১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’

ওয়েব ডেস্ক: শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছেন নতুন সিনেমা ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’। এই ছবিতে বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে। অনসাম্বল কাস্টের এই সিনেমায় যেমন রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতা, তেমনই দেখা যাবে দিতিপ্রিয়ার মতো এই প্রজন্মের অভিনেত্রীকেও। ছবির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে মীরাক্কেলের মতো সফল টিভি শো পরিচালনা করার অভিজ্ঞতা। রবিবার প্রকাশ্যে এসেছে এই ছবির মুক্তির দিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, ২০২৫, জানুয়ারি ১০ আসছে প্রবল হাস্য-রস “পাটালীগঞ্জের পুতুল খেলা”। ৮ থেকে ৮০ সবার মুখে হাসি ফোটাতে আবারও বড়পর্দায় মীরাক্কেল খ্যাত পরিচালক। এখনও প্রকাশ্যে আসেনি ছবির টিজার বা ট্রেলার।

যোগী আদিত্যনাথকে খুনের হুমকি, গ্রেফতার তরুণীর পরিচয় কী?

ওয়েব ডেস্ক: শনিবার মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্‌সঅ্যাপ মারফত একটি হুমকিবার্তা এসেছিল। একটি অচেনা নম্বর থেকে হোয়াট্‌সঅ্যাপে বলা হয়েছিল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লে তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। ওই হুমকিবার্তার পরই মুম্বই পুলিশের জঙ্গিদমন শাখা এবং উল্লাসনগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। হোয়াট্‌সঅ্যাপের সূত্র ধরে শুরু হয় তল্লাশি। রবিবার দুপুরে ফতেমা খান নামে বছর চব্বিশের এক তরুণীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঠাণে জেলার উল্লাসনগরের বাসিন্দা ওই তরুণী। পরিবারের সঙ্গেই থাকেন সেখানে। পিতা ব্যবসায়ী। কাঠের ব্যবসা রয়েছে। ফতেমাও উচ্চশিক্ষিত। তথ্যপ্রযুক্তিতে স্নাতক (বিএসসি) পাশ করেছেন। তাঁকে গ্রেফতারের পর ইতিমধ্যে জেরা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। কী কারণে তিনি ওই হুমকিবার্তা দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ফতেমাকে প্রাথমিক জেরার পর পুলিশের অনুমান, তাঁর মানসিক কিছু সমস্যা থাকতে পারে।

দীপাবলি পালন করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ওয়েব ডেস্ক: দীপাবলি পালন করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার ট্রুডো নিজেই সমাজমাধ্যমে দীপাবলি উদ্‌যাপনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। ট্রুডো এক্স হ্যান্ডলে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্রুডোর হাতের কব্জিতে জড়ানো নানান রঙের সুতো। দেখে মনে হচ্ছে, তা কোনও না কোনও মন্দির থেকে পেয়েছেন তিনি। সেই বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি গত কয়েক মাসে তিনটি ভিন্ন মন্দির দর্শনে গিয়েছিলাম। সেখান থেকেই আমি এই সুতোগুলো পাই।’’ ট্রুডো মনে করেন, যে কোনও হুমকি থেকে এই সুতো তাঁকে সুরক্ষা দেবে। দীপাবলিতে শুভেচ্ছা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইন্দো-কানাডিয়ান সম্প্রদায়ের মানুষ ছাড়া কানাডায় দীপাবলি উদ্‌যাপন সম্ভব হবে না। এই সম্প্রদায়ের মধ্যে রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। প্রসঙ্গত, ভারত এবং কানাডার মধ্যে চলমান টানাপড়েনের মধ্যেই ট্রুডোর এই ভিডিয়ো উল্লেখযোগ্য বলে মনে করছেন কেউ কেউ। Happy Diwali! So many special moments shared celebrating with the community this week. pic.twitter.com/rCTrJx6OMc — Justin Trudeau (@JustinTrudeau) November 2, 2024

২৪ বছর পর দেশের মাটিতে হোয়াইটওয়াশ ভারত

স্পোর্টস ডেস্ক: ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই বিপর্যয়ের প্রধান কারণ হিসাবে ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কোন কোন ভুলের জন্য ০-৩ ব্যবধানে সিরিজ হারতে হল তাও বলার চেষ্টা করেছেন ম্যাচের পর। অবশ্য এই হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন অধিনায়ক। রোহিত জানিয়েছেন, ‘‘অধিনায়ক হিসাবে এটাই আমার সবচেয়ে খারাপ সিরিজ। বেশ কয়েকটা সিদ্ধান্ত ভুল নিয়েছি। অধিনায়ক হিসাবে নিজের সেরাটা দিতে পারিনি। এই ব্যর্থতার দায় নিচ্ছি।’’ সাংবাদিক বৈঠকে হারের জন্য আর কী কী কারণ জানালেন রোহিত? দেখে নেওয়া যাক- ‘‘এই সিরিজে আমরা প্রচুর কৌশলগত ভুল করেছি। বেশ কিছু বিষয় আমাদের পক্ষে আসেনি। এত ভুল হলে জেতা যায় না। আমাদের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে। দল হিসাবে আমরা ব্যর্থ।’’ ‘‘আমাদের বোলরেরা চেষ্টা করেছে। কিন্তু নিউজিল্যান্ড অনেক ভাল বোলিং করেছে। পিচকে কাজে লাগিয়েছে ওরা। চেনা পরিবেশ, পিচ পেয়েও আমরা ততটা পারিনি।’’ ‘‘এই সিরিজে ব্যাটারেরা রান করতে পারেনি। আমরা চেনা পিচ, পরিবেশে খেলতে পারিনি। প্রথম দু’টেস্টের প্রথম ইনিংসে আমরা বড় রান তুলতে পারিনি। শুভমন গিল, ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর দেখিয়ে দিয়েছে মুম্বইয়ের পিচে কী ভাবে ব্যাট করা উচিত ছিল। সেটাও পারিনি বাকিরা। জেতার জন্য যথেষ্ট রান করতে হয়। সেটা আমা করতে পারিনি। তাই জিততেও পারিনি। ব্যাটিং ব্যর্থতা অন্যতম কারণ।’’ ‘‘আমাদের শট নির্বাচনে অনেক ভুল হয়েছে। তার মূল্য দিতে হয়েছে। কোন বলে কোন শট মারা উচিত, বুঝতে হবে। প্রথম ইনিংসে আমরা ২৮ রানে এগিয়ে ছিলাম। লক্ষ্যে পৌঁছনো অসম্ভব ছিল না। কিন্তু আমরা পারিনি। ভুল শট নির্বাচনই অনেকটাই দায়ী। নিজেও খারাপ ব্যাট করেছি।’’ তবে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে রোহিত আশাবাদী। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘এর পর আমাদের অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। আমাদের অনেকে ওখানে আগে খেলেছে। অনেকে এই প্রথম খেলবে। সকলের কাছেই পাঁচ টেস্টে এই সিরিজ বড় চ্যালেঞ্জ। তবে পর পর দু’বার আমরা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতেছি। সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গে থাকবে।’’

ভাইফোঁটার আগে বাজার একেবারে আগুন

কলকাতা: ভাইফোঁটার আগে বাজার একেবারে আগুন। কোনও জিনিসে হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে। মাছ-মাংসের পাশাপাশি কলকাতার বাজারে সব্জির দামও বেশি। বেগুন, ফুলকপি, লঙ্কা এবং টম্যাটোর দাম অনেকটাই বেশি। এমনকি, যে আলু ছাড়া ভাজা হোক বা বিরিয়ানি, মাংস বাঙালির মুখে রোচে না, তার দামও চড়া। টাস্ক ফোর্সের সদস্যেরা বেগুন, টম্যাটো, কাঁচালঙ্কার দাম বেশি থাকার কথা মেনে নিলেও দাবি করেছেন, বাকি সব্জির দাম নিয়ন্ত্রণে রয়েছে। আলুর দাম বৃদ্ধি নিয়ে নজরদারি চালানোর কথা জানিয়েছেন তাঁরা। রবিবার, ভ্রাতৃদ্বিতীয়ার দিন উল্টোডাঙার বাজারে চলবে নজরদারি।

আজ শাহরুখ খানের ৫৯ তম জন্মদিন

ওয়েব ডেস্ক: ২ নভেম্বর শাহরুখ খানের ৫৯ তম জন্মদিন। আর জন্মদিনে বাড়ির ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন বাদশা, এটা প্রায় রেওয়াজের মতো হয়ে গিয়েছে। নিজের বিখ্যাত পোজ-এ দু’হাত বাড়িয়ে দাঁড়াবেন। উড়িয়ে দেবেন চুম্বন ভক্তদের উদ্দেশে। কিন্তু এবার তাঁর ব্যতিক্রম হল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ছাদে আসেননি। যদিও সময় এখনও আছে। ভক্তরা এখনও অপেক্ষায়। কিন্তু শাহরুখ খান কেন এলেন না ছাদে? শোনা গিয়েছে, মেয়ে সুহানা এ বার নাকি বাবার জন্য বিশেষ আয়োজন করেছেন। তবে অনেকেই মনে করছেন হয়তো নিরাপত্তার কারণেই এ বার আড়ালে বাদশা। এমনিতেই সলমন খানকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। গত মাসে দশেরাতেই বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সেই সময়ও শাহরুখকে দেখা যায়নি সেখানে। তবে কি এ বছরটা আড়ালেই থাকবেন শাহরুখ! নাকি দেখা দেবেন নিজস্ব ভঙ্গিতে?

মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ হল না নির্ধারিত সময়ে

স্পোর্টস ডেস্ক: ভারত-নিউজিল্যান্ড মুম্বই টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজ হল সময়ের আগেই। যা এককথায় বিরল ঘটনা। মধ্যাহ্নভোজ হওয়ার কথা ছিল সাড়ে ১১টায়। নিয়ম অনুযায়ী যদি ১ মিনিটও বাকি থাকে তাহলেও ওভার শুরু করার কথা। কিন্তু শনিবার চার মিনিট বাকি থাকতেও আম্পায়ারেরা মধ্যাহ্নভোজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কী কারণে সময়ের আগে মধ্যাহ্নভোজ হল? জানা গিয়েছে, স্পাই ক্যামেরার সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। স্পাই ক্যামেরার সমস্যা না মিটলে খেলা শুরু করা সম্ভব হত না। সেটা বুঝেই নির্ধারিত সময়ের আগে মধ্যাহ্নভোজের সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। খেলা শুরুও করেন নির্ধারিত সময়ের চার মিনিট আগে।

প্রথম ইনিংসে কত রানের লিড দিল ভারত?

স্পোর্টস ডেস্ক: ৫৯.৪ ওভারে রান-আউট হন আকাশ দীপ। আর সেখানেই ভারতের ইনিংস। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৬৩ রানে। অর্থাৎ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের নিরিখে ২৮ রানের লিড দিল টিম ইন্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এজাজ প্যাটেল ২১.৪ ওভার বল করে ১০৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। দুরন্ত ছন্দে থাকা শুভমন গিলের সেঞ্চুরি কার্যত নিজের হাতেই শেষ করলেন এজাজ। এর আগে অনেকবারই ৯০ এর ঘরে আউট হয়েছেন শুভমন। তালিকাটা আরও লম্বা হল। লাঞ্চ বিরতিতে যখন গিয়েছিলেন, গিল ছিলেন ৭০ রানে। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে বেশিক্ষণ ক্রিজে কাটানো হল না গিলের। ৯০ রানে আউট হয়ে মাঠ ছাড়লেন তিনি। গিল আউট হওয়ার পর তড়িঘড়ি শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস।

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

ওয়েব ডেস্ক: প্রতি মাসের শুরুতেই সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি জ্বালানি তেলের দাম, এলপিজি গ্যাস এবং সিএনজির দাম নির্ধারণ করে। এই পুজোর মরশুমে ফের একবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়াল কেন্দ্র। আজ ১ নভেম্বর সারা দেশে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান অয়েল তাদের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬২ টাকা করে বাড়াল, ফলে আজ থেকে নয়া দিল্লিতে সেই সিলিন্ডারের দাম পড়বে ১৮০২ টাকা। একেক শহরে একেক রকম দাম। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯১১.৫০ টাকা। উল্লেখ্য, এর আগে ১ অক্টোবরেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা হারে বাড়ানো হয়েছিল। এই নিয়ে পরপর টানা ৪ মাস ধরে দাম বাড়ল এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।

কোন দেশে নিষিদ্ধ ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম আগেন’?

ওয়েব ডেস্ক: বড় পর্দায় আজ অর্থাৎ একই দিন মুক্তি পেল ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহম আগেন’। দু’টি ছবিই তারকাখচিত। দু’টি ফ্রাঞ্চাইজিই বক্স অফিসে হিট। এমন সময় দু’টি ছবিকেই নিষিদ্ধ করে দিল সৌদি আরব প্রশাসন। দাবি, এই দুই ছবির বিষয়বস্তুই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তাই সৌদি আরবে মুক্তি পাবে না কার্তিক আরিয়ান ও অজয় দেবগনের ছবি। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে দেশে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশে ছবি দু’টি নিষিদ্ধ হলেও ভারতে উৎসাহের অন্ত নেই।