আইপিএলের প্রথম ম্যাচে কলকাতাকে হারাল বেঙ্গালুরু

প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নস কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। ২২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল বেঙ্গালুরু। আর কলকাতার শুধু হার নয়, রান রেটেও অনেকটা পিছিয়ে গেল কেকেআর। তবে ইডেনের আসা দর্শকদের রথ দেখা এবং কলা বেচা, দুটোই ভাল ভাবে হল। শাহরুখ খানের সঙ্গে কোহলির কোমর দোলানো যেমন দেখতে পেলেন, তেমনই ব্যাট হাতে কোহলির ম্যাচ জেতানো ইনিংসেরও সাক্ষী থাকা গেল। উপরি পাওনা শ্রেয়া ঘোষাল, করণ আউজলার গান এবং দিশা পটানির নাচ। এদিন টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নামেন কুইন্টন ডি-কক এবং সুনীল নারিন। পাওয়ার প্লে-র প্রথম তিন ওভারে কলকাতা নাইট রাইডার্সের মাত্র ৯ রান ওঠে। একটা চার মেরে আউট হন ওপেনার কুইন্টন ডি-কক। জশ হ্যাজলউডদের বলের বাউন্স দেখে মনে হচ্ছিল ইডেন গার্ডেন্স নয়, খেলা হচ্ছে পার্থের পিচে। দলের নতুন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে দুটো বল দেখলেন, তারপরেই সবাইকে ইডেনে ফিরিয়ে আনলেন। সুনীল নারিনকে নিয়ে পরের তিন ওভারে তুললেন ৫১। অর্থাৎ পাওয়ার প্লে-তে উঠল কাঁটায় কাঁটায় ৬০। রাহানে-নারিন জুটি ৯.৫ ওভার পর্যন্ত ঝড় চালাল। দশম ওভারের শেষ বলে ক্যারিবিয়ান অলরাউন্ডার আউট হলেন। ২৬ বলে ৪৪ করলেন তিনি। অধিনায়ক ৩১ বলে ৫৬ করে প্যাভিলিয়নের পথ ধরলেন। দ্রুত আউট হলেন রাহানের ডেপুটি ভেঙ্কটেশ আইয়ারও (৭ বলে ৬)। এই সময়টা কিছুটা চাপে পড়েছিল কেকেআর। ক্রুনাল পান্ডিয়ার সাহায্যে কিছুটা ম্যাচে ফিরছিল আরসিবি। রাহানে, আইয়ার এবং রিঙ্কুকে ফেরালেন তিনি। এরপর আন্দ্রে রাসেলকে ফেরালেন গত বছর কেকেআর-এ খেলা সুযশ শর্মা। একটা সময় ২০০ পার অনায়াস মনে হচ্ছিল, কিন্তু রাসেলের পতনে আবার চাপে পড়ে নাইট শিবির। স্পিনারদের দাপটে রান ওঠার গতি কমে গেল। তবে তরুণ অঙ্গকৃশ রঘুবংশী ফের প্রতিভার ঝলক দেখালেন। স্লগ নয়, খাঁটি ক্রিকেটীয় শট খেলে বাউন্ডারি মারলেন। কিন্তু মোক্ষম সময়ে আউট হয়ে গেলেন। ২০ ওভারে শেষ পর্যন্ত ১৭৪ করল কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং ফিল সল্ট মিলে যে ইনিংসটা খেললেন প্রায় ৪৫ মিনিট ধরে, সেটাই দীর্ঘ দিন পরে কলকাতার বিরুদ্ধে জেতাল বেঙ্গালুরুকে। ফিল্ট সল্ট শুরুতেই ঝড় তুললেন। পাওয়ার প্লে-তে বরুণ চক্রবর্তীর এক ওভারে নিলেন ২১ রান। পাওয়ার প্লে কোনও উইকেট না হারিয়েই আরসিবি ৮০ করে ফেলল এবং ম্যাচ ওখানেই কেকেআরের হাত থেকে ফসকে গেল। সল্ট ফিরে গেলেও আরসিবিকে জয়ের রাস্তায় নিয়ে গেলেন, আর কে? বিরাট কোহলি। আরসিবি অধিনায়ক রজত পতিদার ভালো ইনিংস খেললেন, লিয়াম লিভিংস্টোন নেমে দ্রুত ম্যাচ শেষ করে দিলেন। তবে আরসিবির জয়ের আসল কারিগর ক্রুনাল পান্ডিয়া। চার ওভারে ২৯ দিয়ে তিন উইকেট নিলেন। অজিঙ্ক্য রাহানে এবং সুনীল নারিন তাণ্ডব চালাচ্ছিলেন। রাহানেকে প্রথমে আউট করলেন হার্দিকের দাদা, তারপর ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে বোকা বানালেন। ক্রুনালের ওই স্পেলই আরসিবিকে ম্যাচে ফিরিয়ে আনল।
‘কিলবিল সোসাইটি’র নতুন গান

আসছে হেমলক সোসাইটির সিক্যুয়েল কিলবিল সোসাইটি (Killbill Society)। নববর্ষের সময়ই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কিলবিলের পোস্টা ও লুক। এবার সোমলতার কণ্ঠে ‘কিলবিল সোসাইটি’র নতুন গান (Killbill Society First Song) প্রকাশ পেল। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন অনুপম রায় (Anupam Roy)। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য। পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায় (Srijit Mukherji) জানিয়েছেন নববর্ষের মুক্তি পাবে কিলবিল সোসাইটি। সোমলতা আচার্যর (Somlata Acharyya Chowdhury) কণ্ঠে মুক্তি পেল কিলবিলের নতুন গান। প্রথম গান মুক্তি পেল সেখানেই দেখা যাচ্ছে একটি বদ্ধ ঘরে মুখোমুখি অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। দেখা যায় অভিনেত্রী কাউকে বলছেন ‘আমায় একটা টিকিট কেটে দিবি রে?’ সে কোথায় যেতে চায় জানতে চাইলে বলে ‘ছোটবেলায়।’ গানে ফুটে ওঠে উত্তরবঙ্গের পাহাড়ের নৈসর্গিক ছবি। একই সঙ্গে ধরা পড়ে পূর্ণা আইচ চরিত্রের হতাশা,জমে থাকা কষ্ট বেরিয়ে আসতে দেখা গিয়েছে গানে।গানের শেষে দেখা গিয়েছে পাহাড়ের খাদের ধারে দাঁড়িয়ে পূর্ণা। সোমলতা তাঁর গানে গানে গোটা মন খারাপি আবহটা তুলে ধরেছেন।
আইপিএল খেলার দিন বিশেষ বাস পরিষেবা

আগামীকাল অর্থাৎ শনিবার (Saturday) ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫ (IPL 2025)। উদ্বোধনী ম্যাচ হতে চলেছে ইডেনে (Eden Gardens) । প্রথম ম্যাচ কেকেআর (KKR) ভার্সেস আরসিবি (RCB)। উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২৪ এর আইপিএলের (IPL 2024) বিজেতা দল ছিল কেকেআর (KKR), তাই এবছরের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ শেষের অনুষ্ঠানে অগ্রাধিকার পেতে চলেছে কলকাতা। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেনসে হতে চলেছে প্রথম ম্যাচ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ম্যাচ, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন শ্রদ্ধা কাপুড়, থেকে শুরু করে বরুন ধাওয়ান। আসতে চলেছেন মেলডি কুইন শ্রেয়া ঘোষালও। আর এই উপলক্ষে এবার বিশেষ উদ্যোগ রাজ্য পরিবহন দফতরের। জানা যাচ্ছে, পরিবহন দফতরের পক্ষ থেকে ইডেনে আইপিএল খেলার দিন বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু রাতে শেষ হবে খেলা, তাই যাতে কোন দর্শকের বাড়ি যেতে কোনরকম অসুবিধা না হয়, সেই কথাকেই মাথায় রেখে শহরের নানা প্রান্তে ২৩ টি বাস ছাড়বে ধর্মতলা থেকে। উল্লেখ্য, ইতিমধ্যেই মেট্রোর তরফ থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ২২ মার্চ ম্যাচ শেষে এসপ্ল্যানেড থেকে রাত ১২টা ১৫মিনিটে তিনটি বিশেষ মেট্রো ছাড়বে। রুট অনুযায়ী ট্রেনগুলির গন্তব্য হল, দক্ষিনেশ্বর পর্যন্ত একটি মেট্রো, কবি সুভাষ পর্যন্ত ও হাওড়া ময়দান পর্যন্ত একটি মেট্রো। এবারের আইপিএলে সাতটি ম্যাচ খেলা হবে ইডেনে। প্রত্যেক দিনই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে এসপ্ল্যানেড থেকে। ২৩মে কোয়ালিফায়ার এবং ২৫মে ফাইনালের দিনও বিশেষ বাসের ব্যবস্থা থাকছে বলেই খবর।
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস

চৈত্রের শুরু এবং মার্চের (March) মাঝামাঝি, তাতেই গরমে হাঁসফাঁস কাণ্ড বঙ্গবাসীর। চৈত্রের শুরুতেই বৈশাখ মাসের মত গরম। সকলেই আতঙ্কে এখনই এই অবস্থা হলে গোটা গ্রীষ্মকালে কী হতে চলেছে! কারণ গত সপ্তাহেই রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছিল। জারি করা হয়েছিল গরমের কমলা সতর্কতাও। তবে এরই মাঝেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেওয়া হয়েছে বৃষ্টির (Rain) সতর্কতা। জানা যাচ্ছে, রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে কালবৈশাখী (Kalbaisakhi)। সপ্তাহান্তে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) পূর্বাভাস। এমনকি হতে পারে শিলাবৃষ্টিও। গতকাল থেকেই আবহাওয়া তার খেলা শুরু করে দিয়েছে। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এমনকি শুক্রবার সকাল থেকেই তিলোত্তমার আকাশের মন খারাপ। মেঘলা করে রয়েছে আকাশ। আজ জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি তিলোত্তমাও ভাসতে পারে জলে। তবে এ যেমন স্বস্তির খবর, আবার কিছুটা মন খারাপেরও। কেন বলুন তো? ২২ মার্চ ২০২৫ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। অর্থাৎ শনিবার। আর গতবছরের বিজেতা দল ছিল কলকাতা নাইট রাইডার্স, তাই কলকাতা এবছর অগ্রাধিকার পেতে চলেছে ম্যাচ কলকাতার মাঠে আয়োজনের। উদ্বোধনী ম্যাচ হতে চলেছে কলকাতাতেই। কেকেআর ভার্সেস আরসিবি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এই ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে স্পেশাল পারফর্মেন্স থাকতে চলেছে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং, এবং আরও অনেকের। কিন্তু শনিবারই তিলোত্তমায় রয়েছে বৃষ্টির লাল সতর্কতা। তাই উদ্বোধনী ম্যাচ হয়তো জলে ভাসতে চলেছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। ঝাড়গ্রাম, হুগলী, বাঁকুড়া, দুই বর্ধমান এবং দুই মেদিনীপুরে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া। আজ কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ম তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও অন্য জেলায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, বইতে পারে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। এমনকি পার্বত্য এলাকায় সোমবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
ইডেনে ম্যাচে মাঝরাতে মিলবে স্পেশাল মেট্রো

আইপিএল (IPL 2025) জ্বরে কাঁপছে শহর। শনিবার, ২২ মার্চ ইডেনে অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এবং KKR- এর পক্ষ থেকে অনুরোধের পরই মেট্রো কর্তৃপক্ষ এই বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। মেট্রোরেল সূত্রে খবর, ম্যাচ শেষে এসপ্ল্যানেড থেকে রাত ১২টা ১৫মিনিটে তিনটি বিশেষ মেট্রো ছাড়বে। রুট অনুযায়ী ট্রেনগুলির গন্তব্য হল, দক্ষিনেশ্বর পর্যন্ত একটি মেট্রো, কবি সুভাষ পর্যন্ত ও হাওড়া ময়দান পর্যন্ত একটি মেট্রো। প্রতিটি মেট্রো রাত ১২টা ১৫মিনিটে এসপ্ল্যানেড থেকে ছাড়বে এবং গন্তব্যে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ। বিশেষ পরিষেবার টিকিট বিক্রির জন্য এসপ্ল্যানেড স্টেশনে খোলা থাকবে বুকিং কাউন্টার। জানা গিয়েছে, মিলবে স্মার্ট কার্ড ও কাগজ ভিত্তিক কিউআর টিকিট। সাধারণ ভাড়ার পাশাপাশি প্রতি টিকিটে ১০ টাকা অতিরিক্ত সারচার্জ ধরা হবে। প্রতি টিকিটে থাকবে ১০ টাকা অতিরিক্ত সারচার্জ। ইডেন গার্ডেন থেকে এসপ্ল্যানেদড স্টেশন হাঁটার দূরত্বেই থাকায় দর্শকদের পক্ষে আরও সুবিধাজনক হবে।
চাহাল-ধনশ্রীর বিবাহ-বিচ্ছেদ

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং কোরিয়োগ্রাফার ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিবাহ-বিচ্ছেদে সম্মতি দিল বান্দ্রার পারিবারিক আদালত (Family Court)। প্রাথমিকভাবে ছ’ মাসের কুলিং অফ পিরিয়ড মুকুব করতে রাজি ছিল না আদালত। কিন্তু বুধবার একাধিক কারণ দেখিয়ে বিচ্ছেদ মামলার দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট (Bombay High Court)। ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে চাহালের অংশগ্রহণের কথা ভেবেই আগামী বৃহস্পতিবারের (২০ মার্চ) মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন বিচারপতি মাধব জামদার। পরের দিনই নির্দেশ পালন করল পারিবারিক আদালত। পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে বিবাহ-বিচ্ছেদের জন্য ৫ ফেব্রুয়ারি আবেদন জানিয়েছিলেন চাহাল এবং ধনশ্রী। তবে ২০ ফেব্রুয়ারি পারিবারিক আদালত ছ’ মাসের কুলিং-অফ (Cooling Off) পিরিয়ড মুকুব করবে না বলে জানিয়ে দেয়। এদিকে বিয়ের দেড় বছর পর, ২০২২ সালের জুন মাস থেকে আলাদা থাকছেন দুজনে। পারিবারিক আদালত আরও জানিয়েছিল, চাহালের ধনশ্রীকে খোরপোশ হিসেবে দিতে হত ৪.৭৫ কোটি টাকা, কিন্তু চাহাল এখন পর্যন্ত ২.৩৭ কোটি টাকা দিয়েছেন। তাছাড়া মধ্যস্থতার বিষয়টিও আংশিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছিল। পারিবারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চাহাল এবং ধনশ্রী হাইকোর্টে যুগ্মভাবে আবেদন করেন যাতে বিবাহ-বিচ্ছেদ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারা অনুযায়ী বিবাহ-বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগে ছয় মাসের কুলিং-অফ পিরিয়ড বাধ্যতামূলক। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক কোনওভাবে যদি জোড়া লাগানো যায়, সেই আশাতেই এই ছ’মাস। তবে সম্পর্ক জোড়া লাগার কোনও সম্ভাবনা না থাকলে কুলিং-অফ পিরিয়ড বাতিল করা যায়। এক্ষেত্রে বম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জামদার সেটাই মনে করেছিলেন এবং সেই অনুযায়ী পারিবারিক আদালতকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন।
বিলেত সফরে মমতা, বাংলা সামলাবে টাস্কফোর্স

শুক্রবার বিলেত যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাতদিনের সফর। সেসময় রাজ্য কে সামলাবে তার জন্য একটি টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই টাস্ক ফোর্সের নেতৃত্বে পুলিশ ও আমলাদের সমন্বয়ে প্রশাসন চলবে। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন রাজ্য সামলাবার জন্য এই প্রথম টাস্ক ফোর্স গড়়া হল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফোনে তাঁকে সবসময় পাওয়া যাবে। প্রয়োজনে তিনি পরামর্শ দেবেন। ২২ থেকে ২৮ মার্চ লন্ডন (London) সফর মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। সেসময় তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়ে গেলেন টাস্ক ফোর্সের (Task Force) হাতে। রাজ্যের পাঁচ মন্ত্রী সেই দায়িত্ব সামলাবেন। তাঁরা হলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ওই টাস্ক ফোর্স গড়ার কথা জানিয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখবেন পুলিশ কর্তা রাজীব কুমার ও মনোজ ভার্মা। আমলাদেরও কাজের ভার নিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৪ মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান। ২৫ মার্চ বাণিজ্য সম্মেলন। ২৬ মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক। ২৭ মার্চ অক্সফোর্ডে ভাষণ। ২৮ তারিখ লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা। উল্লেখ্য, এর আগে চীন, শিকাগো সহ একাধিক বিদেশ সফরের জন্য মুখ্যমন্ত্রীকে ছাড়পত্র দেয়নি ভারত সরকার। এদিন মুখ্যমন্ত্রী জানান বিভিন্ন দেশ থেকে তাঁর আমন্ত্রণ রয়েছে। তিনি লন্ডন সফরে থাককালীন রাজ্যের সবাই যাতে শান্তিতে থাকেন তা ভালোভাবে নজরে রাখতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরজি করের নির্যাতিতার পরিবার হাতে পেল ডেথ সার্টিফিকেট

আরজি করে নির্যাতিতা তরুণীর ডেথ সার্টিফিকেট হাতে পেল তাঁর পরিবার। বুধবার তাঁদের বাড়িতে গিয়ে মৃত্যুর নথি দিয়ে এসেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এত দিন ওই নথি তাঁদের কাছে ছিল না বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। একাধিক বার এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছিলেন। অবশেষে ডেথ সার্টিফিকেট পেলেন তাঁরা। ডেথ সার্টিফিকেট পেয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘‘স্বাস্থ্যসচিব আমাদের বাড়িতে এসেছিলেন। আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের মূল কপিটা দিয়ে গেলেন। বললেন, পরবর্তী সময়ে অন্য কপি দরকার হলে এমএসভিপি তা দিয়ে দেবেন। আমাদের কাছে লিঙ্ক এসে গিয়েছে। প্রয়োজনে আমরা প্রিন্ট আউট বার করে নিতে পারব।’’ সেপ্টেম্বর মাস থেকে ডেথ সার্টিফিকেটের জন্য ঘোরাঘুরি করছিলেন, জানিয়েছেন নির্যাতিতার বাবা। তাঁর কথায়, ‘‘সেপ্টেম্বর মাস থেকে আমরা চেষ্টা করছিলাম। ৩১ জানুয়ারি লিখিত দিই। তার পর এক বার স্বাস্থ্য ভবন, এক বার বোরো অফিস, এক বার আরজি কর— এই চলছিল। অনেক ঘোরাঘুরি করেছি। হঠাৎ করে স্বাস্থ্য সচিব নিজেই চলে এসেছেন দেখলাম।’’
২৩ মার্চ থেকে প্রত্যেক রবিবার বন্ধ থাকতে চলেছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা

মেট্রোর সমস্যা প্রায় নিত্যদিনের। প্রতিদিনই যাত্রীরা বিভিন্ন অভিযোগ তোলেন মেট্রো নিয়ে। আর এবার ছুটির দিনে বন্ধ থাকতে চলেছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা ( Green Line Metro)। জানা যাচ্ছে এই পরিষেবা বন্ধ থাকতে চলেছে অনির্দিষ্টকালের জন্য। বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করে এমনটাই জানানও হল মেট্রোর পক্ষ থেকে। কিন্তু কেন? ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) ইন্টারলকিংয়ের ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ২২ মার্চ থেকে প্রত্যেক রবিবার বন্ধ থাকতে চলেছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা। অর্থাৎ হাওড়া-ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত যেই যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য এটি যথেষ্ট উদ্বিগ্নের খবর। এই রুটের যাত্রীরা রবিবার আর গ্রিন লাইন মেট্রো পরিষেবা পাবেন না। বিজ্ঞপ্তিতে আরও জানানও হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত প্রত্যেক রবিবার বন্ধ থাকতে চলেছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা। তবে এই বিজ্ঞপ্তি শুধুমাত্র গ্রিন লাইন মেট্রো পরিষেবার জন্য। ব্লু লাইন মেট্রো পরিষেবাতে কোন ব্যাঘাত ঘটবেনা। যেমন প্রতি রবিবার ব্লু লাইন মেট্রো (Blue Line Metro) পরিষেবা থাকে তা একই থাকবে।
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

বেশ কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমবে বৃহস্পতিবার ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে। হাওয়ার বেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার। এই জেলাগুলিতে একই পূর্বাভাস রয়েছে শুক্রবারের জন্যেও। ওই দিন ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং হাওড়াতেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার পর্যন্ত। শনিবার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতেও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হাওয়ার বেগ কিছুটা কম থাকবে বাকি জেলাগুলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শুক্রবার এবং শনিবার উত্তরের সব ক’টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে হাওয়ার বেগ বেশি হতে পারে।



