দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান, আসছে ধূমকেতু

ধূমকেতুর (Dhoomketu Movie) প্রতিক্ষায় দর্শকরা। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে।কয়েকদিন আগে রাণা সরকারকে দেবের (Dev) সঙ্গে ছবি ভাগ করতে দেখা গিয়েছে। তারপর থেকেই ফের শুরু হয়েছে তাঁদের পূর্ব ঘোষিত ছবি ধূমকেতু নিয়ে জল্পনা। এবার প্রকাশ্যে এল ধূমকেতুর মুক্তির দিন। ২০১৬ দেব-শুভশ্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই সময় দেব-শুভশ্রীকে বড় পর্দায় নিয়ে আসছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। আর দুই প্রাক্তনের পুনর্মিলন দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে। শুটিং শেষ হয়ে যায়, ডাবিংও শেষ, বেশ কিছু জটিলতার কারণে জানা যায় ছবি হচ্ছে না। রানা ও দেবের সম্পর্কেরও অবনতি ঘটে। বহুবার ধূমকেতু মুক্তির কথা সামনে এসেছে। তবে সমস্যার সমাধান হয়নি। এবার সেই সমস্যা মিটতে চলেছে। দেব-শুভশ্রী (Dev-Subhashree), এক সময় তাদের সম্পর্ক শিরোনামে ছিল। টলিউডের অন্যতম চর্চিত প্রেম ছিল দেব ও শুভশ্রীর (Subhashree Ganguly)। তবে তা টেকেনি। তারপর মান, অভিমান, বিচ্ছেদ। সব ভুলে আবার পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী।’ শুধু কি তাই, এটি অভিনেতা দেবের প্রথম প্রযোজিত ছবি। যেমন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবের প্রথম কাজ। এই প্রথম কোনও ছবিতে লিপলক করেছেন দেব-শুভশ্রী! ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। কিন্ত নানা জটিলতায় ছবি মুক্তি পায়নি। ২০১৭ সালে প্রযোজক রানা সরকারের সঙ্গে ‘ডাবিং’ নিয়ে সমস্যা শুরু হয় দেবের। দেব বলেন, ‘টাকা না পেলে ডাবিং করব না!’। আবার ২০২১ সালে ছবি মুক্তি নিয়ে SVF-র কর্ণধার মহেন্দ্র সোনি এবং দেবের সঙ্গে আলোচনায় বসেন রানা। প্রায় ৯ বছর,পর আবার ফেসবুক পোস্ট করেলন প্রযোজক ‘ধুমকেতু রিলিজ হবে… রাণা সরকার তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, তিনি কারও চ্যাটের একটি অংশ পোস্ট করেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে লেখা রয়েছে, ‘১৬ মে ছবিটা রিলিজ করব।’ এই ছবিটি পোস্ট করে এদিন রানা ক্যাপশনে শাহরুখ খানের ছবির সংলাপ ধার করে লেখেন, ‘সিট বেল্ট বেঁধে নিন।’ সঙ্গে ‘বুম’-ও লেখেন। জানা গিয়েছে এই দিনেই মুক্তি পাবে ধূমকেতু।

কেন্দ্রীয় রিপোর্টে একাধিক ক্ষেত্রে শীর্ষস্থানে বাংলা

ফের শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় রিপোর্টে শীর্ষে উঠে এল পশ্চিমবঙ্গের নাম। আর সেই কেন্দ্রীয় রিপোর্ট দেখিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উৎপাদান শিল্পে ফের একবার কেন্দ্রীয় রিপোর্টে শীর্ষে উঠে এল পশ্চিমবঙ্গের নাম। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন ছোট-মাঝারি উৎপাদন শিল্পে বাংলাই রয়েছে শীর্ষ স্থানে। চলুন দেখে নেওয়া যাক সেই পোস্ট… Happy to share that the recently published findings of the “Annual Survey of Unincorporated Sector Enterprises” conducted by the National Statistics Office, Government of India, once again establish Bengal’s top position in (MSME) manufacturing industries and, simultaneously, our… — Mamata Banerjee (@MamataOfficial) March 10, 2025 ছোট-মাঝারি শিল্পে মহিলা চালিত সংস্থার সংখ্যা বাংলায় ৩৬.৪ শতাংশ। পাশাপাশি এ রাজ্যে মহিলা শ্রমিকদের অংশগ্রহণও সবথেকে বেশি, ১২.৭৩ শতাংশ।

ফের বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?

আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনায় নাজেহাল রাজ্যবাসী। মার্চ থেকেই গরমের উত্তাপ বুঝতে শুরু করেছে শহরবাসী। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। রোদের তেজও বেশ চড়া। তার মধ্যে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) দিল আবহাওয়া দফতর (Alipur Weather office)। হাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। একধাক্কায় চড়বে পারদ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি সম্ভাবনা। কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আবহাওয়া শুষ্ক থাকবে। দোলের দিনও আকাশ পরিষ্কার থাকবে। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার করতে পারে। অপরদিকে উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ। চলতি সপ্তাহেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। তাপমাত্রা একই রকম থাকবে।

কবে থেকে চড়ছে পারদ?

দক্ষিণবঙ্গে বাড়ছে শুষ্ক আবহাওয়ার দাপট (Weather Update)। নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেখা নেই। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী। সোমবারের পর থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Kolkata Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের প্রথম থেকেই গরমের অস্বস্তি বোধ হতে শুরু করবে। আগামী পাঁচদিন তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দোল বা রঙের উৎসবের আগে বাতাসে হালকা ঠাণ্ডার শিরশিরানি থাকে। এবার আর তার বালাই নেই। সকালের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা খানিক উপরে থাকার সম্ভবনা রয়েছে। পারদ বেশ কিছুটা বেড়ে যাবে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন? দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বসন্তে দেখা নেই নাতিশীতোষ্ণ আবহাওয়ার। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে থাকবে শুষ্ক আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী দু’দিন হালকা বৃষ্টির সম্ভবনা। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভবনা আগামী চার-পাঁচদিন নেই বললেই চলে। শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন ২১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম৷ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। সর্বনিম্ন ২৭ শতাংশ। রবিবার পরিষ্কার থাকবে আকাশ। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। অর্থাৎ, দুইই ঊর্ধ্বগামী।

মি-টু মামলায় স্বস্তি নানার

স্বস্তি নানা পাটেকরের (Nana Patekar)। তাঁর বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের (Tanushree Dutta) আনা মি-টু (Me Too) অভিযোগের সাড়া দিল না আদালত। ‘হর্ন ওকে প্লিজ’ (Horn OK please) চলচ্চিত্রের শুটিং চলাকালীন নানা তাঁকে হেনস্থা এবং খারাপ ব্যবহার করেছেন বলে ২০১৮ সালের অক্টোবরে অভিযোগ তনুশ্রীর। অভিযোগের জেরে ব্যাপক সাড়া জাগিয়ে সমাজমাধ্যমে শুরু মি-টু আন্দোলন। ২০১৯ সালে পুলিশের ফাইনাল রিপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে খারাপ কিছু পাওয়া যায়নি। ওই এফআইআর মিথ্যা বলেও দাবি করে পুলিশ। আইনি ভাষায় যে রিপোর্টকে বলা হয় বি-সামারি। এবার আদালত তার চূড়ান্ত সিদ্ধান্ত শোনালো। নানার বিরুদ্ধে মি-টু অভিযোগে পদক্ষেপ করতে অস্বীকার আদালতের। কারণ, নির্দিষ্ট সময়সীমার পরে তিনি অভিযোগ দায়ের করেছেন। কেন এত দেরিতে অভিযোগ, তার কারণ দর্শানো হয়নি। তাঁর অভিযোগ ঘটনা ২০০৮ সালের। অথচ তিনি অভিযোগ দায়ের করলেন ২০১৮ সালে। এই দেরির নির্দিষ্ট কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি। ফলে আইন অনুযায়ী কোন পদক্ষেপ আদালত করতে পারে না। মন্তব্য আন্ধেরির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, এনভি বনসলের। রায়ের কথা প্রকাশ্যে এলেও তনুশ্রী অথবা নানার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত

এক যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) চ্যাম্পিয়ন হল ভারত। মহেন্দ্র সিং ধোনি তিনটি আইসিসি ট্রফি জিতেছেন, রোহিত শর্মার (Rohit Sharma) দুটো হল। টান টান উত্তেজনার ম্যাচে চার উইকেটে জিতল ভারত। টি২০ বিশ্বকাপ জেতার ৯ মাসের মধ্যে ফের দেশে এল আইসিসি ট্রফি। ফাইনাল হল ফাইনালের মতোই। বিনা যুদ্ধে নিউজিল্যান্ড জমি ছাড়বে না তা জানাই ছিল, আবার এটাও জানা ছিল, ধারে-ভারে ভারত টুর্নামেন্টের সেরা দল। সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে শত্রুদের মুখে ছাই দিয়ে চ্যাম্পিয়ন হল রোহিত শর্মার দল। জয় এল পাঁচ উইকেটে এবং পাঁচ বল বাকি থাকতে। টসে জিতে প্রথমে ব্যাট করে ২৫১ রান করেছিল নিউজিল্যান্ড। রোহিত শর্মা ফর্মে ফেরার জন্য সবথেকে বড় মঞ্চটাই বেছে নিয়েছিলেন। মনে হচ্ছিল এদিন কেরিয়ারের ৩৩ নম্বর সেঞ্চুরিটা করে ফেলবেন। কিন্তু ধৈর্য রাখতে পারলেন না তিনি । কিউয়ি স্পিনাররা রান ওঠার গতি কমিয়ে দিতেই অধৈর্য হয়ে বড় শট খেলতে গিয়ে স্টাম্প আউট হয়ে এলেন। আউট হওয়ার আগে ৮৩ বলে ৭৬ রান করে দলকে জয়ের রাস্তায় অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন রোহিত। কিন্তু কাজ তখনও অনেকটাই বাকি ছিল। বাকি কাজ ভাগযোগ করে করলেন শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়া। কেউ বেশি রান করেছেন কেউ কম, কিন্তু সবার অবদান সমান গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড হারল দুটো কারণে। এক, ভারতের চার স্পিনার তাদের ব্যাটারদের বন্দি করে রেখেছিলেন। কিন্তু তাদের হাতে প্রপার স্পিনার ছিল তিনজন। তাঁরা তাঁদের কাজ করেছেন কিন্তু বাকি ২০ ওভারে ম্যাচ বের করে নিল ভারত। ম্যাচের সেরা – রোহিত শর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – রচিন রবীন্দ্রা 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🇮🇳🏆 India get their hands on a third #ChampionsTrophy title 🤩 pic.twitter.com/Dl0rSpXIZR — ICC (@ICC) March 9, 2025

কবে পালিত হবে দোলপূর্ণিমা?

আর কিছুদিন পরেই দোল পূর্ণিমা (Dol Purnima)। রঙের উৎসবে (Festival of Colors) মেতে উঠবে গোটা দেশ (India)। দেশজুড়ে ছোট-বড় সকলেই একে অপরকে আবির । এ সময় ভারতের প্রায় প্রতিটি কোণায় দোল এবং হোলি (Holi 2025) উৎসব পালন করা হয়। তবে এ বছর দোল পূর্ণিমা কবে, তা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। হিন্দু ধর্ম মতে (Hinduism), দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয়, এটি শ্রীকৃষ্ণ (Lord Krishna) এবং রাধার (Radha) ঐশ্বরিক প্রেমলীলার উদযাপনও বটে। বিশেষ করে বৃন্দাবনে কৃষ্ণ-রাধার রঙের খেলা নিয়ে অনেক পৌরাণিক গল্প শোনা যায়। মা যশোদার পরামর্শে কৃষ্ণ রাধার গায়ে রং লাগিয়ে রঙের খেলায় মেতে উঠেছিলেন। সেই থেকেই দোল পূর্ণিমার শুরু। এই উৎসবের আরও একটি দিক হোলিকা দহন। দানব রাজা হিরণ্যকশ্যপে বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিয়ে বসেছিলেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদ বেঁচে যান, আর হোলিকা পুড়ে যায়। এই ঘটনাকেই স্মরণ করে হোলিকা দহনের আয়োজন করা হয়, যা হোলি উৎসবের প্রথম দিনের অংশ। এবছর দোল পূর্ণিমার তিথি নিয়ে নানা আলোচনা চলছে। কেউ বলছেন ১৩ মার্চ, কেউ বলছেন ১৪ মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিটে এবং শেষ হবে ১৪ মার্চ দুপুর ১২.২৩ মিনিটে । মূলত, ১৪ মার্চই পালিত হবে রঙের খেলা। এর আগে ১৩ মার্চ হবে হোলিকা দহন। তাই এ বছর দোল পূর্ণিমার দিন ঠিক ১৪ মার্চেই, যেদিন সকলেই রঙের উৎসবে মেতে উঠবেন। দোল পূর্ণিমার দিন সবাই মিষ্টি , ঠাণ্ডাই খেয়ে, পিচকারি দিয়ে রঙ খেলে, গান-বাজনা আর নাচে মেতে উঠবেন। এই উৎসব একতার বার্তা দেয়, সমাজের সকল স্তরের মানুষ একসঙ্গে আনন্দ ভাগ করে নেন।

দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বেশিদিনে নয়

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাটিং দেখেছেন তো? যেন সেই রকমই ‘ব্যাটিং’ করছে শীত। ফাল্গুন মাস চলছে, বসন্তের (Spring) এই ভরা বাজারে হঠাৎই শীত শীত ভাব দক্ষিণবঙ্গে (South Bengal)। এই কিছুদিন আগেই ফ্যান চালাতে হচ্ছিল, এসি-র শরণাপন্ন কবে হতে হবে আলোচনা চলছিল তা নিয়ে। এখন রাতে ফ্যান চালাতে হচ্ছে না, গায়ে উঠছে চাদর। হার্দিকের ইনিংস যেমন দীর্ঘস্থায়ী হয়নি, দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজও বেশিদিনের নয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতবিলাসীদের সুখ আর বড়জোর ৪৮ ঘণ্টা। তারপরেই চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। অর্থাৎ এই ‘উইকেন্ড’ একটু আরাম করে নিতে পারে বাঙালি। দক্ষিণবঙ্গের যা আবহাওয়া, কলকাতা (Kolkata) শহরের অবস্থা সেরকমই। বেলা বাড়লে গরম অনুভূত হচ্ছে, ঘাম হচ্ছে কিন্তু সূর্য ডুবতেই ঠান্ডা ঠান্ডা ভাব। সন্ধে থেকে রাতভোর হয়ে সাতসকাল পর্যন্ত স্থায়ী হচ্ছে শীতের আমেজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের (North Bengal) ছবি অন্যরকম। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাতও যা পর্যটকদের আনন্দ দিতে পারে। উত্তরবঙ্গের এই আবহাওয়া আপাতত কিছুদিন স্থায়ী হবে।

বাড়ছে তাপমাত্রার পারদ! কেমন থাকবে আবহাওয়া?

মার্চের সবে শুরু, কিন্তু তারই মাধ্যেই বঙ্গে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী। চরচরিয়ে বাড়ছে তাপমাত্রা। তবে এরই মাঝেই শহর কলকাতায় ফিরল শীতের আমেজ। বুধবার থেকেই কলকাতায় সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা টের পাচ্ছেন শহরবাসী। শুধুমাত্র কলকাতাবাসীই নন, রাজ্যের বিভিন্ন প্রান্তেই শীতের আমেজ। কিন্তু, এই ঠান্ডার স্থায়ীত্ব বেশি দিনের নয়! আগামী সপ্তাহে বসন্ত উৎসবের আগেই রাজ্যে বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ যেমন তাপমাত্রা নিম্নমুখী, তবে আগামীকাল অর্থাৎ শনিবার তাপমাত্রা আবার বাড়বে বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে জারি করা হয়েছে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং ও কালিম্পং-সহ চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

ফের দেশের হয়ে খেলবেন সুনীল

অবসর ভেঙে ফিরে এলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতের জার্সি গায়ে ফের মাঠে নামবেন তিনি। বৃহস্পতিবার রাত ৮.৫৫-য় ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে জানানো হল, “সুনীল ছেত্রী ইজ ব্যাক! অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি মার্চ মাসে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দলে ফিরবেন।” ২০০৫ সালে ভারতের হয়ে অভিষেক করা স্ট্রাইকার গত বছর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ৯৪ গোল করে তিনি ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গোটা বিশ্বের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১৩৫), লিওনেল মেসি (১১২) এবং আলি দায়ির (১০৮) পরে চতুর্থ স্থানে রয়েছেন। গত বছর ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে বিদায় নিয়েছিলেন তিনি। সেই থেকে এখনও খাঁটি স্ট্রাইকার নেই জাতীয় দলে। সম্ভবত সেই কারণে কোচ মানোলো মার্কেজ (Manolo Marquez) ২৬ জনের দলে সুনীলের নাম রেখেছেন। ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। তারপর ২৫ তারিখ বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে এফএসি এশিয়ান কাপ ২০২৭-এর (AFC Asian Cup 2027) যোগ্যতা অর্জন পর্বের খেলা। মার্কেজ বলেন, “এশিয়ান কাপের যোগ্যতা অর্জন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই টুর্নামেন্টের গুরুত্ব এবং সামনের ম্যাচগুলোর কথা ভেবে আমি সুনীলের সঙ্গে ওর প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করি যাতে দলটার শক্তিবৃদ্ধি হয়। ও রাজি হয়েছে, তাই দলে ওর নাম রাখা হয়েছে।”