১২ লাখ টাকা পর্যন্ত আয়ে নেই কোনও ট্যাক্স

ওয়েব ডেস্ক: ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর (Income Tax)। নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা। শনিবার, ১ ফেব্রুয়ারি বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ দিন তিনি বলেন, ‘‘সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ।’’ এ দিন বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, নতুন স্ল্যাবে শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এর পর চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ে পাঁচ শতাংশ, আট থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ এবং ১২ থেকে ১৬ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ দিতে হবে কর। ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লক্ষের উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ করের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এত দিন পর্যন্ত বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হচ্ছিল না কোনও কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লক্ষ টাকা হলে কর ধার্য হত পাঁচ শতাংশ।

প্রচুর ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়! কবে?

সরস্বতী পুজো পুজোর আগে দুঃসংবাদ। সপ্তাহ শেষে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train cancelled)। শনি-রবিবার-সোমবার শিয়ালদহ উত্তর-দক্ষিণ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। রেল সূত্রের খবর, শিয়ালদহ ডিভিশনের সংশ্লিষ্ট শাখায় প্রায় ৩৩০ টির বেশি ট্রেন চলে। তার মধ্যে ১০৮টি ট্রেনই বাতিল (108 Trains Cancelled) থাকছে। যার এর ভোগান্তিতে পড়বেন যাত্রীরা (Sealdah Division Passengers Face Problem)। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক কুমার নিগম সাংবাদিক বৈঠক করে ট্রেন বাতিল করার কথা জানান। কাঁকুড়গাছি ও বালিগঞ্জ এ ইন্টারলকিংয়ের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল থাকবে। এই মর্মে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি শনিবার রাত থেকে ৩ ফেব্রুয়ারি সোমবার ভোর পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায়, শিয়ালদা-বারুইপুর রুটে মোট ১০৮টি ট্রেন বাতিল থাকবে। শনিবার বাতিল থাকবে ৫৯ লোকাল ট্রেন। রবিবার বাতিল থাকবে ৪৯ লোকাল। কিছু ট্রেনের গতি পথ কমানো হয়েছে। মোট ৫২ ঘণ্টায় ১০৮টি ট্রেন বাতিল থাকছে। উত্তর ও দক্ষিণ শাখায় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। বহু মানুষের কাছেই কর্মস্থলে যাওয়ার মাধ্যম লোকাল ট্রেন। আর তার জেরেই সমস্যায় পড়তে চলেছেন বজবজ ও বারুইপুর শাখার যাত্রীরা। অবশ্য লক্ষীকান্তপুর লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি রবিবার সরস্বতী পুজো অনেকেই গ্রাম থেকে শহরের আসেন ট্রেন বাতিলের জেরে বেশিরভাগ যাত্রী সমস্যার সম্মুখীন হতে চলেছেন।

কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মাঘের মাঝামাঝি সময়েও শীতের (Winter) ফর্মে ঘাটতি দেখা যাচ্ছে। সরস্বতী পুজোর আগে থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের (Weather Forecast) ইঙ্গিত স্পষ্ট। সোয়েটার, মাফলার, টুপি উঠে গিয়েছে আলমারিতে। রাতের ঠান্ডাও কমতে শুরু করেছে। সোমবার রাত পর্যন্ত কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃহস্পতিবার ভোরে তা এক লাফে বেড়ে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের মতে, শীতের এই আচমকা বদলের মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার প্রবাহে বাধা সৃষ্টি করছে। এর ফলে রাত ও দিনের তাপমাত্রা বাড়ছে। আবহবিদদের মতে, চলতি মরশুমে শীতের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। ফলে শীতের প্রত্যাবর্তনের আশা ক্ষীণ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনে আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিছুটা পারদ পতন হতে পারে। তবে তা শীতপ্রেমীদের জন্য সন্তোষজনক হবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বরং ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকে গরমের প্রকোপ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ফলে শীত কার্যত বিদায় নিতেই চলেছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শীত বিদায় নেওয়ার পথে। তবে ঘন কুয়াশা এখনও দাপট দেখাচ্ছে উত্তরের জেলায় জেলায়। আগামী ৩ দিন দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই অঞ্চলে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে সকালবেলায়। ফলে যান চলাচলে সমস্যার আশঙ্কা রয়েছে।

মহাকুম্ভে পদপিষ্ট, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

মহাকুম্ভে পদপিষ্ট (Maha Kumbh Stampede) ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে গাফিলতি এবং অব্যবস্থার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি উত্তর প্রদেশের প্রশাসনিক অফিসারদের বিরুদ্ধে মামলায় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী পদপিষ্টের ঘটনায় মামলা দায়ের করেছেন। কুম্ভমেলায় স্নান করার জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম প্রয়াগরাজে। মৌনী অমাবস্যায় ৫০ বছর পর বিরল ত্রিবেণী যোগ! পুণ্যতিথি উপলক্ষে এদিন কাকভোর থেকে ক্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন আমজনতা থেকে, সাধুসন্ত, সেলেবরা। মৌনী অমাবস্যায় তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে ঘটে গেল পদপৃষ্টের মতো দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। এখনও অনেকেরই খোঁজ মিলছে না। এই ঘটনায় জনস্বার্থে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তাঁর বক্তব্য, যাদের গাফিলতিতে এত বড় দুর্ঘটনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মামলাকারীর দাবি, সব তীর্থক্ষেত্রের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত গাইডলাইন প্রার্থনা মামলায়। মেলায় থাকা প্রতিটি রাজ্যের স্টল থেকে পূণ্যার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত গাইডলাইন সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়ার আবেদন। হিন্দি ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় মেলা প্রাঙ্গণে বিভিন্ন রাস্তাঘাটের নাম ও ঘাটের দিকনির্দেশকারী বোর্ড দেওয়া ছাড়াও ঘোষণা ব্যবস্থা রাখার দাবি। রাজ্যের স্টলগুলিতে উত্তর প্রদেশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে ডাক্তার ও নার্স রাখার আবেদন মামলাকারী আইনজীবী বিশাল ভরদ্বাজের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশ সরকারকে আদালতে স্ট্যাটাস রিপোর্টের তলবের আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে যাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এমন ঘটনা, সেই অফিসার ও কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার আবেদন।

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত ৩০, আহত ৬০

পদপিষ্টের (Mahakumbh stampede) ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। আহত হয়েছেন ৬০ জন। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এছাড়াও অনেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারবার উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। তবে ঘটনায় যোগী সরকারকে কটাক্ষ তৃণমূল সাংসদের। ১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার ভোরে প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহি স্নানের ত্রিবেণী সঙ্গমে বহু মানুষ ভিড় করেছিলেন। অমৃত স্নানের জন্য সঙ্গমের কাছেই স্নান করতে চেয়েছিলেন বহু মানুষ। একটা অংশ ব্যারিকেডের কাছে শুয়ে ছিল। ভোর ৫টা থেকে অমৃত স্নান শুরু হওয়ার কথা ছিল। আখড়াগুলির অমৃত স্নানের জন্য আলাদা করে রুট তৈরি করে রেখেছিল প্রশাসন। ভিড়ের চাপে একটা সময় সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যারিকেড টপকে সঙ্গমের দিকে যেতে শুরু করেন পুণ্যার্থীরা। সেই সময় হুড়োহুড়িতে বিপদ ঘটে। ব্যারিকেডের কাছে ঘুমন্ত পুণ্যার্থীরাও বুঝতে পারেননি বহু মানুষ এগিয়ে আসছে তাঁদের দিকে। তাঁদের গায়ে গিয়ে পড়়ে মানুষের ঢল। উত্তরপ্রদেশের সরকারের তরফে জানানো হয়েছে, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। আহত হয়েছেন ৬০ জন। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

সরস্বতী পুজোর আগে আবহাওয়া কেমন থাকবে?

ভরা মাঘেও দেখা নেই কনকনে শীতের (Winter Update)। বরং বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বুধবার ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪ দিনে রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে চার ডিগ্রি। তবে কি শীত বিদায়ের পথে (Winter Update in Kolkata)? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। ২রা ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। এই মুহূর্তে উত্তর ভারতে সক্রিয় দুটি পশ্চিমীঝঞ্ঝা। একটি ২৯ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করবে। অপরটি সক্রিয় হবে ফেব্রুয়ারি থেকে। এদিন থেকেই সক্রিয় হবে পশ্চিমীঝঞ্ঝা। ১লা ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ঝঞ্ঝাটির প্রভাব বাড়বে। ফলে পাহাড়ি অঞ্চলে রয়েছে তুষারপাতের সম্ভবনা। সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুঁড়িতে হালকা বৃষ্টির সম্ভবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিনদিনে তাপমাত্রা বাড়বে। তারপর খানিক কমার পূর্বাভাস থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভবনা আপাতত আর নেই। রাজ্যের সর্বত্র তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় নেই তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশার দাপট। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থাকবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা কুয়াশার সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস।

পুজোতে আসতে চলেছে রঘু ডাকাত

‘গোলন্দাজ’ (Golondaaj) ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণ ভট্টাচার্যকে। সম্প্রতি, দেব প্রযোজিত তথা নিবেদিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ রিলিজের প্রাক্কালে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) শুভেচ্ছা জানিয়েছিলেন। জোর জল্পনা গোলন্দাজের পর ফের একসঙ্গে দেখা যাবে দেব (Dev) ও অনির্বাণকে। ডাকাতসর্দার রঘু যখন সামন্তপ্রভুদের সামনে এসে দাঁড়াত তখন তাঁদের বুকের রক্ত জমাট বেঁধে যেত, হিম হয়ে যেত শরীর। আসলে রঘু ডাকাতের ছিল বাংলার রবিনহুড। ধনীর ধনসম্পদ ডাকাতির একটা অংশ বিলিবণ্টন করতেন গরিব মানুষের মধ্যে। সেই কাহিনীকে পর্দায় তুলে ধরবেন দেব। ২০২১ সালে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) করার কথা ঘোষণা করেছিলেন দেব। অবশেষে আসতে চলেছে এই ছবি। ২০২৫-এর পুজোতে আসতে চলেছে রঘুডাকাত। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল গুঞ্জন, এবার নাকি দেবের হাত ধরেছেন অনির্বাণ! আর এখন জোর খবর, দেবের ‘রঘু ডাকাত’এ অভিনয় করছেন তিনি। শোনা যাচ্ছে, দেবের ছবিতে খল নায়কের ভূমিকায় দেখা যেতে পারে অনির্বাণকে। ইতিমধ্যেই নাকি পরিচালক-প্রযোজকদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাও হয়ে গিয়েছে তাঁর। কয়েকদিন আগেই নাকি পরিচালক ধ্রুবর সঙ্গে মিটিং সেরেছিলেন দেব। সেই তখন থেকেই শোনা যাচ্ছে, খল চরিত্রে অনির্বাণ আসতে চলেছে। যদিও নির্মাতারা এই বিষয়ে এখনই খোলসা করতে চাইছেন না, তবে দেব-অনির্বাণকে একফ্রেমে পাওয়ার জল্পনা সত্যি হলে দর্শক-অনুরাগীদের জন্য় যে তা মহাপাওনা হবে, সেটা বলাই বাহুল্য।

কার সঙ্গে প্রেম করছেন রশ্মিকা?

বহুদিন ধরে রশ্মিকা-বিজয় দেবেরাকোন্ডারর (Vijay Deverakonda) সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। এত দুজনের কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এবার ভক্তদের কৌতূহল দূর করতে নিজেই মুখ খুললেন। যুবপ্রজন্মের হার্টথ্রব রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। অভিনেত্রীর নাম উঠলেই বিজয় প্রসঙ্গ উঠবে না এমনটা হতে পারে না। শোনা যাচ্ছে বিজয়-রশ্মিকা একে অপরকে মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় রয়েছেন দক্ষিনী অভিনেত্রী। সবচেয়ে বেশি শিরোনামে এসেছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। তারা দুজন যে সম্পর্কে রয়েছেন, তা নিয়ে জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে এবার ভক্তদের কৌতূহল দূর করতে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে মনের কথা আর গোপন করেননি তিনি। ‘আনন্দের জায়গা’ নিয়ে কথা বলতে গিয়ে খানিকটা মুখ ফসকেই ‘সত্যিটা’ বলে ফেললেন রাশ্মিকা। তাঁর কথায়, “সবচেয়ে আনন্দের জায়গা হল বাড়ি। এখানেই মনে হয়, জীবনে সাফল্য আসবে যাবে। তা কখনওই চিরস্থায়ী নয়। তবে এই জায়গাই আমার শিকড়।”তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনও একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।” কিন্তু তিনি কার পার্টনার? সে ব্যাপারে আর বিস্তারিত কিছুই বলেননি অভিনেত্রী।

চ্যাম্পিয়ন্স লিগে আজ ১৮টি ম্যাচ

নব কলেবরে আয়োজিত হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। লিগ পর্বের প্রাথমিক পর্যায়ের অষ্টম তথা শেষ রাউন্ড। গড়াপেটা যাতে না হয় তাই আজ একই সময়ে একসঙ্গে ১৮টি ম্যাচে মুখোমুখি ৩৬টি দল। এদিন প্রথম আটে যারা শেষ করবে তারা সরাসরি নক আউট পর্বের (শেষ ষোলো) যোগ্যতা অর্জন করবে। এই মুহূর্তে শীর্ষস্থানে থাকা লিভারপুল (Liverpool FC) এবং দ্বিতীয় স্থানাধিকারী বার্সেলোনার (FC Barcelona) নক আউট নিশ্চিত হয়ে গিয়েছে। আজ হারলেও তাদের কিছু যায় আসে না। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে আর্সেনাল ও ইন্টার মিলান, বিরাট অঘটন না হলে তাদেরও নক আউট নিশ্চিত। অ্যাস্টন ভিলা, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ আজ জিতে প্রথম আটে জায়গা করার মরিয়া চেষ্টা করবে। তা না পারলেও নক আউটে যাওয়ার দ্বিতীয় সুযোগ আছে, লিগ ফেজের পর খেলা হবে প্লে অফ। দুই লেগের নক আউট প্লে অফ খেলে শেষ ষোলোয় যেতে হবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো প্লে অফ খেলার সুযোগ পাবে। কিন্তু ২৫ কিংবা তার নীচে শেষ করা দলগুলি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে এমনকী আগের মতো ইউরোপা লিগেও আর ঠাঁই হবে না। ইউরোপের অন্যতম সেরা ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) এই আশঙ্কায় রয়েছে। আজ ঘরের মাঠে ক্লাব ব্রুগের বিরুদ্ধে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল। আশা করা যায়, পুরো তিন পয়েন্ট নিয়ে ১১ পয়েন্টে শেষ করবে তারা। এদিকে ইতিমধ্যেই ১১ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে রয়েছে ব্রুগ। ১০ পয়েন্ট নিয়ে ২১, ২২, ২৩ এবং ২৪ নম্বরে অবস্থান করছে বেনফিকা, পিএসজি, স্পোর্টিং সিপি এবং ভিএফবি স্টুটগার্ট। সবমিলিয়ে সমীকরণ বেশ জটিল। অর্থাৎ আজ রাতে (ভারতীয় সময় রাত ১.৩০টা) ইউরোপের ক্লাব ফুটবলের আঙিনায় চলবে মহাযুদ্ধ।

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, সাময়িক বন্ধ অমৃত স্নান?

প্রয়াগরাজে (Prayagraj) মহাকুম্ভে মৌনী অমাবস্যার দ্বিতীয় অমৃত স্নান (Amrit Snan) উৎসবের দিন পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। পদপিষ্ট বহু। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় ২ নম্বরের সেক্টরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভে অমৃত স্নানের (Mahakumbh Amrit Snan) জন্য সারা দেশ থেকে কোটি কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে পৌঁছেছেন। প্রায় ১০ কোটি মানুষ এদিন উপস্থিত ছিলেন মেলায়। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ (Mahakumbh 2025)। এখনও পর্যন্ত প্রায় ১৫ কোটি ভক্ত সঙ্গমে স্নান করেছেন। মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে মহাকুম্ভে ভিড় জমতে শুরু করে। রাস্তাঘাট জমজমাট। রেলপথ হোক বা বাসস্ট্যান্ড কোথাও পা ফেলার জো নেই। ভিড়ের মোকাবিলায় প্রয়াগরাজের মহাকুম্ভে নামানো হয়েছে এনএসজি ও র‍্যাফ। হেলিকপ্টারে চলছে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘যারা এই ভিড় সামলাতে ব্যর্থ, প্রশাসন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করবে।’ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে কথা বলেছেন। মেলা প্রশাসন আখড়া পরিষদের সভাপতি রবীন্দ্রপুরী জানিয়েছেন, আখড়া থেকে ফের অমৃত স্নান শুরু করা হতে পারে। পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের তরফ থেকে সবরকম ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি।