মেদিনীপুর হাসপাতালে সুপার সহ ১২ জন ডাক্তার সাসপেন্ড

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু কাণ্ডে আরএমও সহ ১২ জন সিনিয়র ও জুনিয়র ডাক্তার সাসপেন্ড। তাঁদের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যাঁরা, ট্রেনিদের হাতে ছেড়ে দিয়েছেন যারা, রেজিস্টারে নাম পাওয়া গিয়েছে, তাঁদের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। আমি ডাক্তারদের প্রতি সহানুভূতিশীল। মানবিক। অন্যায় হলে মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য। দুটো তদন্ত রিপোর্ট যখন আমার কাছে জমা পড়েছে। সব মিলিয়ে সিআইডি দেখবে। যেসব ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন, ডা. সৌমেন দাস (আরএমও), দিলীপ পাল, হিমাদ্রি নায়েক, মহম্মদ আলাউদ্দিন, জয়ন্তকুমার রাউত, পল্লবী বন্দ্যোপাধ্যায়, মৌমিতা মণ্ডল, ভাগ্যশ্রী, সুশান্ত মণ্ডল, পূজা সাহা, মণীশ কুমার, জাগৃতি ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সব অপারেশন থিয়েটারের বাইরে সিসি ক্যামেরা লাগাতে বলব। কেউ না করলে তাঁকে অন্য জায়গা দেখে নিতে বলব। সিনিয়র ডাক্তারদের কাছে আমার অনুরোধ, আট ঘণ্টার যে ডিউটি অ্যালট করা আছে, অনেক সময় শুধু সই করে চলে আসেন। সরকারি চাকরি করব আবার একইসঙ্গে প্রাইভেটেও করব এমনটা হতে পারে না।

‘ধুম ৪’ এ রণবীরের সঙ্গে ভিকি কৌশল

‘ধুম ৪’ এ নাকি চোরের ভূমিকায় দেখা যাবে রণবীরকে আর পুলিশের চরিত্রে ভিকি। যশরাজ ফিল্মসের স্পাইভার্সে এবার এরা নাম লেখাতে চলেছেন। এই মুহূর্তে বলিউডে ভিকি কৌশল সবথেকে ব্যস্ততম নায়ক। গত বছর ‘ব্যাড নিউজ’ ছবিটি অনবদ্য অভিনয় করার পর বেশ কয়েকটি প্রজেক্টে তিনি ডাক পেয়েছেন। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ‘ধুম ৪’ ছবিতে রনবীরের সঙ্গে তাঁকে দেখা যাবে। ইতিমধ্যেই যশ রাজ ফিল্মস-এর অফিসে হাজির হয়ে আদিত্য চোপড়ার সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে ফেলেছেন ভিকি। অন্দরের খবর, আদিত্য নাকি দু’দুটি বড় প্রজেক্টের জন্য ভাবছেন ভিকিকে। একটি তাদের স্পাই-ইউনিভার্স সিরিজ ছবির জন্য। যেখানে ভিকিকে একজন স্পাই হিসাবেই ওই সিরিজের নতুন একটি ছবিতে দর্শকের সামনে হাজির করানো হবে ভিকিকে, যেখানে তিনি-ই থাকবেন প্রধান নায়ক। অন্য আর একটি ছবি হল ধুম ৪! উল্লেখ্য, বড়পর্দায় যথেষ্ট প্রশংসিত রণবীর-ভিকির রসায়ন। এইমুহূর্তে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং করছেন এই দু’জন। ভিকি কৌশল তাঁর আগামী ছবি ‘ছাভা’-র জন্য অত্যন্ত ব্যস্ত রয়েছেন। এই ছবিতে রশ্মিকা মন্দানা এবং অক্ষয় খান্নার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি। লক্ষণ উতেকরের পরিচালনায় এই ছবিটি তৈরি করা হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে। শুধু ভিকি নয়, আলিয়া ভাটও ‘আলফা’ ছবির হাত ধরেই স্পাই ইউনিভার্সের অংশ করতে চলেছেন বলে সূত্রের খবর। সলমন, শাহরুখ এবং আমির এতদিন যশরাজ ফিল্মসের ইউনিভার্সের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। তবে এবার নতুন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে যশ রাজ ফিল্মস। একদিকে যেমন ‘আলফা’ ছবিতে আলিয়া এবং শর্বরীকে কাস্ট করা হয়েছে তেমনই অন্যদিকে ‘ধুম ৪’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে এবং পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। অর্থাৎ ‘ধুম ৪’ ছবিতে ‘চোর’ রণবীরকে তাড়া করবেন ‘পুলিস’ ভিকি

কেমন আছেন সইফ আলি খান?

গতকাল অর্থাৎ বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই ছুরিকাহত সইফ আলি খান। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই চলছে তাঁর অস্ত্রোপচার । জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ বুধবার অভিনেতা সইফ আলি খান নিজের বান্দ্রা ওয়েস্টের ফ্ল্যাটে ছিলেন। এগারো তলায় তাঁর ফ্ল্যাট। আর সেখানেই ঢুকে পড়ে এক ব্যক্তি। হঠাৎ করে সেই ব্যক্তি ঢুকে পড়ায় সাইফ আলি খানের বাড়ির পরিচারিকার সঙ্গে বেধে যায় বাকবিতন্ডা। ঝামেলার আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ আলি খান। ঝামেলা আটকানোর চেষ্টা করেন অভিনেতা। তখনই সেই অপরিচিত ব্যক্তি সাইফ আলি খানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। যার জেরে আহত হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই হয় তাঁর অস্ত্রোপচার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সেই ব্যক্তির খোঁজ চলছে যার দ্বারা অভিনেতা আহত হন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল সইফ।

নৌসেনা কতটা শক্তিশালী হল? কী বললেন মোদি

১৫ জানুয়ারি, সেনাবাহিনী দিবসে (Army Day) ভারতীয় নৌসেনায় সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক ও প্রবল ক্ষমতাশালী রণতরী, সাবমেরিন। বুধবার সেনাবাহিনী দিবসে মুম্বইয়ে নৌসেনার তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির ওরফে ‘হান্টার কিলার’ সাবমেরিনকে জাতির উদ্দেশে উৎসর্গ করলেন মোদি। প্রবল ক্ষমতাশালী রণতরী, সাবমেরিন যুদ্ধজাহাজগুলি (warship) নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে, ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এগুলিই পরবর্তীকালে দেশের সুরক্ষায় হয়ে উঠতে পারে গেম-চেঞ্জার। নৌবাহিনীর ক্ষমতাকে আরও বাড়াতে অন্তর্ভুক্ত হচ্ছে একটি অত্যাধুনিক সাবমেরিন (submarine)। চিন – পাকিস্তানের উপর চাপ বাড়তে পারে। জলপথে চিন যে ভাবে শক্তি বাড়াচ্ছে তাতে নৌসেনার শক্তিবৃদ্ধির প্রয়োজন ছিল। এই স্করপিন যুদ্ধজাহাজগুলি অন্তর্ভুক্ত হলে, ভারতের সামুদ্রিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ভারত মহাসাগরে চিনের বাড়বাড়ন্ত রুখতে কার্যকরী ভূমিকা পালন করবে এই নতুন সংযোজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ১৫ জানুয়ারি একটি ‘স্পেশাল ডে’। এদিনই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে, 7400 টন আইএনএস সুরাত (INS Surat), 6670 টন আইএনএস নীলগিরি (INS Nilgiri), 1600 টন আইএনএস ভাগশির (INS Vagsheer)। মোদি বলেন, দুটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন ,তিনটিই দেশকে প্রতিরক্ষার বিষয়ে অগ্রনী হওয়ার পথে অনেকটাই এগিয়ে দেবে। আত্মনির্ভর করে তুলবে ভারতকে। সেনার সামগ্রিক শক্তিবৃদ্ধিতে দারুণ কাজ করবে এই রণতরীগুলি, মনে করছেন বিশেষজ্ঞরা। আইএনএস সুরাট উন্নতমানের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। এটি বিশ্বের বৃহত্তম মিশাইল ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি। অটোমেশন এবং অর্ডন্যান্সের ক্ষেত্রেও অনেক বেশি উন্নত এই মডেল, যার সিংহভাগই নির্মাণ হয়েছে ভারতে। আইএনএস নীলগিরি ১৭এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। শিবালিক-ক্লাসের ফ্রিগেটের তুলনায় এর প্রযুক্তি অত্যাধুনিক । রণতরীগুলির ডিজাইন তৈরি হয় দিল্লিতে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো থেকে।

শহরে গলা কেটে খুন মহিলাকে

গল্ফগ্রিনে উদ্ধার এক মহিলার গলা কাটা দেহ। গল্ফগ্রিনের আরপি কলোনি থেকে উদ্ধার এক মহিলার দেহ। বন্ধ ঘরের খাটের নিচ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। দেহ উদ্ধারের ঘটনায় গল্ফগ্রিনে উপস্থিত হয় গল্ফগ্রিন থানার পুলিশ। মহিলার দেহে একাধিক ধারাল অস্ত্রের চিহ্ন মিলেছে, যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। কয়েকদিন আগেই গল্ফগ্রিন থেকেই উদ্ধার হয় এক মহিলার কাটা মুণ্ডু। যা নিয়ে তোলপাড় পরে যায় কলকাতা জুড়ে। গল্ফগ্রিন থেকে উদ্ধার হয় সেই মহিলার কাটা মুণ্ডু, এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় বাকি দেহাংশ। আর তার কদিন যেতে না যেতেই আবারও গল্ফগ্রিন থেকে উদ্ধার এক মহিলার দেহ। তাও আবার বন্ধ ঘরের মধ্যে থেকে। কে বা কারা সেই মহিলাকে খুন করল? তা নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গোটা ঘটনার শুরু হয়েছে তদন্ত।

এবার শিয়ালদহ থেকেও বন্দে ভারত

কলকাতাবাসীর (Kolkata) জন্য সুখবর। এবার শিয়ালদহ (Sealdah Rail Station) থেকেও বন্দে ভারত (Bande Bharat) ছাড়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। এমনিতে হাওড়া (Howrah) থেকে বন্দে ভারত (Bande Bharat) ছাড়ে। এবার শিয়ালদহ থেকে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব কিছু ঠিক ঠাক থাকলে তিনমাসের মধ্যে শিয়ালদহ থেকে বন্দে ভারত তার যাত্রা শুরু করবে। রেল সূত্রে খবর, কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে আধুনিক কোচিং ডিপো (Modern Coaching Depot at Kashipur) তৈরি করা হবে। আনুমানিক খরচ পড়বে ২৫০ কোটি টাকা। ট্র্যাকের কাজ চলবে। সেই সমস্ত কাজ শেষ হলে বন্দে ভারত চালানো হবে। ওই সমস্ত ইতিমধ্যেই পরিদর্শন করেছেন পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য ৩ মাস সময় লাগতে পারে জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। হাওড়া থেকে ধানবাদ সংলগ্ন ছোটা আমবানা পর্যন্ত এই প্রকল্পের কাজ। উল্লেখ্য, ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে হাওড়া থেকে প্রথম বন্দে ভারত পরিষেবা শুরু হয়। তবে উদ্বোধনী পরিষেবাটু ৩০ ডিসেম্বর হাওড়া থেকে চালানো হয়েছিল। এটি পূর্ব ভারতে প্রথম বন্দে ভারত ট্রেন পরিষেবা। হাওড়া ছাড়াও দেশের বড় বড় মেট্রো শহরগুলি থেকে বন্দে ভারত ট্রেন চলাচল করে থাকে। বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। এই মুহূর্তে রাজ্যে মোট নয়টি রুটে চলে বন্দে ভারত। তার মধ্যে হাওড়া–নিউ জলপাইগুড়ি, হাওড়া–পুরী, নিউ জলপাইগুড়ি–গুয়াহাটি, হাওড়া–পাটনা, নিউ জলপাইগুড়ি–পাটনা, হাওড়া–রাঁচি, হাওড়া–ভাগলপুর, হাওড়া–গয়া ও হাওড়া–রৌরকেল্লা বন্দে ভারত রয়েছে।

৪ তলা ফ্ল্যাট ভেঙে পড়ল বাঘাযতীনে

কলকাতা: বাঘাযতীনে (Bagha Jatin) ভেঙে পড়ল চারতলা ফ্ল্যাট (Flat Building Leaning)। বাঘাযতীন বিদ্যাসাগর কলোনীর (Bagha Jatin Vidyasagar Colony) ঘটনা। ঘটনায় আহত বেশ কয়েকজন। ভিতরে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত দমকল ও বিশাল পুলিশ বাহিনী। যাদবপুর ৯৯ নং ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনী (৩ নং) এ ভেঙে পড়ল ৪ তলা ফ্ল্যাট। তবে আপাতত হতাহতের কোনও খবর নেই। অভিযোগ, আবাসনে মেরামতি কাজ চলছিল, তখনই বিপত্তি। রয়েছেন কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করবে পুরসভা। পুরসভা সূত্রের খবর, কিছুদিন আগে সেখানে ফাটল দেখা দেয়। খবর দেওয়া হয় ফ্ল্যাটের প্রোমোটারকে। তিনি মেরামতের আশ্বাস দেন। ফাটলের জন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, বর্তমান কাউন্সিলর নির্বাচিত হয়ে কলোনির জমিতে ৪ তলা বেআইনি ফ্ল্যাট তৈরির অনুমোদন দিয়েছিলেন। জলা জমিতে তৈরি এই ফ্ল্যাট বেশ কয়েকদিন ধরে বসে যাচ্ছিল। তারপর এদিন ওই ফ্ল্যাটের একপাশে হেলে যায় এবং ভেঙে পড়ে। পাশের একতলা বাড়ির উপর হেলে গিয়েছে। বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির মালিকদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার। বিদ্যাসাগর কলোনির এই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা পুসভার। বাড়িটি প্রায় ১০ বছর পুরনো ছিল। কলকাতা পুরসভা অনুমতি ছাড়াই হাইড্রোলিক দিয়ে বাড়ির উচ্চতার বাড়ানোর কাজ চলছিল। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, বিপজ্জনক এই ফ্ল্যাট ভেঙে দেওয়া হতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনতলা ফ্ল্যাট তৈরির অনুমতি দেওয়া হয়ছিল। কিন্তু চারতলা বিল্ডিং তৈরি করা হয়েছিল। তারপরই এই ঘটনা।

শীতের দেখা নেই মকর সংক্রান্তিতেও

মকর সংক্রান্তিতেও দেখা নেই শীতের। কনকনে ঠান্ডার আমেজের নামগন্ধ নেই বাংলায়। ফিকে হয়েছে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, আসন্ন পাঁচদিন আবহাওয়ার বিশেষ বদল ঘটবে না। গত সপ্তাহে হাড়হিম করা ঠান্ডার আমেজ ছিল শহরে। যদিও দক্ষিণবঙ্গের মানুষ শীতের আমেজ উপভোগ করছেন এখনও কিছুটা। এই আবহেই দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আসন্ন ৫দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস  হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকালে দার্জিলিং, কালিম্পঙ ও আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভবনা। কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া?  হাওয়া অফিস সূত্রে খবর, ১৯ জানুয়ারি পর্যন্ত কলকাতাসহ দুই বঙ্গের জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস  সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫. ৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০. ৫ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৫৩ শতাংশ।

পুনরায় মুক্তি পাবে ‘বরেলি কি বরফি’

‘বরেলি কি বরফি’ ২০১৭ সালের একটি জনপ্রিয় রোমান্টিক কমেডি ড্রামা। ছবিটি নিকোলাস ব্যারেউ-এর উপন্যাস ‘দ্য ইনগ্রেডিয়েন্টস অফ লাভ’ অবলম্বনে তৈরি হয়েছিল। এই ত্রিকোন প্রেমের কাহিনী সে সময় দর্শকদের যথেষ্ট মন জয় করেছিল। এবার রাজকুমার,কৃতি ও আয়ুষ্মানের জমাটি রসায়নে তৈরি হয়েছিল এই ছবি বিট্টি-প্রীতম-চিরাগ কে নিয়ে।রি- রিলিজের চলমান প্রবণতার মধ্যেই দর্শকদের নস্টালজিয়া ভাসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। ছবিটি আগামী ৭ ফেব্রুয়ারি আবার বড় পর্দায় ফিরে আসছে। ভ্যালেন্টাইন দিবসের ঠিক আগে প্রেম এবং বন্ধুত্ব উদযাপনের কথা মাথায় রেখে এই ছবি ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এই ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তেওয়ারি। এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ও সীমা গাহওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। বড় বড় স্বপ্ন দেখেন শহরের মেয়ে বিট্টি। মধ্যবিত্ত জীবনের বেড়াজালে নিজের জীবনকে বেঁধে রাখতে চায় না সে। তাই বিয়ে ঠিক হতেই বাড়ি থেকে পালানোর ছক কষে। সেই প্ল্যান বানচাল হয়ে যায় একটি বইয়ের কারণে। আর সেই বইয়ের লেখক এর খোঁজে পৃথিবীর তোলপাড় করে ফেলে বিট্টি। দেখা মেলে চিরাগ আর বিক্রম দুই হিরোর সঙ্গে। গল্প অনুযায়ী একজন দুর্দান্ত স্মার্ট এবং অন্যজন ছাপোষা। এই তিনজন মিলেই ছবিতে তৈরি করে নতুন রসায়ন। আট বছর পর বড় পর্দায় কৃতি শ্যানন,রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা জুটির ম্যাজিক ‘বরেলি কি বারফি’ প্রেম দিবসে আবার মুক্তি পাচ্ছে।

কলকাতা ভিজবে কি?

ফের থমকে যাবে শীতের ব্যাটিং। জানুয়ারিতে ভোল বদলে যাবে আবহাওয়ার। কারণ সেই ঘূর্ণাবর্ত। পূর্ব শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ থেকে বুধবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি সহ বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। গোটা রাজ্যেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠাণ্ডা কমবে। পরের দু’দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পরবর্তী দু’দিনে একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। অর্থাৎ মাঘের শুরুতে ফের ফিরবে শীত। অপরদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মোটের উপরে শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে সোমবার। তবে ভারী বৃষ্টি হবে না। দার্জিলিঙের একটি বা দুটি অংশে তুষারপাতও হতে পারে। এছাড়া শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া পুরোপুরি আবহাওয়া শুষ্ক থাকবে।