সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন তিলক?

টি২০তে সাম্প্রতিক কালে ভারতীয় দলে তিন নম্বরে ব্যাট করতে নামছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার ফার্স্ট ডাউনে নামেন তিলক বর্মা এবং তারপরের কাহিনি সবার জানা। দক্ষিণ আফ্রিকার বোলারদের ধুনে দিয়ে ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিলক। তাঁর ইনিংসটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতে ভারত ২-১ এগিয়ে গিয়েছে। চমকপ্রদ ইনিংসের পর তিলকের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে বিশেষজ্ঞরা। তবে সাফল্যের কৃতিত্ব অধিনায়ককে দিচ্ছেন ম্যাচের নায়ক। তিলক বলছেন, অধিনায়ক সূর্য আমায় সুযোগ দিয়েছেন, সমস্ত কৃতিত্ব তাঁরই প্রাপ্য। এদিকে সূর্য বলছেন, তিলক আমার রুমে এসে জিজ্ঞেস করে যে ওকে তিন নম্বরে ব্যাট করতে দেব কি না। আমি সম্মতি দিয়েছিলাম এবং বললাম নিজের মতো করে খেলো। তিলক সুযোগ পেয়েছে এবং সেটা কাযে লাগিয়েচগে। ও আর ওর পরিবারের জন্য আমি খুব খুশি। প্রসঙ্গত, বুধবার প্রথমে ব্যাট করে ২১৯ করেছিল ভারত। তিলকের সেঞ্চুরি ছাড়াও ভালো রান করেন অভিষেক শর্মা। তিনটি চার এবং পাঁচটি ছয় সহ ২৫ বলে ৫০ করেন তিনি। প্রোটিয়াদের জয়ের আশা দেখাচ্ছিলেন হেনরিখ ক্লাসেন। তিনি আউট হতে আশায় জল পড়ে যায়। কিন্তু শেষ বেলায় অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছিলেন মার্কো জ্যানসেন। ১৭ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি, ভারত জিতে যায় ১১ রানে।

চলতি সপ্তাহ থেকেই শীতের আমেজ?

উইকেন্ডে শহর কলকাতায় হাওয়া বদল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ঘন কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গের কিছু এলাকা। রাজ্যে বৃষ্টির সম্ভবনা আপাতত নেই। দার্জিলিঙয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া? শহর কলকাতায় সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ শুরুর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ।মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া,বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা।পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই পারা পতন। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী পাঁচ দিনে‌ তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। উইকেন্ডে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন লহমা!

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। আর এই খবর সামনে আসার পরই তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কী হল অভিনেত্রীর? জানা যাচ্ছে, শুটিং ফ্লোরে নাচ করতে গিয়ে চাপ পড়ে তাঁর ডান পায়ের বুড়ো আঙুলের নখ মাংসের মধ্যে ঢুকে যায়। আর যার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রীকে। আপাতত অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। অভিনেত্রী হাসপাতালে ভর্তি তা নিজেই লহমা জানান সোশ্যাল মিডিয়াতে। একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী, সেখানে দেখা যায় লহমার হাতে স্যালাইনের চ্যানেল। জানা যাচ্ছে, মঙ্গলবার ‘চালচিত্র’ ছবির একটি বিশেষ গানের শুটিং চলছিল পরিচালক প্রতিম ডি’গুপ্তর অধীনে। গানের শুটিংয়ে উপস্থিত ছিলেন দুই অভিনেতা টোটা রায়চৌধুরী এবং শান্তনু মহেশ্বরী। সেই গানেরই অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন লহমা। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী লেখেন, “সেটে দিনটা অন্যভাবে পরিকল্পনা করেছিলাম, কিন্তু কী হয়ে গেল। দুর্ঘটনা ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়ে গিয়েছে এবং আমি ভালই আছি।’’ তবে জানা যাচ্ছে আপাতত লহমা ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। এমনকি হাসপাতাল থেকেও ছাড়া পেয়ে গেছেন তিনি। ঘরেই বিশ্রামে আছেন অভিনেত্রী।

অস্ত্র কারখানার হদিশ কলকাতা পুলিশের

আশেপাশের সবাই জানতেন সেখানে তৈরি হয় খাবার থালা। আচমকাই সেখানে পুলিশে ছয়লাপ। কলকাতা পুলিশ, বিহার পুলিশের গাড়ির সাইরেন। রাতের অন্ধকারে চমকে ওঠেন এলাকার মানুষ। ঘটনা তাজ্জব সবাই। জানা গেল, সেই খাবার থালা তৈরির আড়ালে মাটির নীচে রয়েছে গোপন সুড়ঙ্গ। সেখানেই তৈরি হত ভয়ঙ্কর সব মারণাস্ত্র। পুলিশ উদ্ধার করল প্রচাুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় দুজন গ্রেফতার। সেখান থেকে অস্ত্র আসত এই রাজ্যে সেই সূত্রে এই পুলিশি অভিযান। ভিন রাজ্যে গিয়ে মাটির তলায় থাকা অস্ত্র কারখানার হদিশ বার করার সাফল্য কলকাতা পুলিশের। বিহারের ভাগলপুরের পর এক মাসের মাথায় ফের বিহারে ঢুকে অস্ত্র কারখানার নাগাল ভারতের ‘স্কটল্যান্ড ইয়ার্ডের’। ধৃত কারখানা মালিকের নাম মহম্মদ মোনাজির হুসেন ও তাঁর শ্যালক মহম্দ নাসিম। বুধবার রাতে বিহারের তারাপুরের ঘটনা। এই ঘটনায় কলকাতা পুলিশের এসটিএফকে সাহায্য করেছে বিহার এসটিএফ, স্থানীয় তারাপুর থানার পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে হানা লালবাজারের। দীর্ঘদিন ধরে সেখানে আগ্নেয়াস্ত্র তৈরি হত। বন্দুকের যান্ত্রাংশও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখান থেকে উদ্ধার হয়েছে, ৬টি ৭ এমএম পিস্তলের যন্ত্রাংশ। পিস্তলের বাট, ড্রিলিং মেশিনও উদ্ধার হয়েছে। অভিযোগ, ঝাড়খণ্ড ও বিহারে বেআইনিভাবে তৈরি হওয়া সেই সব আগ্নেয়াস্ত্র এই রাজ্যে ঢোকে। গত তিন বছরে ওই দুই পড়শি রাজ্যে এই নিয়ে ১৪তম অস্ত্র কারখানার হদিশ।

‘বাজিগর ২’ করবেন শাহরুখ?

ওয়েব ডেস্ক: বাজিগর আজও নব্বই দশকের নস্টালজিয়া। ২০২৪ যখন তাঁর ‘পাঠান’ বা ‘জওয়ান’ অবতারে শাহরুখ খানকে নিয়ে যখন বুঁদ, তখন আরও এক বার স্মৃতি উস্কে যদি ১৯৯৩ সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন, কেমন হবে? একটু খুলেই বলা যাক, ‘বাজিগর ২’ তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। আর সেই ঘটনাই নাকি ঘটাতে চলেছেন প্রযোজক রতন জৈন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের কানে ইতিমধ্যেই তিনি বিষয়টি তুলে দিয়েছেন। ছবিটি যে হবেই, সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন সাংবাদিকদের। পাশাপাশি এ-ও জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে কিং খানের উপরে। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি ‘বাজিগর ২’ বানাবেন। শাহরুখ যদি নায়ক হতে রাজি হন, তাহলে নায়িকা? এই প্রশ্নের উত্তর সাংবাদিকেরা স্পষ্টভাবে দেননি প্রযোজক। তিনি এখনই পুরোটা ভাঙতে চাননি। বদলে জানিয়েছেন, আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকিটা শাহরুখের উপরে নির্ভর করছে।

সামান্থার জায়গায় শ্রীলীলা

ওয়েব ডেস্ক: ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির সাফল্যে বড় ভূমিকা ছিল একটি গানের— ‘উঁ অন্তভা’। শুধু গানের কথা বা সুর নয়, তারই সঙ্গে জুড়ে গিয়েছিল দক্ষিণী নায়িকা সামান্থা প্রভুর বিভঙ্গ, তাঁর আবেদনে উত্তাল হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। কিন্তু ‘পুষ্পা ২’ ছবিতে দেখা যাবে না সামান্থাকে। তাঁর জায়গায় এ বার দেখা যাবে দক্ষিণের আর এক অভিনেত্রী শ্রীলীলাকে। মিনিট তিনেকের গানে নাচবেন। ওই ৩ মিনিটের গানের জন্যই সামান্থা পেয়েছিলেন ৫ কোটি টাকা। তবে শ্রীলীলাকে দেওয়া হবে মাত্র ২ কোটি টাকা। কে এই শ্রীলীলা? দক্ষিণী ছবির জগতে জনপ্রিয় মুখ শ্রীলীলা। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাঁর গান ‘কুর্চি মাধাথাপেট্টি’। এ গানের চিত্রায়ণে তাঁর বিপরীতে রয়েছেন মহেশ বাবু।   View this post on Instagram   A post shared by Sreeleela (@sreeleela14)

পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষমেলা

ঐতিহ্য ও প্রথা মেনে এবারও বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষমেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে গতবারের মতো আর রাজ্য সরকার নয়, সম্পূর্ণ বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট শান্তিনিকেতন পৌষমেলা পরিচালনা করবে। এদিন বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরীতে বিশ্বভারতীর ডাকা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ তরফ থেকে শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত নিয়ে বুধবার বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরীতে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য, কর্মসচিব, আধিকারিক, কর্মীবৃন্দ, কর্মী পরিষদের সদস্যরা। ঘন্টা তিনেক বৈঠকের পর মেলা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, চলতি বছর শান্তিনিকেতন পৌষ মেলা পূর্বপল্লীর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তবে আর রাজ্য সরকার নয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট সম্পূর্ণ পৌষ মেলা পরিচালনার দায়িত্ব থাকবে। প্রসঙ্গত গতবছর বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষ মেলা পরিচালনা করেছিল রাজ্য সরকার।

উপনির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী?

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন— সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া। লড়াইয়ে রয়েছে তৃণমূল এবং বিজেপি। অন্য দিকে, এ বারের নির্বাচনে কংগ্রেস এবং বামেদের মধ্যে জোট না হওয়ায় দুই দলই লড়ছে আলাদা আলাদা। হাড়োয়া আসনটি আবার বামেরা ছেড়েছে আইএসএফ-কে। সিতাই তৃণমূল: সঙ্গীতা রায় বিজেপি: দীপক রায় কংগ্রেস: হরিহর রায় বামফ্রন্ট: অরুণকুমার বর্মা (ফরওয়ার্ড ব্লক) মাদারিহাট তৃণমূল: জয়প্রকাশ টোপ্পো বিজেপি: রাহুল লোহার কংগ্রেস: বিকাশ চম্প্র মারি বামফ্রন্ট: পদ্ম ওঁরাও (আরএসপি) মেদিনীপুর তৃণমূল: সুজয় হাজরা বিজেপি: শুভজিৎ রায় কংগ্রেস: শ্যামল কুমার ঘোষ বামফ্রন্ট: মণিকুন্তল খামরুই (সিপিআই) তালড্যাংরা তৃণমূল: ফাল্গুনী সিংহবাবু বিজেপি: অন্যন্যা রায় চক্রবর্তী কংগ্রেস: তুষারকান্তি সন্নিগ্রহী বামফ্রন্ট: দেবকান্ত মহান্তি (সিপিএম) হাড়োয়া তৃণমূল: শেখ রবিউল ইসলাম বিজেপি: বিমল দাস কংগ্রেস: হাবিব রাজা চৌধুরী আইএসএফ: পিয়ারুল ইসলাম (বাম সমর্থিত) নৈহাটি তৃণমূল: সনৎ দে বিজেপি: রূপক মিত্র কংগ্রেস: পরেশনাথ সরকার বামফ্রন্ট: দেবজ্যোতি মজুমদার (সিপিএমএল-(লিবারেশন))

ভোট শুরু হতেই হাড়োয়ার উত্তেজনা

ওয়েব ডেস্ক: বাংলার ছয় বিধানসভা আসনে উপনির্বাচন বুধবার। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথ এবং স্ট্রংরুমের বাইরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোন বিধানসভা কেন্দ্রে কত বাহিনী থাকবে, তা-ও জানিয়ে দিয়েছে কমিশন। আগামী ২৩ নভেম্বর এই ছয় আসনের ভোটগণনা। ভোট শুরু হতেই উত্তেজনা ছড়াল হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে। বুধের মধ্যেই বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূলের বুথ এজেন্ট। বিমলের দাবি, দরজার পাশের ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। আপত্তি জানান ওই বুথের তৃণমূলের এজেন্ট। তখনই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শুধু বুথের ভেতরে নয়, বাইরেও উত্তেজনা ছড়ায়। দু’দলের কর্মী-সমর্থকেরা জড়ো হয় বুথের বাইরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। জটলা সরিয়ে দেয় তারা।

ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট

ওয়েব ডেস্ক: ঝাড়খণ্ডের মসনদ নিজেদের দখলে রাখতে পারবে না কি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়বে? সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২৩ নভেম্বর। তার আগে বুধবার বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ৮১ আসনে ঝাড়খণ্ডে প্রথম দফায় ৪৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। বুধবার ভাগ্যপরীক্ষা ৬৮৩ জন প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ১৫ হাজার ৩৪৪ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ঝাড়খণ্ডে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিশেষ নজর মাওবাদী উপদ্রব এলাকায়। সেখানে বুথ পাহারা থেকে শুরু করে এলাকায় এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।