ফারাক্কা কাণ্ডে বিচার ২ মাসে

জয়নগর কাণ্ডে বিচার এসেছিল ৬২ দিনে, এবার ফারাক্কা কাণ্ডে বিচার এল ৫৯ দিনে। বৃহস্পতিবার দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। শুক্রবার সাজা ঘোষণা। জয়নগরকাণ্ডে দোষীর ফাঁসির সাজা হওয়ার অনতিবিলম্বে এক্স হ্যান্ডলে বিষয়টি পোস্ট করে জানিয়েছিল রাজ্য পুলিশ। পোস্টটির শুরুতেই লেখা ছিল— ‘ব্রেকিং নিউজ’। ফরাক্কাকাণ্ডের ক্ষেত্রে তার অন্যথা হল না। এ ক্ষেত্রেও ‘ব্রেকিং নিউজ’ লিখেই ফরাক্কার ঘটনায় দু’জনের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি এক্স হ্যান্ডলে জানিয়েছে পুলিশ। এক্স হ্যান্ডেল পুলিশ কি জানিয়েছে? ‘‘দুই অভিযুক্তকে গ্রেফতার করে যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা পড়ে চার্জশিট। হ্যাঁ, মাত্র ২১ দিনের মধ্যেই। অক্লান্ত পরিশ্রমের ফল মিলেছে। ঘটনার ঠিক ৬০ দিনের মাথায় বিচারক দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। মাত্র দুই মাসের মধ্যে তদন্ত এবং বিচার সম্পূর্ণ। সাজা ঘোষণা কাল।’’ শেষে লেখা ‘জাস্টিস ফর ফরাক্কা’! ফারাক্কায় ঘটনা কি ঘটেছিল? গত বিজয়া দশমীর সকালে দাদুর বাড়িতে ঘুরতে এসে খুন হয়েছিল ওই শিশু। এক প্রতিবেশীর বাড়ি থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছিল। বাচ্চাটিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সেই সময় অভিযোগ তুলেছিল পরিবার। তদন্তে নেমে স্থানীয় মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদার এবং তাঁর বন্ধু শুভজিৎ হালদারকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতেরা জানিয়েছিলেন, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন দীনবন্ধু। সেখানে তিনি এবং শুভজিৎ মিলে নাবালিকার উপর যৌন নির্যাতন চালান। পরে তাকে শ্বাসরোধ করে খুন করেন।

রাজ্যে শৈতপ্রবাহের সতর্কতা

রাজ্যে ইতিমধ্যেই শীতর আমেজ অনুভূত হচ্ছে। আর এরমধ্যেই মরশুমের প্রথম শৈত্যপ্রবাহের খবর জানাল আবহাওয়া দফতর। অর্থাৎ শৈত্যপ্রবাহ হতে চলেছে রাজ্যে। ১৩ ডিসেম্বর শুক্রবার থেকে ১৫ই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ রাজ্যের পশ্চিমের জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট। দিনভর মোটের ওপর পরিস্কার থাকবে সারা পশ্চিমবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। অবাধে চলবে উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কোন জেলায় কবে শৈতপ্রবাহ হবে? আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়। পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহ চলতে পারে শুক্রবার। শনি ও রবিবারে শৈত্য প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পাঁচ জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্য প্রবাহ চলবে। ১৫ তারিখের মধ্যেই জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে।

চোট পেলেন অক্ষয় কুমার

‘হাউসফুল ৫’ ছবিতে শ্যুটিংয়ে দুর্ঘটনার কবলে পড়লেন অক্ষয় কুমার। চোখে আঘাত সবচেয়ে বেশি লেগেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছেন। সেই সময়েই একটা কিছু উড়ে এসে তাঁর চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে ছবির শুটিং শুরু হচ্ছে। ‘হাউসফুল ৫’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তালপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিক ফকরি। এ ছাড়াও দেখা যাবে ফরদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে।

বাংলায় শীতের শুরু?

জাঁকিয়ে শীত বাংলায়। ১১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় পারা পতনের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৫ ডিসেম্বর থেকে হাড় কাঁপানি শীত পড়ার সম্ভবনা। আগামী কয়েকদিন জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আপডেট। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকেই শীতের আমেজ টের পাবে রাজ্যবাসী। আগামী সপ্তাহে আরও নামবে পারদ। বৃহস্পতিবার থেকে রাজ্যে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। উইকএন্ডে শহর কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি বা তারও নীচে। জাঁকিয়ে শীত পড়বে উত্তরবঙ্গে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ থেকে শীতের আমেজ টের পাবে রাজ্যবাসী। তিন-চার দিন বৃষ্টিপাতের সম্ভবনা নেই। কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? রাজ্য জুড়ে শীতের আমেজ। কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার আভাস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। কলকাতায় দুই ডিগ্রি নেমে গেল রাতের তাপমাত্রা। সকালে থেকেই কুয়াশা ধোঁয়াশা। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের নিচে। ৪ জেলায় ঘন কুয়াশার দাপট ঘন কুয়াশার জন্য চারটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি জেলাতেও দু-এক জায়গায় মাঝারি কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা। ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গের চার জেলাতে। দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার সতর্কবার্তা।

বোল্ড অবতারে উর্বশী

উর্বশীর হটনেসের মিটার ঊর্ধ্বমুখী। বলিউডের সুন্দরী অভিনেত্রী উর্বশী তাঁর লুকে ঘুম কেড়েছেন পুরুষদের। সম্প্রতি আন্ধেরিতে ক্যামেরা বন্দি হলেন উর্বশী রাউতেলা। বোল্ড অবতারে দেখা গেল অভিনেত্রীকে। নিজের ফ্যানবেস ধরে রাখতে একের পর এক হটনেস ভিডিও পোস্ট করছেন উর্বশী। কখনও কালো বিকিনিতে, কখনও আবার কালো পোশাকে কিংবা পিঠ খোলা হট অবতারে ভক্তদের জন্য নয়া নয়া ছবি পোস্ট করেই বাজিমাত করছেন উর্বশী রাউতোলা। সম্প্রতি আন্ধেরিতে ক্যামেরা বন্দি হলেন উর্বশী রাউতেলা। সিলভার সিমারিং ওয়ান পিসে উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী। উন্মুক্ত ক্লিভেজে উষ্ণতার পারদকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। খোলাচুল ও সঙ্গে মানানসই মেকআপ। পাপারাৎজিদের সামনে হাসি মুখে পোজও দিলেন অভিনেত্রী।

জিতল লিভারপুল

তারকারা ঝলমল করলেন, আটালান্টার মাঠ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চড়াই-উৎরাইয়ের ম্যাচে ৩-২ জিতল কার্লো আন্সেলোত্তির দল। গোল করলেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম। তিনটি গোল তিনজনেই দিলেন ব্যক্তিগত নৈপুণ্যে। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ ফেজে ২৪ থেকে ১৮ নম্বরে উঠে এল মাদ্রিদের ক্লাব। শাখতার ডোনেৎস্ককে তাদের ঘরের মাঠে পাঁচ গোলের মালা পরাল হ্যারি কেন-হীন বায়ার্ন মিউনিখ। কেনের জায়গায় এদিন স্ট্রাইকার হিসেবে খেলেন বর্ষীয়ান টমাস মুলার। গোল পেয়েছেন তিনি। জোড়া গোল করেন মাইকেল ওলিসে। একটি করে গোল জামাল মুসিয়ালা এবং কনরাড লাইমারের। ম্যাচের পাঁচ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল শাখতার, কিন্তু তারপর তাদের ম্যাচ থেকে বের করে দেয় বায়ার্ন। প্রিমিয়ার লিগে তেমন ফর্মে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে চমকের পর চমক দিয়ে চলেছে অ্যাস্টন ভিলা। বায়ার্নকে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল উনাই এমেরির দল, এবার আরবি লাইপজিগকে তাদের ঘরের মাঠে ৩-২ হারাল ইংলিশ ক্লাব। গোল করেন জন ম্যাকগিন, জন ডুরান এবং রস বার্কলে। এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিলা। আর এক ম্যাচ জিতলেই সরাসরি নক আউটে যাবে তারা।

রাজ্যসভায় তৃণমূল প্রার্থীর জয়লাভ শুধুই সময়ের অপেক্ষা!

রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হল। আজ সচিবালযয়ে তাঁর মনোনয়নপত্র পরীক্ষা হয়। অর্থাৎ, রাজ্যসভায় তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী শুক্রবার ঋতব্রতকে বিজয়ী সার্টিফিকেট দেওয়া হবে বলে জানা গিয়েছে। শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে ঘাসফুল শিবির। এদিন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে একথা জানানো হয় তৃণমূলের তরফ থেকে। এই পোস্টে লেখা হয়, “আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলে যাবেন।” প্রসঙ্গত, আরজি করের ঘটনার প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসে রাজ্যসভার সদস্যের পদ থেকে ইস্তফা দেন জহর সরকার। একইসঙ্গে তিনি রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করে দেন। তিলোত্তমার বিচারের দাবিতে যখন উত্তাল ছিল বাংলা, সেই আবহে জহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে পদত্যাগের কথা জানান। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, “গত এক মাস ধৈর্য ধরে আরজি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে।”

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় আরও ৩টি বিশ্ববিদ্যালয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পেতে চলেছে বাংলা। আজ বিধানসভার অধিবেশনে দুটি ১)দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪,  ২) ‘দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪’নিয়ে আলোচনায় অংশ নেন বিজেপির বিধায়ক শান্তনু পরামাণিক, আনন্দময় বর্মন, অম্বিকা রায়, শঙ্কর ঘোষ ও শাসক দলের তরুণ কুমার মাইতি,  রফিকুল ইসলাম মন্ডল, মঞ্জু বসু, মহম্মদ আলী, নির্মল ঘোষ, আইএসএফ এবং বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিলের উপর জবাবি ভাষণ দেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। এদিকে উত্তর ২৪ পরগণার আগরপাড়ায় রামকৃষ্ণ পরমহংস দেবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই সংক্রান্ত  ‘দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল ২০২৪’ নিয়ে  আলোচনায় বিরোধী বিধায়ক শান্তনু পরামাণিক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো, তবে এর পরিকাঠামোর বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা বা প্রদর্শন করলে ভালো হতো। কলেজ , বিশ্ববিদ্যালয়গুলি ঠিকঠাক চলুক। শাসক দলের বিধায়ক তরুণ মাইতি বিলকে সমর্থন জানিয়ে বলেন, জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও মান্যতা দিয়ে এই বিল তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলিতে ন্যাক-এর গাইড লাইন  মেনে উচ্চমানের বিশ্ববিদ্যালয়ের করতে হবে। নানান বিষয়ে এখানে পড়ানো হবে রিসার্চ ওর্য়াক থাকবে এই বিদ্যালয়ে। এখানে যেভাবে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলা হয়েছে, ভিজিটার চ্যান্সেলর থাকবে যা এক কথায় পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে ল্যান্ডমার্ক।

চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে রিয়াল, বায়ার্ন, লিভারপুল

ফিরল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) লিগ ফেজের খেলা। মঙ্গলবার (ভারতীয় সময়ানুযায়ী মঙ্গল এবং বুধ) মাঠে নামবে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, অ্যাস্টন ভিলা, বায়ার্ন মিউনিখের মতো বড় দল। লিগ ফেজে প্রত্যেক দল আটটি করে ম্যাচ খেলবে, শীর্ষে থাকা আটটি দল সরাসরি নক আউট পর্বের যোগ্যতা অর্জন করবে। বাকি দলগুলি ফের নিজেদের মধ্যে প্লে অফ খেলে শেষ ষোলোয় যাবে। আপাতত নক আউটে যাওয়া নিশ্চিত লিভারপুল, ইন্টার, বার্সেলোনা এবং বরুসিয়া ডর্টমুন্ডের। আটালান্টা, লেভারকুসেন, আর্সেনাল, মোনাকো, ভিলারাও দোরগোড়ায়। তবে নামী দলগুলির মধ্যে চাপে আছে রিয়াল, বায়ার্ন এবং ম্যান সিটি। পাঁচ ম্যাচ খেলে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে ধুঁকছে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল (Real Madrid)। আজ আটালান্টার বিরুদ্ধে মাঠে নামবে তারা। মাদ্রিদের জন্য সুখবর, লা লিগায় জিরোনার বিরুদ্ধে গোল করেছেন কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহ্যাম। কোচ কার্লো অ্যান্সেলত্তিকে তাঁদের ফর্মে ফেরা নিশ্চয়ই স্বস্তি দেবে।

জাঁকিয়ে শীতের পূর্বাভাস!

কুয়াশায় ঢেকেছে ডিসেম্বরের শহর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একইরকমভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও শুষ্ক থাকবে আবহাওয়া। মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায় মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারও একই পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার অবস্থা সম্পর্কে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। মঙ্গলবার এবং বুধবার সকালে অল্পবিস্তর কুয়াশা থাকলেও তা খুব একটা প্রভাব ফেলবে না। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিবর্তনের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে শীতের আমেজ আরও বাড়বে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রায় আর কোনও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।