শামি কি অস্ট্রেলিয়া যাবেন?

মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami)। প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই এই পারফরম্যান্সের পর শোরগোল উঠেছে, শামিকে কেন অস্ট্রেলিয়ায় পাঠানো হবে না? বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) দীর্ঘ পাঁচ টেস্টের সিরিজ। তাই অনেকেই আশায় আছেন, তৃতীয় কিংবা চতুর্থ টেস্টের সময় তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। শামিকে নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। তিনি স্বীকার করেছেন যে শামির প্রত্যাবর্তন ভারতের জন্য বিরাট সুখবর। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁকে খেলানো হবে কি না তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। বরং আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ডানহাতি পেসারকে সবরকম সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন মর্কেল। ভারতের বোলিং কোচ বলেন, “আমরা শামির উপর নজর রেখে চলেছি। ও প্রায় এক বছর মাঠের বাইরে ছিল। খেলায় ফিরেছে সেটা আমাদের জন্য বড় জয়। দলে ফিরতে কীভাবে ওকে সাহায্য করতে পারি? ভারতে আমাদের প্রতিনিধিরা কাজ করে চলেছে। শামি একজন বিশ্বমানের বোলার।” মর্কেলের কথাতে মোটামুটি পরিষ্কার, অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না শামির।

রাজ্যজুড়ে ঘন কুয়াশা, শীতের দাপট

শীতের দাপট শুরু না হলেও রাজ্যজুড়ে পারদের পতন ঘটেছে। ইতিমধ্যে উত্তরে হাওয়ার প্রভাব দেখা যাচ্ছে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের মতো আগামী সপ্তাহের শুরু পর্যন্ত শুষ্ক আবহাওয়ার ধারা অব্যহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবারও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বুধবার এবং বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। অন্যদিকে, ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি পরবর্তী দু’দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তাই এখনও কোনওরূপ সতর্কতা জারি করা হয়নি।

‘বাঘি ৪’-এ টাইগারের চমক

‘সিংহম এগেইন’ এর সাফল্যের মাঝেই ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজি  নিয়ে আসছেন টাইগার শ্রফ (Tiger Shroff)। তবে এবার একেবারে ভিন্ন লুকে দেখা গেল তাঁকে।  সোম সকালে টাইগারের এহেন লুকে নেটপাড়ায় শোরগোল। ‘বাঘি ৩’ ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েল-এর কথা। এবার বাঘি-৪ এর লুক প্রকাশ্যে এল। পরিচালক এ হর্ষা সোমবার থেকে টাইগার শ্রফকে নিয়ে শুটিং শুরু করলেন।  ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমা। টাইগারের লুক দেখে নিন্দুকরা আবার ‘অ্যানিমেল’-এর রণবীর কাপুরের খল চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেলেন! ‘বাঘি ৪’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই হইচই টাইগারের অনুরাগীদের মধ্যে। ওই পোস্টারে তাঁকে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেতাকে। হাতে দৈত্যকার ‘বুচার নাইফ’। আরেক হাতে মদের বোতল। ঠোঁটে ধরা সিগারেট। চারদিকে রক্তগঙ্গা। কোমডের উপর বসে টাইগার।

জয়ে ফিরতে মরিয়া মেসির আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifying) একেবারেই ভালো পারফরম্যান্স নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের (Brazil)। ১১টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনা, উরুগুয়ে এবং কলম্বিয়ার পর চতুর্থ স্থানে আছে তারা। দিনকয়েক আগে ভেনিজুয়েলার বিরুদ্ধে ১-১ ড্র করেন ভিনিসিয়াস জুনিয়ররা (Vinicius Jr)। ভিনি নিজে পেনাল্টি নষ্ট করেন। ভারতীয় সময় বুধবার ভোর ৬.১৫টায় শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে খেলার আগে দলের পাশে থাকতে সমর্থকদের উদ্দেশে আবেদন জানালেন অধিনায়ক মারকুইনহোস (Marquinhos)। পিএসজি ডিফেন্ডার বলেন, “এমন অনেক কিছুই ঘটেছে যার ফলে জাতীয় দলের প্রতি আশা হারিয়েছেন সমর্থকরা, আমরা তবু অনুরোধ করব, তাঁরা যেন দলের প্রতি আবেগ হারিয়ে না ফেলেন।” হেড কোচ ডোরিভাল জুনিয়র জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন বেশিদিন হয়নি। তাছাড়া দল এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। মারকুইনহোস এ সময়ে সমর্থকদের বলছেন আস্থা রাখতে।

মেটাকে বিপুল জরিমানা ভারতীয় কমিশনের

মার্ক জুকারবার্গ-এর (Mark Zuckerberg) বহুজাতিক সংস্থা মেটা-কে ২১৩ কোটি টাকা জরিমানা করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। একই সঙ্গে হোয়াটসঅ্যাপের (WhatsApp) তথ্য নিজেদের অন্য কোনও সংস্থায় হস্তান্তরেও নিষেধাজ্ঞা জারি। মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন এবং তার সাবসিডিয়ারি হোয়াটসঅ্যাপকে নিজেদের অন্য কোনও সংস্থায় সংগৃহীত তথ্য হস্তান্তরে নিষেধাজ্ঞা। সেই সঙ্গে ওই জরিমানা। কোনও সমাজমাধ্যম সংগঠনকে ‘কমপিটিশন ল’ বা প্রতিযোগিতামূলক আইনভঙ্গের অভিযোগে এই প্রথম এমন জোরদার সাজার ঘটনা। সোশ্যাল মিডিয়ার (Social Media) বাজারে মেটার জোরদার উপস্থিতিকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি ২০২১ সালে বদল করাকে আপত্তি জানিয়ে অভিযোগ ওঠে। পরিবর্তিত নীতিতে মেটার বক্তব্য ছিল ‘টেক ইট অর লিভ ইট’। অর্থাৎ সম্ভাব্য ক্রেতার প্রতি মেটার বার্তা- ইচ্ছে হলে নাও, না হলে পথ দেখো। আর এই নীতির হাত ধরে এমন সোশ্যাল মিডিয়ার হাত ধরে যে তথ্য তারা সংগ্রহ করে চলেছে, তা মেটা গোষ্ঠীর অন্যান্য সংস্থাতে হস্তান্তরের অবাধ ব্যবস্থা গড়ে তুলেছে বলে অভিযোগ। যে ব্যবস্থাতে পরিষেবা গ্রহীতার আপত্তি জানানোর কোনও সুযোগ নেই। দ্বিতীয়ত, এই নীতি হোয়াটসঅ্যাপের ২০১৬ সালের অবস্থান থেকে সম্পূর্ণ সরে আসা। তখন হোয়াটসঅ্যাপের তথ্য ফেসবুকে শেয়ার না করার সুযোগ ব্যবহারকারীর ছিল। সিসিআইয়ের অভিমত,এই পরিবর্তনের হাত ধরে মেটা সম্পর্কিত বাজারে আধিপত্য বিস্তারের একচেটিয়া সুযোগ নিয়েছে, বিশেষত অনলাইন বিজ্ঞাপনের বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায়। প্রসঙ্গত, প্রতিযোগিতামূলক ব্যবস্থাকে এড়িয়ে অ্যান্ড্রয়েড ফোন এবং প্লে স্টোরের মাধ্যমে গুগল অন্যায় সুযোগ নিচ্ছে বলে এর আগে ওঠা অভিযোগেও ব্যবস্থা নিয়েছিল সিসিআই।

শীতের শুরুতেই দাম বেশি শাক-সবজির!

বিগত দু’দিন ধরেই শীতের আমেজ অনুভূত হচ্ছে শহর কলকাতায়। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে পারদের পতন ঘটেছে উল্লেখযোগ্যভাবে। আর শীতকাল মানেই বাঙালির কাছে ভ্রমণ এবং খাওয়াদাওয়া। কিন্তু এবার শীতের শুরুতে বাঙালির পেটপুজোয় পড়তে পারে পকেটের টান। নেপথ্যে শীতের বাজারদর। শীতে সবজির ফলন কম হওয়ায় স্বাভাবিকভাবে যোগান কম। ফলে চড়া দামে সবজি কিনতে হচ্ছে। আর তাতেই নাজেহাল আমজনতা। টাস্ক ফোর্সের নজরদারিকে উপেক্ষা করেই আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে রয়েছে। উল্লেখ্য, কলকাতার বাজারে বর্তমানে পালং শাকের দাম কেজিপ্রতি ৬০ টাকা, মুলোর দাম কেজিপ্রতি ৬০ টাকা,  কড়াইশুঁটির দাম কেজিপ্রতি ২০০ টাকা,  সিমের দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপির দাম প্রতি পিস ৩০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা কেজি, গাজরের দাম কেজিপ্রতি ১০০ টাকা, ধনেপাতার দাম ১৫-২০ টাকা ১০০ গ্রাম, জ্যোতি আলুর দাম কেজিপ্রতি ৩২ টাকা, চন্দ্রমুখী আলুর দাম কেজিপ্রতি ৩৫ টাকা, পেঁয়াজের দাম কেজিপ্রতি ৬৫ টাকা। অন্যদিকে মাছ, মাংস ও ডিমের দাম তো এমনিতেই শীতকালে বেশী থাকে। পিকনিকের মরশুম শুরু হওয়ার আগেই বাজারের এমন আগুন দাম মধ্যবিত্ত ক্রেতাদের কপালে ভাঁজ ফেলছে।

দিল্লিতে বন্ধ স্কুল, ওয়ার্ক ফ্রম হোম

রাজধানী যেন গ্যাস চেম্বার। দিল্লি (Delhi Air Pollution)-এনসিআর-এর বাতাস হয়ে উঠেছে বিষাক্ত। বায়ু দূষণ এতটাই বেড়েছে যে AQI মাত্রা ৫০০  ছাড়িয়ে গেছে এবং বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।  শ্বাস নিতে গেলেই দম বন্ধ হয়ে আসছে। দিল্লির চারিদিক ঢেকেছে ধোঁয়ায়। কম দৃশ্যমানতার কারণে ব্যাহত হচ্ছে যান থেকে ট্রেন ও বিমান চলাচলও। কম দৃশ্যমানতার কারণে দেরিতে উড়েছে শতাধিক বিমান। ৩টি বিমানের শিডিউল বাতিলও করা হয়েছে। সবমিলিয়ে দূষণের জেরে বেহাল দশা দিল্লির আমজনতার।দশম-দ্বাদশ শ্রেণি বাদে বাকি সমস্ত ক্লালের পড়ুয়াদের স্কুলে আসেন না করা হয়েছে। তাদের অনলাইনে ক্লাসের ঘোষণা করেছে আপ সরকার। সরকারি কর্মীদের আপাতত ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাতাসের গুণমান নির্ধারণের জন্য দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছে ৩৫টি পর্যবেক্ষণ কেন্দ্র। তার মধ্যে ২২টি পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের গুণমান সূচক ধরা পড়েছে ‘বিপজ্জনক’ পর্যায়ে। নয়ডার বায়ু ৩৮৪  AQI, ফরিদাবাদ ৩২০ AQI রেকর্ড করেছে। গাজিয়াবাদ এবং গুরুগ্রাম যথাক্রমে ৪০০ এবং ৪৪৬ এর AQI। দমবন্ধ বাতাসে মানুষের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেজ্ঞরা। বায়ু দূষণ শুধু ফুসফুসেরই নয়, শরীরের অন্যান্য অঙ্গেরও মারাত্মক ক্ষতি করতে পারে। ধোঁয়াশার কারণে দিল্লির রাস্তায় গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকেরা। পরিস্থিতি সামাল দিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ চালু করেছে দিল্লি সরকার। এই মুহূর্তে ট্রাকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও ধরনের নির্মাণ কাজ এই মুহূর্তে করা যাবে না।

কলকাতায় তাপমাত্রা আরও কমল

ঠাণ্ডা চাদর গায়ে মেখে ভোর হচ্ছে তিলোত্তমার। সকাল থেকেই শীত শীত ভাব। তার সঙ্গে বেশ হাওয়া দিচ্ছে। সব মিলিয়ে একটা সুন্দর আবহাওয়া কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। গ্রীষ্মকালে যেভাবে গলদঘর্ম হতে হয়েছে, এবার শীতল আবহাওয়া অনেকটাই স্বস্তি দিচ্ছে। স্যুটকেস থেকে গুটি গুটি পায়ে বের হচ্ছে, শাল-সোয়েটার, কম্বল। ফের শীতের দুপুরে মাদুর পেতে কমলালেবু খাওয়ার দিন চলে এসেছে। লা-নিনার প্রভাবে এবার শীত ভালো কাবু করবে। গোটা দেশেই এর প্রভাব পড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  পারদ পতন শুরু হয়েছে। আজ সপ্তাহের প্রথম দিনেই তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে।  শীতের প্রথম স্পেলেই শান্তিনিকেতন ও পুরুলিয়ায় ১৩ ডিগ্রির ঘরে পারদ নেমেছে। শীত এবার ভালোই ব্যাটিং করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে আপাতত রোজই হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে আস্তে আস্তে পরিষ্কার হবে আকাশ। চলতি সপ্তাহে এইরকম তাপমাত্রাই থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে।

‘পুষ্পা ২’ ট্রেলার লঞ্চ, পাটনায় কী হল?

মুক্তির ১৭ দিন আগে বহু প্রতিক্ষীত পুষ্পা ২ ট্রেলার লঞ্চ হল। ছবির ট্রেলার লঞ্চে চমক রাখলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। আল্লুর ছবি প্রক্ষাগৃহে মুক্তি মানেই তাঁর ভক্তদের কাছে উৎসব। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সশরীরের উপস্থিত ছিলেন অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা। তাঁদের দেখতে লাখো লাখো মানুষের ভিড় জমেছিল বিহারের গান্ধী ময়দান চত্বরে। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লু। তিনি অনুরাগীদের উদ্দেশে আরও বলেন, “আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, পুষ্পাকে এই পর্যায় ভালবাসা দেখানোর জন্যে। স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখার লোভ সামলাতে পারলেন না অধিকাংশই। হুল্লোরে ফেটে পড়লেন সকলে। বেসামাল পরিস্থিতি সৃষ্টি হয়। তারই মাঝে কথা বলে উঠলেন আল্লু। আরই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের। রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে এল বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর ট্রেলার। সমগ্র ট্রেলার জুড়ে রয়েছে মারকাটারি অ্যাকশন, রোম্যান্স আর কিছু জবরদস্ত সংলাপ। ট্রেলারে জুড়ে রয়েছে ঘোষণা ‘পুষ্পা শুধু নাম নয়, পুষ্পা একটা ব্র্যান্ড’। সঙ্গে চোর-পুলিশের খেলা জারি রয়েছে পুষ্পার। পুষ্পাকে দিনমজুর থেকে লাল চন্দন চোরাকারবারি থেকে গ্যাংস্টর হওয়া গল্প তুলে ধরা হয়েছিল প্রথম পর্বে। রাজপাট কীভাবে সামলাবে সে? সেই গল্প বলবে পুষ্পা-২। দুই মিনিট ৪৭ সেকেন্ডেরে ট্রেলারে মুগ্ধ ভক্তরা। দু’বছর পর ফের পুষ্পা রাজের ঝলক দেখতে পেয়ে উত্তেজিত আল্লু অনুরাগীরা। ট্রেলার দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘গুজবাম্পস!’ কেউ বলছেন, ‘উফ! আর অপেক্ষা করতে পারছি না।

প্রোটিয়া স্পিনারের সঙ্গে আজব মিল বুমরার

ভারতীয় পেসার জসপ্রীত বুমরা এবং দক্ষিণ আফ্রিকান স্পিনার তবরেজ শামসির মধ্যে এক দারুণ মিল। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে (T20 Internationals) দু’জনের পরিসংখ্যানে হুবহু মিল। বিষয়টি একেবারেই কাকতালীয়। শামসি নিজেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ঘটনা ঠিক কী? শামসি দেশের হয়ে ৭০টি টি২০ ম্যাচ খেলেছেন। বুমরা ভারতের হয়ে ঠিক ৭০টিই ম্যাচ খেলেছেন। তাঁদের দুজনেরই সংগ্রহে রয়েছে ৮৯টি করে উইকেট। এ পর্যন্ত তবু ঠিক ছিল, সমসংখ্যক ম্যাচে দুইজন ক্রিকেটারের সমসংখ্যক উইকেট কিংবা রান না হওয়ার কিছু নেই। কিন্তু কী অদ্ভুত বিষয় শামসি এবং বুমরা দুজনেই ঠিক ১৫০৯টি করে ডেলিভারি করেছেন। দুই বোলারের সমসংখ্যক ম্যাচ, উইকেট এবং ডেলিভারি এর আগে কখনও হয়েছে কি না সন্দেহ। আর সমসংখ্যক ডেলিভারিতে সমসংখ্যক উইকেট পাওয়ার অর্থ তাদের স্ট্রাইক রেটও এক— ১৬.৯। শামসি নিজেও এ নিয়ে টুইট করে বিস্ময় প্রকাশ করেছেন। বুমরা অবশ্য এখনও এ নিয়ে কিছু বলেননি। চারটি পরিসংখ্যান এক হলেও বাকি তিনটির আলাদা। যেমন বুমরার সেরা বোলিং ফিগার ৭ রান দিয়ে তিন উইকেট। শামসির সেরা বোলিংয়ের হিসেব ৫/২৪। শামসির বোলিং গড় ২০.৮৯ এবং বুমরার ১৭.৭৪। ইকোনমির ক্ষেত্রেও প্রোটিয়া স্পিনারের থেকে এগিয়ে বুমরা, শামসির ৭.৩৯ এবং বুম বুম বুমরার ৬.২৭।