এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো কবে থেকে চালু?

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এই পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথ যদি জুড়ে যায় হাওড়া ময়দানের সাথে, তাহলে তা সোজা পৌঁছে যাবে সেক্টর ফাইভে। কিন্তু এই অংশের কাজ বহুদিন ধরেই বন্ধ। বারবার বউবাজারে বিপর্যয়ের কারণে মেট্রোর কাজ থমকে যায়। তবে মেট্রো সূত্রে জানানও হয়েছে, অবশেষে কাজ প্রায় শেষের মুখে এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যেকার সুড়ঙ্গের কাজ। বাকি শুধু লাইন পাতার কাজ। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানও হয়, জটিলতার কারণে বহুদিন ধরেই বন্ধ ছিল ওই লাইনের মেট্রো পরিষেবা। কিন্তু আগামী বছরের শুরুর দিকেই চালু হয়ে যেতে পারে ওই রুটের মেট্রো পরিষেবা বলে আসা দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি, কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল মেট্রোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন। কাজের অগ্রগতি দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামী বছর,অর্থাৎ ২০২৫ সালের প্রথম দিকেই গ্রিন লাইনের এই অংশের কাজ শেষ করে পরিষেবা চালু করা সম্ভব হবে।
কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে তিন দিন হয়ে গেল। কিন্তু কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। একদিকে আছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis), অন্যদিকে শিবসেনার একনাথ শিন্দে (Eknatha Shinde)। বিজেপি (BJP) এককভাবে ১৩২টি আসন জিতেছে, এক নম্বরে তারাই, তাই মুখ্যমন্ত্রীর কুর্সি পেতে তারাই ফেভারিট হওয়ার কথা। কিন্তু বাদ সাধছে শিন্দের শিবসেনা (Shiv Sena)। শিন্দে আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চান এবং এ ব্যাপারে তিনি নাকি এনসিপির (NCP) অজিত পওয়ারের (Ajit Pawar) সমর্থন আদায় করেছেন। শোনা যাচ্ছে, শিন্দে বিজেপি নেতৃত্বের কাছে দাবি করেছেন, নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয় এসেছে তাঁর জন্যই। নির্বাচনী প্রচারের মুখ তিনি হওয়ার কারণেই এই সাড়াজাগানো সাফল্য। এও জল্পনা, মুখ্যমন্ত্রী পদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হতে পারেন শিন্দে। সঙ্গে থাকবেন অজিত পওয়ারও। রাজনৈতিক মহলে গুঞ্জন, শিন্দেকে মুখ্যমন্ত্রী না করা হলে মহারাষ্ট্রে এনডিএ জোট ভাঙনের মুখে পড়তে পারে। শেষ পর্যন্ত কী হবে তা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হবে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ১৩২টি আসন। শিন্দের শিবসেনা এবং অজিত পওয়ারের এনসিপি জেতে যথাক্রমে ৫৭ এবং ৪১টি আসন। সবমিলিয়ে মহাযুতি জোটের দখলে আসে ২৩০টি আসন। অন্যদিকে বিরোধী জোট মহাবিকাশ আগাড়ির শরিক উদ্ধব ঠাকরের শিবসেনা জিতেছে ২০টি আসন, কংগ্রেস ১৬টি, শরদ পওয়ারের এনসিপি ১০টি এবং সমাজবাদী পার্টি ২টি আসন।
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্বকাপ তালিকার শীর্ষে পৌঁছে গেল ভারত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর পার্থ টেস্ট জয় যেন ভারতীয় টেস্ট দলকে নতুনভাবে অক্সিজেন দিয়েছে। কয়েকদিন আগে যে দলটাকে মাথা নামিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল, রোহিত ছাড়া আজ সেই দলটাই হাসিমুখে মাঠ ছাড়ল। তবে শুধু অভিব্যক্তির পরিবর্তন নয়, পার্থে ভারতীয় দলের জয় বদলে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাও। কারণ, অজিদের হারিয়ে ফের হারানো সিংহাসন দখল করেছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ফের এক নম্বরে উঠে এসেছে ভারতের নাম। অথচ, আজ সকাল অবধি তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বেলা গড়াতেই ছবিটা বদলে দিলেন বুমরা, সিরাজ, সুন্দর’রা। এখন প্রশ্ন হচ্ছে, ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে কি আরও ৩টি টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে হবে? চলুন একবার সমীকরণটি দেখে নেওয়া যাক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভারত এখনও অবধি ১৫টি টেস্ট ম্যাচ খেলে ৯টি টেস্ট জিতেছে। ভারতের ভাঁড়ারে এখন ১১০ পয়েন্ট এবং শতাংশের হিসেবে ৬১.১১। সেই কারণে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে এক নম্বরে উঠে এসেছে ভারত। এদিকে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া এখনও অবধি ১৩টি টেস্ট ম্যাচ খেলে ৮টি টেস্ট জিতে ৫৭.৬৯ শতাংশ হারে ৯০ পয়েন্ট পেয়েছে। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তাঁরা পয়েন্ট ও শতাংশের হিসেবে খুব একটা পিছিয়ে নেই। এখনও তাঁদের সকলের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে, ভারতকে টেস্ট বিশ্বকাপের ফাইনালের টিকিট পেতে হলে এই সিরিজের ৪টি ম্যাচ জিততেই হবে।
‘উইঙ্কল টুইঙ্কল’-এর পোস্টার কেমন হল?

‘উইঙ্কল টুইঙ্কল’ পোস্টার (Winkle Twinkles First Lok Poster) সামনে এনে বড় চমক দিলেন পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায় (Director Srijit Mukherji)। ব্রাত্য বসুর ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটককে বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেলল প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। সোমবার পরিচালক শেয়ার করলেন ছবির প্রথম পোস্টার। প্রথম ঝলকে সবাইকে চমকে দিয়েছেন। পোস্টারে দেখা গিয়েছে, লেনিনের ভাঙা মূর্তির সামনে বসে আছেন দুই ব্যক্তি। নিচে লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’। আর তার পাশে রয়েছে কাস্তে-হাতুড়ি। তা থেকে যেন রক্তের মতো লাল রং চুঁইয়ে পড়ছে। পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার এই নাটক বড় পর্দাতেও আসতে চলেছে। এই ছবি বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। আসল গল্প পরিবর্তন করার পথে হাঁটেননি সৃজিত। এর আগে শেক্সপিয়ারের নাটককে রুপোলি পর্দায় তুলে ধরেছেন সৃজিত, এবার পালা ব্রাত্য বসুর নাটকের (Bratya Basus Political Play)। ভাঙা লেনিনের মূর্তি, তার সামনে বসে থাকা সৃজিতের দুই নায়কের মুখ অবশ্য প্রকাশ্যে আনেননি নির্মাতারা। খুব শিগগিরিই ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। টলিপাড়ায় জল্পনা সৃজিতের এই ছবিতে লিড রোলে অভিনয় করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়, তাও আবার বাবা ছেলের ভূমিকায়! View this post on Instagram A post shared by Friends Communication (@friends_communication)
তৃণমূলের কর্মসমিতির বৈঠকে কী হল?

তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে সোমবার দলীয় শৃঙ্খলার উপর বিশেষ জোর দেওয়া হল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হল তিন স্তরের শৃঙ্খলারক্ষা কমিটি। একটি লোকসভা এবং রাজ্যসভা ভিত্তিক। দ্বিতীয়টি বিধানসভাভিত্তিক এবং তৃতীয় কমিটি দলভিত্তিক। সেই তিন স্তরীয় কমিটির সদস্যদের নামও এদিন ঘোষণা করা হয়। কমিটির নামের তালিকা দেখে বোঝা যাচ্ছে, প্রবীণদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নবীনদেরও রাখা হয়েছে কমিটিতে। রাজনৈতিক মহলে চর্চা ছিল, এদিনের বৈঠকে দলের সাংগঠনিক রদবদল নিয়ে কথা হবে। এমনকী কিছু ক্ষেত্রে রদবদলও হতে পারে। কিন্তু সেই রদবদল নিয়ে কোনও আলোচনাই হয়নি বলে সাংবাদিক বৈঠকে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিভিন্ন ক্ষেত্রে দলের বক্তব্য জানানোর জন্য নেতাদের নাম জানানো হয় এদিন। কারা জাতীয় স্তরে বিভিন্ন বিষয়ে কথা বলবেন, কারা রাজ্য স্তরের নানা বিষয়ে কথা বলবেন, বিধানসভা নিয়ে কারা কথা বলবেন, তাও বেঁধে দেওয়া হয়েছে। মিডিয়া সমন্বয়কারী করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। বিভিন্ন সংবাদ চ্যানেলে বা সংবাদমাধ্যমে দলের তরফে কারা প্রতিনিধিত্ব করবেন, সেই নামের তালিকা দল পরে জানাবে বলে সাংবাদিক বৈঠকে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের অন্দরের খবর, রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়কে দল শো কজ করতে চলেছে। আর জি কর-কাণ্ডে তাঁর মুখ খোলাকে দল ভালোভাবে নেয়নি। এদিন বৈঠকে অভিষেক বলেন, সুখেন্দুকে আরও আগে শো কজ করা উচিত ছিল। নেত্রীও অভিষেকের কথায় সায় দেন। তারপরই ঠিক হয়, শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে শো কজ করবে। চন্দ্রিমা জানান, কারও বিরুদ্ধে অভিযোগ এলে দল তাঁকে শো কজ করবে। পরপর তিনবার শো কজের জবাব না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাসপেন্ড করা হবে। তিনি সাংসদ হন, বিধায়ক হন কিংবা দলের পদাধিকারী হন। প্রসঙ্গত, এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি প্রবীণ নেতা সুথেন্দু শেখর রায়। তাঁকে যে ডাকা হয়নি, তা সাংবাদিক বৈঠকে স্বীকার করে নেন চন্দ্রিমা। আরজি কর কাণ্ডের পর থেকেই সুখেন্দুর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়। বৈঠকে ছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নেত্রী তাঁর কানে কানে কিছু কথা বলেন। আরজি কর থেকে শুরু করে সম্প্রতি আইনশৃহ্খলার প্রশ্নে দলের অনেক নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ বেফাঁস মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। দল এবার তাই শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থান নিতে চায়। সেই কারণেই তিন স্তরীয় শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়েছে। এর আগে দলের একটিই শৃঙ্খলারক্ষা কমিটি ছিল। আর ১৭ মাস পরেই বিধানসভা ভোট। তাকে মাথায় রেখেই দলকে শৃঙ্খলার নিগড়ে বাঁধতে চলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে মমতা বলেন, এই মুহূর্তে দলের শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিল্লিতে জাতীয় স্তরে গুরুত্ব আরও বাড়ছে অভিষেকের। জাতীয় বিভিন্ন বিষয়ে তিনি কথা বলবেন মিডিয়ার সঙ্গে। জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা বাড়িয়ে ২৭ করা হয়েছে। কর্মসমিতিতে এলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, দুই সাংসদ মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মানস ভুঁইয়া এবং জাভেদ খান। চন্দ্রিমা এদিন দলের বেশকিছু কর্মসূচির কথাও ঘোষণা করেন।
জামিন পেলেন অর্পিতা মুখ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত। জামিন পেলেও মানতে হবে একাধিক শর্ত। আদালতের নির্দেশ, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে। যেতে পারবেন না কলকাতার বাইরে। ২০২২ সালের ২২ জুনে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়। গ্রেফতারির ৮৫৭ দিন পর জামিনে ছাড়া পেলেন তিনি। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা এখনও ঝুলে রয়েছে। উল্লেখে্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থ ও অর্পিতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। উল্লেখ্য ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা। অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। শুধু তাই নয় বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাট থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি। সঙ্গে প্রচুর গয়না। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পর প্রায় আড়াই বছর কেটে গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইডির পাশাপাশি তাঁদের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। দীর্ঘদিন জেলবন্দি থেকে অর্পিতার মুক্তি পেলেও ঝুলে রয়েছে পার্থর জামিন মামলা।
লোকাল ট্রেনে বসছে টিভি!

ভারতে পরিবহণ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল রেল। রেলের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছন। তবে স্বল্প দুরত্বে যাতায়াত করার জন্য বেশিরভাগ যাত্রী লোকাল ট্রেনকে প্রাধান্য দিয়ে থাকেন। যারা হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য এবার এসে গেল এল বড়সড় সুখবর। কারণ, লোকাল ট্রেনের ‘বোরিং’ জার্নি এবার ইতিহাস হতে চলেছে। লোকাল ট্রেনেও এবার যাত্রীদের বিনোদনের জন্য টিভি-র ব্যবস্থা করছে পূর্ব রেল। এর মাধ্যমে যাত্রীদের লোকাল ট্রেনের সফরের অভিজ্ঞতা আরও সুন্দর হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। সূত্রের খবর, ইতিমধ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ৬টি থ্রি-ফেজ ইএমইউ রেকে এলইডি টিভি ইনস্টল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিটি কামরায় কি টিভি থাকবে? থাকলেও সেইসব টিভিতে কী কনটেন্ট দেখানো হবে? পূর্ব রেল জানিয়েছে যে, ইএমইউ রেকের প্রতিটি কোচে ৪টি করে এলসিডি অথবা এলইডি টিভি ইনস্টল করা হবে। লোকাল ট্রেনে থাকা এই টিভিগুলিতে বাণিজ্যিক বিজ্ঞাপন এবং প্রয়োজনীয় রেল বার্তা সম্প্রচার করা হবে। এর মধ্যে ৭০ শতাংশ বিজ্ঞাপন এবং ৩০ শতাংশ রেলের বার্তা চলবে। পূর্ব রেল জানিয়েছে, লোকাল ট্রেনের টিভিগুলিতে ‘ভিজিল্যান্স উইক,’ ‘স্বচ্ছতাই হে সেবা,’ ‘অমৃত ভারত,’ এবং ‘দেখো আপনা দেশ’ ইত্যাদির বিষয়ে সম্প্রচার করা হবে। রেলের তরফে জানা গিয়েছে, শীঘ্রই প্রত্যেকটি লোকাল ট্রেনে টিভি ইনস্টল করা হবে।
প্রথম দিনে কাদের দলে নিল কেকেআর?

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে চলছে আইপিএল-এর মেগা নিলাম। ইতিমধ্যে নিলামের টেবিল থেকে সর্বকালের দামি ক্রিকেটারের তকমা পেয়েছেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। যদিও কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে, ঋষভকে দলে নিতে পারে কেকেআর (KKR)। কিন্তু ঋষভ বা লোকেশ রাহুল কাউকেই নিতে পারেনি নাইট শিবির। এদিকে প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও মিচেল স্টার্ককেও ফেরাতে পারেনি তাঁরা। তবে মেগা নিলাম থেকে ভেঙ্কটেশ আইয়ারকে বিশাল দামে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে নাইটরা। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভেঙ্কটেশকে এত দাম দিয়ে ফেরাল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি? ক্রিকেটমহল মনে করছে, আসন্ন মরশুমে তাঁকেই হয়ত ক্যাপ্টেন করতে পারে নাইট শিবির। আসলে এবার কেকেআর ৬ জন খেলোয়াড়কে রিটেন করে দলে রেখে দিয়েছে। আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তীরা এবার রিটেন হয়েছেন। তাঁদের মধ্যে কাউকেই অধিনায়কত্ব দেওয়া ঠিক হবে না বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। এদিকে শ্রেয়স আইয়ারও আর দলে নেই। সেই কারণে নতুন করে অধিনায়ক খুঁজতে হতো নাইট শিবিরকে। অনেকেই মনে করছেন, ভেঙ্কটেশ আইয়ারকে আসন্ন মরশুমে অধিনায়ক করতে পারে কেকেআর। কারণ, তাঁর জন্য যেভাবে দর হাঁকিয়েছে দল, সেটা থেকেও এমন একটা ইঙ্গিত স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে সূত্র মারফত জানা গিয়েছে, গত মরশুমে ভেঙ্কটেশের পারফরম্যান্সে বেজায় খুশি নাইট শিবির। সেই কারণে এবার তাঁর হাতে দলের ব্যাটন তুলে দেওয়ার কথা ভাবতেই পারে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। প্রথম দিনে কলকাতা নাইট রাইডার্সের টিমে কাদের নিল? ভেঙ্কটেশ আইয়ার, কুইনটন ডি’কক, রহমতুল্লা গুরবাজ, এনরিক নর্ৎজে, অঙ্কৃশ রঘুবংশী, বৈভব অরোরা
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর শপথ নেবেন হেমন্ত সোরেন

আগামী ২৮ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন হেমন্ত সোরেন। ইতিমধ্যে দলীয় তরফে তাঁর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রবিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সিপিআইএমএলের জোটের বৈঠক হয়। তারপর এদিনই হেমন্ত সোরেন রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এবং নতুন সরকার গঠনের দাবি জানাবেন বলে তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সূত্রে জানা গিয়েছে। গত কয়েক মাসে ঝাড়খণ্ডের রাজনীতিতে টানাপোড়েন চলছিল। বিধানসভা নির্বাচনের আগে হেমন্তের গ্রেফতারি, ফের ক্ষমতায় প্রত্যাবর্তন, এর মধ্যে চম্পরাই সোরেন বিদ্রোহী হয়ে ওঠেন। শেষে হাসি ফোটে হেমন্তের মুখেই। শনিবার ফল প্রকাশের পর দেখা যায় ৮১ আসনের বিধানসভায় জেএমএম সহ ইন্ডিয়া জোট মোট ৫৬টি আসন পায়। তার মধ্যে জেএমএম ৩৪টি আসন পায়। কংগ্রেস ১৬টি, আরজেডি ৪টি, সিপিআইএমএল ২টি আসন পায়। বিরোধী বিজেপির এনডিএ পায় ২৪টি আসন। তার মধ্যে বিজেপি পেয়েছে ২১টি আসন। গত ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দুদফায় ভোট হয়েছিল। তবে হেমন্ত সোরেনের শপথে ইন্ডিয়া জোটের দিল্লির কোন কোন নেতা উপস্থিত থাকবেন তা এখনও জানা যায়নি।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও বাংলায় বড়সড় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। অভিমুখ হতে চলেছে শ্রীলঙ্কা বা তামিলনাড়ূর দিকে। তাই পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহভর বাংলার তাপমাত্রার কোনও হেরফের হবে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে সামান্য কম। আসন্ন কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ১৯ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে কুয়াশার পূর্বাভাস রয়েছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও আগামী ৪৮ ঘণ্টায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কুয়াশার সম্ভবনা।




