বাবা হলেন অক্ষর প্যাটেল

বাবা হলেন ভারতীয় স্পিনার, অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ১৯ ডিসেম্বর, ২০২৪ দম্পতির কোল আলো করে আসে পুত্র সন্তান। নিজের ইনস্টাগ্রাম ফিডে অক্ষর একটি পোস্ট করে তার অনুরাগীদের উদ্দেশ্যে এই সুখবরটি দেন। পোস্টটিতে দেখা যায় একটি ভারতীয় জার্সি এবং তার একপাশে অক্ষরের স্ত্রীয়ের একটি আঙ্গুল ধরে আছে ছোট্ট একটি আঙ্গুল, অপর পাশে অক্ষরের একটি আঙুলও সমানভাবে ধরে আছে একটি সদ্যজাতর হাত। পোস্টটিতে লেখা, ‘ ও এখনও পা দিয়ে অফসাইড ঠিক করার চেষ্টা করছে। কিন্তু গোটা বিশ্বের সঙ্গে ওর পরিচয় করানোর লোভ আমরা আর সামলাতে পারলাম না। এই দুনিয়ায় তোমাকে স্বাগত হক্স প্যাটেল। ভারতীয় ক্রিকেট দলের ক্ষুদ্রতম তথাপি সবথেকে বড় ফ্যান। আর আমাদের হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ। ১৯-১২-২০২৪ ‘। অক্ষরের এই পোস্ট দেখেই স্পষ্ট বাড়ির খুদে সদস্যের নাম রাখা হয়েছে হক্স। উল্লেখ্য, বক্সিং ডে ম্যাচের তালিকা প্রকাশ করার আগেই সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিটম্যান রোহিত শর্মা জানিয়েছিলেন এই সিরিজে পাওয়া যাবেনা অক্ষরকে। এমনকি তাঁকে পুরো বর্ডার – গাভাস্কার সিরিজেও দেখা যায়নি। কারণ তিনি পৃতিত্বকালীন ছুটিতে রয়েছেন। যা থেকে তখনই আভাস পাওয়া গেছে তিনি শীঘ্রই বাবা হতে চলেছেন। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। আর এবার সুখবরের কথা নিজেই জানালেন অক্ষর সোশ্যাল মিডিয়াতে।
উইকেন্ডে ফের বৃষ্টি?

বছর শেষের আগে আবার হাওয়া বদল। আপাতত দুই দিন স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। সপ্তাহান্তে ফের সামান্য বাড়তে পারে। তবে রবিবারের পর নামবে পারদ। শীতবিলাসীদের জন্য একেবারেই সুখবর নয়, তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি এ বছরে নেই। তবে বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। কলকাতার (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। ২০২৪ সালের শেষ সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) তিন জেলাতে। প্রভাব পড়তে পারে আশেপাশের দুই একটি জেলাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এদিকে উত্তরবঙ্গে (North Bengal) উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা। এই সময় যাঁরা দার্জিলিং থাকবেন, সেই সমস্ত পর্যটকদের জন্য নিশ্চয়ই তা সুখবর। শনিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। এদিকে শৈত্যপ্রবাহের কবলে উত্তর ভারত (North India)। দিল্লি-এনসিআর (Delhi-NCR) এলাকায় ঘন কুয়াশার দাপট অব্যাহত। কুয়াশার কারণে সতর্কতা জারি করেছে দিল্লি বিমানবন্দর। তবে বিমান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। ফলে উৎসবের সময়ে দুর্ভোগ সহ্য করতে হবে না যাত্রীদের। বৃহস্পতিবার সকাল ৭টার সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৫০০ মিটার। এই দৃশ্যমানতায় সিএটি-৩ ক্যাটেগরির বিমানের অবতরণ করতে অসুবিধা হয় না।
কোন দেশ পালন করে ইংরেজি নববর্ষ?

গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। এটি সৌর বছরের উপর ভিত্তি করে তৈরি একটি পঞ্জিকা, যা দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে বর্তমানে ব্যবহৃত কাঠামোটি পেয়েছে। যদিও বেশিরভাগ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে চলে, কিছু দেশ এখনও এই পঞ্জিকা গ্রহণ করেনি। আমাদের পরিচিত ইংরেজি সালই আসলে এই গ্রেগরিয়ান পঞ্জিকা। বিশ্বের বেশ কিছু দেশ তাদের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী চলার রীতি বজায় রেখেছে। উত্তর কোরিয়া, সৌদি আরব, নেপাল, ইরান, ইথিওপিয়া, এবং আফগানিস্তান তাদের নিজস্ব পঞ্জিকা অনুসরণ করে। ইসরায়েল গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করলেও ইংরেজি নববর্ষ পালন করে না। এছাড়া আরব দেশগুলিতে ১ জানুয়ারি নববর্ষ শুরু হয় না। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং তিউনিসিয়ায় নববর্ষ শুরু হয় আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। চীন এবং ইতালিতে এই তারিখ আরও ভিন্ন, যথাক্রমে মার্চ এবং নভেম্বরে। উত্তর কোরিয়ার পঞ্জিকা একেবারে আলাদা। তাদের ক্যালেন্ডারের সূচনা ১৯১২ সালে, যা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুং-এর জন্মের বছর। তাদের হিসেবে, আমাদের ২০১৮ সাল হলো তাদের ১০৭ সাল। ফলে ২০১৯ সালটি তাদের জন্য ১০৮ সাল হিসেবে পালিত হচ্ছে। এটি তাদের ঐতিহ্য এবং জাতিগত গর্বের পরিচায়ক। চীনেও রয়েছে নিজস্ব ক্যালেন্ডার, যা বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে। যদিও গ্রেগরিয়ান ক্যালেন্ডার তাদের অফিসিয়াল কার্যক্রমে ব্যবহৃত হয়, নিজস্ব পঞ্জিকাটি বিশেষ ধর্মীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীনের এই পঞ্জিকা চন্দ্রবর্ষের উপর ভিত্তি করে তৈরি এবং এর জনপ্রিয়তা আজও অটুট। ইহুদি ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিও তাদের নিজস্ব ক্যালেন্ডার মেনে চলে। তবে সাম্প্রতিক সময়ে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এবারই প্রথম সৌদি আরবে কিছু অঞ্চলে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে, যা ঐতিহ্যগতভাবে এই দেশে দেখা যায় না। এ ঘটনাটি প্রমাণ করে যে, সময়ের পরিবর্তনের সঙ্গে ক্যালেন্ডারের গুরুত্ব এবং সংস্কৃতির মেলবন্ধন নতুন রূপ পাচ্ছে।
বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন ফেব্রুয়ারিতে

২০২৫-এর ৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন হচ্ছে।বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা জানিয়েছেন, কালীঘাটের স্কাইওয়াকের কাজ শেষ হলেই উদ্বোধন হবে সেটি। জগন্নাথ ধাম উদ্বোধন নিয়েও আশাবাদী তিনি। এবারের বইমেলা নিয়েও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিন মমতা জানান, গ্রামের দিকেও মেলা হয়। পৌষমেলা, পিঠেপুলি মেলা, স্বনির্ভর গোষ্ঠীর নানা মেলা, কৃষিমেলা এরকম নানান মেলা রয়েছে। এইসব মেলা থেকেও ভালো টাকা উপার্জন হয় বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, বড়দিন থেকে জানুয়ারি মাস পর্যন্ত নানারকম মেলা হয়ে থাকে। প্রচুর মানুষ কেনাকাটি করে। গ্রামীণ হস্তশিল্প, অন্যান্য সামগ্রীর বিক্রিবাটা হয়। মমতা ব্যানার্জি বলেন, উৎসবকে কেন্দ্র করেই আমাদের ব্যবসা বৃদ্ধি হয়। দেখতে ছোট হলেও, দোকানদারের আয় অনেক বড়। দেশের অর্থনীতির স্তম্ভ দোকানদাররা।
জেলায় জেলায় শপিং মল, ক্যাফে!

বছর শেষে বড় ঘোষণা। বৃহস্পতিবার বিকেলে নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ঘোষণা করলেন, এবার জেলায় জেলায় তৈরি হবে শপিং মল। উদ্যোগপতিদের জমির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। জানা গিয়েছে, শপিং মলগুলি দুটি তল পৃথকভাবে রাখতে হবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও আর্টিজানদের জন্য। ফলে জেলায় জেলায় স্থানীয় স্তরের অর্থনীতি মজবুত হবে বলে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর। কলকাতা ও শহরতলীর আশেপাশে আধুনিক শপিং মলের মতোই জেলার শপিং মলে থাকবে ক্যাফেটেরিয়া ও রেস্তোরাঁ। থাকবে আধুনিক সিনেমা হল। ফলে জেলাস্তরে বাড়বে বাংলা ছবির ডিস্ট্রিবিউশন। শপিং মলের জন্য জমি ধার্য করে দেবে রাজ্য সরকার। এদিন ২৪ পরগনার আওতায় থাকা আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকের খালি জমিতে একটি শপিং মল তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এমনকি সংগ্রহশালার উল্টোদিকের জমিতে চামড়াজাত দ্রব্যের একটি সরাসরি বিক্রয় কেন্দ্রের কথাও ঘোষণা করেন। সেখানেই তৈরি হবে বাংলার শাড়ির বিক্রয় কেন্দ্র। তাঁতশিল্পীরা এখানে তাদের তৈরি পণ্য সামগ্রী বিক্রয় করতে পারবে।
জরিমানা হল কোহলির

শাস্তি পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলীয় ওপেনার স্যাম কনস্টাসকে (Sam Konstas) কাঁধ দিয়ে ধাক্কা মারায় ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা হল তাঁর। আরও বড় শাস্তি পেতে পারতেন, নিষিদ্ধ হতে পারতেন সিডনি টেস্ট থেকে, তবে ২০ শতাংশ জরিমানা দিয়েই অব্যাহতি পেলেন তিনি। প্রথম দিনের খেলার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) সামনে উপস্থিত হতে হয় কোহলিকে। ১০ মিনিট বৈঠকের পর আইসিসির (ICC) কোড অফ কন্টাক্ট অনুযায়ী অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। ফিজিক্যাল কন্ট্যাক্ট-এর দায়ে সবথেকে কম লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন কোহলি। এদিনের ঘটনার পর চাউর হয়ে গিয়েছিল, এক ম্যাচ নিষিদ্ধ হতে চলেছেন ভারতের তারকা ব্যাটার। ইচ্ছাকৃত শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে তাকে লেভেল-২ অপরাধ বলে গণ্য করা হয় যার ফলে কোনও খেলোয়াড় তিন থেকে চার ডি-মেরিট পয়েন্ট পায়। ২৪ মাসের মধ্যে কোনও খেলোয়াড় চারটে ডি-মেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট ম্যাচ অথবা দুটি সীমিত ওভারের ম্যাচ থেকে নিষিদ্ধ হতে হয়। ১০ এবং ১১তম ওভারের মাঝে ওপেনিং পার্টনার উসমান খোয়াজার সঙ্গে কথা বলতে পিচের এক ধার ধরে হাঁটছিলেন কনস্টাস। স্লিপ পোজিশন থেকে হাঁটতে হাঁটতে এসে তাঁর কাঁধে হাল্কা ধাক্কা লাগান কোহলি। স্বভাবতই ক্ষুব্ধ হন কনস্টাস। কোহলি এমন ভাব দেখান যেন তিনি ইচ্ছে করে কিছু করেননি, তাঁর দোষই নয়। কিন্তু রিকি পন্টিংয়ের মতো ব্যক্তিত্ব বলছেন এটা ইচ্ছাকৃত। রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে আটটি চার এবং দুটি ছয়ের সাহায্যে ৮৫ বলে ৬০ রান করে গিয়েছেন কনস্টাস।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত

ওয়েব ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের অর্থনৈতিক উদারীকরণের পুরোধাপুরুষ মনমোহন সিংহ (Manmohan Singh) প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর। এদিন অর্থাৎ বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস(AIIMS)-এ এমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় ৯২ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। দিল্লি এমসের তরফে জানানো হয়েছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাড়িতেই হঠাৎ সংজ্ঞা হারান তিনি। রাত ৮টা ৬ মিনিটে তাঁকে দিল্লি এমসের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক দলের সবরকম চেষ্টার পরেও তাঁকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে দিল্লি এমস। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং। চলতি বছরের শুরুতে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষে রাজনৈতিক পথচলায় ইতি টানেন তিনি। টানা ৩৩ বছর রাজ্যসভার সাংসদ ছিলেন। ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং। অর্থনীতির অধ্যাপক ছিলেন। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও ছিলেন। তারপর ১৯৯১ সালের জুনে পিভি নরসিং রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। এর চারমাস পর রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।
মৃতের পরিবারকে ২ কোটি দিচ্ছেন অল্লু অর্জুন

‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবির স্ক্রিনিংয়ে ভিড়ের চাপে মৃতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun) এবং ছবির নির্মাতারা। হায়দরাবাদে পুষ্পা ২-এর স্ক্রিনিংয়ে ভিড়ের চাপে মৃত্যু হয়েছিল ৩৪ বছর বয়সি রেবতীর। তাঁর ৯ বছরের পুত্রসন্তান শ্রী তেজ সেই ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিবারকে অর্জুন আগেই ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন, এবার আটগুণ হল টাকার অঙ্ক। এর মধ্যে ১ কোটি দিয়েছেন অভিনেতা এবং ছবির নির্মাতা সংস্থা মিথ্রি মুভিস (Mythri Movies) এবং পরিচালক সুকুমার ৫০ লক্ষ টাকা করে দিয়েছেন। ক্ষতিগ্রস্তের পরিবারেরে হাতে এই টাকা তুলে দেবেন তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (TFDC) চেয়ারম্যান এবং প্রযোজক দিল রাজু। ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ (Allu Aravind)। অরবিন্দ জানিয়েছেন, মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা নিয়ে আইনি জটিলতা রয়েছে তাঁর, তাই ক্ষতিপূরণের টাকা তুলে দেবেন চেয়ারম্যান রাজু। অল্লু অর্জুনের বাবা আরও জানান, মৃতার ছেলে শ্রী তেজ চিকিৎসায় সাড়া দিচ্ছে এবং দুই দিন আগে তাকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। এখন বাহ্যিক সাহায্য ছাড়াই শ্বাস নিচ্ছে সে। চিকিৎসকরা জানিয়েছেন, এটা খুবই ভালো লক্ষণ, দ্রুত সেরে উঠবে শ্রী তেজ।
তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে পশ্চিমী ঝঞ্ঝা

চারদিন ধরে একটানা চলবে দুর্যোগ। তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিম হিমালয়ে তুষারপাতের সঙ্গে তাল মিলিয়ে চলছে বৃষ্টি। শীতের সঙ্গে এবার তাল মিলিয়ে পাল্লা দেবে চলবে বৃষ্টি। সোমবার ও মঙ্গলবার দেশের দু’দিন ব্যাপী দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচলপ্রদেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে। যদিও এই মুহূর্তে কাশ্মীরে জাঁকিয়ে শীত। আগামী ৪ দিন ধরে আবহাওয়ার একটানা খামখেয়ালিপনা চলবে। চলটি বছরের দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি হয়েছে। ফলে একদিকে বাড়বে শীত। তাল মিলিয়ে বাড়বে বৃষ্টির দাপট। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পদুচেরিতে ২৮ ডিসে্ম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা। ফলে অনেকটাই কমবে তাপমাত্রায়। দেশের বেশ কয়েকটি জায়গায় তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে রাজ্যগুলিতে হবে ভারী বৃষ্টি। বৃষ্টির দরুন শীতের আমেজ অনেকটাই কমবে। বাড়বে তাপমাত্রা।
মেলবোর্নে কী হবে ভারতের একাদশ?

ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ টেস্ট শুরু হতে আর বেশি সময় নেই। এ ম্যাচ যে হারা মানেই সিরিজ জেতার আশা শেষ। সিডনিতে যা আবহাওয়ার পূর্বাভাস তাতে এমসিজিতে হারলে সিরিজ হারও হতে পারে। সিরিজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final), এই মুহূর্তে সিরিজের ফলাফল, সবমিলিয়ে বছরের শেষ সপ্তাহে বছরের সেরা দ্বৈরথে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। নাথান ম্যাকসুইনির জায়গায় এসেছেন ১৭ বছর বয়সি ব্যাটার স্যাম কনস্টাস। চোট পাওয়া জশ হ্যাজলউডের পরিবর্তে খেলবেন স্কট বোল্যান্ড। এ ছাড়া আর কোনও পরিবর্তন হয়নি। কিন্তু রোহিত শর্মা, গৌতম গম্ভীররা কী করবেন? বদল আনবেন কি? সবথেকে খারাপ ফর্মে আছেন অধিনায়ক রোহিত (Rohit Sharma) নিজেই। কিন্তু তিনি নিজেকে বসাবেন এমন চিন্তা মাথাতে আনাই সম্ভব নয়। প্রথম একাদশে কোনও বদলই হবে বলে মনে হয় না। তবে বদল হতে পারে ব্যাটিং অর্ডারে। এক নয়, একাধিক বদল। সূত্রের খবর, ওপেনিং স্পটে ফিরে যেতে পারেন রোহিত। সেক্ষেত্রে কে এল রাহুল তিন নম্বরে ব্যাট করবেন। বিরাট কোহলি তাঁর চার নম্বর জায়গা থেকে কোনও মতেই নড়বেন না। তাহলে শুভমান গিলকে পাঁচ বা ছয়ে নামতে হবে যা তিনি আন্তর্জাতিক কেরিয়ারে আজ অবধি করেননি। এমসিজিতে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।




