সুখবর দিলেন রাহুল-আথিয়া

বিয়ের দু’বছরের মধ্যেই সুখবর দিলেন আথিয়া-রাহুল। কবে আসছে প্রথম সন্তান, জানালেন তারকা দম্পতি। ২০২৫-এ আসতে চলেছে রাহুল-আথিয়ার সন্তান। ২০২৩ সালে চারহাত এক হয় কেএল রাহুল ও আথিয়া শেট্টির। শোনা যাচ্ছিল তার পরিবার পরিকল্পনা শুরু করেছেন। এবার সুখবর দিলেন রাহুল ও আথিয়া। শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আথিয়া শেট্টি। সেখানে বেইজ রঙের উপর একটি ইভিল আই ইমোজি দেওয়া। এবং সঙ্গে লেখা, ‘আমাদের দুজনের প্রার্থনার ফল আসছে শীঘ্রই।’ সঙ্গে একটা বাচ্চার পায়ের ছাপের সঙ্গে লেখা ২০২৫। অর্থাৎ আগামী বছরই তাঁরা মা বাবা হতে চলেছেন তাঁরা। এই পোস্টটি অভিনেত্রী সাদা হৃদয়ের ইমোজি ক্যাপশনে দিয়ে পোস্ট করেন। সঙ্গে ট্যাগ করেছেন স্বামী কে এল রাহুলকেও। শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিন্হা, বাণী কপূর, এষা গুপ্তের মতো অভিনেত্রীরা। আগামী বছরেই দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। View this post on Instagram A post shared by Athiya Shetty (@athiyashetty)
পাকিস্তানের রেল স্টেশনে বিস্ফোরণ

ফের সন্ত্রাসের কবলে পাকিস্তান। এবার ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। ব্যস্ততম একটি রেল স্টেশনে এই বিস্ফোরণের ঘটনাটি। সূত্রের খবর, বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় তীব্র বিস্ফোরণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ইতিমধ্যে ৫০ পেরিয়ে গিয়েছে। শনিবার সকালে কোয়েটা রেল স্টেশনে যাত্রীরা যখন জাফর এক্সপ্রেস ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন, তখন এই বিস্ফোরণ ঘটে। কোয়েটার সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ বেলুচ জানান, প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী হামলা বলেই মনে হচ্ছে। তবে তিনি নিশ্চিত করেন যে, এই বিস্ফোরণে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে, এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোয়েটা রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ ঘটে। বেলুচিস্তানের প্রাদেশিক মুখপাত্র শাহিদ রিন্দ জানান, বিস্ফোরণের পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। তবে এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দূরদূরান্তের বিভিন্ন এলাকায থেকেও এর শব্দ শোনা গিয়েছে। পাশাপাশি, বিস্ফোরণের ফলে প্ল্যাটফর্মের ছাদেরও কিছু ক্ষতি হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলার নিন্দা করে বলেন, “জঙ্গিরা যেহেতু সাধারণ মানুষকে আক্রমণ করা শুরু করেছে, তাই এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে”। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ফের বৃষ্টির আশঙ্কা, কবে থেকে?

কলকাতা: ফের নিম্নচাপের আশঙ্কা। এমনটাই জানাল আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে অর্থাৎ শ্রীলংকা ও তামিলনাডু উপকূলের অভিমুখ হতে চলেছে আসন্ন নিম্নচাপের। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখতে পাওয়ার সম্ভবণা। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভবনা আপাতত নেই। রবিবার ও সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে।পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা বৃষ্টির সম্ভবনা। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এক পশলা বৃষ্টি হতে পারে। কবে থেকে বঙ্গে শীত? হাওয়া অফিস সূত্রে খবর, নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। উত্তুরে হওয়া বইবার সম্ভবনা। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারা পতনের সাক্ষী থাকবে বাংলা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ দেখতে পাওয়া যাবে নভেম্বরের মাঝামাঝি থেকে।
নলপুরে সেকেন্দ্রেবাদ-শালিমার এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

শালিমারে ঢোকার আগে নলপুরের কাছে ট্রেন দুর্ঘটনা। সেকেন্দ্রেবাদ-শালিমার এক্সপ্রেসের পর পর তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে একটি পার্সেল ভ্যান হলেও দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে কখন পরিস্থিতি স্বাভাবিক করা যাবে, তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, ‘‘সকালে ভোর সাড়ে ৫টা নাগাদ সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেসের দু’টি কামরা এবং একটি পার্সেল ভ্যান খড়্গপুর ডিভিশনে নলপুরের কাছ দিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত হয়েছে। যাত্রীদের কারও বড় কোনও আঘাত লাগেনি। হতাহতের কোনও খবর নেই। সাঁতরাগাছি এবং খড়্গপুর থেকে সহায়ক ট্রেন ঘটনাস্থলে পৌঁছয়। যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য ১০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে।’’
পাঁজরে চোট পেলেন সুনীল শেট্টি

আপাতত বড়পর্দা থেকে সরে ছোটপর্দায় অভিনয়ে মন দিয়েছেন বলিউড তারকা সুনীল শেট্টি। ইদানীং একটি ওয়েব সিরিজের কাজে ব্যস্ত তিনি। শুটিং চলাকালীন সেটেই সামান্য চোট পেয়েছেন অভিনেতা। আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন ৬৩ বছর বয়সী অভিনেতা। আবারও জোর কদমে শুটিং করার প্রস্তুতি নিয়ে চলেছেন তিনি। সূত্রের খবর, মুম্বইয়ে ‘হান্টার সিজন ২’-এর শুটিং চলাকালীন চোট পান সুনীল। কীভাবে ঘটল এই ঘটনা? নিজেই মাইক্রোব্লগিং সাইটে লিখেছেন সুনীল। লিখছেন,’ছোটখাটো চোট, গুরুতর কিছু না! আমি পুরোপুরি সুস্থ আছি এবং পরবর্তী শটের জন্য প্রস্তুত। সবার ভালোবাসা ও যত্নের জন্য কৃতজ্ঞ। #OnSet।’ উল্লেখ্য, ‘হান্টার’-এর জন্য তীব্র মারামারির দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা। অভিনেতার অবস্থা খতিয়ে দেখতে এক্স-রে মেশিন নিয়ে চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়েছেন বলেও খবর হয়েছিল।
মেট্রোয় ‘আত্মহত্যা’র চেষ্টা! ব্যাহত পরিষেবা

কলকাতা: ফের মেট্রোয় ‘আত্মহত্যা’র চেষ্টা! ব্যাহত মেট্রো পরিষেবা। শুক্রবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে শোভাবাজার সুতানুটি স্টেশনে মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে ব্যহত মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। চরম ভোগান্তির শিকার যাত্রাীরা। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, কবি সুভাষ থেকে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। যাত্রীদের মধ্যে অনেকেই দুর্ভোগের মধ্যে পড়েছেন। কেউ কেউ মেট্রো ছেড়ে বাসে বা অন্য কোনও গণপরিবহণে গন্তব্যের উদ্দেশে রওনা দদিয়েছেন।
ভোটে হার, সমর্থকদের উদ্দেশে কী বললেন জো বাইডেন?

ওয়েব ডেস্ক: হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্পের। সিনেটের দখল ফের রিপাবলিকানদের হাতে। আমেরিকার মাসনদে ফের ট্রাম্পের প্রত্যাবর্তনের পর প্রতিক্রিয়া দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার দ্বিতীয়বার ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট প্রতশ্রুতি দেন, ডোনাল্ড ট্রাম্পের দুর্দান্ত নির্বাচনী জয়ের পর তিনি শান্তিপূর্ণভাবে ট্রাম্পের হাতে হস্তান্তর করবেন ক্ষমতা। পাশাপাশি তাঁর সমর্থকদের উদ্দেশে বাইডেন এও বলেন, “পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত হয়েছি”। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে সংক্ষিপ্ত ভাষণে জো বাইডেন তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, “ বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। আমার বাবা বলতেন, কোনও এক পদ থেকে আমরা ছিটকে পড়তেই পারি, কিন্তু আমাদের চরিত্রের পরিমাপ হল আমরা কত দ্রুত সেই জায়গা থেকে উঠে আসি। পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত, আমাদের স্বপ্নের আমেরিকা আমাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে।“
‘ভাগাম ভাগ ২’ আসছে

২০ বছর বাদে ফের পর্দায় ফিরছে ‘ভাগম ভাগ’। অক্ষয় কুমারের সঙ্গে থাকছেন গোবিন্দা-পরেশ। একের পর এর ফ্লপ, কমেডির দিকে ঝুঁকেছেন ‘খিলাড়ি’। ‘ভাগম ভাগ’ ছবির সত্ত্ব কিনে নিয়েছেন অক্ষয় কুমার। খুব তাড়াতাড়ি আসছে অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল-এর এই ছবির সিকুয়্যাল। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার, গোবিন্দা এবং পরেশ রাওয়ালকে। সূত্রের খবর, এবার এই ছবির সিক্যুয়েল বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন অক্ষয়। এবং এও শোনা যাচ্ছে ‘ভাগম ভাগ ২’তেও অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন গোবিন্দা। ইতিমধ্যেই ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়েলের চিত্রনাট্য লেখাও নাকি শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ফের একবার প্রিয়দর্শনকেই এই ছবির পরিচালকের আসনে দেখা যেতে পারে। প্রসঙ্গত, নতুন বছরে অক্ষয় কুমারের একাধিক ফ্রাঞ্চাইজির ছবি মুক্তি পাওয়ার কথা। যার মধ্যে রয়েছে হাউসফুল- । এই ছবির শ্য়ুটিংয়েই ব্যস্ত রয়েছেন অক্ষয়। শোনা যাচ্ছে, অক্ষয়ের আরও দুই হিট ছবি ‘হেরা ফেরি’, ‘গরম মসালা’-র সিকুয়্যালও আসতে পারে। এছাড়াও নতুন বছরে আসার পারে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘ভূত বাংলো’, ‘জলি এলএলবি’- সিকুয়্যাল।
IPL নিয়ে বড় মন্তব্য জেমস অ্যান্ডারসনের

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিকে সাধারণত তরুণদের খেলা বলা হয়। আইপিএলেও প্রতি বছর অনেক তরুণ ক্রিকেটার নজর কাড়েন। সেই প্রতিযোগিতায় এ বার নামতে চান জেমস অ্যান্ডারসন। তাঁর একটি বিশেষ কারণ রয়েছে। আইপিএলের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তিনি। অ্যান্ডারসন বলেন, “আমার মনে হয় এখনও আমি খেলার ক্ষমতা রয়েছে। আইপিএলে কোনও দিন খেলিনি। এই অভিজ্ঞতা আমাকে আরও কিছু দিন খেলা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।” টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ইংল্যান্ডের জাতীয় দলে মেন্টরের দায়িত্ব সামলেছেন অ্যান্ডারসন। ভবিষ্যতে কোচ হওয়ার বাসনা তাঁর রয়েছে। সেখানেও আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন তিনি। অ্যান্ডারসন বলেন, “আমি কয়েক দিন কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের মেন্টর ছিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কোচিং করাতে পারি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।”
খুনের হুমকি পেলেন শাহরুখ খান

ওয়েব ডেস্ক: সলমন খানের পরে এ বার শাহরুখ খান। রায়পুর থেকে খুনের হুমকি পেলেন এসআরকে। জানা গিয়েছে, ফইজান নামে এক ব্যক্তির তরফে এই হুমকি ফোন আসে। ঘটনার পরে মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিয়োগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সূত্রে খবর, ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বই পুলিশ। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি সফল হওয়ার পরের ঘটনা এটি। ঘটনার পরে মুম্বই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। ২৪ ঘণ্টা তাঁর পাশে ছিলেন ৬ জন স্বশস্ত্র নিরাপত্তারক্ষী।



