এসটিএফ থানা নিয়ে বড় প্রস্তাব মন্ত্রিসভার

কলকাতা পুলিশের (Kolkata Police) মতো এবার রাজ্য পুলিশের জন্য পৃথক টাস্ক ফোর্স থানা (Task Force Police Station) তৈরির সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের তরফে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) এই প্রস্তাব দেওয়া হয় বলে খবর। জানা গিয়েছে, একজোড়া পৃথক টাস্ক ফোর্স গঠন করা করার প্রস্তাব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে একটি টাস্ক ফোর্স থানা গঠন করা হবে শিলিগুড়িতে, অন্যটি হবে কলকাতার নবদিগন্ত ভবনে। এর পাশাপাশি, স্বরাষ্ট্র দফতরের বিভিন্ন বিভাগে ৪০টি শূন্যপদ তৈরি করার প্রস্তাবও দেওয়া হয় এদিনে বৈঠকে। উল্লেখ্য, মাদক দমন থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি বিরোধী কার্যকলাপ রুখতে পাঁচ বছর আগে তৈরি হয়েছিল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (Special Task Force)। সেই সময়েই ঠিক হয়েছিল, রাজ্য পুলিশের জন্য পৃথক টাস্ক ফোর্স থানাও তৈরি করা হবে। যদিও কলকাতা পুলিশের এসটিএফ-এর জন্য পৃথক থানা ও আদালত ইতিমধ্যে রয়েছে। এবার রাজ্য পুলিশের জন্য তৈরি হবে এই বিশেষ থানা। উল্লেখ্য, স্পেশ্যাল টাস্ক ফোর্সের সদর দফতর রয়েছে কলকাতার সেক্টর ফাইভে। সেখানেই বসেন এসটিএফ-এর গোয়ান্দা ও শীর্ষ আধিকারকরা। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদহ, খড়্গপুর এবং দুর্গাপুরে রয়েছে এসটিএফ-এর ইউনিট। পৃথক থানা তৈরি হলে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং মালদহ ইউনিটকে শিলিগুড়ি এসটিএফ থানার আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।
বিএসএফকে জমি রাজ্যের

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে ফাঁকা জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নতুন করে সম্প্রতি শুরু হয়েছে। জমি সমস্যার (Land Problem) জন্য অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিল বিএসএফকে (BSF) সরকারি খাস জমি দেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীয়া জেলার করিমপুরে বেড়া দেওয়া হবে। ভারত-বাংলাদেশ সীমান্তে বরাবর কাঁটাতার বেড়ার ফাঁকা অংশ পূরণ করার জন্য ০.৯০ একর সরকারি খাস জমি হস্তান্তর হবে। বিএসএফ এই জমি সমস্যার কথা অনেক দিন ধরেই জানাচ্ছিল। কাঁটাতারের বেড়া দিতে ও আউটপোস্ট তৈরি করতে সমস্যা হচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। এই নদীয়াতেই কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ায় গত শুক্রবার তিনটি বাঙ্কার উদ্ধার হয়েছে। সেখান থেকে দেড় কোটি টাকার নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। তার মধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি অংশে সীমান্ত অরক্ষিত। সম্প্রতি বাংলাদেশে অস্থিরতা বেড়েছে। যার জেরে নতুন করে সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই বেড়া দিতে গিয়ে বিএসএফের সঙ্গে বাংলাদেশের বিজিবির চাপানউতোরে উত্তেজনার সৃষ্টি হয়। এমনকী দুই দেশের গ্রামবাসীরা মৃদু সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মা হওয়ার পর প্রথমবার ব়্যাম্পে দীপিকা

বলিউডের ফ্যাশন দুনিয়া রাজ করছেন সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee )। তাঁর ফ্যাশন হাউজ এদিন ২৫ বছর পূর্ণ করল। এই বিশেষ উদযাপনে মঞ্চ আলো করলেন দীপিকা পাড়ুকোন। গত সেপ্টেম্বরে রণবীর-দীপিকার পরিবারে এসেছে তাঁদের কন্যা দুয়া পাডুকোন সিং। মেয়ের জন্মের পর আপাতত ঘর-সংসার নিয়েই ব্যস্ত বলিউডের মস্তানি। প্রেগন্যান্সিতে শ্যুটিং করলেও মা হওয়ার পর আপাতত কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন নিউলি মাম্মি। বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন শোয়ের (Sabyasachi Mukherjee Fashion Show) ২৫ বছর পূর্তিতে ব়্যম্পে হাজির দীপিকা পাডুকোন (Deepika Padukone)! ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উদযাপন করলেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এ উপলক্ষে ছিল বিশেষ ফ্যাশন শো। ব়্যাম্পে থেকে দর্শকসারি সবখানেই ছিল তারকাদের সমাগম। বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন সব্যসাচীর গালা পার্টিতে। ব়্যাম্পে সকলের নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন। ফ্যাশন শোয়ের মঞ্চে মস্তানির উজ্জ্বল উপস্থিতি যেন শোয়ের জৌলুস বৃদ্ধি করেছিল। দীপিকার থেকে চোখ সরানো যাচ্ছিল না। শো জুড়ে ছিল অভিনেত্রী গ্ল্যামলুকের চমক। শোতে একটি ক্রিম শার্ট এবং ম্যাচিং প্যান্ট পরেছিলেন। সঙ্গে নিয়েছিলেন একটি কোট। কোটের সঙ্গে কালো লেদারের গ্লাভস আর মানাইসই জুয়েলারিতে দীপিকা। চুলটাকে টেনে বেঁধে একটা স্মার্ট খোঁপা করেন। পরেছিলেন একটি চশমাও। এতদিন পর তাঁকে এই রূপে দেখে অনুরাগীরা মুগ্ধ। View this post on Instagram A post shared by DietSabya® (@dietsabya)
অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সিনার

পরপর দুই বছর অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2025) চ্যাম্পিয়ন হলেন ইতালিয়ান টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার (Jannik Sinner)। মেলবোর্নের রড লেভার এরিনায় (Rod Laver Arena) জার্মানির আলেকজান্ডার জেরেভকে (Alexander Zverev) স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি। ম্যাচের ফলাফল হল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩। অর্থাৎ দ্বিতীয় সেটে কিছুটা লড়াই দিয়েছিলেন জেরেভ। প্রথম এবং তৃতীয় সেট সহজেই জিতে যান সিনার। এবার অস্ট্রেলিয়ান ওপেনের এক শীর্ষ বাছাই ছিলেন সিনার, এই মুহূর্তে এটিপি র্যাঙ্কিংয়ে তিনি পৃথিবীর এক নম্বর খেলোয়াড়। তাঁর ঠিক পরেই আছেন জেরেভ এবং মেলবোর্নে দ্বিতীয় বাছাই তিনিই। বিশ্বের এক ও দুই নম্বরের খেলা জমবে, হাড্ডাহাড্ডি হবে এমন প্রত্যাশা ছিল। কিন্তু ম্যাচ হল একপেশে। গত বছর জুন মাসে এটিপি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলের পর থেকে নীচে নামেননি সিনার ২৩ বছর বয়সি সিনার। এদিন জেরেভের থেকে তাঁর টেনিসের মানের তফাত স্পষ্ট বুঝিয়ে দিলেন। সেমিফাইনালে আমেরিকার বেন শেল্টনকে স্ট্রেট সেটে উড়িয়ে ফাইনালে ওঠেন ইতালীয় তরুণ। অন্যদিকে নোভাক জোকোভিচের (Novak Djokovic) বিরুদ্ধে একটা সেট জিতেই ওয়াক ওভার পেয়ে যান জেরেভ। কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের বিরুদ্ধে জিতলেও চোট পেয়ে বসেন অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন। প্রথম সেটের পর সেই চোটই সার্বিয়ান তারকাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 💥🔨 Hard to stop when he’s in this mood and this groove!@janniksin holds, breaks and leads this crucial third set 4-2@wwos • @espn • @eurosport • @wowowtennis • #AusOpen • #AO2025 pic.twitter.com/lLYAj4NzpF — #AusOpen (@AustralianOpen) January 26, 2025
আসছে নন্দিতা-শিবপ্রসাদের রক্তবীজ ২

সালটা ২০২৩। বরাবরের মতো পুজোর সময় মুক্তি পেয়েছিল একগুচ্ছ নতুন বাংলা ছবি (New Bengali Cinema)। বাঘাযতীন ও দশম অবতারের সঙ্গেই মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’ (Raktabeej)। ২০১৪ সালে ঘটে যাওয়া মর্মান্তিক খগড়াগড় বিস্ফোরণ কাণ্ডকে কেন্দ্রকে নির্মিত হয়েছিল এই সিনেমা। মুখ্য ভূমিকায় ছিলেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। এবার পুজোয় ফের আসছে শিবু ও নন্দিতা প্রযোজিত নতুন সিনেমা। প্রজাতন্ত্র দিবসের দিন ঘোষণা হয়ে গেল উইন্ডোজের আসন্ন পুজোর সিনেমার। সদ্য পরিচালক শিবপ্রসাদ মুখ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে একটি পোস্ট। প্রকাশ্যে উইন্ডোজ প্রোডাকশনের নয়া ছবি ‘রক্তবীজ ২’-এর টিজার। প্রথম ঝলকেই কাবু দর্শক। ক্যাপশনে পরিচালক লিখছেন, শুভ প্রজাতন্ত্র দিবস। দেখা হবে পুজোতে। “রক্তবীজ 2” নিয়ে আসছি।
বিপাকে ইউনুস প্রশাসন, বন্ধ মার্কিন সহায়তা

বিরাট বিপাকে মহম্মদ ইউনুস (Md Yunus) প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবরকম মার্কিন সহায়তা বন্ধ বাংলাদেশে (Bangladesh)। যার ফলে তলিয়ে যেতে পারে বাংলাদেশের টাকার মান। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় এসেইে বাংলাদেশে অনুদান বন্ধের সিদ্ধান্ত নিলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত। সব আর্থিক সহায়তা বন্ধ। জারি নির্দেশিকা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নির্বাচনী প্রচারেই ট্রাম্প মুখ খুলেছিলেন। এবার আমেরিকা চাপ বাড়াল ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপর। এই ঘটনায় অনেকে মনে করছেন, এর ফলে ইউনুসকে সরানোর বার্তা দেওয়া হল। তা না হলে বাংলাদেশে সহায়তা করা হবে না। একইসঙ্গে শেখ হাসিনার ঢাকায় ফেরার রাস্তা প্রশস্ত হচ্ছে। এর ফলে বাংলাদেশে আমেরিকার অর্থ সাহায্যে চলা সব প্রকল্প বন্ধ হয়ে গেল। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে এর ফলে বড় সমস্যা তৈরি হতে পারে ঢাকায়। দ্য ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) বাংলাদেশে সমস্ত সহায়তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার অধীনে চুক্তিতে থাকা সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ২৫ জানুয়ারি বাংলাদেশ সরকারকে ইউএসএইডের পক্ষ থেকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘ইমিডিয়েট স্টপ ওয়ার্ক অর্ডার\সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটিজ’। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের রেফারেন্স দিয়ে বলা হয়েছে, ‘রিএভালুয়েটিং অ্যান্ড রিঅ্যালাইনিং ইউনাইটেড স্টেটস ফরেন এইড’। সেখানে বাংলাদেশে সব অংশীদারদের বলে দেওয়া হয়েছে সব ধরনের কাজ দ্রুত বন্ধ করতে হবে। এমনিতেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন টালমাটাল। ক্রমশ পড়ছে বাংলাদেশের মুদ্রা টাকার দাম। গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই হাল। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই প্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাঙ্ক, বিভিন্ন দেশের কাছে আর্থিক সহায়তা চাইছেন। তারই মধ্যে আমেরিকার এই সিদ্ধান্তে বিশ বাঁও জলে বাংলাদেশে। উল্লেখ্য আমেরিকা বিদেশে সব সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র ইজরায়েল ও মিশরে সামরিক সহায়তা ছাড়া।
৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস!

আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী (Weather Update)। শীত যেন ‘এই আছি, এই নেই!’ জাঁকিয়ে শীতের আমেজ পেতে বারবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমীঝঞ্ঝা (Winter Update in Kolkata)। হালকা শীতের দেখা মিললেই তাপমাত্রা বেড়ে যায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে মিলল স্বস্তির ইঙ্গিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ফের শীতের নয়া ইনিংসের সাক্ষী থাকবে রাজ্যবাসী। পাশাপাশি, ৩ জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিল ঘন কুয়াশার দাপট। হাওয়া অফিস জানিয়েছে, ফের কামব্যাক করতে চলেছে শীত। দিনকয়েক বীরভূম ও পুরুলিয়ায় তাপমাত্রা বেড়েছিল বেশ কিছুটা। শীতের শিরশিরানিও অনুভূত হয়নি। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও রাতের মধ্যেই বদলে যাবে আবহাওয়া। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় থাকবে শীতের দাপট। মোটের উপর আবহাওয়া থাকবে শুষ্ক। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুঁড়িতে হালকা বৃষ্টির সম্ভবনা। অন্যান্য জেলাগুলিতে জারি কুয়াশার সতর্কতা। ৩ জেলা ছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুষ্ক। রবিবারের মধ্যে এক ধাক্কায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রার পতন। কলকাতার আবহাওয়ার আপডেট এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। আগামী ৩ দিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা।
মেট্রোর ট্রায়াল রান নোয়াপাড়া থেকে বিমানবন্দরে

এবার মেট্রো করে পৌঁচ্ছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দরে। নোয়াপাড়া থেকে ছুটল বিমানবন্দরের মেট্রো (Noapara-Airport Metro)। সফল হল প্রথম ট্রায়াল রান। চলতি বছরেই চালু হতে চলেছে এই রুট। এই রুট চালু হলে কলকাতা মেট্রোর পালকে জুড়ে নয়া পালক। পাশাপাশি কলকাতা বিমান বন্দর থেকে উত্তর ২৪ পরগনার সধ্যে সংযোগ আরও মসৃণ হল। কলকাতা মেট্রো রেল সূত্রের খবর,জয় হিন্দ বিমানবন্দর মেট্রো (Airport Metro) স্টেশনে যাওয়ার পথে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেকটি থামে। এই রুট চালু হলে ৩৪-৩৬ মিনিটে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পৌঁছে যাওয়া যাবে। ট্রায়াল রেকটি দুপুর ১২টা ৩১ মিনিটে জয় হিন্দ বিমান বন্দর মেট্রো স্টেশনে পৌঁছয়। জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে রেকটি ফেরার যাত্রা শুরু হয় বেলা ১টা ৫৭ নাগাদ শুরু হয় এবং ২টো ২১ মিনিটে নোয়াপাড়া মেট্রো স্টেশনে পৌঁছয়। এই রুটের মেট্রো ব্লু লাইন এবং ইয়েলো লাইনের মধ্যে হবে সংযোগ স্থাপন। মেট্রোর জেনারেল ম্যানেজার এই অংশে প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করার জন্য সকলকে অভিনন্দন জানান। জয় হিন্দ বিমান বন্দর এশিয়ার বৃহত্তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলির মধ্যে একটি হতে চলেছে। নোয়াপাড়া মেট্রো স্টেশনটি ব্লু লাইন এবং ইয়েলো লাইনের মধ্যে যাত্রী বিনিময়ের স্থান হবে। জয় হিন্দ বিমান বন্দর স্টেশনটি অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনের সংযোগকারী স্টেশন হবে। জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে ১৮০ মিটার দৈঘ্যের ৫টি প্লাটফর্ম থাকবে। এই রুটে চারটি স্টেশন থাকবে- নোয়াপাড়া, দম দম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বিমান বন্দর। আবার নোয়াপাড়া সংযুক্ত একদিকে দক্ষিণেশ্বর অন্যদিকে অন্যদিকে গড়িয়া পর্যন্ত। এই বিমানবন্দরের মোট এলাকা ১৪৬৪৫ বর্গমিটার। যশোর রোডকে জয় হিন্দ বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করবে এই স্টেশন। একটি পাতালপথে ঢুকতে হবে বিমানবন্দরে। তার দৈর্ঘ্য ২৭০ মিটার এবং প্রস্থ ১৩ মিটার। এই পাতালপথের তিনটি গেট আছে। পার্কিং এলাকা থেকে আসা যাত্রীরাও একটি গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। যাত্রীদের সুবিধার জন্য ৯০ মিটার দৈর্ঘ্যের পাতাল পথ থাকবে।
কলকাতার রাস্তায় রোবট কুকুর!

কলকাতার (Kolkata) রেড রোডে চলছে উৎসবের প্রস্তুতি। এর মাঝে এবছর ভারতের সেনার এক অভিনব প্রদর্শনী সকলের নজর কেড়েছে। রেড রোডের কুচকাওয়াজে এই প্রথমবার অংশ নিতে চলেছে এক ‘রোবট কুকুর’ (Robotic Dog), যার পোশাকি নাম মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট বা সংক্ষেপে মিউল (MULE)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক যন্ত্র কেবল এক প্রদর্শনী নয়, বরং ভারতীয় প্রতিরক্ষার নতুন শক্তির প্রতীক। আসলে ‘মিউল’ হল একটি রোবটিক কুকুর, যা মূলত সেনাবাহিনীর (Indian Army) বিশেষ কাজে ব্যবহৃত হয়। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে, যাতে এটিকে রিমোটের মাধ্যমে পরিচালনা করা যায়। তবে প্রয়োজনে নিজে থেকে বেশ কিছু সিদ্ধান্তও নিতে সক্ষম এই রোবট কুকুর। এটি যেমন ছুটতে পারে, তেমনই আবার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। পাশাপাশি, বোমা নিষ্ক্রিয় করার মতো ঝুঁকিপূর্ণ কাজও করতে পারে এই মিউল। বিগত কয়েক বছর ধরে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ভারতের সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি বাড়াতে এই ধরনের রোবটিক ডিভাইস অত্যন্ত কার্যকর। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রে জওয়ানদের নিরাপত্তার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই রেড রোড জুড়ে মহড়া চলছে। সেনাবাহিনীর জওয়ানরা যেমন কুচকাওয়াজে অংশ নিয়েছেন, তেমনি চলছে রোবোটিক ট্রেনিংও। মহড়া চলাকালীন বন্ধ রাখা হয়েছে পূর্ব ও পশ্চিম হসপিটাল রোড, কুইন্স লেন, খিদিরপুর রোড এবং রানি রাসমণি রোডের একাংশ। এদিন মিউলের উপস্থিতি কৌতূহলের সৃষ্টি করেছে পথচারীদের মধ্যে।
ঘন কুয়াশার দাপট কলকাতায়

রাজ্যে শীতের দেখা না মিললেও, ঘন কুয়াশার দাপট অব্যাহত। সকাল থেকেই কুয়াশার ছাদরে মুড়ে থাকছে গোটা এলাকা। বাদ নেই কলকাতাও। গত দুদিন ধরে কলকাতায় ঘন কুয়াশার দাপট অব্যাহত। এর আগেও কুয়াশার চাদরে মুড়ে থাকতে দেখা গিয়েছিল তিলোত্তমাকে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলচ্ছিল কড়া রোদেরও। তবে বিগত দুদিন ধরে ঠিক যেন উল্টো! কুয়াশার দাপট যেন ১০ গুন বেশি শহর কলকাতায়, এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও সেই কুয়াশার দাপট সমান ভাবে অব্যাহত! আর এবার সেই কারণেই ব্যহত হল কলকাতার বিমান পরিষেবা। জানা যাচ্ছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায়, যার জেরে ব্যাহত হয় বিমান পরিষেবা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝা অব্যাহত। যার জেরে রাজ্যে এই সপ্তাহে অন্তত দেখা মিলবেনা শীতের। তবে বিগত তিন চারদিন ধরে তাপমাত্রা বেশি থাকলেও, সপ্তাহান্তে অর্থাৎ রবিবার তাপমাত্রা আবার নিম্নমুখী হবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এর আগেই রাজ্য জুড়ে ঘন কুয়াশার দাপট জারি করা হয়েছিল? কিন্তু কেন? আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে আজ সারাদিনই কুয়াশায় মোড়া থাকতে পারে সমস্ত এলাকা। কড়া রোদের দেখা পাওয়া যাবেনা খুব একটা। আজ অর্থাৎ বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট বজায় থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।



