আতঙ্কিত হওয়ার কিছু নেই, বার্তা মুখ্যমন্ত্রীর

চিনে দেখা মিলেছে এক নয়া ভাইরাসের। করোনার পর এইচএমপিভি ভাইরাস (HMPV Virus) নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। আর এবার সেই ভাইরাস হানা দিল ভারতেও। ভারতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত মোট চারজন। কলকাতাতেও হানা দিয়েছে এই ভাইরাস। জানা যাচ্ছে, কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত এক শিশু। আর এই অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হল বিশেষ পদক্ষেপ। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার থেকে শুরু গঙ্গাসাগর মেলা। আর তার আগেই গঙ্গাসাগরে আজ উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইচএমপিভি ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে মুখ খুললেন তিনি। তিনি বলেন, ‘HMPV নিয়ে আতঙ্ক ছড়ানোর দরকার নেই। কোনও গাইডলাইন এলে রাজ্য সরকার তা মানবে।’ যার দ্বারা তিনি স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার প্রস্তুত এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সর্তকতা অবলম্বন করে গ্রহণ করা হয়েছে বিশেষ পদক্ষেপ। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে এইচএমপিভি ভাইরাস নিয়ে গ্রহণ করা হয়েছে বিশেষ পদক্ষেপ। এইচএমপিভি ভাইরাস যাতে না ছড়িয়ে পড়ে এবং তার দ্রুত আটকানো যাতে সম্ভব হয় তার জন্য এখন থেকেই দিল্লি সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি, কোন ব্যক্তির মধ্যে যদি এই সংক্রান্ত কোনও সিম্পটম নজরে আসে তাহলে তাকে তৎক্ষণাত আইসোলেশনে পাঠাতে হবে বলে জানানো হয়েছে দিল্লির স্বাস্থ্যমন্ত্রকের তরফে। দিল্লির হাসপাতালগুলিকে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা অথবা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলে সেই ব্যক্তিদের নিয়মিত রিপোর্ট দিতে হবে হাসপাতালের পক্ষ থেকে। হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব শ্বাসকষ্টের সমস্যার জন্য যেই ওষুধ লাগে তা যেন হাসপাতালগুলিতে মজুত রাখতে হবে। যদিও ভারতের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মত কিছু নেই। কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেরল সরকারও বাচ্চা, বয়স্ক এবং অন্তঃসত্ত্বা ব্যক্তিদের জন্য পরামর্শ দিয়েছে তারা যেন বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করে। আর এবার দিল্লি সরকারের পক্ষ থেকে জারি করা হলো নির্দেশিকা। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষণ গোষ্ঠীর এক বৈঠকে এইচএমপিভি ভাইরাস নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল, হু – র প্রতিনিধি, দিল্লি এইমস, বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ( ICMR) – এর বিশেষজ্ঞরা। আর সেই বৈঠক থেকে জানানো হয় ভারতে এখনও সংক্রমণের হার বৃদ্ধি পায়নি। আর তা যেন বৃদ্ধি না পেতে পারে সেই জন্যই জারি করা হলো নির্দেশিকা।

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে খাদান

অপ্রতিরোধ্য খাদান। ঝড়ের গতিতে বক্স অফিসে ব্যাটিং করছে দেবের খাদান। এগিয়ে চলেছে বক্স অফিস কালেকশন। আর এবার ছবির আয়ের হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। প্রজাপতির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেল খাদান। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে খাদান। খাদান ছবির হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। খাদান প্রজাপতি ছবিটির লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গেল তাও মাত্র ১৭ দিনেই। বর্তমানে খাদান ব্যবসার নিরিখে চতুর্থ সর্বোচ্চ আয় করা বাংলা ছবি। তার পূর্ববর্তী হিট ছবি প্রজাপতি-এর লাইফটাইম কালেকশনকে মাত্র ১৭ দিনেই ছাপিয়ে গেছে খাদান।প্রথম সপ্তাহে ৬.৬ কোটি, দ্বিতীয় সপ্তাহে ৪.৭ কোটি এবং তৃতীয় সপ্তাহের শুরুতেই ১.৬৫ কোটি আয় করে খাদান এখন পর্যন্ত ১২.৯৫ কোটি টাকা ঘরে তুলেছে। আগামী দিনে এই ছবি ১৩ কোটি টাকার সীমা পেরোবে বলে আশা করা হচ্ছে।

আসছে ‘স্ত্রী ৩’

নতুন বছরে সিনেপ্রেমীদের জন্য বড় ঘোষণা ম্যাডক ফিল্মসের। থাকছে শ্রদ্ধা-রাজকুমারের নতুন চমক। ২০২৪ সালে নারীতন্ত্রের বার্তায় বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে স্ত্রী ২। এবার আসছে স্ত্রীর ৩। আসছে ভেড়িয়া ২। হরর-কমেডি ইউনিভার্সে কবে আসছে ‘স্ত্রী 3’ (Stree-3) ও ‘ভেড়িয়া 2’ (Bhediya 2)। ২০২৪ সাল পুরুষতন্ত্রের শিকল ভাঙার বার্তা দিয়ে বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে স্ত্রী ২। একচেটিয়া ব্যবসা করে ৫০ কোটি টাকার ছবি ৫০০ কোটি টাকা আয় করেছে। সেই ব্লকবাস্টার সিনেমার এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে। ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে এই এই শ্রদ্ধা-রাজকুমারের ছবি। তবে শুধু ‘স্ত্রী ৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস-এর তরফে ২ জানুয়ারি আরও একগুচ্ছ সিনেমার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ ছবিও রয়েছে। 2026 সালে হরর-কমেডি ‘ভেড়িয়া 2’ মুক্তি পাবে ৷ বরুণ ধাওয়ান অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে আসবে 14 অগস্ট ৷ 2026 সালে ‘চামুন্ডা’ মুক্তি পাবে 4 ডিসেম্বর ৷ চলতি বছর দুটি নতুন সিনেমা সামনে আনছে প্রযোজনা সংস্থা ৷ দিওয়ালিতে মুক্তি পাবে ‘থামা’ ও 31 ডিসেম্বর মুক্তি পাবে ‘শক্তি শালিনী’ ৷ এই দুটি ছবির সঙ্গে লিঙ্ক থাকবে ভেড়িয়া 2 ও চামুন্ডা ছবির ৷

দেউচা পাঁচামির কাজ নিয়ে বৈঠক মুখ্যসচিবের

দেউচা পাঁচামি প্রকল্প (Deucha panchami) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারের পর শুক্রবারই দেওচা পাঁচামি নিয়ে মহম্মদবাজারে বাজার ব্লক অফিসে বৈঠকে করেন মুখ্যসচিব মনোজ পন্থ (Chief Secretary Manoj Pant)। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।আর সেই বৈঠকের পরেই মহম্মদবাজারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন জমি দাতারা। করলেন ধিক্কার মিছিলও। যদিও পরে ডিএসপি ডিএন্টি অয়ন সাধু গিয়ে জমি দাতাদের বোঝানোর পরে উঠে যায় বিক্ষোভ। এছাড়াও ১০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে ৭২ ঘণ্টা অনশনের ডাক দিয়েছেন জমিদাতাদের। বৈঠক শেষে জমিদাতারা বলেন, মুখ্যসচিব দেখা করেননি, আশাহত হয়েছি। বৈঠক শেষে মুখ্যসচিব বলেন, “দেউচা পাঁচামি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ আমরা বৈঠক করেছি। আগামী ১৫-২০ দিনের মধ্যে উপর অংশের মাইনিং শুরু হবে। গ্রামবাসীদের স্বার্থে এলাকায় উন্নয়নের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সম্পূর্ণ হবে। জমিদাতাদের অভিযোগ, গতকালকে মুখ্যমন্ত্রীর বার্তার পর আশায় বুক বেঁধেছিলেন তারা। কিন্তু আজ যখন রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি আসেন তারা আসল জমিদাতাদের সঙ্গে কথাই বলেননি । কথা বলেছেন ভুয়ো জমিদাতাদের সঙ্গে । “স্বাভাবিকভাবেই চাকরি না পাওয়া বা জমি অধিগ্রহনের সমস্যা নিয়ে কোন কথাই তারা মুখ্যসচিবকে বলতে পারেন নি। তাই মহম্মদবাজার ব্লক অফিস থেকে মুখ্য সচিব বেরোনোর পরেই ধিক্কার মিছিল করেন জমিদাতারা। যদিও পড়ে ডিএসপি ডিএনটি অয়ন সাধু তাদের পাশে থেকে লড়াই করার কথা বললে এবং পিবি সেলিমের সঙ্গে ফোন মারফত কথা বলালে উঠে যায় বিক্ষোভ।

HMPV বেশি সংক্রমিত হয় শীতকালে?

করোনা অতিমারীর (Corona Pandemic) ভয়াবহতা আমরা কেউই এখনও ভুলতে পারিনি। সেই মৃত্যুমিছিল, সেই হাহাকার, সেই লকডাউন (Lockdown)- দুর্বিষহ দিনগুলির কথা ভাবলেই যেন গা শিউরে ওঠে। সেই কারণে এবার চীনের (China) নতুন ভাইরাস নিয়েও বাড়ছে উদ্বেগ। তবে ভাইরাসের সংক্রমণকে নিয়ে কিছুটা স্বস্তি দিল চীন। ‘হিউম্যান মেটানিউমোভাইরাস’ বা HMPV-কে (Human Metapneumo Virus) শুধুমাত্র শীতকালীন সংক্রমণ বলে দাবি করেছে। অর্থাৎ, শীত পেরিয়ে গেলে আশঙ্কার মেঘ কেটে যেতে পারে। নতুন এই ভাইরাসের কারণে চীনের হাসপাতালগুলিতে রোগীদের ভিড় দেখা গেলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে জিংপিং সরকার। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, নতুন ভাইরাসের প্রভাবে শীতকালে শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তবে এই ভাইরাসকে মারাত্মক বলে মনে করার কোনও কারণ নেই বলে মনে করছে চীন। তিনি বলেন, “HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সরকার বিষয়টির উপর কড়া নজর রাখছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় চীনের হাসপাতালগুলির ভিড়ের কিছু ছবি ভাইরাল হয়। সেইসব ছবি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ভাইরাসের সংক্রমণের হার কোভিডের (COVID-19) তুলনায় কম। পাশাপাশি, এই ভাইরাস প্রাণঘাতী নয় বলেও জানানো হয়েছে। চীনের এই ভাইরাসের খবর প্রকাশ্যে আসার পর ভারতেও (India) উদ্বেগ তৈরি হয়েছে। তবে ভারতের স্বাস্থ্য দফতর থেকেও আতঙ্কিত না-হওয়ার বার্তা দেওয়া হয়েছে। ভারতের স্বাস্থ্য দফতরের আধিকারিক ড. অতুল গয়াল জানিয়েছেন, “এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সাধারণ সতর্কতা মেনে চলুন।”

জাঁকিয়ে শীত কতদিন?

গোটা বাংলা কনকনে ঠান্ডায় জর্জরিত (Winter in West Bengal)। কলকাতায়ও শীতের আমেজ চরমে পৌঁছেছে। শুক্রবারের মতো শনিবার সকালেও হাড়হিম ঠান্ডায় শহরবাসী কাঁপছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে এই প্রবল শীত কতদিন স্থায়ী হবে, তা নিয়ে বিশেষ আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে তার পরের ২ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও একই প্রবণতা দেখা যাবে। শীতের প্রকোপ আপাতত খুব একটা না কমলেও কয়েকদিন পর আবহাওয়া খানিকটা উষ্ণ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গের শীতল আবহাওয়ার মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৭ জানুয়ারি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সাময়িক হওয়ায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ফলে শীতের প্রকোপ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিসের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ৯ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শীতের আমেজ থাকলেও আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস কলকাতার তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের তুলনায় বেশ কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৬৩ শতাংশ। ফলে শহরবাসীর কাছে শীতের তীব্রতা আরও অনুভূত হচ্ছে।

সিডনিতে এগিয়ে ভারত

চলছে টেস্ট ক্রিকেট, তার মধ্যেই টি২০ খেলে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। উল্টোপাল্টা শট খেলে আউট হওয়ায় এই সিরিজে যথেষ্ট সমালোচিত হয়েছেন তিনি। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) তাঁর শট নির্বাচনকে ‘স্টুপিড’ বলেছেন পর্যন্ত। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ভালো খেলছিলেন, বড় শট মারতে গিয়ে আউট হন। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই পন্থা অবলম্বন করে ব্যাট করেন তিনি। বিরাট কোহলি (Virat Kohli) আউট হওয়ার পর নামেন পন্থ। এসসিজি জুড়ে ভারত সমর্থকরা কোহলির আউটে স্তব্ধ। বোল্যান্ডকে প্রথম বলেই স্টেপ আউট করে লং অনের উপর দিয়ে ছয় মারলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। বুঝিয়ে দিলেন, তিনি যেভাবে খেলেন সেভাবেই খেলবেন। ৩৩ বলে ৬১ করে গেলেন পন্থ। কী তাণ্ডবটাই না করলেন। যে পিচে বাকিরা ব্যাটে বল লাগাতে জেরবার হয়ে যাচ্ছেন সেখানে স্টার্ক, ওয়েবস্টার বোল্যান্ডদের নিয়ে ছেলেখেলা করলেন। আর ১০টা ওভার টিকে থাকলে এ ম্যাচ অস্ট্রেলিয়ার হাত থেকে বের করে নিয়ে যেতেন তিনি। অস্ট্রেলিয়াকে উদ্ধার করলেন অধিনায়ক কামিন্স। পন্থকে আউট করলেন তিনিই। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ করেছে ভারত, অর্থাৎ ১৪৫ রানে এগিয়ে। অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। অন্তত ২০০ রানের লিড না হলে জয়ের আশা নেই। জসপ্রীত বুমরার চতুর্থ ইনিংসে বল করতে পারবেন কি না সেটাও দেখার। হাসপাতালে স্ক্যান করাতে গিয়েছিলেন তিনি, তবে ফিরে এসে দৌড়োদৌড়ি করতে দেখা গেল। নিঃসন্দেহে ভারতের জন্য ভালো দৃশ্য।

কেমন থাকবে আবহাওয়া?

পুরনো বছরকে বিদায় জানিয়ে, সারম্বরে স্বাগত জানানও হয়েছে নতুন বছরকে। ক্রিসমাস যেমন বঙ্গবাসী কাটিয়েছে শীত ছাড়া, কিন্তু বছর শেষে অবশেষে দেখা মিলেছে শীতের। ইতিমধ্যেই কলকাতা-সহ বঙ্গের সব জায়গায় এক ধাক্কায় নেমেছে অনেকটাই তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গে এই কদিন দেখা মিলবে শীতের। জানা যাচ্ছে শীতের স্পেল চলবে শনিবার পর্যন্ত। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের আমেজ। সকাল থেকেই দেখা গেছে কলকাতা-সহ রাজ্য ঢেকেছিল কুয়াশার চাদরে। আপাতত এই কদিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেই জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা নীচে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গেও স্বাভাবিকের অনেকটাই নীচে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে পশ্চিমবঙ্গে নেই কোন বৃষ্টির পূর্বাভাস।

ফের বাঘ আতঙ্ক! কোথায়?

আবারও ঝাড়খণ্ডে কি ফিরতে চলেছে বাঘ আতঙ্ক! মনে করা হচ্ছে তাই। স্থানীয় সূত্রে খবর, বাংলা সংলগ্ন সরাইকেলা-খরসোওয়া জেলার তুল গ্রামের বালিডি জঙ্গলে ফের দেখা মিলেছে একটি বাঘের। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ছিল বাংলা সীমান্তে বাঘ আতঙ্ক। বাঘিনি জিনাত ওড়িশার জঙ্গল থেকে চলে আসে ঝাড়খণ্ড সীমান্তে আর তারপরেই সে ঢুকে পড়ে বাংলার বুকে। পুরুলিয়াতে বেশ কিছুদিন অবাধ বিচরণ করে সে। বন দফতরের তরফ থেকে বাঘিনি জিনাতকে নিজেদের বাগে আনার জন্য বিভিন্ন রকম প্রয়াশ করা হয়। কিন্তু কোনভাবেই সে বন দফতরের পাতা ফাঁদে পা দিচ্ছিল না। এমনকি টোপেও হচ্ছিল না কাজ। তারপরেই সে পুরুলিয়া থেকে পারি দেয় বাঁকুড়ায়। অবশেষে গত রবিবার বাঘিনি জিনাতকে বন দফতরের কর্মীরা নিজেদের বাগে পান। প্রায় কয়েক সপ্তাহ পর। ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করা হয়। ইতিমধ্যেই বাঘিনিকে আবারও পাঠানও হয়েছে ওড়িশায়। এই আতঙ্কেই এতদিন দিন কাটিয়েছেন ঝাড়খণ্ডবাসী। তার কিছুদিন কাটতে না কাটতেই আবার ঝাড়খণ্ডে দেখা মিলল বাঘের। প্রত্যক্ষদর্শী এক ছেলে জানিয়েছেন, মঙ্গলবার সকালে জঙ্গলে দুটি গরুর উপর এক বাঘকে আক্রমণ করতে দেখে সে। এক গরুকে ধরতে না পারলেও অন্যটির গলায় কামড় দেয় সে। পরে ঘটনাস্থল থেকে বাঘ বা চিতাবাঘের মতো পায়ের ছাপও মেলে, আর যা থেকে প্রমাণিত জঙ্গলে আবারও দেখা মিলেছে বাঘের। সরাইখেলা-খরসোওয়ার ডিএফও সাবা আনসারি তিনি জানিয়েছেন, যেই পায়ের ছাপটি মিলেছে তাতে মনে করা হচ্ছে রয়াল বেঙ্গল টাইগার। ইতিমধ্যেই বন দফতরের তরফ থেকে শুরু হয়েছে নজরদারি। ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে জঙ্গলে। বাঘ আছে কিনা তা দেখার জন্য। তবে যেই প্রাণীর দেখা মিলেছে তা বাঘ নাকি চিতাবাঘ, তা নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন বন দফতরের কর্মীরা। তবে যাই হোক না কেন ঝাড়গ্রামবাসী আবারও আতঙ্কে দিন যাপন শুরু করেছেন। ইতিমধ্যেই, স্থানীয় বাসিন্দারা আতঙ্কে জঙ্গলে যাওয়ার কাজ বন্ধ করে দিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা?

দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা ডি’ক্রুজ (Ileana Dcruz)। ২০২৫-এর প্রথম দিনেই ইলিয়ানার একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন, তারপর থেকে শুরু হয়েছে চর্চা। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর কেমন কাটল সেই ঝলকই ভক্তদের সঙ্গে ভাগ কর নিয়েছেন। আগামি অক্টোবরে ফের মা হবেন, এমনই আভাস দিয়েছেন ভিডিওতে। মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাঁদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তাঁরা। স্বামী মাইকেল ডোলান ও পুত্রকে নিয়ে ভিডিও শেয়ার করেছেন তিনি। ইলিয়ানা তাঁর ইনস্টাগ্রামে ২০২৪ সালের ফেলে আসা মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। যেখানে স্বামী ও ছেলেকেও দেখা গিয়েছে। ভিডিয়োর মাঝখানে, ইলিয়ানা ২০২৪ সালের অক্টোবরের একটি ক্লিপ শেয়ার করেছিলেন। এই ক্লিপে তাঁকে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’ দেখাতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছ থেকে অভিনন্দনও পাচ্ছেন তিনি। যা দেখে সকলের মনেই একটাই প্রশ্ন, তবে কি নতুন অতিথি আসা এখন কেবল সময়ের অপেক্ষা?   View this post on Instagram   A post shared by Ileana D’Cruz (@ileana_official)