নতুন শিরোপা পেল পশ্চিমবঙ্গ

দুধ, ডিম এবং মাংস উৎপাদনে নতুন শিরোপা পেল পশ্চিমবঙ্গ (West Bengal)। প্রাণীজ প্রোটিন উৎপাদনের নিরিখে দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে গেল বাংলা। সোমবার এই সুখবর জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, “এটি খুবই আনন্দের বিষয় যে, পশ্চিমবঙ্গ এখন ভারতের সর্বোচ্চ প্রাণীজ প্রোটিন উৎপাদনকারী রাজ্যে পরিণত হয়েছে। দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলা। ভারত সরকার এই সাফল্যকে স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে বাংলার প্রশংসা করেছে।” সম্প্রতি, ২০২৪ সালের জন্য দেশের প্রাণীসম্পদ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। সেই তথ্য উল্লেখ করে মমতা তাঁর পোস্টে লেখেন, “পশ্চিমবঙ্গ এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদক, যা জাতীয় উৎপাদনের ১২.৬২ শতাংশ।” এছাড়াও, দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার হিসেবে ৯.৭৬ শতাংশ অর্জন করেছে, যেখানে জাতীয় গড় হার মাত্র ৩.৭৮ শতাংশ। এদিকে পোলট্রি খাতে, ডিম উৎপাদনে বাংলার বার্ষিক বৃদ্ধি হার ১৮.০৭ শতাংশ। এটি জাতীয় গড় ৩.১৮ শতাংশের থেকে বহুগুণ বেশি। সোমবার নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতিমূলক পোস্টের মাধ্যমে সুখবর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর ক্রেডিট তিনি নিজে নেননি। বরং, উৎপাদনকারী কৃষক এবং কর্মীদের দিয়েছেন। এই পোস্টেই মমতা তাঁদের ধন্যবাদ জানিয়ে লেখেন, “এই শিরোপা অর্জন আমাদের উদ্ভাবনী নীতি ও পরিকল্পনার প্রমাণ এবং আমাদের কৃষক ও কর্মীদের দৃঢ় সক্ষমতার প্রতিফলন।”
মেরামতির কাজের জন্য পলতা ও টালা পাম্পিং স্টেশনে বন্ধ থাকবে

মেরামতির কাজের জন্য পলতা (Palta) ও টালা পাম্পিং (Tala Pumping Station) স্টেশনে বন্ধ থাকবে। সোমবার ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই দুই পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে আগেই বিষয়টি জানিয়েছিল। এর ফলে সোমবার সারা দিন উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে দুর্ভোগ বাড়বে সাধারণ মানুষের। মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল পাওয়া যাবে না। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, ট্যাঙ্কে আগের তুলনায় বড় ভাল্ভ বসানো হবে। এছাড়াও, ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ মেরামতির কাজ চলবে। সেই সঙ্গেই মেরামতি হবে ট্যাঙ্কের লিক। কলকাতা পুরসভার ১৬টি বরো-র মধ্যে প্রথম সাতটিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। জল সরবরাহ বন্ধ রাখা হবে কসবা-সহ ৮ নম্বর বরোর একাংশেও। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সঙ্কট তৈরি হতে পারে।
শক্তিমান-এর নস্ট্যালজিয়া ফেরাতে পারেন অল্লু

এক সময় ভারতের ঘরে ঘরে রবিবার দুপুরে সবাই বসে পড়তেন টিভির সামনে। সেসময় সব ঘরে টিভি বা বিদ্যুৎ সংযোগও ছিল না। ব্যাটারির সাহায্যে টিভি দেখা হত। কেবল সংযোগও বিস্তার লাভ করেনি তখন সেভাবে। বিশেষ করে গ্রামাঞ্চলে একজনের বাড়িতে টিভি দেখতে হাজির হতেন পাড়া প্রতিবেশীরা। কারণ একটাই, ‘শক্তিমান’(Shaktimaan)। হিন্দি সুপার হিরোর এই টেলিভিশন শো (Televisison Show) দেখতে কম বয়সীদের উত্তেজনা ছিল চরমে। এই সপ্তাহে প্রথম গ্রামে টিভি দেখার স্বাদ পাওয়া ছত্তিশগঢ়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলার পূবর্তীর বাসিন্দাদের আনন্দের থেকে তা কম ছিল না। সেই ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এই টিভি শো তুমুল জনপ্রিয়তার সঙ্গে চলেছিল। শিশুদের শিক্ষামূলক বিষয়ের ছোট পর্দার শক্তিমানের প্রভাবের কথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের প্রথম পাতায় খবরও হয়েছিল। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এরপরে অনেকবারই কথা উঠেছে, এই সিকুয়েলের যুগে নস্ট্যালজিক ‘শক্তিমান’কে বড় পর্দায় ফিরিয়ে আনা হবে। কিন্তু, পর্দার সেই শক্তিমান চরিত্রের অভিনেতা তথা শোয়ের প্রযোজক মুকেশ খান্না কাউকে এর স্বত্ত্ব দেননি। তাঁর নামের পাশে এটি অমর হয়ে থাকুক এটাই বাধহয় বাসনা ছিল মহাভারতের ভীষ্ম চরিত্রের অভিনেতার। বলিউডে মন্তব্যের জন্য একসময় একরোখা বলে পরিচিত ছিলে্ন মুকেশ (Mukesh Khanna)। তিনি অমিতাভ বচ্চনের অভিনয়ের নকল করতেন বলে অভিযোগও উঠেছিল। তাতে তাঁর স্পষ্ট জবাব ছিল, এতে আমার কেরিয়ারে ক্ষতি হয়েছে ঠিকই। মিঠুন চক্রবর্তীকেও গরিবের অমিতাভ বলে দেগে দেওয়া হয়েছিল। তবে শক্তিমান ও মহাভারতে অভিনয়ের সাফল্য তাঁকে দর্শকদের মণিকোঠায় চিরস্থায়ী করে রেখেছে। এবার মুকেশ খান্না প্রস্তাব দিলেন, শক্তিমান চরিত্রের জন্য ফিট হতে পারেন পর্দার পুষ্পা তথা দক্ষিণী সিনেমার সুপারস্টার অল্লু অর্জন (Allu Arjun)। শুধু শক্তিশালী অভিনেতা হিসেবেই নয়, তাঁর মুখ, তাঁর পর্দায় উপস্থিতি সহ সার্বিক ব্যক্তিত্ব দেখে তিনি একথা বলছেন। একটি ইউটিউবারকে সম্প্রতি ইন্টারভিউতে সেকথা জানিয়েছেন মুকেশ। মুকেশ দাবি করেছেন, তিনি বলিউডের সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের আদিত্য চোপড়ার লোকেদের শক্তিমান চরিত্রের স্বত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তাঁর বক্তব্য, “আমি তাঁদের বলেছিলাম, আদিত্যকে বলুন তিনি যেই হোক না কেন, এটা বানাতে চাইলে আমাকে দিয়ে বানিয়ে নিতে হবে। আমি ডিস্কো ড্রামা বানানোর অধিকার তাঁদের দিতে চাইনি’। সম্প্রতি মুক্তি পেয়ে মাত্র কয়েক দিনেই রেকর্ড সংখ্যক ব্যবসা করেছে পুষ্পা ২ সিনেমা। সেই ছবির তারকা অল্লু অর্জুনকে একঝলক দেখতে হায়দরাবাদের সিনেমা হলে এত ভিড় হয়েছিল যে মর্মান্তিক ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। যাতে অল্লু অর্জুনকে হাজতবাসও করতে হয়েছে। মুকেশ খান্নার মতে, অল্লু অর্জনই উপযুক্ত হতে পারেন শক্তিমানে অভিনয়ের জন্য। তবে যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও তিনি এই চরিত্রের জন্য বলিউড অভিনেতা রণবীর সিংকে সমর্থন করতে পারবেন না। শক্তিমান হিসাবে রণবীর সিংকে শক্তিমানের পোশাক পরিয়ে এক ভক্তের তৈরি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। তাই একথা বলা।
একনজরে জাকির হুসেন

জাকির হুসেনের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতকুল। রবিবারই গুরুতর অসুস্থ হয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন উস্তাদ জাকির হুসেন। জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যার জন্যই শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। অনেক লড়াই করেও শেষ রক্ষা আর হল না। ৭৩ বছর বয়সে চিরতরে পরলোকের উদ্দেশে রওনা হলেন উস্তাদ জাকির হুসেন। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকির হুসেনের। তাঁর পিতা উস্তাদ আল্লারাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি। চলতি বছর গ্র্যামি পুরস্কার পেয়েছেন জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে ‘শক্তি’ ব্যান্ডের গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ পুরস্কার পেয়েছে। সংশ্লিষ্ট ব্যান্ডের মুখ্য কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। এবং তবলাবাদক জাকির হুসেন। তাঁদের হাত ধরেই ২০২৪ সালে ভারতে গ্র্যামি আসে। উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।
প্রয়াত উস্তাদ জাকির হুসেন

অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই উস্তাদ জাকির হুসেনকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। জাকির হুসেনের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু রবিবার সব লড়াই শেষ। সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন। জাকির হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ার লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। দেশের এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি। জাকির হুসেনের পরিবার এবং তাঁর ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”
আরজি কর কাণ্ডে জামিন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের

আরজি কর মামলায় জামিন প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। শুক্রবার আদালতে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। তবে দুর্নীতি মামলায় নয়। খুন ও ধর্ষণ মামলায় জামিন পেলেন দু’জন। জামিন পেলেও এখনই জেল থেকে বেরোতে পারবেন না সন্দীপ। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। ওই মামলায় এখনও জামিন পাননি তিনি। অভিজিতের বিরুদ্ধে অবশ্য অন্য কোনও মামলা নেই। তাই তিনি জেল থেকে বার হতে পারবেন। তবে যখন থানায় ডাকা হবে, তখনই হাজিরা দিতে হবে তাঁকে। শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজি করে খুন এবং ধর্ষণের মামলার শুনানি। এই মামলায় একটি চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আদালতে সিবিআই জানায়, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। তারা চার্জশিট দিচ্ছে না। তাই আদালতকে আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলেন সিবিআইয়ের আইনজীবী। এর পরেই অভিযুক্তদের আইনজীবী সওয়াল করে জানিয়েছেন, তাঁর মক্কেলরা ৯০ দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন। তাই তাঁদের জামিন দেওয়া হোক। সিবিআইয়ের তদন্তকারী অফিসার (আইও) জানিয়েছেন, এই মামলার তদন্ত চলছে। তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না। এর পরেই সিবিআই আদালতের বিচারক জামিন দেন সন্দীপ এবং অভিজিৎকে।
আজকের আবহাওয়া কেমন থাকবে?

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। ইতিমধ্যেই শীত তার ঝোড় ব্যাটিং শুরু করে দিয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা নিম্নমুখী। আগেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, তাপমাত্রা নিম্নমুখী হবে বলে। পাশাপাশি জানানও হয় সপ্তাহান্তে কমবে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৩ ডিগ্রি। ভোরবেলা কলকাতায় দেখা মিলেছে ঘন কুয়াশার দাপট। অন্যদিকে পশ্চিমবঙ্গের বাকি রাজ্যে তাপমাত্রা আরও নিম্নমুখী। আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শুক্রবার রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে জানানও হয়েছে, ঘন কুয়াশার দাপট বজায় থাকবে এই ৪ জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের স্পেল। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে বলে করা হচ্ছে অনুমান। তবে আগামী ৫ দিনে তাপমাত্রার তেমন কোন বড় পরিবর্তন হবেনা বলে জানানও হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। নেই বৃষ্টির সম্ভাবনাও। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত হবেনা বৃষ্টি বলে সাফ জানিয়ে দেওয়া হয় আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
গুকেশের পুরস্কার মূল্য কত জানেন?

বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডি গুকেশ (D Gukesh)। ১৪তম ম্যাচে চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে দিতেই ইতিহাস গড়েন তিনি। সেই সঙ্গে পুরস্কার মূল্যও বেড়ে চলেছে ডি গুকেশের। এখনও পর্যন্ত কত টাকা পুরস্কার পেয়েছেন? বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় ২ লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন। ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ, প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অন্য দিকে, দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা (চার লক্ষ ডলার)। মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। এরপর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। সব মিলিয়ে ১৯ দিনে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা পেয়ে গেলেন গুকেশ।
অন্তর্বর্তী জামিন অল্লুর

গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। এই ঘটনার কারণে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। এই ঘটনার প্রেক্ষিতে হায়দরাবাদের নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। ৫০ হাজার টাকার বন্ডে তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় তেলঙ্গানা হাই কোর্ট। উল্লেখ্য, অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।
বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ

দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন তিনি। শেষ গেমে চিনের ডিং লিরেনকে হারিয়ে খেতাব জিতলেন তিনি। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবে, সে জিতবে। বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হল না। উল্লেখ্য, সাত বছর বয়সে দাবা খেলা শুরু গুকেশের। এক বছর পরেই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব-১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি।




