১৬ই মে মুক্তি পাবে ‘আমার বস’

বসন্তী পঞ্চমীর দিন প্রকাশ্যে এল শিবপ্রসাদ ও নন্দিতা মুখার্জি প্রযোজিত নতুন ছবির পোস্টার। মুখ্য চরিত্রে থাকবেন রাখি গুলজার (Rakhi Gulzar)। ছবির নাম ‘আমার বস’ (Amar Boss)। মুক্তি পাবে ১৬ই মে। এদিন ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে ছবি প্রকাশের খবর ভাগ করে নেন পরিচালক। কী লিখলেন তিনি? পরিচালক লেখেন, ‘শুভ সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনা আমরা এখন যে যার মত করে নিজেদের বাড়িতে করি। আমাদের সবার প্রথম সরস্বতী পুজো মায়ের হাত ধরে। প্রথম হাতে খড়ি দেওয়া, দেবী সরস্বতীকে চেনানো, মা প্রথম ঠাকুরকে সাজিয়ে দিতেন… আমাদের প্রত্যেকের জন্য থাকতো বরাদ্দ কিছু দায়িত্ব, কেউ আলপনা দিতাম, কেউ চন্দন বাটতাম। মার হাতের ভোগের রান্না, সেই স্বাদ কখনো ভোলা সম্ভব না।’ শিবপ্রসাদ আরও লেখেন, ‘রাতে হত সাংস্কৃতিক অনুষ্ঠান। দেবী সরস্বতীর সামনে আমরা সবাই কবিতা, গান করতাম। আমাদের মায়েরা কখনো হারমোনিয়াম নিয়ে গান গাইতেন, অভিনয় করতেন, নাচতেন, সেসব খুব মনকেমন করা স্মৃতি। আমাদের আগামী সিনেমা ‘আমার বস’-এ রয়েছে এরকম কিছু মিষ্টি মুহূর্ত। ১৬ই মে মুক্তি পাবে ‘আমার বস’। ২১ বছর বাদে আবার বড় পর্দায় দেখতে পাবেন রাখি গুলজারকে। শুটিংয়ের সময় আমরা সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তৈরি করেছিলাম। নিজে হাতে ভোগ রেঁধেছিলেন রাখি দি। সবাইকে পরিবেশনও করেছিলেন। এমনকি নাচ -গানের দৃশ্যে হৈ হৈ করে অংশগ্রহণ করেছিলেন। সেসব দৃশ্য আর কিছুদিনের মধ্যে আপনাদের সামনে আসবে। আর একটু অপেক্ষা… দেখা হবে বড় পর্দায়।’
কুয়াশার দাপট জারি

ফেব্রুয়ারির শুরুতেই শীতের শেষ অধ্যায়ে পৌঁছেছে বঙ্গ, কিন্তু কুয়াশার প্রকোপ এখনও যথেষ্টই চোখে পড়ছে (West Bengal Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে সামান্য পারদ পতন হতে পারে, তবে রাজ্যে শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, ফলে শীতের আমেজ কিছুটা থাকলেও, ধীরে ধীরে উষ্ণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Kolkata Weather Update)। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। একইসঙ্গে, উত্তর ভারতে সক্রিয় রয়েছে জেট স্ট্রিম উইন্ড এবং অসম-রাজস্থানে দুটি ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে। এই কারণেই রাজ্যের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় ৪-৬ ডিগ্রি বেশি রয়ে গেছে। তবে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা নামলেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ছয়টি জেলায়ও কুয়াশা ঘিরে ধরবে সকালবেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। সোমবারও দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনও হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বেশিরভাগ জেলাতেই পারদ স্বাভাবিকের তুলনায় ওপরে থাকার সম্ভাবনা রয়েছে, ফলে দিনে উষ্ণতা বেশি অনুভূত হবে। যদিও সকালের দিকে ঠান্ডা ভাব থাকবে, তবে দিনে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। এদিকে, কুয়াশার কারণে পথচলতি মানুষ ও গাড়িচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষত সকালে ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। তাই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে।
অবৈধ অনুপ্রবেশ! পাকড়াও ২

ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) ফের অবৈধ অনুপ্রবেশ (Infiltration)। এবার দুই বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের (Murshidabad) সাগরপাড়া থানার পুলিশ। রবিবার গভীর রাতে চর কাকমারি সীমান্তবর্তী এলাকায় নাকা তল্লাশির সময় দু’জন ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। ফলে পুলিশের সন্দেহ আরও বাড়ে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত ব্যক্তিরা হলেন কেরামত মাল ও সালাম বেদ। দু’জনেরই বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকায়। তারা কয়েক মাস আগে অসম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তবে ভারতে থাকার পর তারা বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। পরিকল্পনা অনুযায়ী, তারা সাগরপাড়ার চর কাকমারি সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করছিল। কিন্তু পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছে কোনও বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। তারা ভারতে আসার উদ্দেশ্য সম্পর্কেও কোনো স্পষ্ট জবাব দিতে পারেনি। তাই কী কারণে তারা এ দেশে প্রবেশ করেছিল এবং এখানে কী করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সাগরপাড়া থানার পুলিশ ইতিমধ্যে এই বিষয়ে উচ্চপদস্থ কর্তৃপক্ষকে অবগত করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। একইসঙ্গে এই অনুপ্রবেশের পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর সীমান্তের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
সৃজিতের নয়া ছবির পোস্টার দেখে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

আসছে হেমলক সোসাইটি (Hemlock Society) পার্ট ২। সরস্বতী পুজোর দিন (Saraswati Puja 2025) নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের উদ্দেশে বার্তা জনপ্রিয় বাংলা ছবির পরিচালক সৃজিত মুখার্জির (Srijit Mukherjee)। এদিন নয়া ছবির প্রথম পোস্টারের ঝলক পোস্ট করে সৃজিত লিখছেন, ‘সাবধান! সাবধান! সাবধান! হেমলক সোসাইটির ১৩ বছর পর ফেরত এল… কিলবিল সোসাইটি।’ পোস্টারে দেখা যাচ্ছে, বড় হরফে লেখা ‘ফ্লিমিং সুন’। সঙ্গে হেমলক সোসাইটি থেকে পরমব্রতর কালজয়ী ডায়লগ, ‘মরবে মরো ছড়িও না’। ‘ফেলুদাও জানে, নেরুদাও জানে, দেরিদাও জানে…।’ দেখা যাচ্ছে হেমলকের হিট গান ‘জল ফড়িং’, ‘এখন অনেক রাত’-এর মতো প্রথম দু-একটি শব্দও।
বাঘাযতীন কাণ্ডে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার

বাঘাযতীনে (Baghajatin) হেলে পড়া ফ্ল্যাটের ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধারকে হরিয়ানা (Haryana) থেকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে হরিয়ানা থেকে অভিষেক নাগরা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে নেতাজি নগর থানার পুলিশ। সূত্রের খবর, বাঘাযতীনের হেলে পড়া ওই ফ্ল্যাটটি তৈরির বরাত পেয়েছিল অভিষেকের সংস্থা। ঘটনার দিন এলাকাতে ছিলেন অভিষেক। পরে তিনি পালিয়ে যান। গত ১৪ জানুয়ারি বাঘাযতীনের (Flat Baghajatin) বিদ্যাসাগর কলোনি এলাকায় একটি বহুতল হেলে পড়ে। জানা যায়, ফ্ল্যাটটি আগেই হেলে গিয়েছিল। তা প্রোমোটারকে জানানোর পর তিনি নাকি বহুতল সোজা করার জন্য হরিয়ানার এক সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর সেই কাজ করেনি অভিষেকের সংস্থা। বাসিন্দাদের অভিযোগ, ওই সংস্থা কাজ তো করতে পারেনি উল্টে তাদের বিপদ বাড়িয়েছে। ঘটনার পর এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এনিয়ে ক্ষোভ উগরে দেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট। পুরসভাকে না জানিয়ে প্রোমোটার এই কাজ করেছেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ, পুরসভার অনুমতি না নিয়ে হরিয়ানার কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে এসব করেছে। গাড়ি ওঠানোর যন্ত্র দিয়ে বিল্ডিং সোজা করার চেষ্টা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ি লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরা। অনুমতি ছাড়াই বাড়ি লিফটিং কাজ করে তারা। সংস্থার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে এফআইআর করে কলকাতা পুরসভা। নির্মাণকারী সংস্থার মালিক-সহ ৮টি ফ্ল্যাটের মালিক ও ফ্ল্যাটের প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। সোমবারই হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে অভিষেক নাগরাকে। ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়।
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ৫ ফেব্রুয়ারি

তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিয়ম করে রাজ্যে শিল্প সম্মেলন করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যার অনথা হচ্ছেনা এই বছরও। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে দুদিনের জন্য রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্যের তরফ থেকে আশা করা হচ্ছে, এই বাণিজ্য সম্মেলন থেকে প্রতিবছরের মত এই বছরও বড় বিনিয়োগ হতে চলেছে। উল্লেখ্য, বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই রাজ্যের তরফ থেকে শুরু হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি সংক্রান্ত একাধিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নয়, বৈঠক থেকে খতিয়ে দেখা হয় গতবারের বাণিজ্য সম্মেলনের সমস্ত বিনিয়োগ প্রস্তাব কতদূর কাজ এগিয়েছে সেই সমস্ত বিষয়ও। সূত্রের খবর, আইটিসি ইনফোটেক এই সম্মেলন থেকে রাজ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হাব তৈরির ঘোষণা করতে পারে। এমএসএমইর পাশাপাশি ভারী শিল্প কারখানা, পর্যটন, বস্ত্র এবং চর্ম শিল্পের বিনিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, শিল্পস্থাপনে রাজ্যের পরিত্যক্ত জমিগুলিকে কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এবছরের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের তরফ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উৎপাদন এবং শিল্প, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং, সার্কুলার ইকোনমি, প্রাকৃতিক সম্পদ ও প্রতিরক্ষা উৎপাদন, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস, পর্যটন, জ্ঞানভিত্তিক অর্থনীতি (IT ও ITES সহ), স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিকাঠামো, শিক্ষা, সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্র।
হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সনে নতুন ফিচার

আইফোনের (IPhone) দাম অন্য ফোনের তুলনায় সাধারণত বেশি। মূলত চাকরিজীবী, ব্যবসায়ীরা এই ফোন ব্যবহার করেন। একটির বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Multiople Whatsapp Account) ব্যবহার করা যেত না। সেটি কর্মক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট হত। ফলে সেটি তাঁর ব্যক্তিগত থাকত না। ফলে এবার দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থাকার সুবিধা পাবেন তাঁরা। ফলে আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে নতুন ফিচার আসতে চলেছে। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা আছে। সুইচ অ্যাকাউন্ট অপশনের মাধ্যমে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটিই অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যায়। সেই সুবিধা আসতে চলেছে এবার আইওএস ভার্সনে। অনেক ব্যবহারকারী কর্মক্ষেত্রে একটি ফোন নম্বর ব্যবহার করেন। ব্যক্তিগতকাজে ব্যবহারের জন্য থাকে আরেকটি নম্বর। নতুন ফিচার চালু হলে আইফোন ব্যবহারকারীরা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন। একটি পেশাদার কাজে অন্যটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। এই ফিচার আইওএস ব্যবহারকারীদের জন্য কবে চালু হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। এদিকে ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
কেমন থাকবে সরস্বতী পুজোর আবহাওয়া?

বাংলা থেকে গুটি গুটি পায়ে বিদায় নিয়েছে শীত। ফেব্রুয়ারির প্রথম দিন শবরবাসীর ঘুম ভাঙল বৃষ্টি দিয়ে। শনিবার সকাল থেকে মেঘলা আকাশ, আবার কোথাও ঝিরিঝিরি বৃষ্টির (Rainfall Kolkata) দেখা মিলেছে। নতুন করে পারা পতনের সম্ভাবনা নেই। তবে সরস্বতী পুজোতে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে আর নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। শীত প্রায় বিদায়ের পথে। চলতি বছরের সরস্বতী পুজো (Saraswati Puja) উষ্ণ কাটবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গাঙ্গেয় বঙ্গে উত্তুরে হাওয়া বইতে পারেনি, তার জেরে এই মরশুমে শীত বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। জাঁকিয়ে ঠান্ডা ঠিক করে থিতু হওয়ার আগেই শুরু হয়েছে শীতের বিদায় নিতে চলেছে। আবহবিদদের অনুমান, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাংলা থেকে বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা সামান্য নামতে পারে বলে পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। এদিকে রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের চার জেলাতে আজ শনিবার কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার দুই দিনাজপুর এবং মালদায়। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
দেশে মোট ২০০ ক্যানসার নিরাময় কেন্দ্র

আগামী তিন বছরের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার (Cancer Centre) তৈরি করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। শনিবার সংসদে বাজেট (Union Budget 2025) পেশের সময় দেশের চিকিৎসা ব্যবস্থার খাতে এই বড় ঘোষণা করেন তিনি। এদিন অর্থমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সমস্ত জেলা হাসপাতালে ক্যানসারের চিকিৎসার (Cancer Treatment) ব্যবস্থা করা হবে। পাশাপাশি, সারা দেশে মোট ২০০ ক্যানসার নিরাময় কেন্দ্র তৈরির ঘোষণা করেন তিনি। সেই কারণে দেশে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানান অর্থমন্ত্রী। তাই, দেশজুড়ে মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও ঘোষণা করা হয় আগামী অর্থবর্ষের বাজেটে। শনিবার সংসদে বাজেট পেশের সময় তিনি বলেন, এইভাবে আগামী পাঁচ বছরে দেশে ৭৫ হাজার নতুন মেডিক্যাল সিট বৃদ্ধি করা হবে। স্নাতক বা MBBS এবং স্নাতকোত্তর বা PG উভয় ক্ষেত্রেই এই আসন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, মোদি সরকারের সময়কালে চিকিৎসাশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে আসন বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের আগে স্নাতক স্তরের মেডিক্যাল সিটের ক্ষেত্রে মোট আসন ছিল ৫১,৩৮৪টি। ১০ বছর পর অর্থাৎ, ২০২৪ সালে এই আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১,১২,১১২টি। এদিকে আবার PG অর্থাৎ স্নাতকোত্তর আসনের সংখ্যা ২০১৪-তে যেখানে ছিল ৩১,১৮৫টি, ২০২৪-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৭২,৬২৭।
AI পরিকাঠামো নিয়ে বাজেটে বড় ঘোষণা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মক্ষেত্রের প্রায় সর্বত্র প্রভাব ফেলেছে। এর গুরুত্ব অনুধাবন করে পদক্ষেপ নিল ভারত সরকার (Government of India)। শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে এআই-এর সেন্টার অফ এক্সেলেন্স (AI CoE) গড়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এই সেন্টার অফ এক্সেলেন্স নিয়োজিত হবে এআই শিক্ষা ও গবেষণায়। ২০২৩ সালে পথচলা শুরু করেছিল এরকম তিনটি কেন্দ্র। সেই কর্মযজ্ঞকেই ব্যাপকতা দেওয়ার উদ্দেশ্যে ৫০০ কোটি টাকা ব্যয় করবে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণা হল খুবই গুরুত্বপূর্ণ সময়ে। ভারতের এআই বাজার খুব দ্রুত বড় হচ্ছে। ন্যাসকম-এর (NassCom) রিপোর্ট বলছে, এআই-এ দেশের প্রতিভা এবং লোকবল বাড়তে চলেছে। এই মুহূর্তে এআই সংক্রান্ত কর্মসংস্থানে জড়িত পেশাদার কর্মীর সংখ্যা ৬-৬.৫ লক্ষ থেকে ২০২৭ সালের মধ্যে ১০ লক্ষের উপরে চলে যাবে। এক্ষেত্রে বার্ষিক যৌগিক বৃদ্ধি ১৫ শতাংশ। একই সঙ্গে সফটওয়্যার এবং পরিষেবা প্রদানকারী সেক্টরে এই বৃদ্ধি ২৫-৩০ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায় পারদর্শী হওয়া জরুরি হয়ে পড়েছে এবং সেই কারণেই তার শিক্ষাগত পরিকাঠামো উন্নীত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫০০ কোটি টাকার বাজেতে এআই দক্ষতা শেখার জন্য পাঁচটি জাতীয় কেন্দ্র তৈরি হবে। টিমলিজ ডিগ্রি অ্যাপ্রেনটিসশিপ সংস্থার মুখ্য স্ট্র্যাটেজিস্ট সুমিত কুমার সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, “এআই দক্ষতা শেখার পাঁচটি জাতীয় কেন্দ্র প্রতিষ্ঠা দক্ষতার খামতি ঢেকে দেবে, কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়াবে, নতুন আসা কর্মক্ষেত্রের জন্য যুবসমাজকে প্রস্তুত করবে। এর ফলে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়তে পারবে দক্ষতাসম্পন্ন ভারতীয় পেশাদাররা।”




