মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ

কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে গত শুক্রবার এক প্রসূতির মৃত্যুর পরেই তাঁকে দেওয়া রিঙ্গার্স ল্যাকটেট (আরএল) স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই স্বাস্থ্য দফতর কড়া নির্দেশিকা জারি করে। তার পরই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ঠিক কী ঘটেছিল, কার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যু হল, আদৌ আরএল স্যালাইনের ব্যবহারই এর জন্য দায়ী কি না ইত্যাদি খতিয়ে দেখতে ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দফতর। তারা মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে বেশ কিছু ওযুধ এবং স্যালাইনের নমুনা সংগ্রহ করে। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও। পাশাপাশি, মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধানকে এসএসকেএম হাসপাতালে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করে তদন্ত কমিটি। স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের কথা উল্লেখ করে সোমবার মুখ্যসচিব বলেন, ‘‘আমরা কোনও রকম গাফিলতি বরদাস্ত করব না। পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্তের কথা বলেছি। সেই তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ।’’ তিনি জানান, বিস্তারিত রিপোর্টে যাঁরাই দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হবে। ছাড় পাবেন না কেউই। শুধু তা-ই নয়, স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির পাশাপাশি স্যালাইন-কাণ্ড নিয়ে তদন্ত করবে সিআইডিও।
ফের বড়পর্দায় অক্ষয়-তাবু জুটি

দীর্ঘ ১৪ বছর পর অক্ষয় কুমার (Akshay Kumar) প্রিয়দর্শন জুটি বাঁধতে চলেছেন। তাই জোর চর্চায় পরিচালক প্রিয়দর্শনের(Priyadarshan) নতুন ছবি ‘ভূত বাংলা’ (Bhoot Bangla)। অন্যদিকে শোনা যাচ্ছে ২০০০ সালের ব্লকবাস্টার ছবি ‘হেরাফেরি'(Hera Pheri) পর এই তাবুর (TABBU) সঙ্গে জুটি বাঁধতে চলেছে অক্ষয়। তা যদি হয় তবে পর্দায় এই জুটিকে দেখা যাবে প্রায় ২৫ বছর পর। ভূত বাংলায় নায়িকা নাকি তিনি অশরীরী তা এখনো খোলসা করে জানা যায়নি। এই ছবিতে তাবুর যোগদানের ব্যাপারে যখন জল্পনা তুঙ্গে তখন ইনস্টাগ্রাম এ ভূত বাংলা ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে নায়িকা নিজেই ছবিতে পা রাখার কথা ঘোষণা করেছেন। সঙ্গে লিখেছেন ‘আমি এখানে আটকে রয়ে। নেটপাড়ার ইঙ্গিত স্পষ্ট। ভূত বাংলায় আটকা পরে রয়েছেন তাবু। তার মানে কি এই ছবিতে তিনি ভূত! প্রসঙ্গত, এটি তিনি তার সব অভিনেতা অক্ষয় কুমার, যীশু সেনগুপ্ত এবং ওয়ামিকা গাব্বিকেও ট্যাগ করেছেন।ভুতুড়ে ছবিতে এর আগেও তাবুকে দেখা গিয়েছে। যেমন ‘গোলমাল ৩’, ‘ভুলভুলাইয়া ২’। সাম্প্রতিক ছবিটিতে আবার যমজ ভূতের চরিত্রে দেখা গেছে। একটি সংবাদ সূত্রের খবর এপ্রিলে শুটিং শেষ হয়ে যাবে ‘ভূত বাংলা’ ছবির। আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবি।
বিধ্বংসী আগুনের গ্রাসে গোটা হলিউড!

দাউদাউ করে জ্বলছে গোটা শহরটা। আকাশ যেন ঢেকে গেছে কালো ধোঁয়ায়। পরিস্থিতি এমনই যে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। আর তারমধ্যেই আতঙ্কে বাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। লম্বা লাইনে গাড়ির ভিড়ে রাস্তায় লেগে গেছে ট্র্যাফিক জ্যাম। দাবানলের গ্রাসে গোটা লস অ্যাঞ্জেলেস।এখনও পর্যন্ত আগুন ছড়িয়েছে সাতটা পয়েন্ট থেকে। মোটামুটি প্রায় ৩০ হাজার একর জমি আগুনের গ্রাসে। পুড়ে ছাই ২ হাজারেরও বেশি বাড়ি। ইতিমধ্যে ১ লক্ষ ৮০ হাজার মানুষকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবার, নিহতের সংখ্যা ডাবল ডিজিটে পৌঁছে গিয়েছে। ইতিহাস বলছে, এখনো পর্যন্ত এত বড় ফরেস্ট ফায়ার দেখেনি ক্যালিফোর্নিয়া। আমেরিকার পশ্চিম প্রান্তে প্রদেশগুলি থেকে ফায়ার ফাইটাররা চলে এসেছেন আগুন নেভাতে লস অ্যাঞ্জেলসে। তবে যা খবর, তাঁদের শত চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসছে না আগুন। আগুন নেভানোর চেষ্টা চলছে হেলিকপ্টার থেকে। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে, বিপদ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জয়ললিতার বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি ফিরে পেতে আত্মীয়দের আবেদন খারিজ

তামিলনাড়ুর (Tamilnadu) প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার (Jayalalithaa) বাজেয়াপ্ত হওয়া আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তি ফিরে পেতে তাঁর আত্মীয়রা আবেদন করেছিলেন। সেই দাবি খারিজ কর্নাটক হাইকোর্টে (Karnataka High Court)। আবেদনে বলা হয়, নিম্ন আদালত জয়ললিতাকে দোষী সাব্যস্ত করে। কিন্তু হাইকোর্ট তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেয়। সেই রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকাকালীনই তাঁর মৃত্যু। তাই এক্ষেত্রে জয়ললিতাকে আসামি হিসাবে ধরা যাবে না। সেই কারণে তাঁর সম্পত্তি ফেরত দেওয়া উচিত। দ্বিতীয়ত, যে সময়কালের জন্য তাঁকে অভিযুক্ত করা হয়, তার আগের সম্পত্তি ফেরত দেওয়া উচিত। বিচার চলাকালীন জয়ললিতার মৃত্যুর কথা জানানো হয় সুপ্রিম কোর্টকে। তার পরেও মৃতের সম্পত্তি বাজেয়াপ্ত করার সরকারি সিদ্ধান্তে সিলমোহর দেয় দেশের শীর্ষ আদালত। পাল্টা সওয়াল সরকার পক্ষের। তাতে বিচারপতি ভি শ্রীশানন্দ জানিয়েছেন, সুপ্রিম কোর্ট জয়ললিতার সম্পত্তি বাজেয়াপ্তকরণ প্রসঙ্গে সুস্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা করেছে। দ্বিতীয়ত, নিম্ন আদালত মৃতের আত্মীয়দের দাবি ‘মেরিট’-এর ভিত্তিতে খারিজ করেছিল। তাই মৃতের আইনি উত্তরাধিকারের দাবি গ্রহণযোগ্য নয়। আদালতের উপদেশ, আপনারা বরং জয়ললিতার নামে কোনও ফাউন্ডেশন স্থাপন করুন। সমাজে বিপুলসংখ্যক গরিব রয়েছেন। ফাউন্ডেশন-এর মাধ্যমে তাদের জন্য খরচ করুন। তাঁদের আনন্দে রাখার চেষ্টা করুন। তার ফলে আপনারাও যেমন মানসিক সন্তুষ্টি পাবেন, তেমনি মৃতের আত্মাও শান্তি পাবেন। মনে রাখতে হবে, যা মেলে তা ঈশ্বরের দান। তাতেই সন্তুষ্ট থাকা উচিত। ঋণাত্মক অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু তার প্রতি মনোযোগ দিলে হবে না।
নিজেকে শেষ করলেন ‘ফসিলসে’র প্রাক্তন সদস্য

বাংলা রক সঙ্গীতজগতের ফের নক্ষত্রপতন। জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর (Fossils) প্রাক্তন সদস্য চন্দ্রমৌলী বিশ্বাস (Chandramouli Biswas) আর নেই। রবিবার ওয়েলিংটনের ইন্ডিয়ান মিরর স্ট্রিটে নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। চন্দ্রমৌলীর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সঙ্গীতজগত। জানা গিয়েছে, ঘটনার দিন চন্দ্রমৌলীর বন্ধু এবং ব্যান্ডের প্রাক্তন সদস্য মহুল চক্রবর্তী (Mohul Chakraborty) তাঁর মৃতদেহটি প্রথম দেখতে পান। মহুল জানিয়েছেন, চন্দ্রমৌলী তাঁকে বাড়িতে দেখা করতে ডাকেন। ফোনে বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও কোনও সাড়া না পাওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়েন। পরে চন্দ্রমৌলীর বাড়িতে পৌঁছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে মানসিক অবসাদে (Depression) ভুগছিলেন চন্দ্রমৌলী। আর্থিক অনটন এবং পেশাগত অসন্তোষ তাঁকে গ্রাস করেছিল। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার করেছে পুলিশ, যেখানে তিনি তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। চন্দ্রমৌলীর মৃত্যুতে শোকপ্রকাশ করে ফসিলস-এর ম্যানেজার এবং রূপম ইসলামের (Rupam Islam) স্ত্রী রূপসা দাশগুপ্ত (Rupsa Dashgupta) লিখেছেন, “চন্দ্র আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। ফসিলস পরিবারের এক অভিন্ন অঙ্গ। তাঁর এই প্রস্থান আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।” ১৯৭৬ সালের ৫ জুন জন্মগ্রহণ করা চন্দ্রমৌলী যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন। তবে আকর্ষণীয় চাকরি ছেড়ে দিয়ে সঙ্গীতকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ‘ফসিলস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সৃষ্টিশীলতা এবং সুরের জাদুতে তিনি দ্রুত বাংলা সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছিলেন। ২০১৮ সালে স্বাস্থ্যজনিত কারণে তিনি ‘ফসিলস’ ছাড়তে বাধ্য হন। বর্তমানে ‘গোলক’ এবং ‘জম্বি কেজ কন্ট্রোল’ নামে দুই ব্যান্ডের (Bangla Band) সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলী। কিন্তু আর্থিক অনটন এবং অবসাদ তাঁকে ধীরে ধীরে বিপন্ন করে তোলে। সেই কারণেই কি চরম সিদ্ধান্ত নিলেন এই সঙ্গীতশিল্পী? প্রশ্নটা উঠছে।
ঠান্ডায় বৃষ্টির পূর্বাভাস

কনকনে ঠান্ডায় জুবুথুবু মানুষ (Winter Update)। তাপমাত্রা নেমে গিয়েছে ১৩-এর ঘরে। শনিবার বছরের শীতলওম দিন। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে আপাতত বহাল থাকবে জাঁকিয়ে শীতের আমেজ। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast Today)। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শনি ও রবিবার তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। সোমবার থেকে চড়বে পারদ। তাপমাত্রা বাড়বে তিন ডিগ্রি। হাড়হিম ঠান্ডায় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে জেলায় জেলায়। ১৩ই জানুয়ারি দার্জিলিং, কালিম্পঙ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং এদিন তুষারপাতও হতে পারে। কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, ১৬ জানুয়ারি পর্যন্ত দুই বঙ্গের জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির আশেপাশে। শহরে বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ সর্বনিম্ন ৫৫ শতাংশ।
প্রেমিক মানুষ আমির খান?

সদ্য মুক্তি পেয়েছে আমির-পুত্র জুনেইদ খানের ছবি ‘লভইয়াপ্পা’র ঝলক। সেই ছবিরই প্রচার সংক্রান্তই এক অনুষ্ঠানে প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেন আমির খান (Aamir Khan)। বিয়ে না টিকলেও তিনি নাকি আদ্যন্ত প্রেমিক মনের মানুষ। আমির বলেন, “আসলে আমি মানুষ হিসাবে খুব রোম্যান্টিক। শপথ করে বলতে পারি, আমি খুবই প্রেমিক মানুষ। একটা কথা বলতে খুব হাসিই পায়। কিন্তু আপনারা আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সত্যিই বলছি, আমি রোম্যান্টিক।” আমিরের সংযোজন, “আমি প্রেমে থাকতে ভালবাসি। প্রেমে যখন থাকি খুবই আহ্লাদে থাকি। আমার প্রিয় ছবির মধ্যেও রয়েছে একাধিক প্রেমের ছবি। প্রেমের ছবি দেখার সময়ে আমি হারিয়ে যাই। আমি নিজেও সত্যিকারের ভালবাসায় বিশ্বাস করি।” শেষে প্রেম নিয়ে আমিরের স্বীকারোক্তি, “আমি মনে করি, নিজের আত্মার সঙ্গী খুঁজে পাওয়ার অর্থই প্রেম। সেই মানুষটার সঙ্গে আপনি খুব স্বচ্ছন্দ বোধ করবেন।”
সাসপেন্ড আরাবুল ও শান্তনু

কলকাতা: আরাবুল ইসলাম (Arabul Islam) ও শান্তনু সেনকে (Santanu Sen) দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, বৈঠকে আলোচনার প্রেক্ষিতে আরাবুল এবং শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল। জানা গিয়েছে, দলবিরোধী কাজের অভিযোগে ভাঙড়ের আরাবুল ইসলাম এবং চিকিৎসক নেতা শান্তনু সেনকে সাসপেনশনের পথে হেঁটেছে শাসকদল। এর আগেও আরাবুলকে দল সাসপেন্ড করেছিল ৬ বছরের জন্য। পরে তা প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়া হয়। গত পঞ্চায়েত ভোটে আরাবুল জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সদস্যও হন। তবে সম্প্রতি গত ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠাদিবসে দলীয় পত্তাকা উত্তোলন করতে গিয়ে দলের আর এক গোষ্ঠীর সঙ্গে গন্ডগোলে জড়ান আরাবুল। একদা শিক্ষিকাকে জলের পাত্র ছুড়ে মারার অভিযোগে অভিযুক্ত আরাবুলের গাড়িতে সে দিন পাথর ছোড়েন তৃণমূলেরই কর্মীরা। ওই ঘটনার প্রেক্ষিতে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আরাবুলকেই দায়ী করেন। তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে অভিযোগ জানাবেন। তার পরেই এই সিদ্ধান্তের কথা জানা গেল। অন্যদিকে, দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মুখপাত্র ডাঃ শান্তনু সেনকে নিয়েও দলের অস্বস্তি ক্রমশ বাড়ছিল। আর জি কর কাণ্ডের সময়ে তাঁর ভূমিকাকে ভালো চোখে দেখেনি তৃণমূল।
দূষণ কমাতে বাতিল হবে ডিজেল গাড়ি?

দূষণ (Pollution) নিয়ন্ত্রণে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানাল আদালত। সম্প্রতি মুম্বই (Mumbai) শহরের বায়ুদূষণ (Air Pollution) নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালতের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি জি এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পর্যায়ক্রমে ডিজেল চালিত গাড়ি (Diesel Car) এবং কাঠ ও কয়লা জ্বালানি হিসেবে ব্যবহারকারী চুল্লি বাতিল করা যেতে পারে। ডিজেল ইঞ্জিন চালিত যানবাহনের পরিবর্তে সিএনজি (CNG Car) এবং ইলেকট্রিক যানবাহন (Electric Vehicle) ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বিচারপতিরা। তাঁদের প্রশ্ন, দিল্লির মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন না হলেও ডিজেল ইঞ্জিন নিষিদ্ধ করে বিকল্প জ্বালানি ব্যবহার বাড়াতে বাধা কোথায়? আদালত জানিয়েছে, মুম্বইয়ের বায়ুদূষণে তৃতীয় বৃহত্তম অবদান কাঠ ও কয়লার চুল্লির। নির্মাণ শিল্প এবং বিশেষ কিছু শিল্প দূষণের প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তাই বেকারি ও ক্ষুদ্র খাদ্য উৎপাদকদের কাঠ ও কয়লা ব্যবহার বন্ধে কর্পোরেশনকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। আদালত প্রস্তাব দেয়, নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শর্ত রাখা যেতে পারে, যাতে কাঠ ও কয়লার পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি পায়। মুম্বই কর্পোরেশন ইতিমধ্যেই কাঠ ও কয়লার চুল্লি ব্যবহারকারী বেকারিদের এক বছরের মধ্যে ব্যবস্থা বদলানোর জন্য নোটিশ পাঠিয়েছে। বেকারি শিল্প থেকে বছরে পাঁচ কোটির বেশি বান তৈরি হয়। তাই এটি দূষণের একটি বড় উৎস। পাশাপাশি, নির্মাণস্থলগুলিতেও ‘রিয়েল-টাইম পলিউশন ডেটা’ পর্যবেক্ষণ প্রযুক্তি বসানোর প্রস্তাবও পেশ করা হয়েছে। মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত।
কিং খানের নতুন লুক

বয়স ৬০ ছুঁইছুই কে বলবে। এখনও বলিপাড়ার উঠতি হিরোদের টেক্কা দিতে পারেন কিং খান। শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন লুক দেখে ঝড় উঠেছে ফ্যানেদের মনে। যার কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র। ৫৯ বছর বয়সে এসেও প্রতি মুহূর্তে তাঁর প্রেমে পড়ে অনুরাগীরা। এর মধ্যে আরিয়ানের ব্র্যান্ডের বিজ্ঞাপণে শাহরুখের নয়া লুক সামনে এল। আরিয়ান খান (Aryan Khan), বান্টি সিং এবং লেটি ব্লাগোয়েভায়ের হাই-এন্ড স্ট্রিটওয়্যার ব্র্যান্ড D’YAVOL সেপ্টেম্বর 2024 সালে নিউইয়র্ক ফ্যাশন আত্মপ্রকাশ করেছিল। ব্র্যান্ডটিতে স্ট্রিটওয়্যার ও স্পিরিটসের নানা জিনিস পাওয়া যায়। শাহরুখ ও আরিয়ানকে ব্র্যান্ডের (SRK-Aryan Khan) নতুন কালেকশন ‘X-3’-এর বিজ্ঞাপনে দেখা যাচ্ছে। শাহরুখ তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, এই কালেকশনটি ১২ জানুয়ারি লঞ্চ হবে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, এক রাতে একটি জাদুঘরে ঢুকে বিখ্যাত মোনালিসার ছবি সরিয়ে তাঁর জায়গায় ব্র্যান্ডের নতুন কালেকশনের একটি জ্যাকেট রাখছেন শাহরুখ। এই জ্যাকেটকে “মাস্টারপিস” হিসেবে দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার করার পর থেকেই অনুরাগীরা শাহরুখের স্টাইলের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।




