পৈতৃক সম্পত্তি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

তফশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের (Schedule Tribe Women) সমান উত্তরাধিকার থেকে বঞ্চিত রাখা অসাংবিধানিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সংবিধানে মহিলাদের সমানাধিকার স্বীকৃত হলেও, তফশিলি উপজাতির মহিলারা আজও এই অধিকার থেকে বঞ্চিত। তাই ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনে (Hindu Succession Act, 1956) প্রয়োজনীয় সংশোধন আনার জন্য কেন্দ্রীয় সরকারকে (Government of India) আহ্বান জানিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি সিটি রবি কুমার ও বিচারপতি সঞ্জয় কারলের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, যেখানে অনুপ্রজাতীয় পরিবারের মেয়েরা পৈতৃক সম্পত্তির সমান অধিকার পায়, সেখানে তফশিলি উপজাতি পরিবারের মেয়েদের এই অধিকার দেওয়া হয় না, তা যুক্তিসঙ্গত নয়। আদালত আরও উল্লেখ করেছে, হিন্দু উত্তরাধিকার আইনের ২(২) ধারায় তফশিলি উপজাতিদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার যদি অফিসিয়াল গেজেটে কোনও নির্দেশিকা প্রকাশ না করে, তাহলে তফশিলি উপজাতির মহিলাদের এই অধিকার প্রযোজ্য হবে না। এই মামলার সূত্রপাত ছত্তিশগড় হাইকোর্টের একটি রায় থেকে। সওয়ার সম্প্রদায়, যা সংবিধানের ৩৪২ অনুচ্ছেদ অনুযায়ী তফশিলি উপজাতি হিসেবে স্বীকৃত, সেই সম্প্রদায়ের এক মহিলার পৈতৃক সম্পত্তির অধিকার নিশ্চিত করেছিল হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলে, আদালত মহিলারর পক্ষে মত দেয় এবং কেন্দ্রীয় সরকারকে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধনের প্রস্তাব বিবেচনা করার নির্দেশ দেয়। আদালতের মতে, এই সংশোধনের মাধ্যমে শুধু তফশিলি উপজাতির মহিলাদের সমানাধিকার নিশ্চিত হবে না, বরং দেশের সংবিধান-স্বীকৃত সমানাধিকারের নীতিও রক্ষা পাবে।

স্ট্যান্ড আপ কমেডি শো-তে অঙ্কুশ

আদ্যোপান্ত কমার্শিয়াল ছবি থেকে ‘মির্জা’ দর্শকদের মন জয় করেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। প্রযোজক-অভিনেতা হিসেবে ছক্কা হাঁকিয়েছেন তিনি। ‘শিকারপুর’-এর দৌলতে পা রেখেছেন ওটিটির দুনিয়াতেও। তাঁকে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকাতেও। এবার চেনা ছকের বাইরে বেরিয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চলেছে অঙ্কুশ। মাইক হাতে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে। জানা গিয়েছে কলকাতা কমেডি কেত্তন নিয়ে আসছে অঙ্কুশ হাজরা। আগামী ২০ ডিসেম্বর এই স্ট্যান্ড আপ কমেডি শো অনুষ্ঠিত হবে। কলা মন্দিরে বসবে হাসি মজার আসর। শালিমারের বঙ্গ ব্যঙ্গ এই কলকাতা কমেডি কেত্তন অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতা কমেডি কেত্তন অনুষ্ঠানে অঙ্কুশ হাজরার সঙ্গে পারফর্ম করবেন অনিন্দ্য সেনগুপ্ত সহ সৌরভ পালোধী, আর জে দেবী।

পোগবার ভাইকে কঠিন শাস্তি দিল আদালত

আইনের চোখে সকলেই সমান, তা আরও একবার প্রমাণ করল ফ্রান্সের (France) বিচারব্যবস্থা। প্যারিসের একটি আদালত বৃহস্পতিবার ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পোগবার (Paul Pogba) ভাই ম্যাথিয়াস পোগবাকে (Mathias Pogba) তিন বছরের কারাদণ্ড দিয়েছে। জানা গিয়েছে, একটি তোলাবাজি মামলায় (Extortion Case) দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে এই রায় শোনানো হয়েছে। তবে ম্যাথিয়াসের শাস্তির একটি ‘ইউনিক’ বিষয় হল, তিন বছর তাঁকে জেলে কাটাতে হবে না। মাত্র এক বছর জেল খেটে বাকি দু’বছর তিনি বাড়িতে গৃহবন্দি অবস্থায় কাটাতে পারবেন। তবে বাড়িতে থাকাকালীন তাঁকে একটি ইলেকট্রনিক ডিভাইস পরে থাকতে হবে। পাশাপাশি তাঁকে ২০,০০০ ইউরো জরিমানা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন মামলায় পোগবার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে? প্যারিসের আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে দাদা পল পোগবাকে একটি গাড়িতে তুলে বন্দুক দেখিয়ে ১৩ মিলিয়ন ইউরো দাবি করে ম্যাথিয়াস এবং তাঁর শৈশবের বন্ধুরা। জুলুমের মুখে পড়ে তিনি ১ লক্ষ ইউরো দেন। এই মামলার জড়িতদের মধ্যে পাঁচজনকে আট বছরের কারাদণ্ড ও ২০,০০০ থেকে ৪০,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হয়েছে। আদালত পল পোগবাকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ১৯৭,০০০ ইউরো এবং মানসিক ক্ষতির জন্য ৫০,০০০ ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছে।

সংসদের সামনে সমস্ত প্রতিবাদ বন্ধ

সংসদের (Parliament gates) সামনে সমস্ত প্রতিবাদ বন্ধে নিষেধাজ্ঞা জারি করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Loksobha speaker Om Birla)। বৃহস্পতিবার সাংসদদের প্রতিবাদকে ঘিরে সংসদ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। কালিমালিপ্ত হয় সংসদ। তার পরেই আজ স্পিকার ওম বিড়লা সংসদের সামনে সমস্ত প্রতিবাদ বন্ধে নিষেধাজ্ঞা জারি করলেন। লোকসভার স্পিকার জানিয়েছেন, কোনও রাজনৈতিক দল, সংসদ সদস্য আজ থেকে সংসদ ভবনের প্রবেশ পথ,সংসদ ভবনের সামনে ধরনা, বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি জানাতে পারবে না। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর আম্বেদকর ইস্যুতে উত্তাল হয় সংসদ চত্বর। উত্তেজনা থেকে হাতাহাতি শুরু হয়। সংসদের (Parliament) নিম্নকক্ষে আহত হন এক বিজেপি সাংসদ। জানা গিয়েছে, বৃহস্পতিবারও শাহর মন্তব্যের বিরোধিতা করে লোকসভায় প্রতিবাদ জানাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা। এর মাঝেই উত্তেজনা বৃদ্ধি পায় এবং তাতেই আহত হন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী (Peatap Chandra Sarangi)। দুই পক্ষের ধাক্কাধাক্কিতে তিনি আহত হয়েছেন বলে খবর। একজন মহিলা সাংসদ ভয় দেখানোর দাবি করেন। সমস্ত অভিযোগের তির রাহুল গান্ধীর দিকে তুলে ধরা হয়।

জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বাড়ছে সিগারেট বা গুটখার দাম (Cigarette Price Hike)। তামাকজাত পণ্যের উপর বাড়ছে জিএসটির (GST) হার। ফলে সিগারেট ও বিড়ির দাম আগের তুলনায় কিছুটা হলেও বেড়ে যাবে। এই ধরনের দ্রব্য কেনায় নিরুৎসাহিত হবে জনসাধারণ। তেমনই বর্ধিত করের মাধ্যমে সরকারি খাতে বাড়বে আয়। ২৮ থেকে ৩৫% ইতিপূর্বে তামাক ও সিগারেট পণ্যের উপর ২৮% জিএসটি (GST on Cigarettes) লাগু ছিল। তবে এবার সেটা বাড়ানো হচ্ছে। জিএসটি বাড়িয়ে দেওয়া হয়েছে ৩৫%। মন্ত্রীগোষ্ঠীর তরফ থেকে জিএসটি বাড়ানোর সুপারিশে সমর্থন জানানো হয়। তারপরই এই সিদ্ধান্ত। কবে থেকে বাড়ছে সিগারেটের দাম (Cigarette Price Hike)?  ২১ ডিসেম্বর থেকে বাড়ছে সিগারেট ও গুটখার উপর লাগু হচ্ছে বর্ধিত জিএসটি। ফলে সেইদিন থেকেই বাড়বে সিগারেট বিড়ির দাম। উল্লেখ্য, এই করকে বলা হয় সিন ট্যাক্স নেশার দ্রব্যাদি বিক্রিতে সরকার বরাবরই নিরুৎসাহিত করে। তাই এই দ্রব্যগুলির উপর বেশি হারে কর আরোপ করে সরকার। তবে এই করগুলির মাধ্যমে রাজস্ব আয় হয় প্রচুর।

রূপমের ‘ঝাপসা শহর’

রূপমের কণ্ঠে নতুন গান ‘ঝাপসা শহর’। চালচিত্র (Chalchitra) ছবির দ্বিতীয় গান ঝাপসা শহর। শান্তি নেই শহরে, নিশ্চিন্ত ঘুম উড়েছে কলকাতাবাসীর। চারিদিকতে আতঙ্ক। এমন পরিস্থিতিতে রূপম ইসলামের (Rupam Islam) কণ্ঠে ইউটিউবে মুক্তি পেল ‘ঝাপসা শহর’। ইতিমধ্যে দর্শকদের কাছে ভালোই সাড়া জাগিয়েছে রূপমের এই গান। আরজি করের প্রতিবাদে গর্জে উঠেছিল শহর। প্রতিবাদের সুরকে সঙ্গে নিয়ে ঝাপসা শহরের কন্ঠ দিয়েছিলেন রূপম। পরিচালক প্রতিমের কথায়, এই গান রেকর্ডের সময় রূপমের কণ্ঠে উঠে এসেছিল শহরে চলা অশান্ত পরিবেশ ও প্রতিবাদের সুর। শীতঘুম ভেঙে বারবার অন্যায়ের প্রতিবাদে জেগে উঠেছে কলকাতা। ‘চালচিত্র’-তে রহস্য-রোমাঞ্চের গল্প বলতে চলেছেন পরিচালক। ছবিতে দেখা যাবে তিন পুলিশ অফিসারের জীবন, তাঁদের কর্মপদ্ধতিকে গতিময় করতে। শহরের অন্ধকার দিকই জেগে উঠবে এই মাধ্যমে। রহস্য রোমাঞ্চে ঘেরা এই ছবিতে টোটা রায়চৌধুরী, রাইমা সেন বর্মা, অনিবার্ণ চক্রবর্তী, স্বস্তিকা দত্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের শান্তনু মহেশ্বরী ৷

শীত কি বিদায় নিল?

রাজ্যে শীতের আমেজ নেই বললেই চলে। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়েছে তাপমাত্রার পারদ। তেমন একটা শীত অনুভূত হচ্ছেনা রাজ্যজুড়ে। গতকাল অর্থাৎ বুধবার থেকেই এই আভাস পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই জানানও হয়েছিল বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া। আর সেই মতই গতকাল থেকে রাজ্যজুড়ে লক্ষ করা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন। তবে মনে করা হচ্ছে এবার সপ্তাহান্তে ভাসতে পারে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। যার জেরে মাটি হতে পারে উইকেন্ড। এমনিতেই ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহ। ফেস্টিভ মুডে ভাসছে তিলত্তোমা। আলোর সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন এলাকা। কিন্তু শীতের অভাবে বাতিল হতে পারে পিকনিকের মত প্ল্যান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার এবং শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। যার জেরে শুক্রবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শক্তি বাড়ল নৌবাহিনীর

আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর ((INS Nirdeshak)। যুক্ত হল সার্ভে  ভেসেল ‘আইএনএস নির্দেশক’ (INS Nirdeshak)। এটি দ্বিতীয় লার্জ সার্ভে ভেসেল। এই ভেসেলটি তৈরি করেছে  গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। এর আগে প্রথম লার্জ সার্ভে ভেসেলটি চলতি বছরের ৩ ফেব্রুয়ারি হাতে পায় ভারতীয় নৌবাহিনী ( Indian Navy)। বুধবার ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনামে (Visakhapatnam) জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে যুক্ত হয় আইএনএস নির্দেশক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, অ্যাডমিরাল রাজেশ পেন্ধরকার, ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, পূর্বাঞ্চলীয় ন্যাভাল কমান্ড ভাইস অ্যাডমিরাল বি শিবকুমার, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারসের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান কমোডর পি আর হরি (অবসরপ্রাপ্ত), গার্ডেনরিচ শিপবিল্ডার্স এবং ভারতীয় নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তারা। গার্ডেনরিচ শিপবিল্ডার্স (Gardenreach Shipbuilders) দেশের একমাত্র শিপইয়ার্ড যা দেশীয় প্রযুক্তিতে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার জন্য বন্ধু দেশগুলির জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করে। গার্ডেনরিচের তৈরি এই জাহাজটি ১১০তম যুদ্ধজাহাজ। ১১০টি যুদ্ধজাহাজের মধ্যে থেকে ৭২টি ভারতীয় নৌবাহিনী, ৩৬টি উপকূলরক্ষী বাহিনী এবং দু’টি যুদ্ধ জাহাজ মরিশাস উপকূলরক্ষী বাহিনী এবং সেশেলস উপকূলরক্ষী বাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে। ‘আইএনএস নির্দেশক’ ১১০ মিটার দৈর্ঘ্যের সার্ভে ভেসেল। ভারতীয় নৌবাহিনীর আরও এক জাহাজ ‘আইএনএস সন্ধ্যাক’-এর সঙ্গে কাজ করবে ‘আইএনএস নির্দেশক’। একটি করে হেলিকপ্টার বহন করার ক্ষমতা রয়েছে এই জাহাজগুলির এবং যুদ্ধেও অংশগ্রহণ এর সর্বোচ্চ গতি ১৮ নটের বেশি এবং এই জাহাজ একটানা ২৫ দিন সমুদ্রে থাকতে পারে। এটি একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল (জাহাজ)। যা সমুদ্রের তলদেশে সার্ভে করবে এবং নেভিগেশন চার্ট তৈরি করবে। বিশ্বের সমস্ত দেশের যুদ্ধজাহাজ এবং পণ্যবাহী জাহাজ ভারত মহাসাগর অঞ্চলের মধ্য দিয়ে যায় শুধুমাত্র ভারতের তৈরি হাইড্রোগ্রাফি চার্টের মাধ্যমে। ভারত মহাসাগর অঞ্চলে একমাত্র ভারতের কাছেই এই প্রযুক্তি রয়েছে। “INS নির্দেশক ১১০ মিটার লম্বা এবং ওজন প্রায় ৩,৮০০ টন। দু’টি ডিজেল ইঞ্জিন রয়েছে।

২০২৮ সালের মধ্যেই পরিবহণ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে

দেশে পরিবহণ ব্যবস্থায় বিপ্লব (Revolutionize) এনেছে কেন্দ্র সরকার (Modi Government)। ভারতমালা যোজনায় (Bharatmala project) একাধিক সড়ক গড়ে উঠছে। রাজ্যসভায় কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Union Transport Minister Nitin Gadkari)  দাবি করেন, দেশজুড়ে ১৮ হাজার ৭১৪ কিলোমিটার সড়ক তৈরি হয়েছে। আরও ২৬ হাজার ৪২৫ কিলোমিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্প অনুযায়ী মূল্য নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে পরিবহণের খরচ কমাতে ভারতমালা পরিযোজনার আওতায় মোট ৩৪ হাজার ৪০০ কিলোমিটার সড়ক তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই গোটা প্রকল্পে মোট ৪.৭২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা বা ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়া। এছাড়াও বন্দরের যোগাযোগ বাড়ানোর জন্য ১৮টি প্রকল্পের ঘোষণা করেছে সরকার। এই প্রকল্পের আওতায় ৪২৪ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ইতিমধ্যেই  ১৮৯ কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গিয়েছে। তার সঙ্গে গুজরাত-মহরাষ্ট্র-সহ মোট আটটি রাজ্য সড়কপথে জুড়ছে এই প্রকল্প। তালিকায় নাম রয়েছে বাংলারও। ২০২৮ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের সমস্ত কাজ শেষ করবে কেন্দ্র সরকার, জানান গড়করি। উল্লেখ্য, ভারতমালা পরিকল্পনা হল সড়ক ও  মহাসড়ক উন্নয়নের জন্য একটি সরকারি অর্থায়িত প্রকল্প। এর লক্ষ্য সংযোগ উন্নত করা, এবং অর্থনৈতিক করিডোর বরাবর রাস্তার একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা। দেশের মূল মূল রাজ্য ও শহরগুলিকেই যুক্ত করছে কেন্দ্রের এই ভারতমালা প্রকল্প।

কলকাতায় উধাও শীত

সপ্তাহের শুরুতে ছিক জাঁকিয়ে শীতের (Winter) আবহ। তবে মঙ্গলবার থেকে থেমেছে পারদ পতন। তাপমাত্রা খানিক ঊর্ধ্বমুখী। ভোরবেলা আর রাতের দিকে খানিক শীত অনুভূত হলেও দিনভর থাকছে গরম। ডিসেম্বরের শহরে ( Kolkata December) পিকনিক করার ফ্যান্টাসি ঘুচেছে। রীতিমতো গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। এদিন শহরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। হাওয়া অফিসে জানিয়েছে, কলকাতা শীতের সাময়িক ধাক্কা খেলেও, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে। শীতের আমেজ কমবে ধীর ক্রমশ। কলকাতায় পারদ থাকবে ১৬ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার থেকেই শুরু হাওয়া বদল। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। বুধবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শনিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শীতের আমেজ থেকে সাময়িক বিরতি পাবে শহর। সপ্তাহ অন্তে আংশিক মেঘলা আকাশ। শুক্র ও শনিবার মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস।