ছট পুজোতেও বৃষ্টি?

ওয়েব ডেস্ক: কালীপুজোর আগে ওড়িশার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’। যার জেরে, কলকাতা সহ বঙ্গের বিভিন্ন এলাকায় দেখা মেলে ভারী বৃষ্টিপাতের। তারপর আবারও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে এবার আবহাওয়া দফতর সুত্রে খবর, বঙ্গে আপাতত নতুন করে ভারী বৃষ্টিপাত তো দূর, হালকা বৃষ্টির সম্ভাবনাও ক্ষীণ। তবে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের কিছু প্রান্তে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। নভেম্বর পড়ে গেলেও বঙ্গে শীতের আমেজ এখনও আসেনি বললেই চলে। রাজ্যে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত শীত পড়বেনা বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকালের দিকে রাজ্যের কোন কোন প্রান্তে কুয়াশা এবং ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হলেও তাপমাত্রার হেরফের হবেনাই বলে জানানো হয়েছে। তাহলে কবে থেকে রাজ্যে দেখা মিলবে শীতের? আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে দেখা মিলতে পারে শীতের।
প্রকাশিত ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার

ওয়েব ডেস্ক: রণবীর কাপুরের পরবর্তী ছবি ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার। দীর্ঘ দিন ধরেই আলোচনার কেন্দ্রে নীতীশ তিওয়ারি পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ছবিতে রামের ভূমিকায় রণবীরের পাশাপাশি সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। প্রথম পোস্টারে দেখা গিয়েছে ছবি মুক্তির সম্ভাব্য সময়। দু’টি ভাগে মুক্তি পাবে এই ‘ম্যাগনাম ওপাস’। প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি পরের বছর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে উৎসাহিত দর্শক। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নমিত মলহোত্র। সেখানে দক্ষিণী ছবির দর্শক উৎসাহ দেখিয়েছেন রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে। পোস্টারে দেখা যাচ্ছে একটি বাণ আকাশ ফুঁড়ে চলেছে, আগুনের ঝলকে। প্রযোজক নমিত লিখেছেন, “প্রায় ৫০০০ বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, তাকে নিয়ে ছবি করার স্বপ্ন দেখিছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে, আমি খুবই উত্তেজিত। উদ্দেশ্য একটাই, আমাদের ইতিহাস, আমাদের সত্য, আমাদের সংস্কৃতি— রামায়ণকে বিশ্ব দরবারে সর্বাধিক প্রামাণ্য, পবিত্র এবং দৃশ্যত চমকদার করে উপস্থাপন করা।”
আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়েব ডেস্ক: আমেরিকার হোয়াইট হাউসে ফের ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় বুধবার দুপুরের মধ্যেই জাদুসংখ্যা পার করে ফেলেছেন তিনি। তাই চার বছর পর ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে তিনি। ২০২০ সালে নির্বাচনে হেরে গিয়ে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল তাঁকে। এ বার তিনি প্রত্যাবর্তন করলেন। মার্কিন ইতিহাসে ১৩২ বছরে এই প্রথম কোনও নেতা একটানা নয়, মেয়াদের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যাঁকে ইমপিচ করা হয়েছিল। মার্কিন ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ইমপিচমেন্টের পরও ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
শীত কবে আসছে?

কলকাতা: শীত কবে আসছে বঙ্গে? এটাই এখন প্রশ্ন। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গল ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তার পর থেকে দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি করা হয়নি। আপাতত দক্ষিণের কোথাও পারদ নামারও সম্ভাবনা নেই। আগামী দু’দিন ভোরের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা। অন্য দিকে, উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু কিছু জায়গা। তবে মাঝে শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরে। উত্তরেও এখনই আসছে না শীত।
আজ কখন শুনানি আরজি কর মামলার?

ওয়েব ডেস্ক: মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে সেই শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতি। তবে তিনি জানান, বুধবারই এই মামলার শুনানি হবে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশনামাতেও সে কথার উল্লেখ রয়েছে। জানানো হয়, বুধবার শুনানির তালিকায় প্রথম থাকবে আরজি কর মামলা। গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ থেকে এক মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে তাঁকে ধর্যণ করে খুন করা হয়েছে। গত তিন মাস ধরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার পরই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে মামলা শুনবে বলে জানায়। সেই থেকে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত করছে সিবিআই।
কেমন হল ‘ভুলভুলাইয়া ৩’?

ওয়েব ডেস্ক: আগের দুই ‘ভুলভুলাইয়া’য় প্রত্যাশা খানিক পূরণ হলেও তৃতীয় পর্ব জুড়ে ভূতের ছবির নামে যা দেখা গেল, সেটা যে ঠিক কী, তা বুঝতেই অনেকটা সময় লেগে গেল। জোর করে হাসানোর চটুল চুটকি, প্রত্যেক দৃশ্যে অকারণ কান ফাটানো ঝঙ্কার ‘বিটস’ মিলে ভূতের বদলে এক কিম্ভূতকিমাকার জগাখিচুড়ির স্বাদ নিয়েই ফিরতে হল দর্শককে। অসংখ্য নামী অভিনেতার উপস্থিতি, কিন্তু তাঁদের ব্যবহার করা হল না ছবিতে। বদলে, দর্শক টানার কৌশল করা হল নাচের মঞ্চে বিদ্যা বালন আর মাধুরী দীক্ষিতকে মুখোমুখি দাঁড় করিয়ে। সঞ্জয় মিশ্র বা রাজপাল যাদবের মতো অভিনেতাকে দিয়ে অকারণ হাসানোর চেষ্টা হল। শেষ দৃশ্যে যদিও গোটা ছবির গোঁজামিলকে খানিকটা যৌক্তিক করার চেষ্টা হল। কিন্তু তত ক্ষণে যে বড় দেরি হয়ে গিয়েছে।
আইপিএলের নিলাম কবে?

স্পোর্টস ডেস্ক: আইপিএলের (IPL) নিলামের সম্ভাব্য দিনও প্রকাশ্যে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে। এ বারের পূর্ণ নিলাম ভারতে হওয়ার সম্ভাবনা নেই। প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মরসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কারা কেমন দল তৈরি করবে, এখন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটেপ্রেমীদের। বিসিসিআই সূত্রে খবর, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম। সৌদি আরবের রাজধানী রিয়াধে নিলামের আয়োজন করা হচ্ছে। সরকারি ভাবে এখনও ঘোষণা করা হয়নি নিলামের তারিখ এবং জায়গা। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। সব কিছু হয়ে গেলেই সরকারি ভাবে সব ঘোষণা করা হবে।’’
কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প, কে হবেন প্রেসিডেন্ট?

ওয়েব ডেস্ক: আমেরিকায় ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এ বারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত এক শতকের মধ্যে সর্বোচ্চ। সে বার আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি। তবে মঙ্গলবার ৫ নভেম্বর রায় বেরবে। প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের অনুগামীদের দাবি, আগাম ভোটে এই উৎসাহে সুবিধা পাবেন তাঁরাই। যদিও আগাম ভোট চলাকালীনই কয়েকটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, তাঁকে পিছনে ফেলে দিয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা। আগাম ভোট নিয়ে এবিসি নিউজ-ইপসোস, নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজ এবং সিএনএনের জনমত সমীক্ষার নির্যাস— ট্রাম্পের চেয়ে ১৯ বা তার বেশি পয়েন্টের ব্যবধানে এগিয়ে কমলা। তবে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে শেষ হাসি কে হাসেন সেটাই এখন দেখার।
ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন

কলকাতা: আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হল শিয়ালদহ আদালতে। আদালত জানিয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হতে চলেছে। শুনানি চলবে রোজ। যদিও সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিক চার্জশিটের ভিত্তিতে আপাতত বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে। এখনও পর্যন্ত একজনের নামেই চার্জশিট গঠন হয়েছে। বাকিদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্ররোচনার অভিযোগের ভিত্তিতে এখনও তদন্ত চলছে। ঘটনার পরেই টালা থানার তৎকালীন ওসিকে ফোন করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সে সবও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিক ভলান্টিয়ারকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কতটা কঠিন ভারতের?

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন রোহিত শর্মারা। শীর্ষে অস্ট্রেলিয়া। তিন ও চার নম্বরে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৬২.৫০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্বকাপের ফাইনাল খেলে। এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জিতেছিল ভারত। কিন্তু এই সিরিজের পর ভারত ১৪টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, পাঁচটি হেরেছে ও একটি ড্র করেছে। ভারতের পয়েন্ট ৯৮। কিন্তু রোহিতদের পয়েন্টের শতাংশ অস্ট্রেলিয়ার থেকে কম। ৫৮.৩৩ শতাংশ। তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ন’টি টেস্টের মধ্যে পাঁচটি জিতেছে তারা। হেরেছে চারটি। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬ শতাংশ। ঘরের মাঠে সিরিজ় হারলেও এখনও টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ জিততে হবে টিম ইন্ডিয়াকে।




