শীত কবে আসছে?

ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ইতিমধ্যেই গুটি গুটি পায়ে আসতে শুরু করেছে শীত। ভোরের দিকে তাপমাত্রা বেশ নীচের দিকেই থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। রাতের দিকে আবার শীত অনুভূত করা যাচ্ছে। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। তবে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। সপ্তাহান্তে শীতের আমেজ বাড়বে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। কলকাতায় (Kolkata) শীতের আমেজে সাময়িক বিরতি হতে পারে। সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) উপরের দিকের আরও তিন জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু’ এক জায়গায়। আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে থাকবে রবিবার ও সোমবার। সোমবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।
পানীয় জল সমস্যা, মুখ্যমন্ত্রীর ধমকের পর কেন্দ্রীয় এজেন্সিগুলি নিয়ে নবান্নে বৈঠক

কেন্দ্রের একাধিক এজেন্সির গড়িমসিতে প্রায় ৫০ লক্ষ মানুষ, ৯ লক্ষ পরিবার জল (Water) পাচ্ছে না। মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee) কড়া বার্তার পর কেন্দ্রের একাধিক এজেন্সিকে নিয়ে বৈঠকে নবান্ন। রেল, ডিভিসি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আইও সি এল সহ কয়েকটি কেন্দ্রীয় এজেন্সিকে এদিনের বৈঠকে ডাকল নবান্ন (Nabanna)। শুক্রবার সকাল ১১ টা থেকে মুখ্য সচিব এজেন্সি গুলিকে নিয়ে বৈঠক করেন বলে নবান্ন সূত্রে খবর। যে যে জায়গায় পানীয় জল দেওয়ার জন্য সংযোগ আটকে রয়েছে, সেই এলাকাগুলিতে সমস্যা সমাধান করে দ্রুত ছাড়পত্র দেওয়ার অনুরোধ মুখ্য সচিবের। ডিভিসিকেও পর্যাপ্ত জল দেওয়ার নির্দেশ মুখ্য সচিবের। দীর্ঘদিন ধরে সংযোগ সংক্রান্ত সমস্যা ফেলে রাখবেন না। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে জানিয়ে দিল নবান্ন। উল্লেখ্য,জল জীবন মিশন প্রকল্পের আওতায় রাজ্যে গ্রামীণ প্রায় ১.৭৫ কোটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছনোর কথা রয়েছে। এখনও সেটি পৌঁছেছে ৯৩.৫০ লক্ষ পরিবারের কাছে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা বিশবাঁও জলে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’

ডিসেম্বরের শহরে আসতে চলেছে মানাসী সিনহার দ্বিতীয় পরিচালিত ছবি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। আজ প্রকাশিত হল সেই সিনেমার ট্রেলার। যা দেখে উচ্ছ্বসিত দর্শকমণ্ডলি। পারিবারিক গল্প নিয়ে আসতে চলেছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। এই সিনেমা পৈতৃক ভিটে, শ্যাওলা ধরা সম্পর্কের গল্প বলবে। অভিনেত্রী মানসী সিনহার পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সেখানে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায় শাশ্বত-অপরাজিতাকে। ছবি দেখে দর্শকদের চোখের কোনায় এসেছিল জল। অভিনেত্রী মানসী সিনহা, পরিচালক মানসী সিনহা হিসাবেও কুড়িয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। তখন থেকেই দর্শকদের মানসীর কাছে আসা তুঙ্গে। ট্রেলারে এক বনেদি বাড়ির বর্তমান ছবি উঠে আসে। পারিবারিক ছবিই দর্শকদের উপহার দিতে চলেছেন মানসী সিনহা, তা ট্রেলার দেখেই স্পষ্ট। ডিসেম্বর ২০ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। প্রথম সিনেমার মত, এই সিনেমাও দর্শকদের প্রতাশ্যা পূরণ করতে পারে কিনা এখন সেটাই দেখার।
অ্যাডিলেডে প্রথম দিনেই চাপে ভারত

গোলাপি বলের টেস্টে প্রথম দিনেই বেশ খানিকটা পিছিয়ে পড়ল ভারত। টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ১৮০ রানেই শেষ হয়ে গেল দলের ইনিংস। আশা করা হয়েছিল, পার্থ টেস্টের মতো জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নেতৃত্বে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে পেড়ে ফেলবে ভারতের পেস ব্যাটারি। কিন্তু অ্যাডিলেডে সেটাও হল না। দিনের শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ৮৬ রান তুলে দিল। ভারতের থেকে এখনও ৯৪ রান পিছিয়ে তবে প্রথম দিনের খেলা মার্নাস লাবুশেন, নাথান ম্যাকসুইনিকে প্রচুর আত্মবিশ্বাস দেবে। লাবুশেন ২০ রানে অপরাজিত এবং পার্থে অভিষেক করা ম্যাকসুইনি টিকে রইলেন ৩৮ রানে। এই দুজনের ব্যাট হাতে লড়াই দেখে উদ্ধুব্ধ হবেন স্টিভ স্মিথরাও। আগামিকালের প্রথম ঘণ্টা সাবধানে কাটিয়ে দিতে পারলে ভারতের কপালে দুঃখ আছে। লাবুশেন-ম্যাকসুইনি ভালো প্রতিরোধ দেখিয়েছেন তবে এদিনের নায়ক নিঃসন্দেহে মিচেল স্টার্ক (Mitchell Starc)। মনে মনে কি একটু অপরাধ বোধে ভুগছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)? পার্থ টেস্টে স্টার্ককে স্লেজ করেছিলেন তিনি। অজি পেসারের বল নাকি মন্থর গতির, ক্রিজে দাঁড়িয়ে তাঁকে এই কথাই বলেছিলেন যশস্বী। অ্যাডিলেডে দিনের প্রথম বলেই ভারতের তরুণ ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তিনি। স্টার্ক এদিন যেন অতিরিক্ত খিদে আর জেদ নিয়ে বল করলেন। যশস্বীর পর একে একে তাঁর শিকার কে এল রাহুল, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং হর্ষিত রানা। ভারত ১৪১ রানে আট উইকেট হারিয়েছে, তার পাঁচটাই স্টার্কের। ৩৪ বছর বয়স হয়ে গিয়েছে, তবু এখনও ৯০ মাইল প্রতি ঘণ্টায় নাগাড়ে বল করে যেতে পারেন। তাঁকে গতি নিয়ে কটাক্ষ করা বোধহয় যশস্বীর ঠিক হয়নি।
রেপো রেট অপরিবর্তিত, কমছে না সুদের হার

রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত থাকবে, জানাল আরবিআই (RBI)। শুক্রবার রিজার্ভ ব্যঙ্কের মনিটরি পলিসি কমিটির বৈঠক শেষে একথা জানান শীর্ষ ব্যঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Governor Shaktikanta Das) । রেপো রেট অপরিবর্তিত থাকার কারণে সুদের হার কমছে না, জানিয়েছেন গভর্নর শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সুদের হারে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রইল না। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ। এই নিয়ে টানা ১১ বার অর্থাৎ ২২ মাস রেপো রেট অপরিবর্তিত রাখা হল। ২০২৩ সালের মার্চে শেষবার রেপো রেট বাড়ানো হয়েছিল। তার পর থেকেই অপরিবর্তিত রয়েছে সুদের হার। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি। রেপো রেট অপরিবর্তিত রাখা হলেও মুদ্রাস্ফীতির দিলে বিশেষ নজর দিয়েছে আরবিআই। মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা এদিনের এদিনে বৈঠকে আলোচনাও হয়েছে। রেপো রেট অপরিবর্তিত থাকার কারণে মধ্যবিত্তের জন্য একটু চিন্তা কমল। কারণ বাড়ি-গাড়ি সহ অন্যান্য ঋণের ক্ষেত্রে বাড়তি সুদের বোঝা গুণতে হবে না।
কেমন থাকবে আগামী কয়েক দিনের আবহাওয়া?

ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ইতিমধ্যেই গুটি গুটি পায়ে আসতে শুরু করেছে শীত। ভোরের দিকে তাপমাত্রা বেশ নীচের দিকেই থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে। রাতের দিকে আবার শীত অনুভূত করা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবের কারণে কদিন যাবত শীত দোরগোড়ায় এসে আটকে থাকেও এবার নিম্নচাপ অক্ষরেখা কেটে গেছে, তাই এবার দক্ষিণের জেলাগুলিতে সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সকালের দিকে কুয়াশার দাপটও লক্ষ করা যাবে জেলায় জেলায়। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই স্বাভাবিকের নীচে তাপমাত্রা। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা আগামী ৪ থেকে ৫ দিনে কমবে বলেই জানা যাচ্ছে। তবে আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। নেই বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই তা জানানও হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। যার জেরে এবার জাঁকিয়ে শীত অনুভূত করতে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি রয়েছে কুয়াশার দাপট। গত কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই কমেছে। জানা যাচ্ছে কাল থেকেই শুরু হবে পারদ পতন। যার জেরে বোঝাই যাচ্ছে, এবার ধিরে ধিরে জাঁকিয়ে শীত অনুভূত হতে চলেছে।
পুষ্পা-২ তেই থেমে থাকবে না, আসবে সিক্যুয়ালও

অবশেষে প্রহর গোনা শেষ। বড়পর্দায় এল পুষ্পা-২ (Pushpa 2)। দর্শকমহলে উচ্ছ্বাস তুঙ্গে। অল্লু অর্জুন আরও একবার তাঁর আইকনিক চরিত্র পুষ্পা রাজের ভূমিকায় ফিরছেন। ট্রেলার মুক্তি পাওয়ার পর বোঝা গিয়েছিল ছবির ঝাঁঝ। ট্রেলার মুক্তির মাত্র ১৫ ঘণ্টার মাথাতেই ভিউজ ছড়িয়েছিল ৪০ মিলিয়ন। মুক্তির আগেই হিট ‘পুষ্পা ২’! ছবি মুক্তির আবহে বড় খবর। পুষ্পা-২ তেই থেমে থাকবে না রথ। আসছে ছবির তৃতীয় সিকুয়েল এবার সেই খবরেই সিলমোহর দিলেন নির্মাতারা। শোনা যাচ্ছে, ‘পুষ্পা ৩’-এর চমক হয়ে আসছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা। আসন্ন ছবিতে নাকি খলনায়কের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি।
প্রথম একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার, কী পরিবর্তন হল?

শুক্রবার অ্যাডিলেডের মাঠে শুরু বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ হবে দিন-রাতের, খেলা হবে গোলাপি বলে। সাধারণত, টসের সময় দুই দলের অধিনায়ক তাঁদের প্রথম একাদশ ঘোষণা করেন। কিন্তু অস্ট্রেলিয়া (Australia) প্রথম এগারো জানিয়ে দিল বৃহস্পতিবারই। দলে একটাই পরিবর্তন হয়েছে, ডানহাতি পেসার জশ হ্যাজলউডের (Josh Hazlewood) জায়গায় এসেছেন আর এক ডানহাতি পেসার স্কট বোল্যান্ড (Scott Boland)। টেস্ট শুরুর আগের দিন বোল্যান্ডের প্রশংসা করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি বলেন, “অ্যাডিলেডের উইকেটে বল করতে সুবিধা হবে স্কটির। আগের বারেও তৈরি ছিল কিন্তু কোনও ম্যাচে সুযোগ পায়নি। ও খেলেনি তাও অনেক দিন হয়ে গেল। দু’দিন আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে ভাল বল করেছে। ওর নিজেরও প্রস্তুতি ভাল হয়েছে। ও দলে ফেরায় আমরা সকলেই খুশি। অধিনায়ক হিসাবে স্কটির মতো বোলারকে আমি সব সময়ে দলে চাই।” কামিন্স বললেন বটে, তবে প্রস্তুতি ম্যাচে কোনও উইকেট পাননি বোল্যান্ড। অন্যদিকে হ্যাজলউডের না খেলা নিয়েও চলছে জল্পনা। অজি দলের তরফে বলা হয়েছে তাঁর পেশিতে চোট। তবে জল্পনা ছড়িয়েছে, চোট নয়, দলের মধ্যে মনোমালিন্যের জেরে বাদ পড়েছেন ডানহাতি পেসার। অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশ: নাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।
গাজা-লেবাননে ইজরায়েলি হানা

নামেই যুদ্ধবিরতি। ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমার নাম নেই। ফের গাজায় ড্রোন হামলা চালাল ইজরায়েল। শব্দ শুনে ক্যাম্প বা শরণার্থী শিবির থেকে বেরিয়ে এলেই ধেয়ে আসবে মৃত্যুবানের মতো গুলি। এমনটাই দাবি গাজার সংবাদমাধ্যমে আল জাজিরার। এক বছর পেরিয়ে যাওয়ার পরও থামেনি রক্তক্ষয়ী যুদ্ধ। হামাস নিধনে হামলা জারি রেখেছে ইজরায়েল। এই মুহূর্তে গাজায় মৃতের সংখ্যা পেরিয়েছে ৪৪ হাজার। মৃতের তালিকায় রয়েছে শিশুরাও। সূত্রের খবর, গাজায় একটি বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। ড্রোনগুলির নাম ‘কোয়াডকপ্টার’। রিমোট দ্বারা পরিচালিত। সাধারণত নজরদারি চালাতে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে টার্গেট করতে অথবা ছত্রভঙ্গ করার কাজে এর ব্যবহার করে ইজরায়েলি সেনা। এ প্রসঙ্গে মাহা হুসেইনি নামক এক সংবাদকর্মী বলছেন, কৃত্রিম আওয়াজ করে প্যালেস্টাইনিদের বাড়ি থেকে বের করে আনে ইজরায়েলি সেনারা। তারপর তাঁদের উপর হামলা চালানো হয়ে চলেছে। যদিও এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি।
ভূমিকম্পে কেঁপে উঠল তেলঙ্গানা

শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। আজ বুধবার কম্পন অনুভূত হয়েছে তেলঙ্গানা, হায়দরাবাদ(Hyderabad) সহ অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায়। তেলঙ্গানার মুলুগুতে ভূমিকম্প আঘাত হানার পর পার্শ্ববর্তী রাজ্য মহারাষ্ট্রের নাগপুর, গাদচিরোলি এবং চন্দ্রপুর জেলায় কম্পন অনুভূত হয়। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, চন্দ্রপুরে শহরের কিছু অংশ, বল্লারপুর এবং তেলঙ্গানা সীমান্ত সংলগ্ন তহসিলগুলিতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। চন্দ্রপুরের কালেক্টর বিনয় গৌড়া বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আবেদন সহ সতর্ক থাকতে বলেছেন। ফের কম্পন অনুভূত হলে বাড়ির বাইরে খোলা জায়গায় চলে আসার নির্দেশ দেন। আইএমডি কর্মকর্তাদের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে হালকা কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী আজ বুধবার সকাল ৭.২৭ মিনিটে তেলঙ্গানার মুলুগু জেলায় কম্পন হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। কম্পনের উৎসস্থল ছিল ১৮.৪৪ ডিগ্রি উত্তর এবং ৮০.২৪ ডিগ্রি পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪০ কিলোমিটার অন্দরে। তবে কম্পনের কারণে তীব্র আতঙ্ক ছড়িয়েচে মুলুগু জেলায়। কম্পনটি ছ’-সাত সেকেন্ড স্থায়ী হয়েছিল। আতঙ্কে মানুষ ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। সিসিটিভি ফুটেজে রাস্তার ধারের বিভিন্ন দোকানের ফ্যান ও জানলা কেঁপে ওঠার দৃশ্য দেখা গেছে।




