডেস্ক: ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে। এমন জায়গায় এসে যখন এই সিরিজের উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নির্ভর করছে। কিন্তু এই হারকে বিশেষ পাত্তা দিতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেশি কাটাছেঁড়া করতে চাইছেন না ভারত অধিনায়ক। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে খেলতে নামতে চান তিনি। ম্যাচ শেষে কী কী জানালেন রোহিত শর্মা? একনজরে দেখে নেওয়া যাক- “ব্যাটারদের রান করতে হবে। ম্যাচ জিততে হলে সেটা খুব জরুরি। আমরা কিছু কিছু পরিস্থিতিতে খারাপ খেলেছি। ব্যাটারেরা জানত তাদের কী করতে হবে, কী ভাবে খেলতে হবে। কিন্তু তারা সেটা করতে পারেনি। নিউজিল্যান্ডের ব্যাটারেরা পেরেছে। তাই ওরা জিতেছে।” “যখন আমরা জিতি তখন সেই কৃতিত্ব গোটা দলের। তা হলে হারলে তার দায় সকলকেই নিতে হবে। তবে আমি বেশি ভাবছি না। দুটো মাত্র টেস্ট হেরেছি। এত কাটাছেঁড়ার কী আছে। ১২ বছর পর একটা সিরিজ তো হারতেই পারি। গত তিন-চার বছরের কথাই ধরুন। এই ব্যাটারেরাই কঠিন পিচে ভাল ব্যাট করেছে। দলকে জিতিয়েছে।” “আমরা ভাল ক্রিকেট খেলেছি বলেই আমাদের উপর সকলের প্রত্যাশা বেড়ে গিয়েছে। এখন সকলে ভাবে আমরা নামলেই জিতব। কিন্তু বাকি দলগুলোও তো আমাদের দেখছে। ওরা দেখছে যে আমরা কী ভাবে খেলছি। আমরা কেন এত সফল? সেই অনুযায়ী ওরাও পরিকল্পনা তৈরি করছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেটাই হয়েছে। কয়েকটা দিন খারাপ হতেই পারে। যদি আমরা টানা হারতাম তা হলে ভয়ের ব্যাপার হত। তা তো হয়নি। আমরা দেশের মাটিতে দাপট দেখিয়েছি। তাই এই দুই হারে এত ভাবার কিছু নেই।” “ক্রিকেটে সকলে নিজের শক্তির উপর বেশি বিশ্বাস করে। দুর্বলতার কথা কম ভাবে। শক্তি অনুযায়ী খেললেই সাফল্য আসে। আমরাও সেটাই করেছি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। হ্যাঁ, হতে পারে এই সিরিজ়ে আমাদের পরিকল্পনা কাজে আসেনি। নিউজিল্যান্ড আমাদের থেকে এগিয়ে থেকেছে। তাই বলে তো আর একটা গোটা সিস্টেম বদলে ফেলব না। আমাদের খেলার ধরন একই থাকবে। এই দুই টেস্টে কোথায় কোথায় ভুল করেছি তা শুধরে পরের টেস্টে নামব।” “এই টেস্টে পেসারদের কিছু করার ছিল না। নিউজিল্যান্ডও তিন স্পিনার খেলিয়েছে। আমরাও। ওয়াশিংটন সুন্দর যে ভাবে বল করেছে তার জন্য আমি গর্বিত। সব রকম পরিস্থিতির কথা ভেবে আমাদের দল তৈরি করতে হয়। ভারতের মাটিতে আমরা ভালই খেলি। আগের সিরিজেও সেটা দেখা গিয়েছে। এই সিরিজ়ে পারিনি। তবে দুটো টেস্ট হেরে যাওয়ায় বেশি ভাবার কিছু নেই।” “হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা আমাদের জন্য একটু কঠিন হল। কিন্তু এখনও সে সব অনেক দূর। এই দুই টেস্টে কোথায় কোথায় ভুল হল তা নিয়ে একটা আলোচনা করব। পরের টেস্ট জেতার জন্য নামব।”
নবান্নে কী জানালেন মুখ্যমন্ত্রী? পড়ুন

কলকাতা: রাজ্যে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনও শৈথিল্য রাখতে চাইছে না নবান্ন। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে সংশ্লিষ্ট জেলার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বসেই প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। বিশেষ ভাবে নজর দিতে বলেন উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতির উপরে। মুখ্যমন্ত্রী বলেন, “দুর্যোগে বহু চাষের জমি নষ্ট হয়েছে।” এই সূত্রেই তিনি কৃষকদের ক্ষতি কতটা, তা যাচাই করতে সমীক্ষা করানোর নির্দেশ দেন। বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন যাতে এখনই নিজেদের বাড়ি না ফেরেন, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জমা জল থেকে মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে মশারি বিলির পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী জানান, “যেখানে ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে, সেখানে মশারি দিতে হবে।” আবহাওয়া পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না-হওয়া পর্যন্ত ত্রাণ শিবিরগুলি চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন রোগের হানা রুখতে মেডিক্যাল ক্যাম্প চালানোর নির্দেশ দেন তিনি। পর্যাপ্ত ত্রাণের বিষয়টি সুনিশ্চিত করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কতদিন বৃষ্টি চলবে কলকাতা আর দক্ষিণবঙ্গে?

কলকাতা: আজ অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি কমলেও এখনই অবশ্য বর্ষণে বিরাম নেই। আগামী ছ’দিন কমবেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে পরবর্তী ছ’দিন দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে হালকা অথবা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে কালীপুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় শুধু আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা থাকছে। সেগুলি হল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। বিক্ষিপ্ত ভাবে এই সব জেলায় শনিবারও ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি আর কোনও জেলাতেই শনিবার আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।




