বিয়ে হল ভিডিও কলে

বিয়ে বলে কথা। কত রীতি-নীতি রয়েছে, সেই সব নিয়ম মেনে তবেই বিয়ে হয়। তার জন্য মানসিক প্রস্তুতিও লাগে। আবার সবচেয়ে বড় যেটা সেটা হল প্রয়োজনীয় ছুটি। কিন্তু সেই ছুটি যদি না পাওয়া যায়, তাহলে বিয়ে কী করে হবে। এবার ঘটে গেল অভিনব ঘটনা। বিয়ে হল ভিডিও কলে। হ্যাঁ, আপনারা ঠিকই পড়ছেন। তাহলে বিষয়টা খুলেই বলা যাক। তরুণের নাম আদনান মহম্মদ। চাকরিসূত্রে তুরস্কে থাকেন তিনি। আদতে তিনি ছত্তীসগড়ের বিলাসপুরের বাসিন্দা। তাঁর হবু স্ত্রী হিমাচল প্রদেশের মান্ডিতে থাকেন। আদনানের হবু স্ত্রীর দাদুর ইচ্ছা ছিল, মৃত্যুর আগে তিনি নাতনির বিয়ে দেখে যাবেন। তাই বিয়ের তারিখ তাড়াতাড়ি ঠিক করে ফেলেন তাঁরা। বিয়ে উপলক্ষে দেশে ফেরারও কথা ছিল আদনানের। কিন্তু ছুটির আবেদন খারিজ করে দেন তাঁর বস। এ দিকে বিয়ের তারিখও পিছিয়ে দেওয়া যাবে না। অগত্যা ভিডিও কলেই বিয়ে সারতে হল আদনানকে। পিটিআই সূত্রে খবর, বরযাত্রী নিয়ে বিলাসপুর থেকে মান্ডিতে যান আদনানের পরিবারের সদস্যেরা। বর এবং কনেপক্ষের উপস্থিতিতে ভিডিও কলে আদনানের সঙ্গে বিয়ে সারেন তরুণী। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral News)।
অসুস্থ বিমান বসু

কলকাতা: অসুস্থ সিপিআইএম নেতা বিমান বসু। গতকাল, সোমবার রাত ৯ টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় বিমান বসুকে। জানা গিয়েছে, রাতে ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে অসুস্থ বোধ করেন সিপিআইএম নেতা। প্রবীণ নেতার বয়স বর্তমানে ৮৪ বছর। আপাতত আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। জেনারেল বেডেই রাখা হয়েছে তাঁকে।
প্রয়াত মনোজ মিত্র

প্রয়াত হলেন নাট্যকার মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে প্রখ্যাত এই নাট্যকারের প্রয়াণের খবরটি জানান তাঁর ভাই তথা সাহিত্যিক অমর মিত্র। মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে শিল্পী। ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল, তাঁর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা রয়েছে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে। সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল!
রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের হাত ধরে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কেরল এবং মাহেতে। অন্যদিকে, মঙ্গলবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বৃষ্টি হবে। অন্য জায়গাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
কার্তিক কি বিয়ে করছেন?

‘ভুলভুলাইয়া ৩’র সাফল্যের মাঝেই নতুন খবর দিলেন কার্তিক আরিয়ান। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। ‘ভুলভুলাইয়া ৩'(Bhool Bhulaiyaa 3) র সাফল্যের পরই বারাণসীতে গিয়ে গঙ্গা আরতি করলেন কার্তিক। সেখানকার মন্দিরে পুজোও দিয়েছেন কার্তিক আরিয়ান। যেখানে দেখা গেল,কার্তিককে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। ভিড়ের মধ্যে থেকে শুধুই কার্তিক-কার্তিক চিৎকার! ঠিক তখনই ভিড় থেকে উড়ে এল প্রশ্ন- “বিয়েটা কবে করছেন?” শোনা মাত্রই লজ্জায় রাঙা কার্তিক। হেসে উপরের দিকে ইশারা করে বললেন, “ঈশ্বরই জানেন।” হাতের যে মুদ্রা তিনি দেখালেন, তাতে স্পষ্ট বিয়ের পিঁড়িতে বসার জন্য আরেকটু সময় চাই কার্তিকের। পুজো দেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে জমিয়ে ফুটপাতে চাট খেতে দেখা গেল কার্তিককে। পাশাপাশি লস্যির সেই স্বাদ উপভোগ করলেন। অভিনেতাকে দেখে সেখানেও ভিড়।
আলুর কচুরি কীভাবে বানাবেন?

সকালের ব্রেকফাস্টে ব্রেড-বাটার একঘেয়ে হয়ে গেছে? সকাল হলেই মনটা কেমন ‘কচুরি, কচুরি’ করে? সামান্য উপকরণ ও আলু দিয়েই বানিয়ে নিতে পারেন এই অভিনব রেসিপি। স্বাদে আলুর পরোটাকেও রীতিমতো হার মানাবে। সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন আলুর কচুরি। কীভাবে বানাবেন? জেনে নিন। কী কী লাগবে? ময়দা, আটা, নুন, সাদা তেল, সেদ্ধ আলু, জিরে গুঁড়ো, জোয়ান, হিং, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, চাট মশলা। কীভাবে বানাবেন? প্রথমে একটি পাত্রে আটা, ময়দা, নুন, সামান্য সাদা তেল ময়েম দিয়ে গরম জল দিয়ে ভাল করে মেখে নিন। খোসা সমেত আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিন জিরে গুঁড়ো, জোয়ান, হিং, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, চাট মশলা। ভাল করে মেখে ছোট ছোট আকারে গড়ে নিন। এবার মেখে রাখা আলু গোল আকারে গড়ে নিন। এবার মেখে রাখা আটা লেচি কেটে পুর ভরে নিন। একটু বেশি মোটা করে বেললে পুর বেরিয়ে যাওয়ার সম্ভবনা থাকে। ছোট ছোট লুচির আকারে গড়ে ডুবো তেলে ভেজে তুললেই তৈরি আলুর কচুরি।
ঋষভ পন্থকে নিতে পারবে কেকেআর?

গত বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পর আইপিএল-এর মেগা নিলামের আগে নতুন অধিনায়ক খুঁজছে কলকাতা নাইট রাইডার্স। এই অবস্থায়, কেকেআরের অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকে নিয়োগের জন্য জল্পনা ছিল। কারণ তাঁর দক্ষতা এবং তুখোড় অধিনায়কত্বের ক্ষমতা তাঁকে আর পাঁচ জনের থেকে আলাদা করে। দিল্লি ক্যাপিটালসের এই উইকেটকিপার-ব্যাটসম্যান প্রতিবারই আইপিএলে নিজের প্রতিভা প্রমাণ করেছেন। তবে আসন্ন মেগা নিলামে ঋষভ পন্থের মতো খেলোয়াড়দের মূল্য ২০ কোটি বা তার বেশি হতে পারে, যা কেকেআরের বাজেটের সঙ্গে ঠিক মানানসই হবে না। কারণ, কেকেআরের কাছে নিলামের জন্য মাত্র ৫১ কোটি টাকা রয়েছে, যা দিয়ে ১৯ জন প্লেয়ার কিনতে হবে, এর মধ্যে ৬ জন বিদেশি খেলোয়াড়কে নিতে পারবে দল। যদি কেকেআর একাই পন্থের জন্য ২০ কোটি টাকা ব্যয় করে, তাহলে বাকি স্কোয়াড তৈরি করতে সমস্যায় পড়বে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, কেকেআরের মিডল অর্ডারে ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা তুলনামূলকভাবে কম। কারণ নাইটদের মিডল অর্ডার ইতিমধ্যে স্থিতিশীল। বরং, দলের ওপেনিংয়ের জন্য কার্যকরী এবং নির্ভরযোগ্য খেলোয়াড় প্রয়োজন। এজন্য ফ্র্যাঞ্চাইজি সম্ভবত বড় নামের পিছনে না ছুটে কার্যকরী খেলোয়াড়দের দিকেই নজর দেবে। তাই ওপেনিংয়ের জন্য ফিল সল্টের দিকে কেকেআর আবারও নজর দিতে পারে। পন্থের দাম অত্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা থাকায় কেকেআরের টিমে তাঁকে দেখার সম্ভাবনা কম। পন্থ একজন মহাতারকা হলেও তার জন্য বেশি অর্থ ব্যয় করা গেলে কেকেআরের স্কোয়াড পূর্ণতা পাবে না। এজন্যই সম্ভাবনা তৈরি হলেও ঋষভকে যে বেগুনি জার্সিতে দেখা যাবে না, সেই সম্ভাবনাই প্রবল।
আজ থেকে আরজি কর কাণ্ডের বিচার শুরু

আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) কেঁপে গোটা রাজ্য রাজনীতি। আজও সরগরম রাজপথ। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তিন মাস কেটে গিয়েছে। এখন কী অবস্থায় নৃশংস হত্যাকান্ডের মূল অভিযুক্ত? জেলে বহাল তবিয়েতে সঞ্জয়। চার্জ গঠনের পরেও কোনও তাপ উত্তাপ নেই। রীতিমতো ‘ডোন্ট কেয়ার’ আবভাব। জেল সূত্রে খবর, সকালের চা থেকে রাতের ডিনার সবটাই খাচ্ছে। অনুতাপ বা ভয় কোনোটাই নেই। ৪ তারিখ শিয়ালদহ কোর্টে চিৎকার করে মিডিয়ার কাছে নিজেকে নির্দোষ বলে সাফাই দিয়েছে সঞ্জয়। তবে জেল থেকে ফেরার পর রাগ, অনুশোচনা বা মানসিক চাপে দেখতে পাওয়া যায়নি সঞ্জয়কে। সোমবার থেকে শিয়ালদহ কোর্টে ট্রায়াল শুরু সঞ্জয়ের। শুনানি চলবে রুদ্ধদ্বার কক্ষে। আদালত সূত্রে খবর, এদিন টানা শুনানি চলবে সঞ্জয়ের ধর্ষণ ও খুনের মামলার। বিচারপর্ব দ্রুত শেষ করে দোষীকে শাস্তি দেওয়ার জন্য রোজ শুনানি চলবে বলে আদালত সূত্রে খবর।
জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই

জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলল সেনা জওয়ানদের। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আর এই এনকাউন্টারে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে খবর। গত ২৪ ঘন্টার মধ্যে এই নিয়ে তৃতীয়বার এরকম সংঘর্ষের ঘটনা ঘটল। জানা গিয়েছে, আহত দুই জওয়ানের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। দিন দুয়েক আগে একটি জঙ্গি গোষ্ঠী জম্মু ও কাশ্মীরের দু’টি গ্রামে নিরীহ গ্রামবাসীদের উপর হামলা এবং তাঁদের মধ্যে দু’জনকে খুনও করে। এই ঘটনার পাল্টা জবাব দেওয়ার জন্যই এই অভিযান চালায় সেনা জওয়ানরা, এমনটাই খবর। এই ঘটনার প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, “কেশওয়ান কিশতওয়ারে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়। তিন থেকে চার জন জঙ্গি আটকে আছে বলে মনে করা হচ্ছে। এই জঙ্গি দলটি দিন দুয়েক আগে দু’জন নিরীহ গ্রামবাসীকে খুন করেছে।” পুলিশ আরও জানিয়েছে যে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগরের জাবারওয়ান বনাঞ্চলে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ অভিযান শুরু হয়েছিল। এই অভিযান চলাকালীন গুলি বিনিময় শুরু হয়। আর তাতেই দু’জন সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও কোনও জঙ্গির মৃত্যুর খবর সামনে আসেনি।
রবিবারের ম্যাচে ভারতের টিমে কারা?

স্পোর্টস ডেস্ক: টি২০ বিশ্বকাপ ফাইনালের পর ফের ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল। প্রথম টি২০ ম্যাচে সঞ্জু স্যামসনের দূরন্ত ব্যাটিং এবং ভারতের অসাধারণ বোলিং পারফরম্যান্সে বড় ব্যবধানে জয় পায় ভারত। আজ অর্থাৎ রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে ভারতের প্রথম একাদশে কি কোনো পরিবর্তন হচ্ছে, এই নিয়ে জল্পনা চলছে। তবে সম্ভাব্য প্রথম একাদশ কীরকম হতে পারে একবার দেখে নেওয়া যাক- সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আবেশ খান।




