বিপুল ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী

কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রে ৪ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে। পেলেন প্রায় ৭০ শতাংশ ভোট। মাত্র ছ’মাস আগে ওই আসনে তাঁর দাদা রাহুল ওয়েনাড়ে জিতেছিলেন ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে। তাঁর ঝুলিতে গিয়েছিল প্রায় ৬০ শতাংশ ভোট। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পরে উত্তরপ্রদেশের রায়বরেলী ধরে রেখে ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দেন তিনি। তাই সেখানে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে জয়ের ব্যবধানের নিরিখে শনিবার বাবা রাজীব গান্ধী এবং ঠাকুমা ইন্দিরা গান্ধীকেও ‘হারিয়েছেন’ প্রিয়ঙ্কা। তবে সামান্য ব্যবধানে ‘হেরেছেন’ মা সনিয়ার কাছে।
দিনের শুরুতেই মেট্রো বিভ্রাট

ব্যস্ততম দিনের সময়ের শুরুতেই মেট্রো (Metro) বিভ্রাট। নাকাল হলেন যাত্রীরা। শনিবার সাতসকালেই এই বিপত্তি ঘটে। দমদম থেকে কবি সুভাষমুখী মেট্রোর ডাউনলাইনে বিভ্রাট বলে জানা যায়। যাত্রীদের শোভাবাজার মেট্রো স্টেশনে নামিয়ে দেওয়া হয়। কিন্তু প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল আটকে ছিল। সকাল ৭ টা ৫ নাগাদ দমদম থেকে ছেড়েছিল মেট্রোটি। শোভাবাজার পর্যন্ত গিয়েই সেটি থমকে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। কিছু না বোঝার আগেই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। যদিও আপ লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল বলে দাবি করা হচ্ছে মেট্রোর তরফে। মেট্রোর কর্তারা জানিয়েছেন, ডাউন লাইনে বিদ্যুতের বিভ্রাটের কারণেই এই সমস্যা। এদিকে সমস্যার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসেন মেট্রোর ইঞ্জিনয়ররা। পরে ৭.৪৩ নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়।
কোথায় দেখবেন এশিয়া কাপের ম্যাচ?

এশিয়া কাপ নিয়ে টালবাহানা অব্যহত। তবে এর মাঝেই বড় ঘোষণা করলেন জয় শাহ। আসন্ন এশিয়া কাপের প্রতিটি ম্যাচ কোথায় দেখা যাবে, সেই নিয়ে অবশেষে নেওয়া হল সিদ্ধান্ত। আসলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া-র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব এশিয়া কাপ টুর্নামেন্টের একচেটিয়াভাবে সম্প্রচার করার অধিকার পাবে সনি পিকচার্স নেটওয়ার্কস। সম্প্রতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর তরফ থেকে জানানো হয়েছে, এই চুক্তিটি আগের সম্প্রচার অধিকার চক্রের তুলনায় ৭০ শতাংশ বেশি মূল্যবান। সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে এএসিসি বলেছে, এই অংশীদারিত্ব দর্শকদের ক্রিকেট দেখার দারুন অভিজ্ঞতা প্রদান করবে। পাশাপাশি, এটি এশিয়ান ক্রিকেটের জন্য নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তি এশিয়ান ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি, এটি ক্রিকেট ভক্তদের জন্যও একটি বড় খবর হতে চলেছে। কারণ, অনেকেই এশিয়া কাপ দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
শুভশ্রীর মেকআপ কে করছে দেখুন

গত বছর নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মেয়ের জন্মের দু’মাসের মাথায় শ্যুটিং ফ্লোরেও ফেরেন নায়িকা। ছেলে ইফভানের জন্মদিনে মেয়ে ইয়ালিনির ছথবি প্রকাশ্যে আনেন শুভশ্রী। ইউভানকে বহুবার বাবা-মায়ের শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছে। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই শুভশ্রী জানিয়েছেন দুই সন্তান আসলে কেমন? ইউভান আর ইয়ালিনির স্বভাব প্রসঙ্গে দুটি ডাইনোসরের ছবি দেন শুভশ্রী। তাঁর প্রথম সন্তান এক্কেবারে শান্তশিষ্ট ছোট্টটি বেজায় দুষ্টু। এবার মায়ের সঙ্গে শ্যুটিংয়ে গেল ইয়ালিনি (Subhashree Daughter Yaalini)। মেকআপ রুমের একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। মায়ের মেকআপের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিল ইয়ালিনি। ব্রাশ ধরে চলল তাঁর কারনামা। মেয়ের সেই মিষ্টি ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শুভশ্রী। পরনে সাদা হার্ট ইমোজি আঁকা গোলাপি কো-অর্ড সেট। চুলে মিষ্টি ঝুঁটি আর পায়ে সাদা জুতো, মায়ের কোলে ইয়ালিনিকে। নেটিজেনরা এই ছবি দেখে ইয়ালিনিকে ‘খুদে হিরোইন’ এর তকমা দিল। View this post on Instagram A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)। ওই আদালত বৃহস্পতিবার জানিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে হামাস নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে, ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে। সাম্প্রতিক কালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইরানের পারমাণবিক ঘাঁটিতে একাধিক আঘাত হানার অভিযোগ। সর্বশেষ, পার্শিন অঞ্চলে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে তেল আভিভ। নেতানিয়াহুর লক্ষ্য, এই উত্তেজনাকে সরাসরি যুদ্ধে রূপান্তরিত করে পশ্চিমা মিত্রদের মধ্যপ্রাচ্যে টেনে আনা। তেহরানের ওপর আঘাত হানতে বারবার সীমা অতিক্রম করছে ইজরায়েল, যা ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য করছে।
আমলকির গুন জানেন?

শীতকালে কবে আসবে সুপর্ণা? সেই মধুর শীতকাল (Winter) আসার চিন্তার সঙ্গে এখন অবশ্য শীতের অনাকাঙ্খিত অতিথির মতো হাজির হচ্ছে দূষণও (Pollution)। যাতে জেরবার শুধু রাজধানী দিল্লি নয়, রিপোর্টে প্রকাশ, কলকাতা সহ দেশের অন্য শহরগুলিও। যার জেরে শুধু বিষাক্ত নিঃশ্বাস নিতে হচ্ছে তাই নয় ত্বকের উপর পড়ছে মারাত্মক প্রভাব। এমনিতেই শীতে ত্বক রুক্ষ হয়ে যায়। সেখানে কী করা উচিত অনেকে ভেবে পাচ্ছেন না। বাজারে প্রচুর ওষুধ থাকলেও অনেকে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে ওষুধ ব্যবহার করতে চান না। সেখানেই মুশকিল আসান হতে পারে এক টুকরো আমলকি। যা চিরকালীন ভারতীয় পথ্য। যা পাতে স্বাদের বাহার বাড়াবে একইসঙ্গে ত্বক, চুলকে সতেজ রাখবে। এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেরকমই আমলকির আচারের একটি নতুন রিল ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। যেখানে পশ্চিমী বিশ্বে কীভাবে আমলকির আচার তৈরি হচ্ছে তার একটি ভিডিও জনপ্রিয় হয়েছে। শীত এবং দূষণ প্রায়শই আমাদের জীবনযাত্রার সমস্যা বাড়িয়ে দিচ্ছে। অত্যধিক চুল পড়া, ত্বকে কালচে ভাব, ত্বকে ব্রণ বা ছিদ্র এবং অন্ত্রের সমস্যা দেখা দিচ্ছে। আমলা ভিটামিন সি সমৃদ্ধ, যা বিশেষজ্ঞদের মতে আমাদের ত্বক ও চুলে পুষ্টি জোগায়। ডায়েটিশিয়ান নাহিদ খিলজি জানিয়েছেন, ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে শক্ত রাখতে, বলিরেখা কমাতে সাহায্য করে। স্থিতিস্থাপকতা উন্নত করতে ও আর্দ্রতা কমাতে এবং সতেজ করতে কোলাজেন উৎপাদন বাড়িয়ে সাহায্য করে। আমলায় প্রদাহ রোধের বৈশিষ্ট্যও রয়েছে। ব্রণ, লালভাব বা জ্বালা কমাতে সাহায্য করে। ভিটামিন সি কালো দাগ কমিয়ে ত্বকের টোন ভালো করতেও সাহায্য করে। পুষ্টিবিদ ভাবনা গর্গ, ত্বক এবং চুল সহ আমলার বিভিন্ন উপকারিতার কথা জানিয়েছেন।
উচ্চ মাধ্যমিকের অনলাইন এনরোলমেন্ট শুরু

কাউন্ট ডাউন শুরু। ইংরেজি নতুন বছর শুরু হলেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। আগামী বছর, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন এনরোলমেন্টের (Online Enrolment) দিন ঘোষণা হল। আগামী ২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ওই প্রক্রিয়া চলবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ জানিয়েছে, ওই নির্ধারিত দিনের মধ্যে স্কুলগুলি এনরোলমেন্ট করলে কোনও জরিমানা দিতে হবে না। স্কুলগুলিকে সংসদের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর থেকে। তা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সংসদের জেলাভিত্তিক অফিসে আগামী ২৭ নভেম্বর স্কুলগুলিকে দেওয়া হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষা শেষ হলে স্কুলগুলোকে উত্তরপত্র সংরক্ষণ করে রাখার নির্দেশ। সংসদ প্রয়োজন মতো সেই উত্তরপত্র সংগ্রহ করে নেবে বলে জানানো হয়েছে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
পার্থ টেস্টে প্রভাব ফেলবে বৃষ্টি?

শুক্রবার ভারতীয় সময় সকাল ৭.৫০-এ শুরু হবে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)। ভারত এবং অস্ট্রেলিয়া, দুই যুযুধান প্রতিপক্ষ প্রথম টেস্টে মুখোমুখি হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে (Optus Stadium)। প্যাট কামিন্সের (Pat Cummins) সঙ্গে টস করতে নামবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রোহিত শর্মা (Rohit Shamra) না থাকায় তিনি এই ম্যাচে অধিনায়কত্ব করবেন। প্রশ্ন হল, কালকের টস কতটা গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দিনের খেলায় কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। বেঙ্গালুরুতে ৪৬ রানে অল আউটের বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। বৃষ্টিতে প্রথম দিনের খেলা বাতিল হয়েছিল, দ্বিতীয় দিন মেঘলা থাকা সত্ত্বেও টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। মেঘলা আবহাওয়ায় ম্যাট হেনরিদের সুইংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং লাইন আপ। বিরাট কোহলি (Virat Kohli) সহ পাঁচজন শূন্য করেছিলেন। আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু শুক্রবার পার্থ শহরেও বৃষ্টির সম্ভাবনা আছে। অনুশীলনের দিনগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। শুক্রবারও ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সুখবর হল, বাকি চারদিনে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে প্রথম দিনের পরিবেশ-পরিস্থিতি কেমন থাকে তার উপর টসের পরের সিদ্ধান্ত অনেকটা নির্ভর করবে। মেঘলা, স্যাঁতস্যাঁতে পরিস্থিতি থাকলে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া হতেই পারে।
ঘুষ-কাণ্ডে বিবৃতি দিয়ে কী জানাল আদানি গোষ্ঠী?

ভারতের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে। এ বার সেই ঘুষ-কাণ্ডে মুখ খুলল আদানি গোষ্ঠী। আমেরিকার বিচারবিভাগ এবং সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আদানি গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে সংস্থাটি জানিয়েছে, আদানি গ্রিন এনার্জির ডিরেক্টরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আদানি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার বিচারবিভাগই জানিয়েছে যত ক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে, তত ক্ষণ তাঁদের নির্দোষ বলে গণ্য করা হবে। বিষয়টি নিয়ে সংস্থার পক্ষ থেকে সমস্ত রকমের আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। আদানি গোষ্ঠী সব সময় আইন মেনেই চলেছে। স্বচ্ছতাই সংস্থার মূল মন্ত্র বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।
রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’

আসছে রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’। একের পর এক হিট ছবি। বুমেরাং, টেক্কা, এমনকি আসন্ন রিলিজ বিনোদিনী নিয়েও চর্চায় রয়েছেন রুক্মিণী। এবার নয়া ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। নতুন ছবি হাঁটি হাঁটি পা পা…তে দেখা যাবে রুক্মিণীকে। সদ্যই তিনি প্রকাশ করেছেন সেই ছবির মোশন পোস্টার। ব্যাক্তি বিশেষে বদলায় প্রেমের ধরণ। অন্য ধরনের প্রেম-ভালবাসার গল্প বলতে চলেছে অর্ণব মিদ্যে। প্রেম হোক বন্ধু প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ব বোধ, থাকে একে অপরের প্রতি শ্রদ্ধা। সেই ভালবাসার কথা বলবে হাঁটি হাঁটি পা পা। ছবিতে মূখ্য চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। রুক্মিণী কী লিখলেন সেই পোস্টার দেখিয়ে? পোস্টারে দেখা গিয়েছেস কোনও এক সমুদ্র তটের ছবি। যেখানে দেখা যাচ্ছে বালি এবং সমুদ্রের জলোচ্ছ্বাসের মেলবন্ধন, সঙ্গে দুটি পা। বড় পায়ের পাশে ছোট্ট একটি পা। ছবি দেখে বোঝা যাচ্ছে, সন্তান এবং মায়ের গল্প, তা নিয়েও আলোচনা তুঙ্গে।



