কার্তিক কি বিয়ে করছেন?

‘ভুলভুলাইয়া ৩’র সাফল্যের মাঝেই নতুন খবর দিলেন কার্তিক আরিয়ান। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। ‘ভুলভুলাইয়া ৩'(Bhool Bhulaiyaa 3) র সাফল্যের পরই বারাণসীতে গিয়ে গঙ্গা আরতি করলেন কার্তিক। সেখানকার মন্দিরে পুজোও দিয়েছেন কার্তিক আরিয়ান। যেখানে দেখা গেল,কার্তিককে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। ভিড়ের মধ্যে থেকে শুধুই কার্তিক-কার্তিক চিৎকার! ঠিক তখনই ভিড় থেকে উড়ে এল প্রশ্ন- “বিয়েটা কবে করছেন?” শোনা মাত্রই লজ্জায় রাঙা কার্তিক। হেসে উপরের দিকে ইশারা করে বললেন, “ঈশ্বরই জানেন।” হাতের যে মুদ্রা তিনি দেখালেন, তাতে স্পষ্ট বিয়ের পিঁড়িতে বসার জন্য আরেকটু সময় চাই কার্তিকের। পুজো দেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে জমিয়ে ফুটপাতে চাট খেতে দেখা গেল কার্তিককে। পাশাপাশি লস্যির সেই স্বাদ উপভোগ করলেন। অভিনেতাকে দেখে সেখানেও ভিড়।

আলুর কচুরি কীভাবে বানাবেন?

সকালের ব্রেকফাস্টে ব্রেড-বাটার একঘেয়ে হয়ে গেছে? সকাল হলেই মনটা কেমন ‘কচুরি, কচুরি’ করে? সামান্য উপকরণ ও আলু দিয়েই বানিয়ে নিতে পারেন এই অভিনব রেসিপি। স্বাদে আলুর পরোটাকেও রীতিমতো হার মানাবে। সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন আলুর কচুরি। কীভাবে বানাবেন? জেনে নিন। কী কী লাগবে? ময়দা, আটা, নুন, সাদা তেল, সেদ্ধ আলু, জিরে গুঁড়ো, জোয়ান, হিং, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, চাট মশলা। কীভাবে বানাবেন? প্রথমে একটি পাত্রে আটা, ময়দা, নুন, সামান্য সাদা তেল ময়েম দিয়ে গরম জল দিয়ে ভাল করে মেখে নিন। খোসা সমেত আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিন জিরে গুঁড়ো, জোয়ান, হিং, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, চাট মশলা। ভাল করে মেখে ছোট ছোট আকারে গড়ে নিন। এবার মেখে রাখা আলু গোল আকারে গড়ে নিন। এবার মেখে রাখা আটা লেচি কেটে পুর ভরে নিন। একটু বেশি মোটা করে বেললে পুর বেরিয়ে যাওয়ার সম্ভবনা থাকে। ছোট ছোট লুচির আকারে গড়ে ডুবো তেলে ভেজে তুললেই তৈরি আলুর কচুরি।

ঋষভ পন্থকে নিতে পারবে কেকেআর?

গত বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পর আইপিএল-এর মেগা নিলামের আগে নতুন অধিনায়ক খুঁজছে কলকাতা নাইট রাইডার্স। এই অবস্থায়, কেকেআরের অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকে নিয়োগের জন্য জল্পনা ছিল। কারণ তাঁর দক্ষতা এবং তুখোড় অধিনায়কত্বের ক্ষমতা তাঁকে আর পাঁচ জনের থেকে আলাদা করে। দিল্লি ক্যাপিটালসের এই উইকেটকিপার-ব্যাটসম্যান প্রতিবারই আইপিএলে নিজের প্রতিভা প্রমাণ করেছেন। তবে আসন্ন মেগা নিলামে ঋষভ পন্থের মতো খেলোয়াড়দের মূল্য ২০ কোটি বা তার বেশি হতে পারে, যা কেকেআরের বাজেটের সঙ্গে ঠিক মানানসই হবে না। কারণ, কেকেআরের কাছে নিলামের জন্য মাত্র ৫১ কোটি টাকা রয়েছে, যা দিয়ে ১৯ জন প্লেয়ার কিনতে হবে, এর মধ্যে ৬ জন বিদেশি খেলোয়াড়কে নিতে পারবে দল। যদি কেকেআর একাই পন্থের জন্য ২০ কোটি টাকা ব্যয় করে, তাহলে বাকি স্কোয়াড তৈরি করতে সমস্যায় পড়বে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, কেকেআরের মিডল অর্ডারে ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা তুলনামূলকভাবে কম। কারণ নাইটদের মিডল অর্ডার ইতিমধ্যে স্থিতিশীল। বরং, দলের ওপেনিংয়ের জন্য কার্যকরী এবং নির্ভরযোগ্য খেলোয়াড় প্রয়োজন। এজন্য ফ্র্যাঞ্চাইজি সম্ভবত বড় নামের পিছনে না ছুটে কার্যকরী খেলোয়াড়দের দিকেই নজর দেবে। তাই ওপেনিংয়ের জন্য ফিল সল্টের দিকে কেকেআর আবারও নজর দিতে পারে। পন্থের দাম অত্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা থাকায় কেকেআরের টিমে তাঁকে দেখার সম্ভাবনা কম। পন্থ একজন মহাতারকা হলেও তার জন্য বেশি অর্থ ব্যয় করা গেলে কেকেআরের স্কোয়াড পূর্ণতা পাবে না। এজন্যই সম্ভাবনা তৈরি হলেও ঋষভকে যে বেগুনি জার্সিতে দেখা যাবে না, সেই সম্ভাবনাই প্রবল।

আজ থেকে আরজি কর কাণ্ডের বিচার শুরু

আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) কেঁপে গোটা রাজ্য রাজনীতি। আজও সরগরম রাজপথ। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তিন মাস কেটে গিয়েছে। এখন কী অবস্থায় নৃশংস হত্যাকান্ডের মূল অভিযুক্ত? জেলে বহাল তবিয়েতে সঞ্জয়। চার্জ গঠনের পরেও কোনও তাপ উত্তাপ নেই। রীতিমতো ‘ডোন্ট কেয়ার’ আবভাব। জেল সূত্রে খবর, সকালের চা থেকে রাতের ডিনার সবটাই খাচ্ছে। অনুতাপ বা ভয় কোনোটাই নেই। ৪ তারিখ শিয়ালদহ কোর্টে চিৎকার করে মিডিয়ার কাছে নিজেকে নির্দোষ বলে সাফাই দিয়েছে সঞ্জয়। তবে জেল থেকে ফেরার পর রাগ, অনুশোচনা বা মানসিক চাপে দেখতে পাওয়া যায়নি সঞ্জয়কে। সোমবার থেকে শিয়ালদহ কোর্টে ট্রায়াল শুরু সঞ্জয়ের। শুনানি চলবে রুদ্ধদ্বার কক্ষে। আদালত সূত্রে খবর, এদিন টানা শুনানি চলবে সঞ্জয়ের ধর্ষণ ও খুনের মামলার। বিচারপর্ব দ্রুত শেষ করে দোষীকে শাস্তি দেওয়ার জন্য রোজ শুনানি চলবে বলে আদালত সূত্রে খবর।